স্বচ্ছ, বোধগম্য ও মানবিক বাজেট প্রত্যাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা

বর্তমান বাজেট নিয়ে আলোচনার বেশির ভাগই ব্যাংক জামানতের ওপর আবগারি শুল্ক আরোপকে ঘিরে। এ ধরনের একটি অনৈতিক ও অমানবিক কর প্রস্তাব সমালোচিত হবে, এটাই প্রত্যাশিত। আমার ধারণা, শিগগিরই এই প্রস্তাব প্রত্যাহার করা হবে এবং এ জন্য রাজনৈতিক বাহবা কুড়ানো হবে। তবে এ কথা মনে রাখতে হবে যে, যেকোনো কর প্রস্তাবই সরকারপ্রধানের সঙ্গে বিশদ আলোচনা করে এবং রাষ্ট্রপ্রধানের অনুমতি নিয়ে সংসদে উপস্থাপন করা হয়। কেবল আবগারি শুল্ক আরোপের বিষয়ে সবার দৃষ্টি নিবদ্ধ থাকায়, বাজেটের অন্যান্য তাৎপর্যপূর্ণ দিক উপেক্ষিত থেকে যাচ্ছে। সেসব উল্লেখযোগ্য বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করতে চাই। বর্তমান লেখাটিতে বাজেটের কৌশল, উপস্থাপনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করব। পরের লেখায় কর প্রস্তাবগুলো বিশ্লেষণ করার ইচ্ছে আছে।

বরাবরের মতোই অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাটি দীর্ঘ, সংযুক্তিসমেত ১৫৩ পৃষ্ঠা। অনেক বড় অর্থনীতির দেশ ভারতের অর্থমন্ত্রীর সাম্প্রতিক বাজেট বক্তৃতাটি ৫৮ পৃষ্ঠার। ছোট দেশ সিঙ্গাপুরের অনেক জটিল অর্থনীতির বাজেট বক্তৃতা ৫১ পৃষ্ঠা মাত্র। কথা হলো, আমাদের বাজেট বক্তৃতাটি এত লম্বা কেন? পড়ে দেখলাম, বেশ কিছু সারণির পুনরাবৃত্তি আছে। এইচ এস কোডের (শুল্ক ও কর নির্ধারণের জন্য ব্যবহৃত কোড) বর্ণনা, পরিবর্তন, সংযুক্তি, পৃথক্‌করণ, বাতিল, সৃষ্টি প্রভৃতি রয়েছে ৬ পাতাজুড়ে। এটা কেন বাজেট বক্তৃতায় এল, তা বোধগম্য নয়। প্রায় ৭ পাতার প্রথম অধ্যায়টি জুড়ে আছে কেবল দলের নেতা ও দলের বন্দনা এবং সংসদে নেই এমন বিরোধী দলের নিন্দা। আচ্ছা, ভারত কিংবা সিঙ্গাপুরে কি দলীয় নেতা, সরকারি দল বা বিরোধী দল নেই? তাহলে তাদের বাজেট বক্তৃতায় এসব বিষয় নেই কেন? সার্বিক বিবেচনায়, আমার পরামর্শ হচ্ছে, এখন থেকেই আগামী বাজেট বক্তৃতাটি অনধিক ৫০ পৃষ্ঠায় সীমিত রাখার ও অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিহারের উদ্যোগ নিতে হবে।

বাজেট বক্তৃতাটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রতিবেদন জোড়া দিয়ে লেখা হয়েছে। যার ফলে এর পাঠ ও বোধগম্যতা ক্ষুণ্ন হয়েছে। অথচ ভারতের অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাটি বিভিন্ন জনগোষ্ঠী ও খাত, যেমন কৃষক, গ্রামের মানুষ, যুবক, দরিদ্র ও হতদরিদ্র, ভৌত অবকাঠামো, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, জনসেবা ও বিচক্ষণ রাজস্ব ব্যবস্থাপনা প্রভৃতি ভাগে ভাগ করা থাকে। আবার বিষয়ের ক্ষেত্রেও ভাগ থাকে, যেমন সাধ্যাধীন আবাসন, প্রবৃদ্ধি ও ডিজিটাল অর্থনীতির বিস্তার, স্বচ্ছ নির্বাচনী অর্থায়ন ইত্যাদি ভিত্তিক। আমাদের বাজেট বক্তৃতার লেখন পদ্ধতিটি সেকেলে, এর পরিবর্তন প্রয়োজন।

যেকোনো সময়ই, যেকোনো দেশের অর্থনীতিতে কিছু প্রতিকূল বাতাস (হেডউইন্ড) ও অনুকূল বাতাস (টেইলউইন্ড) কাজ করে থাকে, যা বাজেট বক্তৃতায় থাকা আবশ্যক। পড়ে দেখলাম, এত দীর্ঘ বক্তৃতায়ও অর্থনীতির দেশীয় ও বৈশ্বিক মূল প্রতিকূল বাতাসসমূহ, যেমন মনি লন্ডারিং, খেলাপি ঋণ, কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি, উন্নত বিশ্বের সংরক্ষণবাদী ও অভিবাসনবিরোধী প্রবণতা এবং এগুলো মোকাবিলার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা হবে, তার উল্লেখ নেই। উল্লিখিত অন্য দুটি দেশের (ভারত ও সিঙ্গাপুর) বাজেট বক্তৃতার শুরু হয়েছে এসব আলোচনা দিয়ে। বাংলাদেশে এনজিওগুলোর ব্যাপক কর্মযজ্ঞ বা ব্যক্তি খাতের অর্জনের বিষয়ে বাজেট বক্তৃতায় তেমন কোনো উল্লেখ নেই।

একইভাবে অর্থনীতিতে বিরাজমান অনুকূল বাতাস সম্পর্কেও খুব একটা আলোচনা নেই। অনুকূল দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির মধ্যে রয়েছে প্রকৃতি (সর্বশেষ বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে নভেম্বর ২০০৭ সালে); জ্বালানি, তেল, খাদ্যশস্য, অন্যান্য পণ্যদ্রব্যের দাম কমেছে অথবা স্থিতিশীল আছে। রপ্তানি ও অভিবাসী বাজারও অনুকূলে। বাংলাদেশের সাম্প্রতিক প্রবৃদ্ধির সবচেয়ে বড় নিয়ামক হলো জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড)। কীভাবে এসব অনুকূল প্রবণতার সুযোগ গ্রহণ করা হবে, সে বিষয়েও বাজেট বক্তৃতায় তেমন নির্দেশনা নেই। মনে রাখতে হবে, জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশের জানালাটি ২০-৩০ বছরের, দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতিও পরিবর্তনশীল। সময় থাকতেই এগুলোর সদ্ব্যবহার করতে হবে। অনেকেই মনে করেন, মানবসৃষ্ট দেশীয় দুর্যোগগুলো এড়াতে পারলে ও এমন অনুকূল পরিস্থিতির সুযোগ নিতে পারলেই বাংলাদেশের পক্ষে ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন সম্ভব হতো।

অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় উন্নয়নের মহাসড়কে যাত্রার কথা বলেছেন। অর্থনীতির গুরু অ্যাডাম স্মিথ, তাঁর সুবিখ্যাত ওয়েলথ অব দ্য নেশনস গ্রন্থ প্রকাশের প্রায় ২১ বছর আগে ১৭৫৫ সালে উন্নয়নের মহাসড়কে যাত্রার তিনটি শর্ত উল্লেখ করেছেন। এগুলো যথাক্রমে ১. শান্তি, ২. সহজ কর-ব্যবস্থা ও ৩. সহনীয় বিচারব্যবস্থা। অর্থমন্ত্রী ‘সহজ কর-ব্যবস্থা’ প্রবর্তনের ক্ষেত্রে কতটা উদ্যোগী হয়েছেন, সে আলোচনা পরের লেখায় করব আশা করছি।

বাজেট বক্তৃতায় দাবি করা হয়েছে যে মোট দেশজ উৎপাদনের তুলনায় আমাদের সরকারি খাতের ব্যয় সর্বনিম্ন। এটাকে ১৩ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে মধ্য মেয়াদে ১৯ শতাংশে উন্নীত করা হবে। সরকারি খাতের ব্যয় সরকার প্রদত্ত সেবার সঙ্গে সম্পর্কিত। আমাদের দেশে এনজিওগুলো অনেক ক্ষেত্রেই এমন সব সেবা প্রদান করে, যা অন্যান্য দেশে সরকারের জন্য নির্ধারিত। এ ছাড়া সরকারের কিছু কিছু কার্যক্রম বেসরকারি খাত করে থাকে। বিদেশি অর্থায়নে কিছু সরকারি কাজকর্ম সম্পাদিত হয়। তাই এ ক্ষেত্রে সরকার প্রদত্ত সেবার পরিমাণ, গুণগত মানের ভিত্তিতে সরকারি খাতের ব্যয় নির্ধারিত হওয়া সমীচীন হবে।

বাজেট বক্তৃতাটি পড়তে গিয়ে যেসব সমস্যায় পড়তে হয়েছে, তা হলো এর অস্বচ্ছতা ও ক্ষেত্রবিশেষে স্ববিরোধিতা। উদাহরণস্বরূপ, বাজেট ঘাটতি মেটাতে, মূল বাজেট বক্তৃতার সারণি ২-এ, বৈদেশিক সাহায্যের বিগত বছরের সংশোধিত বাজেটের ৮০ শতাংশ প্রবৃদ্ধি (২৮ হাজার ৭৭১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫১ হাজার ৯২৪ কোটি টাকা) প্রাক্কলন করা হয়েছে। কিন্তু বলা হয়নি কোন অজ্ঞাত সূত্র থেকে এটি আসবে। আর এটা যদি না আসে, তাহলে হয় দেশীয় ঋণ বাড়াতে হবে অথবা অতিরিক্ত মুদ্রা ছাপাতে হবে অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংকুচিত করতে হবে। প্রথমটি করা হলে ব্যক্তি খাত ঋণবঞ্চিত হবে; দ্বিতীয়টি করলে মূল্যস্ফীতি বাড়বে এবং সর্বশেষ পন্থা অবলম্বন করলে সার্বিক চাহিদা বৃদ্ধির যে কৌশলের কথা বক্তৃতায় বলা হয়েছে, তা ভেস্তে যাবে।

আবার খাতওয়ারি বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে বরাদ্দ সারণি ৩-এ দেখানো হয়েছে, সেখানে মানবসম্পদ (অন্যান্য) ব্যয়ের ক্ষেত্রে ১২১ শতাংশ প্রবৃদ্ধি (৯ হাজার ৬১৯ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ২৭০ কোটি টাকা) প্রাক্কলন দেখানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, ওখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দের মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ অন্তর্ভুক্ত আছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে নিশ্চয়ই একটা ক্ষুদ্র মানবসম্পদ উন্নয়ন ব্যয় আছে। তবে বড় অংশই জ্বালানি বিনিয়োগ ব্যয়। ক্ষুদ্র মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত ব্যয়টি সে খাতে রেখে বাকিটা জ্বালানি খাতে দেখালেই বিষয়টি স্পষ্ট হতো। এখন মানবসম্পদ খাতের ব্যয়টি অকারণে স্ফীত হয়ে আছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও খাতকে গুলিয়ে ফেলা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ প্রসঙ্গে প্রবৃদ্ধি সহায়ক মেগা প্রকল্পের বরাদ্দের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এসব প্রকল্পে বাড়তি অর্থ জোগান দিতে গিয়ে অন্য কোথায় কাটছাঁট করতে হয়েছে এবং তার প্রভাব কী হবে, সে বিষয়ে বাজেট বক্তৃতায় কোনো উল্লেখ নেই।

আগে, আমরা যখন বাজেট প্রণয়ন-প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলাম, তখন নতুন কর প্রস্তাবের আর্থিক সংশ্লেষ বাজেট বক্তৃতার সংযুক্তিতে দেওয়া হতো। সেখানে কর পণ্য ও খাত অনুযায়ী, শুল্ক ও কর হার বৃদ্ধির ফলে অতিরিক্ত রাজস্ব এবং শুল্ক ও কর হার হ্রাসের ফলে রাজস্ব ক্ষতির বিস্তারিত বিবরণ দেওয়া হতো। যাতে বাজেটের পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ সহজ হতো। উদাহরণস্বরূপ, কতিপয় ইস্পাতসামগ্রীর, যেমন স্ক্র্যাপ, স্পঞ্জ আয়রনের শুল্ক নির্ধারিত হার (স্পেসিফিক রেট) থেকে মূল্যভিত্তিক (আড-ভালোরেম রেট) এ পরিবর্তন করা হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। কেননা এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যের ওঠানামার সঙ্গে শুল্ক রাজস্বেরও পরিবর্তন ঘটবে। এ ব্যবস্থার ফলে, শুল্কের আয়তন বাড়বে না কমবে, তা বোঝা সহজ নয়। তবে এসব পণ্যের ব্যবহারকারী রড ও বিলেট উৎপাদকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, এর ফলে নির্মাণসামগ্রীর দাম বাড়বে।

এবার স্ববিরোধিতার প্রসঙ্গে আসি। বাজেটে বাংলাদেশকে ‘সোলার পাওয়ার রোল মডেল’ হিসেবে একদিকে কৃতিত্বের দাবি করা হয়েছে। অন্যদিকে ‘সোলার প্যানেলের’ ওপর ১০ শতাংশ শুল্ক, ১৫ শতাংশ ভ্যাটসহ সর্বমোট ৩৭ দশমিক ৫ শতাংশ বাড়তি কর ধার্যের প্রস্তাব করা হয়েছে। আবার অন্যদিকে পরিবেশবিনাশী কয়লার ব্যবহার উৎসাহিত করার জন্য কয়লা আমদানি শুল্কমুক্ত করা হয়েছে।

আসলে এখন সময় এসেছে বাজেট প্রণয়ন-প্রক্রিয়া এবং বাজেট বক্তৃতার মৌলিক ও কাঠামোগত পরিবর্তন করার। ব্যয় ও কর প্রস্তাবগুলো বিভিন্ন আয়ের মানুষ, শ্রমজীবী, ছাত্র, বেকার ও অবসরভোগীদের ওপর কী প্রভাব ফেলবে, তার বিশ্লেষণ করা জরুরি। অর্থাৎ মানুষকে বাজেট প্রণয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। সাধারণের বোধগম্য বাজেট, বাজেট বক্তৃতা প্রণয়ন করতে হবে।

এম ফওজুল কবির খান: সাবেক সচিব ও জাতীয় অর্থব্যবস্থা বিশ্লেষক।