স্বচ্ছ শৌচাগার, স্বচ্ছ ঘর, স্বচ্ছ ফোনালাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছ কাচের শৌচাগার বানিয়ে পুরস্কার এবং প্রশংসা পেয়েছে জাপান। আর নিন্দা পেয়েছে চীন। ২০ আগস্টের খবর, জাপানের রাজধানী টোকিওতে পর্যটন এলাকায় বসানো হয়েছে কাচের শৌচাগার। বাইরে থেকে ভেতরের সব দেখা যায়। ভেতরে কেউ আছে কি না, ভেতরে আলো আছে কি না, বাইরে পানি পড়ে আছে কি না—এসব দেখেশুনে পর্যটকেরা সিদ্ধান্ত নিতে পারেন ঢুকবেন কি না। ঢোকার পর দরজা লাগালে স্বচ্ছ কাচ ঘোলা হয়ে যায়। তখন আর বাইরে থেকে দেখা যাবে না কিছুই। খবরের কাগজ বলছে, ‘প্রিজকার পুরস্কার পাওয়া স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান শিগেরু বান আর্কিটেক্টসের ডিজাইন করা টয়লেট দুটি সুবিয়া শহরের দুটি ব্যস্ততম পার্ক ইয়োইয়োগি ফুকামাচি মিনি পার্ক ও হারু-নো-ওগায়া কমিউনিটি পার্কে স্থাপন করা হয়েছে। এতে পার্কে আগত মানুষের, বিশেষ করে নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেয়া হয়েছে।’ (যুগান্তর)

কিন্তু চীনের স্বচ্ছ কাচের শৌচাগার শোচনীয়ভাবে ব‌্যর্থ হয়েছে। প্রথম আলোর ৩০ সেপ্টেম্বরের খবর, চীনের হুনান প্রদেশের শিয়ান লেক পর্যটনকেন্দ্রে প্রায়-স্বচ্ছ কাচের তৈরি গণশৌচাগার চালু করা হয়েছে। এই শৌচাগার ব্যবহারের সময় ভেতরে থাকা ব্যক্তিকে বাইরে থেকে দেখা যাবে এবং ভেতরে বসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে। নারী ও পুরুষদের পাশাপাশি শৌচাগারের টয়লেটের মাঝখানে ব্যবধান বলতে আছে হালকা-অস্বচ্ছ কাচের দেয়াল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির এ–সংক্রান্ত একটি প্রতিবেদনে অনেকেই কাচ দিয়ে শৌচাগার তৈরির ধারণা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘এটা যেন নরক, কখনোই না।’

স্বচ্ছতা ভালো। সমাজে–রাষ্ট্রে আমরা স্বচ্ছতা চাই। জবাবদিহি চাই। কিন্তু কোথায় স্বচ্ছতা চাই আর কোথায় চাই না, তারও একটা সহজ ও স্পষ্ট পার্থক্য আছে। পৃথিবীতে কেউই চায় না সে যখন শুয়ে আছে, ঘুমুচ্ছে, বাথরুমে আছে, তা বাইরের মানুষেরা দেখুক।

লেখক মিলান কুন্ডেরা কাফকার ট্রায়াল কিংবা বিচার নামের উপন্যাসটি নিয়ে আলোচনা করার সময় বলেছেন, কাফকার এই গল্পে একটা ভয়াবহ ঘটনা ঘটে, জোসেফ কে-এর ব্যক্তিগত গোপনীয়তাকে বলাৎকার করা হয়, দুজন অচেনা মানুষ তার শোবার ঘরে ঢুকে পড়ে।

গোপনীয়তার অধিকার একটা অধিকার। গোপনীয়তা কেড়ে নেওয়াকে কুন্ডেরা বলছেন ধর্ষণের তুল্য। আমরা এই রকম একটা সময়ে বসবাস করছি যে আমাদের প্রতিনিয়ত নিপীড়ন করা হচ্ছে গোপনীয়তার অধিকার কেড়ে নিয়ে। তার কতকটা আমরা নিজে ডেকে নিচ্ছি। ফেসবুকে সারাক্ষণ ছবি দিচ্ছি, আমার অবস্থান বলে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ঘরের বা হাতের ডিভাইসগুলো আমাদের অবস্থান কেবল জানাচ্ছে না, আমাদের বন্ধ ল্যাপটপ খুলে ফেলে ক্যামেরা অন করে আমাদের ঘরের সবকিছু নাকি বাইরে থেকে দেখা ও রেকর্ড করা সম্ভব। বলে কী!

গোপনীয়তা কেড়ে নিয়ে মানুষকে হত্যা করা সম্ভব। অন্তত রাজকুমারী ডায়ানা মারা গেছেন গোপনীয়তা বজায় রাখার সংগ্রাম করতে গিয়ে। আমি একটা গল্প লিখেছিলাম: খুন করার ট্রান্সপারেন্ট পদ্ধতি। তাতে আমার কাল্পনিক চরিত্র একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম হয় শুধু ওই মানুষটার সব কর্ম সারাক্ষণ ফেসবুকে প্রকাশ করে দিয়ে। লোকটা কখন কী করছে, কোথায় গেছে, কী খাচ্ছে, কার সঙ্গে নির্জনে সময় কাটাচ্ছে, সঙ্গে সঙ্গে তা প্রকাশিত হয়ে পড়ছে ফেসবুকে। ত্যক্ত-বিরক্ত মানুষটা শেষে মোবাইল কানে একটা রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায়।

সিঙ্গাপুরে নাইট সাফারি দেখতে গিয়েছিলাম। রাতের বেলা গাড়ি নিয়ে বনের মধ্যে ঢুকে হেডলাইটের আলোয় দেখা যায় প্রাণীদের। তাদের পরিবেশে। উনিশ শতকের চিড়িয়াখানায় রাখা হয়েছিল আফ্রিকান দুই নারীকে; নগ্ন, ইউরোপীয় সভ্যরা এই নারীদের আকৃতিতে বিশেষ তাৎপর্য খুঁজে পেত। হায়, সভ্যতা!

আমার তো আমেরিকার প্রেসিডেন্টদের জন্য মায়া লাগে। তাঁরা ওভাল অফিসে কী কী বলেছিলেন, ২৫ বছর পর সেসবের অনেক কিছুই প্রকাশ করে দেওয়া হয়। যেমন নিক্সন ইন্দিরা গান্ধীকে ‘বিচ’ বলেছিলেন, বা আবেদনহীন বলেছিলেন, সেসব যখন প্রকাশ পাচ্ছে, তখন ব্যাপারটা খুবই অস্বস্তিকর বলেই মনে হচ্ছে।

এই অবস্থায় প্রথম আলোর এই খবরটা একটুখানি স্বস্তি দিচ্ছে: আনুষ্ঠানিক লিখিত চাহিদা ছাড়া ও গ্রাহককে অবহিত না করে সরকারি-বেসরকারি মুঠোফোন অপারেটর কোম্পানি থেকে কললিস্ট বা কল রেকর্ড (কথোপকথন) সংগ্রহ অবশ্যই বন্ধ হওয়া উচিত। তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের দেওয়া এক রায়ে ওই অভিমত এসেছে।


আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক