আমরা যারা রংপুরকে স্বপ্নের শহর ভাবতাম, রংপুর শহরকে নিয়ে গর্ব করে বলতাম—যত বৃষ্টিই হোক না কেন বৃষ্টির পরপরই পানি নেমে যায়, শহরে একটি মেয়ে নির্বিঘ্নে পথ চলতে পারে, ভোরবেলা দূরের ভ্রমণ শেষে বাস থেকে নেমে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোরের হাওয়া খেতে খেতে বাসায় ফেরা যায়, কোনো মার্কেটের সামনে বাইক রেখে নিশ্চিন্তে কেনাকাটা করা যায়, বাসায় ফিরতে দেরি হলেও বাবা-মা-স্ত্রী-সন্তান কেউ আতঙ্কে থাকেন না, সম্পূর্ণ শহর তকতকে-ঝকঝকে, তাদের কাছে এখন আর সেই গর্বের শহর রংপুর নয়।
একটি শহরে যত রকম অসুবিধা থাকতে পারে, তার প্রায় সবই রংপুরে বিদ্যমান। যে রংপুর শহর একসময় মানুষের স্বপ্নের শহর ছিল, তা আজ অভিশপ্ত নগরে পরিণত হয়েছে। মাত্র কয়েক বছরেই একটি সুন্দর শহর কীভাবে বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে, রংপুরকে না দেখলে তা বোঝা যাবে না।
রংপুর পৌর শহর ২০১০ সালের ২৫ জানুয়ারি বিভাগীয় শহরের মর্যাদা লাভ করে। এর দুই বছর পরেই শহরটি সিটি করপোরেশনে উন্নীত হয়। রংপুরের মানুষ ভেবেছিল, এবার রংপুর শহর নিশ্চয়ই আধুনিক নগরে পরিণত হবে। কিন্তু একটি নতুন সিটি করপোরেশনের জন্য, একটি বিভাগীয় শহরের জন্য সরকারের যে কাজগুলো করা প্রয়োজন, সে দিকে সরকারের মনোযোগ আছে বলে মনে হয় না। একটি সড়ক মেরাতের নামে দীর্ঘ প্রায় চার বছর ধরে সড়ক সংস্কারের কাজ চলছে। সড়কের অসংখ্য স্থানে খানাখন্দে পানি জমে থাকে। সেই ভাঙা সড়কে রয়েছে প্রচুর অটোরিকশা। রাস্তার মধ্যে সৃষ্টি হচ্ছে যানজট। রেলক্রসিং পার হলে মনে মনে জপ করতে হয়, ট্রেন আসার সময়ে যেন না পড়ি। ট্রেন যাওয়া-আসার সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। কোথাও বের হলেই এখন সন্ধ্যার মধ্যে ফেরার চেষ্টা করতে হয়। বিকেলে ছিনতাইকারীদের অত্যাচারে একলা চলারও যেন উপায় নেই। মোটরবাইক কোথাও চোখের আড়াল করলেই মুহূর্তেই চুরি হয়ে যাচ্ছে। রংপুর এখন অনেকটা খুনের শহরেও পরিণত হয়েছে।
শহরের পয়োনিষ্কাশনের জন্য শ্যামাসুন্দরী খাল রয়েছে। এই খালটি অনেক অযত্নে রয়েছে। ময়লা ফেলার জন্য সবাই যেন বেছে নিয়েছে খালটিকে। কারমাইকেল কলেজের প্রধান ফটকসংলগ্ন লালবাগ এলাকার নোংরা পরিবেশ পার হয়ে প্রতিদিন ২৫-৩০ হাজার শিক্ষার্থী যাওয়া-আসা করে। স্থানটি সংস্কারের জন্য অনেক আন্দোলনও আছে। কিন্তু কর্তৃপক্ষ এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে না।
রংপুরে যে ফুটপাতগুলো রয়েছে, সেগুলো ছোট ছোট ব্যবসায়ীর দখলে। বিশেষ করে শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা কাচারিবাজার থেকে শাপলা পর্যন্ত এলাকা। নতুন কেউ শহরে এলে হঠাৎ দেখলে মনে করবেন সড়কের কোনো কোনো স্থানে মেলা অথবা নিয়মিত বাজার বসেছে। সিটি করপোরেশনের অধিকাংশ এলাকাই রাতে অন্ধকারে নিমজ্জিত থাকে। এখন পর্যন্ত আলোর ব্যবস্থা করা যায়নি।
এ অবস্থার কারণ চিহ্নিত করা খুবই সহজ। গত চার বছরে রংপুর শহরে প্রচুর মানুষের বসতি গড়ে উঠেছে। বিভাগীয় শহর হওয়ার কারণে রংপুরে একটি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে শহরের লোকসংখ্যা বেড়েছে। রংপুর ছাড়া অন্য জেলাগুলোতে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষার্থীদের অভিভাবক এখন রংপুরে বাসা ভাড়া নিয়ে সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করেছেন। সে কারণেও অনেক বসতি বেড়েছে শহরে।
আইনশৃঙ্খলার দায় পুলিশকে সম্পূর্ণ দেওয়াটাও যৌক্তিক হবে না। কারণ, ছোট্ট পৌরসভার জন্য যে পুলিশ ছিল, সেই পুলিশ দিয়েই চলছে আইনশৃঙ্খলার কাজ। সিটি করপোরেশন হিসেবে যে কয়েকটি থানা হওয়া উচিত ছিল সেই থানা হওয়ার সম্ভাবনাও লক্ষ করা যাচ্ছে না।
সিটি করপোরেশনের ওপর দায় দেওয়ারও কোনো উপায় নেই। সিটি করপোরেশন পৌরসভার জনবল আর অন্যান্য সুবিধা দিয়ে চেষ্টা করে যাচ্ছে সেবা দেওয়ার। সীমিত চেষ্টা দিয়ে অসীম সমস্যা দূর করা কোনো অবস্থায়ই সম্ভব হচ্ছে না। তাই শেষ পর্যন্ত এ দায় সরকারের।
অথচ, এই শহর হতে পারে মডেল শহর। এই শহরের দৃষ্টান্ত নিয়ে গড়ে উঠতে পারে আগামীর নতুন শহর। সরকারের উচিত পরিকল্পিতভাবে একটি নগর গড়ে তোলা, যেটাকে অনুসরণ করে অন্য শহরগুলো গড়ে উঠতে পারে।
বিএনপির নেতা তারেক রহমান বগুড়া শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য অনেক কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী রংপুরের একটি জনসভায় ২০১১ সালে রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজেই নিয়েছেন বলে উল্লেখ করেছেন। রংপুর বিভাগ এবং সিটি করপোরেশনও তাঁরই করা। এখন যদি শুধু নগর অব্যবস্থাপনার কারণে সেই সাফল্য মলিন হয়, সেটাও দুঃখজনক। সে জন্য রংপুর শহরের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ বলেন, ‘নতুন সিটি করপোরেশনের জন্য বিশেষ বরাদ্দ ছাড়া নগরে নাগরিক সুবিধা দেওয়া প্রায় অসম্ভব হবে।’
রংপুর সিটি নগরকে সুন্দর করতে হলে শুধু নগর কর্তৃপক্ষের ওপর ভরসা করলে চলবে না। নিজেদেরও এগিয়ে আসতে হবে। নগরের মূলাটোল এলাকার বড় পুকুরপাড়ের পশ্চিম দিকে এলাকার কিছু তরুণ নিজ উদ্যোগে দৃষ্টিনন্দন গাছ, ছাউনি, বসার ব্যবস্থা করে দিয়ে সে এলাকার শোভাবর্ধন করেছেন। এ রকম শহরটাকে আপন করে শহরবাসী ভাবতে না পারলে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন-নিরাপদ শহর কেউ দিতে পারবেন না।
রংপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে, শোভাবর্ধন করতে বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগও থাকা প্রয়োজন। আমাদের রংপুরে বেশ কিছু বিত্তবান রয়েছেন। তাঁরা যদি চান তাহলে রংপুর বিভাগকে সাজাতে তাঁরাও অনেক বড় ভূমিকা রাখতে পারেন। পাড়ায় পাড়ায় সেবামূলক সংঘ গড়ে তুলতে পারেন।
উত্তর প্রজন্মকে একটি শান্তির শহর উপহার দিতে চাইলে সবার যৌথ উদ্যোগ খুবই জরুরি।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]