পাবনা জেলার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৬১ সালে। এ প্রকল্পের জন্য প্রায় ২৬০ একর এবং আবাসিক এলাকার জন্য প্রায় ৩২ একর জমি অধিগ্রহণ করা হয়। পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠীর বিমাতাসুলভ নীতির কারণে ১৯৬৪ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য যেসব মেশিনারিজ জাহাজে ওঠানো হয়েছিল, সেই জাহাজ চট্টগ্রাম বন্দরে না এনে করাচি বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে। ১৯৬৯ সালে একনেক কর্তৃক ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দদ্র নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত একটি প্রকল্প অনুমোদন লাভ করে। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ ওয়াজেদ মিয়ার আজীবন স্বপ্ন ছিল। জাতীয় জ্বালানিনীতি, ১৯৯৬-এ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়। ২০০১ সালে সরকার কর্তৃক বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কর্মপরিকল্পনা (BANPAP) অনুমোদন লাভ করে। সরকারের নতুন জ্বালানি নীতিমালা ও পিএসএমপি অনুযায়ী ২০২০ সালে দেশে বিদ্যুতের মোট চাহিদার ১০ শতাংশ আসবে পারমাণবিক বিদ্যুৎ থেকে, যার পরিমাণ দাঁড়ায় ২,০০০ মেগাওয়াট। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজন দুটি ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক চুল্লি।বর্তমান সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে ২১ মে ২০১০ সালে বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারবিষয়ক একটি Framework চুক্তি মস্কোতে স্বাক্ষরিত হয়। অতঃপর ৯ জুন ২০১০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি যথাসময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় কমিটি, ১০ জুন ২০১০ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি কারিগরি কমিটি, ৯ জুন ২০১০ সচিবের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ এবং ১৭ জুন ২০১০ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আটটি সাব-গ্রুপ গঠন করা হয়। দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎসংকট নিরসনের লক্ষ্যে অবিলম্বে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি সিদ্ধান্ত প্রস্তাব ৯ ডিসেম্বর ২০১০ জাতীয় সংসদে গৃহীত হয়। ১৪-১৫ ডিসেম্বর ২০১০ আইএইএর (IAEA) মহাপরিচালক বাংলাদেশ সফরকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে যথাযথ দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন, অন্যান্য সহযোগিতা প্রদানের ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ এবং তদনুযায়ী প্রকল্পের সব পর্যায়ের কার্যক্রম সম্পাদনকালীন পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখতে আইএইএ প্রতিশ্রুতিবদ্ধ।বাংলাদেশের অভ্যন্তরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন-সংক্রান্ত রাশিয়ান ফেডারেশন ও বাংলাদেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি (Inter-Governmental Agreement:IGA) ২ নভেম্বর ২০১১ স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের পক্ষে মহাপরিচালক সার্জি ভি কিরিয়েনকো চুক্তিতে স্বাক্ষর করেন। সম্পাদিত চুক্তির অধীনে রাশিয়ান ফেডারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় প্রায় ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন (ভিভিইআর-১০০০) দুটি (মোট প্রায় ২,০০০ মেগাওয়াট) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। রাশিয়ার এএসই (Atomstroyexport) কোম্পানি কর্তৃক নির্মিত ভিভিইআরের বিভিন্ন মডেলের রিঅ্যাক্টর বিশ্বে প্রায় ৬৭টি বর্তমানে চালু আছে। থ্রি-মাইল আইল্যান্ড (১৯৭৯), চেরনোবিল (১৯৮৬) ও ফুকুশিমা (২০১১) দুর্ঘটনার পরও যদিও এগুলো পুরোনো মডেলের রিঅ্যাক্টর (জেনারেশন-ওও), আধুনিক মডেলের (১০০০/১২০০) শুধু রাশিয়ান ভিভিইআর রিঅ্যাক্টরই বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮৩টি নির্মাণাধীন, চুক্তিবদ্ধ তথা পরিকল্পনায় আছে। উদাহরণস্বরূপ নির্মাণাধীনের মধ্যে রাশিয়াতে সাতটি, তুরস্কে চারটি, ইউক্রেনে চারটি, ফিনল্যান্ডে দুটি, চীনে দুটি ও ভারতে দুটি রিঅ্যাক্টরের কথা উল্লেখ করা যায়। পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী-সংবলিত জেনারেশন-ওওও+ ভিভিইআর রিঅ্যাক্টর এবং এদের কোর বিপর্যয় ঠেকানোর জন্য পরোক্ষ শীতলীকরণ ব্যবস্থা বিদ্যুৎ ছাড়া ৭২ ঘণ্টা চালু থাকে বিধায় অনেক দেশ নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। এ ছাড়া আরও অনেক দেশ নির্মাণের জন্য দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ ধরনের রিঅ্যাক্টরে যেকোনো ধরনের বিপর্যয় ঘটলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে অবস্থিত লোকদের তেমন বিকিরণের ঝুঁকি থাকবে না। এখানে বলা প্রয়োজন যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন গত ১৯ জুন ২০১২ জাতীয় সংসদে পাস হয়। এ আইনের আওতায় গঠিতব্য নিরপেক্ষ ও স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পারমাণবিক স্থাপনা, পারমাণবিক পদার্থ ইত্যাদি নিরাপদে রাখা এবং এগুলো মানবকল্যাণে শান্তিপূর্ণ কাজে ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রাথমিক পর্যায়ে ৫০০ মিলিয়ন অর্থ প্রদানের বিষয়ে সর্বশেষ চুক্তিটি গত ১৫ জানুয়ারি ২০১৩ উভয় দেশের সরকারপ্রধানের মাধ্যমে সম্পাদন করা হয়। সহজ শর্তে ও স্বল্প সুদে পাওয়া এই ৫০০ মিলিয়ন অর্থ দিয়ে প্রয়োজনীয় সমীক্ষা, পারমাণবিক প্রযুক্তি যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য দক্ষ মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। রূপপুরে স্থাপিতব্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল (প্রায় ৬০ বছর) পর্যন্ত প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি রাশিয়ান ফেডারেশন সরবরাহ করবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ব্যবহূত তেজস্ক্রিয় জ্বালানি দণ্ড (Spent fuel rod) বিদ্যুৎকেন্দ্রে অবস্থিত জলাধারে শীতলীকরণ ব্যবস্থার মাধ্যমে ব্যবহূত জ্বালানি দণ্ডগুলোর তাপ গ্রহণীয় পর্যায়ে হ্রাস না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে মজুত রাখা হবে। চুক্তির শর্তানুসারে ব্যবহূত তেজস্ক্রিয় জ্বালানির দণ্ডগুলো রাশিয়ান ফেডারেশন আইএইএর পারমাণবিক বর্জ্য পরিবহনের নীতিমালা অনুসারে ফেরত নেবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সাইট সংশ্লিষ্ট Geological, Geotechnical, Morphological and Hydrological, Environmental Meteorological ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় প্রাথমিক গবেষণা/সমীক্ষা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, আবহাওয়া অধিদপ্তর, সার্ভে অব বাংলাদেশ, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইত্যাদির সহযোগিতায় সম্পাদন করা হচ্ছে। সাইট-সম্পর্কিত অপরিহার্য নিরাপত্তাবিষয়ক কারিগরি প্যারামিটার নির্ধারণসহ কারিগরি প্রতিবেদন ও পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু হলে পরিবেশের ওপর এর প্রতিক্রিয়াসংক্রান্ত প্রতিবেদন প্রণয়নে আইএইএ ও রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা চিহ্নিত করা হয়েছে। উল্লেখ করা দরকার যে আন্তর্জাতিক আইনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থিত কন্ডেনসারকে শীতলীকরণের জন্য উন্মুক্ত উৎস থেকে পানি ব্যবহার করলে তার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক হওয়া যাবে না, যাতে করে উন্মুক্ত উৎসে বসবাসকৃত প্রাণবৈচিত্র্য ও জলদেহের ক্ষতিগ্রস্ত না হয়। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সুবিধাসমূহ হচ্ছে, সীমিত পরিসরে অবকাঠামো উন্নয়নের প্রয়োজন হয়। পক্ষান্তরে প্রচলিত জ্বালানি যেমন কয়লা, ডিজেল দ্বারা বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক অবকাঠামো উন্নয়নের প্রয়োজন ছাড়াও পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কোনো কার্বন নিঃসরণ হয় না, যা পরিবেশবান্ধব। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত জ্বালানি ইউরেনিয়াম-২৩৫-এর পরিমাণ প্রচলিত জ্বালানি যেমন কয়লা, ডিজেলের তুলনায় অতি নগণ্য। ৩ টন কয়লা বা ২.৬ টন তেল পুড়িয়ে প্রাপ্ত শক্তি শুধু ১ গ্রাম ইউরেনিয়াম-২৩৫ জ্বালানি থেকে পারমাণবিক ফিশন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া সম্ভব। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রাথমিক ব্যয় প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের চেয়ে কিছুটা বেশি হলেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম। বিশ্বে পারমাণবিক জ্বালানির মজুতের পরিমাণ প্রচলিত জ্বালানির চেয়ে অনেক বেশি। পারমাণবিক বিদ্যুতের উৎপাদন খরচ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চেয়ে অনেক কম। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে ১০-১৫ বছরের মধ্যে সাধারণত নির্মাণের পুরো ব্যয় উঠে আসে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল কাজ আগামী অর্থবছর থেকে শুরু হবে। বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩ এপ্রিল ২০১৩ একনেকে অনুমোদন লাভ করে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ২০২০ সালের মধ্যে ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে পারমাণবিক বিদ্যুৎ থেকে, হাজার হাজার লোকের হবে কর্মসংস্থান, দৈব দুর্ঘটনা ঘটলেও ফুকুশিমার মতো উচ্ছেদ করতে হবে না তেমন লোকজনকে। ড. মো. শফিকুল ইসলাম: যন্ত্র ও পরমাণু প্রকৌশলী এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক লেখক, নিউক্লিয়ার সেইফগার্ডস ও সিকিউরিটি বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।[email protected]