স্বপ্নেরা ডুকরে ওঠে বারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমৃত্যু বিপ্লবী কমরেড আবদুশ শহীদ
আমৃত্যু বিপ্লবী কমরেড আবদুশ শহীদ

জং ধরলে, রঙচঙে মখমলের বস্ত্রে
তাকে রাখলেও বাড়ে না গৌরব তার,
একথা ভালই জানেন তিনি, আবদুশ শহীদ।
স্বপ্নেরা ডুকরে ওঠে বারবার/শামসুর রাহমান
খাপড়া–ওয়ার্ড খ্যাত বিপ্লবী আবদুশ শহীদ এভাবেই আলোড়িত করেছিলেন কবি শামসুর রাহমানকেও। আমরা যদি আরও পেছনে ফিরে যাই, দেখতে পাই তিন যুবকের কথোপকথন। স্থান, প্রমত্ত আড়িয়াল খাঁ নদ; কাল—গত শতাব্দীর পঞ্চাশের দশকের শেষভাগ; পাত্র—সদ্য জেলফেরত তিন তরুণ। বর্ষাকালের আড়িয়াল খাঁ ভয়ংকর রূপ ধারণ করে। নৌকায় অন্যান্য যাত্রীর সঙ্গে এই তিন তরুণ আলোচনা করছিলেন এবার ফসলের দাম কেমন পাওয়া গেল।
তাঁরা তিনজন পরস্পরকে চেনেন বহুদিন ধরে। এঁদের মধ্যে বয়সে বড় যিনি, তিনি স্বল্পভাষী, বরিশাল বিএম কলেজের তরুণ প্রভাষক। বয়সে যে মাঝামাঝি তাঁর জন্ম ১৯১৭ সালের ১৭ নভেম্বর এবং সবচেয়ে যে তরুণ তাঁর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। নৌকা ওপারে পৌঁছানোর পর সেই তরুণ প্রশ্ন করলেন, ‘শহীদ ভাই, আপনি কি এখনো “লাল” আছেন?’ যাঁকে প্রশ্ন করা হলো তিনি জবাব দেওয়ার আগেই তরুণ প্রভাষক স্মিত হেসে বললেন, ‘মুজিব ভাই, “লাল” কি কখনো বদলায়? “লাল” তো চিরকালই “লাল”।’
এঁদের কেউ আজ শারীরিকভাবে বেঁচে নেই। তাঁরা পরস্পর সম্বোধন করতেন যথাক্রমে মজিদ ভাই, শহীদ ভাই, মুজিব ভাই। মজিদ ভাই—অধ্যাপক রফিকুল ইসলাম, শহীদ ভাই—খাপড়া ওয়ার্ডের বিপ্লবী, সাংবাদিক আবদুশ শহীদ এবং মুজিব ভাই—বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আবদুশ শহীদ, আমার বাবা—আজীবন বিপ্লবী। ১৯৫০ সালে খাপড়া ওয়ার্ডে বন্দী থাকা অবস্থায় গুরুতর আহত হন। জন্ম বরিশাল জেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামে। তিন ভাই, তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। যমজ বোন সৈয়দান্নেসা। জন্মলগ্নেই তাঁরা মাতৃহারা হন। পরে, বড় ভাই আবদুশ শহীদকে শর্শিনা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন।
শর্শিনার অবরুদ্ধ পরিবেশ ও কঠোর অনুশাসন আবদুশ শহীদের ভালো লাগছিল না। প্রাণ হাঁপিয়ে উঠছিল, তাই তিনি বলহারে ফিরে আসেন। মেজো ভাই মাওলানা নূরউদ্দীন ভর্তি করে দেন খলিশাকোঠা হাইস্কুলে। বলহার থেকে পায়ে হেঁটে, খেয়ানৌকা পাড়ি দিয়ে তিনি প্রতিদিন স্কুলে যেতেন। স্কুলের উঁচু ক্লাসে পড়াকালীন তিনি বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এ ব্যাপারে তাঁকে প্রভাবিত করেন ছাত্রনেতা সুখেন সেন। সমকালে বরিশালে এমনকি খলিশাকোঠা হাইস্কুলে Revolationary Socialist Party (RSP)-এর ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাংগঠনিক তৎপরতা সক্রিয় ছিল। ১৯৪৩ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন।

১৯৪০ সালে তিনি যখন চাখার কলেজের ছাত্র, তখন বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হন। এ সময়কার ভয়াবহ দুর্ভিক্ষে তিনি তরুণসমাজকে সংগঠিত করে দুস্থ, আর্তমানুষের সেবায় নিয়োজিত হন। এরপর ১৯৪২-এর আগস্ট আন্দোলনে তিনি সক্রিয় হন। ১৯৪৪ সালে চাখার কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং এ ফলাফলের ধারাবাহিকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে ভর্তি হন। পার্টির নির্দেশে এমএ পড়া শেষ না করেই তিনি গ্রামে ফিরে কৃষকদের নিয়ে কাজ শুরু করেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হন।
আশির দশকের প্রথম ভাগে আবদুশ শহীদ দম্পতি তখন চরম অর্থকষ্টে ভুগছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী আহ্বান জানান, আবদুশ শহীদকে সপরিবারে সাভারে চলে আসতে। আমরা সবাই চলে যাই। আমার শৈশবের সবচেয়ে স্বর্ণালি সময় কেটেছে এই গণস্বাস্থ্য কেন্দ্রে। সুসজ্জিত কোয়ার্টার, অর্গানিক ফুড, অবারিত খেলার মাঠ, ছোট ছোট টিলা, সমবয়সীদের, শিশুর বন্ধুত্ব—সবকিছু মিলিয়ে এক মনোরম জগৎ। কিন্তু এক মাসের মধ্যে আমাদের নিয়ে বাবা-মা ফিরে এলেন আবার রামপুরায়। মা রাজিয়া শহীদ বলতেন, ‘আমার দায়িত্ব ছিল তোমাদের আদর্শবান বাবাকে ঠিকঠাকভাবে সামলে রাখা। সারা জীবন যে আদর্শে চলেছি, তা থেকে আজ সরে আসার বা বিচ্যুত হওয়ার কোনো অবকাশ আছে কি?’
আমরা তিন ভাইবোন অনেক কষ্ট, দারিদ্র্য সয়েছি। লড়াই-সংগ্রামের পথ বন্ধুর। বাবা যে ‘লাল’ পতাকার জন্য লড়াই করেছেন, মা রাজিয়া শহীদ ছিলেন তাঁর পাশে ছায়ার মতো। আমাদের তিন ভাইবোনকে তিনি আগলে রেখেছেন। সর্বহারা জনতার মুক্তিসংগ্রামের অগ্রপথিক ছিলেন আবদুশ শহীদ। তাঁর নিঃশঙ্কচিত্ত অভিযাত্রা ও অদৃশ্য সাহসের পথ পেরিয়ে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে আন্তরিকভাবে সহায়তা করেন রাজিয়া শহীদ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে রণাঙ্গন থেকে একটি চিরকুট পান রাজিয়া শহীদ। আমার দাদাবাড়ি চাখারে পাকিস্তানি আর্মি ক্যাম্প স্থাপন করে। ১৯৭১ ঝালকাঠি অঞ্চলের বিখ্যাত পেয়ারাবাগানে মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ দেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তুজাম্বর আলি। প্রশিক্ষণের সময় তিনি বলেছিলেন, আত্মরক্ষাও যুদ্ধের এক কৌশল। ঝালকাঠির গাবখান অঞ্চলে তিনি দুর্ধর্ষ মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। অঞ্জলি রায়, মনিকা রায়, সুদীপ্তা রায়, কাজল রায় প্রমুখ মুক্তিযোদ্ধার স্মৃতিকথায় তাঁর অবদানের কথা উল্লেখ পাওয়া যায়।
রাজিয়া শহীদ আবদুশ শহীদের কাছ থেকে যে চিরকুট পান তাতে লেখা ছিল ‘মনিকা রায়’ ধরা পড়েছে, চাখার ক্যাম্পে আছে। তাঁকে উদ্ধার করার ব্যবস্থা করো।’ চাখার কলেজের তখনকার প্রিন্সিপাল ছিলেন এনায়েত করিম। রাজিয়া শহীদ দ্রুত তাঁর কাছে যান, নানা মানুষের সহায়তায় মনিকা রায়কে ছাড়িয়ে আনেন। মুক্তিযুদ্ধের শেষে রাজিয়া শহীদ মুক্তিযুদ্ধের সনদ নিতে অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি তো আহত হইনি। অসংখ্য মুক্তিযোদ্ধা আহত হয়ে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের সনদ দিন, আমার প্রয়োজন নেই।’
জীবনের শেষ বেলায় (১২ সেপ্টেম্বর, ২০১২) অধ্যাপক ড. মালেকা বেগমকে দেওয়া সাক্ষাৎকারে সেই আদর্শের প্রতিধ্বনি শোনা যায়। ড. মালেকা বেগম প্রথম প্রশ্নই করেন যে কেন আবদুশ শহীদের সব সাহিত্যকর্মে তাঁর স্ত্রীর কথা অনুপস্থিত। স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে রাজিয়া শহীদ বলেন, ‘নারীদের কথা কি ইতিহাসে ঠাঁই পায়?’
আজ আবদুশ শহীদের মৃত্যুবার্ষিকী। আসুন, তিনি যে মুক্তির পথ দেখিয়ে গেছেন, সেই পথে বাংলাদেশের মুক্তির পথ খুঁজি। সংঘবদ্ধ হই, এগিয়ে চলি।
জয়া শহীদ: আবদুশ শহীদের কন্যা। শিক্ষক, সংস্কৃতিকর্মী।