
সময় এসেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে জাতিসংঘের সনদ অনুযায়ী স্বশাসনের অধিকার দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোকে এটা বুঝতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক হস্তক্ষেপ করেছে, সিরিয়ার দিকেও সে হাত বাড়াতে চায়। এই অবস্থায় দেশটিকে দুটি মৌলিক সত্যের মুখোমুখি হতে হবে।
প্রথমত, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে দেশটির ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, প্রাণহানিও ঘটেছে অনেক। এতে যেমন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে, তেমনি আক্রান্ত দেশগুলোর মানুষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সিরিয়া, ইরাক, সৌদি আরব, তুরস্ক, ইরান, মিসর প্রভৃতি দেশ চাইলে নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে ফেলতে পারে। কিন্তু তারা সবাই ভাবছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বাইরের শক্তি তাদের হাতে জয় তুলে দেবে।
প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন ঘটলে সে সময়ের পরাশক্তি ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্যের তেল, রাজনীতি ও এশিয়া যাওয়ার ট্রানজিট রুটের নিয়ন্ত্রণ লাভের আশায় সেখানকার অনেক রাষ্ট্রকেই তাঁবেদার রাষ্ট্র বানিয়ে ফেলে। কুখ্যাত সাইকস-পাইকট ঐকমত্যের মধ্য দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের এক বাজে নজির স্থাপিত হয়। তারপর বৈশ্বিক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান হলে তারাও মধ্যপ্রাচ্যকে একইভাবে ব্যবহার করতে শুরু করে। সরকার বসানো থেকে শুরু করে, সরকার উৎখাত, ঘুষ দেওয়া, প্রভাব বিস্তার করা প্রভৃতি নানা কায়দায় তারা মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করেছে, আর প্রতিবারই গণতন্ত্রের ধুয়া তুলে তারা সেটা করেছে।
যেমন ১৯৫১ সালে ইরানের তৎকালীন মোহাম্মদ মোসাদ্দেকের সরকার নির্বাচিত হওয়ার দুই বছর পর ইঙ্গ-ইরানি তেল কোম্পানির নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলো জাতীয়করণ করলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেই সরকারকে উৎখাত করে এবং শাহ রেজা পাহলভি নামক এক অদক্ষ, সহিংস ও কর্তৃত্বপরায়ণ মানুষকে ক্ষমতায় বসায়। ফলে সে দেশে ব্যাপক মার্কিনবিরোধী মনোভাবের জন্ম হয় এবং ১৯৭৯ সালে দেশটিতে ইসলামি বিপ্লবের মাধ্যমে শাহকে উৎখাত করা হয়। ওদিকে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা তো করেইনি, উল্টো ১৯৮০-এর দশকে সাদ্দাম হোসেন ইরানের বিরুদ্ধে যে আট বছর যুদ্ধ করেছেন, সে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাককে সমর্থন দেয়।
ইরাকের সঙ্গেও ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন বলপ্রয়োগের মাধ্যমে এক নতজানু ইরাকি রাষ্ট্র কায়েম করে। তারা সংখ্যালঘু সুন্নি আশরাফদের সমর্থন দিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠ শিয়াদের ওপর ছড়ি ঘোরাতে সহায়তা করে। আর ১৯২০-এর দশকে সেখানে তেলক্ষেত্রগুলো আবিষ্কার হলে ব্রিটেন প্রয়োজন অনুযায়ী সামরিক শক্তি প্রয়োগ করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
আবার ১৯৬৮ সালে যে অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি ও সাদ্দাম হোসেন ক্ষমতায় আসে, সেটাতেও সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। তারপর ১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েত দখল করার পর থেকেই যুক্তরাষ্ট্র ইরাকের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। তারপর তারা ইরাকে অবরোধ আরোপ করে, ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাত করে এবং দুটি যুদ্ধে জড়িয়ে পড়ে। মানে তাদের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সরকারকে সেখানে ক্ষমতায় বসাতে যুক্তরাষ্ট্র সব সময়ই প্রচেষ্টা চালিয়েছে। ফলে সেখানে এক নিরঙ্কুশ বিপর্যয় নেমে আসে, সমাজ অকার্যকর হয়ে পড়ে, অর্থনীতি ভেঙে পড়ে এবং জীবনমানের অবনমন হয়।
এদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর সিরিয়াকে কয়েক দশক ফরাসি আধিপত্য সামলাতে হয়েছে, ১৯৬০ সালের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও সিরিয়ার নরম-গরম সম্পর্ক ছিল। গত দশকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারকে নানাভাবে দুর্বল করার চেষ্টা করেছে, এরপর ২০১১ সালে প্রক্সি যুদ্ধের মাধ্যমে বাশারকে উৎখাত করে সিরিয়ায় ইরানি প্রভাব নস্যাৎ করার চেষ্টা করেছে। পরিণামে সিরীয় জনগণের জীবনে বিপর্যয় নেমে আসে। আসাদ ক্ষমতায় টিকে গেলেও এক লাখ ৯০ হাজার সিরীয় জনগণ মারা যান এবং ১০ লাখ মানুষ গৃহহারা হন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেখানকার বিদ্রোহে সমর্থন দিলে সিরিয়ায় যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়, তাতে এই ক্ষয়ক্ষতি হয়। ওদিকে আসাদকে সমর্থন দিয়েছে ইরান ও রাশিয়া। আবার মার্কিন সামরিক কর্তারা আইএসকে মোকাবিলা করতে আসাদের সঙ্গে সম্পর্কোন্নয়নেরও চেষ্টা করছে। এই সুন্নি জঙ্গিদের উদ্ভব হয়েছিল ওই গৃহযুদ্ধে মার্কিন মদদের কারণে।
বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন, ব্রিটিশ, ফরাসি, রুশ ও অন্য পরাশক্তিগুলোর হস্তক্ষেপ ঘটায় সেখানকার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, নির্মম বলপ্রয়োগনির্ভর হয়ে পড়েছে সেখানকার রাজনীতি। এখনো মধ্যপ্রাচ্যে কোনো সংকট সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবেই, সেখানকার সরকার পরিবর্তনের চেষ্টা করবেই বা বোমাবর্ষণ শুরু করবে। দরজার পেছনের দেনদরবার ও সহিংসতাই সেখানকার রাজনীতির বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।
পণ্ডিতেরা বলেন, গণতন্ত্র বজায় রাখা মধ্যপ্রাচ্যের কর্ম নয়। আরবে গণতন্ত্রের সুফল আসুক, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেটা চায় না। এই গণতন্ত্রের ফল হচ্ছে জাতীয়তাবাদী ও ইসরায়েলবিরোধী সরকার, ইসলামপন্থীদের উত্থান—যেটা ঘোরতরভাবে মার্কিন তেল স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনে এরূপ সরকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র সেই নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয় (যেমন ২০০৬ সালে হামাস গাজায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল)।
লিবিয়া, সিরিয়া, গাজা ও ইরাকে যে ক্ষতি হয়েছে, তাতে সেই অঞ্চলের রাজনৈতিক সমাধান সেখানেই হওয়া উচিত, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো কিছু সেখানে কাজে আসবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত একটি আন্তর্জাতিক কাঠামো প্রণয়ন করা, যার আওতায় পরাশক্তিগুলো সেখান থেকে হাত গুটিয়ে নেবে, প্রাণসংহারী অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে এবং এই অঞ্চলের সরকারগুলো যে রাজনৈতিক মতৈক্যে পৌঁছাবে সেটা মেনে নেবে।
ইরান, তুরস্ক, মিসর, সিরিয়া, সৌদি আরব, আরব আমিরাত প্রভৃতি দেশগুলোর মধ্যে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ ও বাণিজ্য চলছে, ফলে তারা একে অপরকে খুব ভালোভাবে জানে ও বোঝে। এখন তাদের উচিত হবে, নিজেদের সমাধান নিজেদেরই বের করা। মার্কিন, রুশ ও ইউরোপের সাবেক ঔপনিবেশিক শক্তিগুলোর হস্তক্ষেপের বাইরে গিয়ে তাদের এটা করা উচিত। আইএসের মতো সহিংস শক্তিগুলোকে মদদ দেওয়ার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিন্ন স্বার্থ রয়েছে। এদের হাতে আছে অর্থ, অস্ত্র ও গণমাধ্যমের মনোযোগ। দুনিয়ার বাজারে তেল সরবরাহের ক্ষেত্রেও তাদের মধ্যে এক অভিন্ন স্বার্থ রয়েছে, এতে পয়সা আছে যে।
আমি বলছি না যুক্তরাষ্ট্র ও অন্য শক্তিগুলো মধ্যপ্রাচ্য থেকে হাত গোটালেই সেখানে শান্তি আসবে। এই সংকট চলার জন্য প্রয়োজনীয় রসদ এখনো সেখানে রয়েছে। খুব শিগগির সেখানে স্থিতিশীল গণতন্ত্র আসবে, এমনটা ভাবাও ঠিক হবে না।
কিন্তু যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশি শক্তিগুলো সেখানে হস্তক্ষেপ করতে থাকলে দীর্ঘমেয়াদি শান্তি সেখানে কখনোই আসবে না। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর ১০০ বছর পূর্তি হয়েছে, সময় এসেছে, ঔপনিবেশিক চর্চার অবসান ঘটাতে হবে। জাতিসংঘ সনদের সুরক্ষায় মধ্যপ্রাচ্যের স্বশাসন নিশ্চিত করতে হবে, কোনো পরাশক্তির একক মাতব্বরিতে নয়।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীকবর্ধন;স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জেফরি ডি স্যাকস: জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টা।