স্বাধীনতা চত্বরে মুক্তির জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রেসিডেন্ট ওবামাকে মিসরের গণতান্ত্রিক বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলো, যা তিনি সাগ্রহে করতে চাননি। কায়রোর তাহরির স্কয়ারের বিপ্লব চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত ওবামার লোকেরা ওই বিপ্লবের প্রতি পরিপূর্ণ সমর্থন জানানোর মতো কণ্ঠস্বর শুনতে পায়নি বলে ওই চত্বরে সমবেত মানুষ এখন অত্যন্ত শক্তিশালী একটা ব্যাপার জানে। সেটা হলো, বিপ্লবের পুরোটাই সংগঠিত করেছে তারা নিজেরাই। তাই এটা খুব গুরুত্বপূর্ণ। গত শুক্রবার তাহরির স্কয়ারে যে স্লোগানগুলো আমি শুনতে পেয়েছি, সেসবের মধ্যে সবচেয়ে প্রবল স্লোগানটি ছিল এই: ‘জনগণ সরকারকে উৎখাত করেছে।’আমরা নিজেরাই এটা করেছি, নিজেদের হাতে করেছি—এই আত্মশক্তির বোধ মিসরের গণতান্ত্রিক আন্দোলনকে পুরো আরব অঞ্চলের ক্ষমতা পরিবর্তনের জন্য একটি সম্ভাবনাপূর্ণ হাতিয়ারে পরিণত করেছে। অঞ্চলটির অন্য স্বৈরশাসকেরা যদি স্লোগানটি আমলে না নেন, তাহলে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর কায়রোর রাজপথে আরও যেসব স্লোগান আমি শুনেছি, সেগুলোর একটির কথা বলতে পারি। এই স্লোগানটি ছিল লিবিয়ার কর্নেল গাদ্দাফিকে উদ্দেশ করে: ‘গাদ্দাফি পদত্যাগ না করা পর্যন্ত আমরা তাহরির স্কয়ার থেকে সরব না।’হ্যালো ত্রিপোলি, কায়রো ডাকছে!ওই অঞ্চলের সব স্বৈরশাসকের জন্য এটা আগ্রহব্যঞ্জক হয়ে উঠতে পারে। মিসরের যৌবনদীপ্ত ও সমৃদ্ধ গণতন্ত্রীরা যাত্রা শুরু করেছে। এ যাবৎ আরব বিশ্বের গণতান্ত্রিক আন্দোলন প্রধানত সীমাবদ্ধ ছিল মার্কিন নেতৃত্বে ইরাককে মুক্ত করার মধ্যে। এবং মার্কিন নেতৃত্বাধীন বলে তা অনুসরণীয় একটি মডেল হিসেবে গৃহীত হয়নি। এখন মিসরের যুবসমাজের নেতৃত্বে তাদের নিজেদের সশস্ত্র বাহিনীর সুরক্ষায় গণতান্ত্রিক রূপান্তর ঘটবে কি না, তা লক্ষ করার মতো একটি বড় বিষয়। কায়রো থেকে যে বার্তা ছড়িয়ে পড়বে তা হলো: আমরা নাসেরতন্ত্র দেখেছি, ইসলামতন্ত্র দেখেছি, এবার আমরা দেখব গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্র বিলেত থেকে আমদানি করা নয়, আমেরিকা থেকে সরবরাহ করাও নয়; এই গণতন্ত্র কায়রোর তাহরির স্কয়ারে জন্ম নেওয়া গণতন্ত্র। এই বাণীই ধ্বনিত-প্রতিধ্বনিত হবে আরব জনগণের মধ্যে এবং ইরানেও।কিছু মানুষের শঙ্কা, মিসরের সামরিক বাহিনী এই গণতান্ত্রিক আন্দোলনকে আঁতুড়ঘরেই গলা টিপে হত্যা করতে পারে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, দেশটির সামরিক নেতৃত্ব তাহরির স্কয়ারের যুবসমাজকে একটু ভয় পায়, এই যুবসমাজ ইন্টারনেটের শক্তিতে শক্তিমান। তাহরির স্কয়ার থেকে যে গণতান্ত্রিক আন্দোলনের অভ্যুদয় ঘটল, তা একটা বাঘের মতো, সেই বাঘ ৩০ বছর ধরে ছিল একটি ছোট্ট খাঁচার মধ্যে। তার খাঁচার বাইরে বেরিয়ে আসার দৃশ্য দেখে তার সম্পর্কে দুটি কথা আমি বলতে চাই। এক. যদি কেউ বাঘটিকে আবার সেই ছোট্ট খাঁচাটির মধ্যে ঢোকানোর চেষ্টা করে, তাহলে তার মুণ্ডুটা বাঘের পেটে চলে যাবে। দুই. যদি কোনো রাজনীতিক মিসরীয় জনগণের স্বার্থ বাদ দিয়ে নিজের সংকীর্ণ স্বার্থ হাসিলের মতলবে বাঘটির পিঠে সওয়ার হওয়ার চেষ্টা করে, তাহলে তারও জায়গা হবে ওই বাঘের পেটেই। ইরান কদিন আগে কায়রোর তাহরির স্কয়ারের যুবসমাজের প্রতি আহ্বান জানাল: ওখানে তোমরা ‘ইসলামি বিপ্লব’ করে ফেলো। তখন তেহরানকে ‘দূর হও!’ বলল যারা, তারা খোদ মুসলিম ব্রাদারহুড ছাড়া কেউ নয়। কারণ, মিসরের এই গণতান্ত্রিক আন্দোলন সর্বমিসরীয়, এতে শামিল হয়েছে খ্রিষ্টান, মুসলমানসহ সবাই।কিন্তু মিসরে এখন একটা খুব বড় প্রশ্ন দেখা দিয়েছে: মোবারককে হটানোর একমাত্র লক্ষ্যে যুবসমাজের নেতৃত্বে তাহরির স্কয়ারে যে আন্দোলন গড়ে উঠল, তা কি এমন ক্ষমতা ও শক্তি অর্জন করবে, যা থেকে ঘটবে টেকসই গণতান্ত্রিক রূপান্তর? একটি নতুন সংবিধান, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, যথাসময়ে অবাধ ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচন—এগুলো কী হবে? তাহরির স্কয়ারের আন্দোলনে মিসরের সব রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব আছে, মিসরীয় সমাজের প্রতিটি অংশের ও শ্রেণীর প্রতিনিধিত্ব আছে—এটা যেমন এ আন্দোলনের শক্তি, তেমনি এটাই এ আন্দোলনের দুর্বলতাও বটে। এখন পর্যন্ত এর কোনো গ্রহণযোগ্য রাজনৈতিক প্ল্যাটফরম বা নেতৃত্ব নেই।‘এখন এই গণতান্ত্রিক আন্দোলনের নিজস্ব নেতা প্রয়োজন, তারা সামনে কী করতে চায়, কী কী অগ্রাধিকার নিয়ে এগোতে চায়, সেসব এখনই স্থির করতে হবে, যেন তারা সরকারকে সেসব বাস্তবায়নে দায়বদ্ধ করতে পারে। নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্থির করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। নইলে আন্দোলনের সমস্ত কিছু হারিয়ে যাবে।’ এই কথাগুলো বললেন উদারপন্থী সাবেক মন্ত্রী রাচিদ মোহামেদ রাচিদ। তিনি মোবারকের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী ছিলেন, মোবারকের বিরুদ্ধে জনবিদ্রোহ শুরুর আগেই তিনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছেন। তিনি আরও বললেন, ‘আন্দোলনকারীদের দূরদৃষ্টি থাকতে হবে। তাদের স্থির করতে হবে মিসরের শিক্ষাব্যবস্থা কী হবে, কৃষিনীতি কী হবে, মানবাধিকারের বিষয়গুলো কীভাবে নিশ্চিত করা হবে। মোবারকের স্বৈরশাসন থেকে মুক্তিই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না। চূড়ান্ত লক্ষ্য এক নতুন মিসরকে পাওয়া।’তাহরির স্কয়ারে বিক্ষোভ-বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব আশা করছিল, দুই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। একটা হলো ‘স্থিতিশীলতা’, যার সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট থাকবেন মোবারক। অন্যটা হলো ‘অস্থিতিশীলতা’, এটা এড়ানো প্রয়োজন। আচ্ছা, এ বিষয়ে যতটা সরলভাবে সম্ভব, বলার চেষ্টা করি: মিসরে ‘স্থিতিশীলতা’ ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে! সে জন্য আমি বলি: রক্ষে! বা নোবেল পুরস্কার বিজয়ী মিসরীয়-মার্কিন রসায়নবিদ আহমেদ জেওয়ায়েল যেমনটি আমাকে বললেন: ৩০ বছর ধরে মিসর স্থিতিশীল ছিল। কারণ, তার কোনো স্বপ্নদৃষ্টি (ভিশন) ছিল না, আশা-আকাঙ্ক্ষা ছিল না, দেশটি স্থবির হয়ে পড়ছিল। এ ধরনের স্থিতিশীলতা বেশি দিন থাকতে পারে না।তাই মিসরের সামনে আজ দুটো পথ। এবং দুটো পথই অস্থিতিশীল। একটা পথে এই গণতান্ত্রিক আন্দোলন হোঁচট খেতে খেতে চলবে এবং মিসর অনেকটা হয়ে উঠতে থাকবে ক্রুদ্ধ পাকিস্তানের মতো, জেনারেলদের অধীনে পাকিস্তান যেমনটি ছিল। অন্য পথটা হলো অনিবার্যভাবে অস্থিতিশীল, গণতন্ত্রে রূপান্তরের পথে চড়াই-উতরাই পেরিয়ে কোনো একদিন অবশেষে মিসরকে দেখাবে অনেকটা ইন্দোনেশিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো।এটা হবে কঠিন। সামনে অনেক কঠোর সময়। কিন্তু গত তিন সপ্তাহের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মিসরীয় যুবসমাজের যে আত্মবিশ্বাস গড়ে উঠেছে, তার বলে সামনের কঠিন দিনগুলো পেরিয়ে যাওয়া অনেক সহজ হতে পারে। মোটের ওপর, শান্তিপূর্ণভাবে তাহরির স্কয়ারে যে মুক্তির জন্ম হলো, সেই চেতনায় অনেক মিসরীয়কে গর্বিত দেখেছি। তাদের মতামত গণ্য না করে আর চলবে না; তাদের চোখেমুখে দেখতে পেয়েছি এই আত্মবিশ্বাস: ‘আমি একজন।’মানবাত্মার বিরাট এক বিজয় উদ্যাপনের দৃশ্য প্রত্যক্ষ করলাম।ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন থেকে নেওয়া, ইংরেজি থেকে ভাষান্তর: মশিউল আলমটমাস ফ্রিডম্যান: নিউইয়র্ক টাইমসের সাংবাদিক।