স্বাধীনতার আগেই যাঁর হাতে দেশের শাসনভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০—১৯৭৫)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০—১৯৭৫)

১৯৭১ সালে বিহির্বিশ্বে অন্যতম আলোচিত ও আলোড়িত ব্যক্তি ছিলেন শেখ মুজিবুর রহমান। আর দেশের ভেতরে তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতার প্রতীক ও প্রেরণা। মার্চের উত্তাল দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতাসংগ্রামকে এগিয়ে নিয়ে যান চূড়ান্ত লক্ষ্যের দিকে। তাঁর আহূত অসহযোগ আন্দোলন আর অসহযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে আন্দোলন রূপ নেয় বিশাল গণবিদ্রোহে। সেই বিদ্রোহকালীন অবস্থায়ও জনগণকে শান্ত রাখা এবং সামনে চলার কাজটি সুচারুভাবে করেছিলেন তিনি। সাতই মার্চের ভাষণই হয়ে ওঠে দিকনির্দেশনা। দেশবাসী তো বটেই, বিদেশি রাষ্ট্রনেতা, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীরাও অবাক বিস্ময়ে দেখেছেন একজন ব্যক্তি প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী ছাড়াই সমগ্র জনগোষ্ঠীকে পরিচালিত করছেন। তাঁর প্রতিটি আদেশ-নির্দেশ জনগণ সানন্দে মেনে নিচ্ছে, তাঁর কথায় লাখ লাখ তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি দল–মতনির্বিশেষে সবাইকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করতে পেরেছিলেন। এ ছিল এ ভূখণ্ডের ইতিহাসে যুগান্তকারী ঘটনা।
পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খান আবদুল ওয়ালি খান মার্চে ঢাকায় আসেন। পাকিস্তানে ফিরে গিয়ে শেখ মুজিবের অসহযোগ আন্দোলন সম্পর্কে মন্তব্য করেন, ‘মহাত্মা গান্ধী আজ বেঁচে থাকলে বিস্মিত হতেন।’ সে সময়ে শেখ মুজিব ছিলেন সত্যি বিস্ময়। যেসব বিদেশি সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে ঢাকায় এসেছিলেন, তাঁরা অবাক হয়ে লক্ষ করেছেন গভর্নর ভবন নয়, সচিবালয় নয়, ধানমন্ডি ৩২ নম্বরের দোতলা বাড়িটি থেকে দেশ পরিচালিত হচ্ছে। সাধারণ রাজনৈতিক কর্মী, সরকারি কর্মচারী থেকে শুরু হাইকোর্টের বিচারকেরা পর্যন্ত সেখানে এসে বঙ্গবন্ধুর পরামর্শ নিচ্ছেন।
সে সময় একটি কথা বেশ প্রচলিত হয়েছিল All roads lead to 32. সব সড়কই মিলেছে ৩২ নম্বরে। এমনকি পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান, পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোও মার্চের বাংলাদেশ দেখে বুঝে নিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঠেকিয়ে রাখা যাবে না। তারপরও বর্বর পাকিস্তানি বাহিনী কামান ও ট্যাংকের তলায় সাড়ে সাত কোটি মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা গুঁড়িয়ে দিতে চেয়েছিল। সেটা ছিল তাদের মস্ত বড় আহাম্মকি। একটা দেশের সমগ্র জনগোষ্ঠী যখন শাসকদের বিরুদ্ধে যায়, তখন তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যায় না। পাকিস্তানি মারণাস্ত্র হয়তো বিজয়কে কিছুটা বিলম্বিত করেছে, লাখো লাখো জীবন কেড়ে নিয়েছে; কিন্তু তার জন্য পাকিস্তানকেও কম খেসারত দিতে হয়নি। ২৬ মার্চ ঢাকা থেকে করাচি ফিরে গিয়ে ভুট্টো বলেছিলেন, ‘God save Pakistan।’ কিন্তু তার আগেই পাকিস্তান ভেঙে গিয়েছিল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ যথার্থই বলেছিলেন, ‘পাকিস্তান আজ মৃত। অসংখ্য আদম সন্তানের লাশের তলায় তার কবর রচিত হয়েছে।’
পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিবকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরবর্তী নয় মাস তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানে কারারুদ্ধ। কিন্তু সেই কারারুদ্ধ শেখ মুজিব অনেক বেশি ভীতি ও শঙ্কার কারণ হয়ে দাঁড়ান পাকিস্তানি শাসক চক্রের কাছে। ২৬ মার্চ বেতার-টিভিতে দেওয়া ভাষণে ইয়াহিয়া খান শেখ মুজিবকে পাকিস্তানের শত্রু হিসেবে চিহ্নিত করেন। নিষিদ্ধ করেন তাঁর দল আওয়ামী লীগকে। পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চ রাতে ঢাকা শহরে যে পৈশাচিক গণহত্যা চালায়, তা বিদেশি পত্রিকায় ছাপা হওয়ার পর বিশ্ব সম্প্রদায় পাকিস্তানি শাসকদের ধিক্কার দিতে থাকে। তাদের প্রশ্ন ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কেন পার্লামেন্টে বসতে দেওয়া হলো না? কেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে কারাগারে পাঠানো হলো? এসব প্রশ্নের জবাব ইয়াহিয়া-ভুট্টোর জানা ছিল না।
সে সময় বিশ্বজনমত, রাষ্ট্রনেতা তথা গণমাধ্যমগুলো কীভাবে বাঙালি নেতা শেখ মুজিবকে মূল্যায়ন করেছে, তার কিছু বিবরণ এ লেখায় তুলে ধরার চেষ্টা করব। এপ্রিলের ২ তারিখে সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাস পদগোর্নি ইয়াহিয়া খানকে লেখা চিঠিতে বলেন, ‘ঢাকার আলোচনা ভেঙে যাওয়া এবং সামরিক প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা অবলম্বন প্রয়োজন মনে করে পূর্ব পাকিস্তানের জনসাধারণের বিরুদ্ধে সামরিক বলপ্রয়োগ করেছেন—এ খবর সোভিয়েত ইউনিয়নে গভীর উদ্বেগের সঞ্চার হয়েছে।...অগণিত মানুষের প্রাণহানি, নিপীড়ন ও দুঃখ-কষ্টের খবরে সোভিয়েত জনগণ বিচলিত না হয়ে পারে না। মুজিবুর রহমান ও অন্যান্য রাজনীতিককে বন্দী ও নির্যাতন করায় সোভিয়েত ইউনিয়ন উদ্বেগ বোধ করছে।’
আমরা জানি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। বিশেষ করে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ছিলেন জবরদখলকারী পাকিস্তানি শাসকদের ঘোরতর সমর্থক। কিন্তু বহু ডেমোক্র্যাট-রিপাবলিকান সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য বাংলাদেশের মুক্তিসংগ্রামে সক্রিয় সহযোগিতা করেছেন। এডওয়ার্ড কেনেডি শরণার্থীদের দুঃখ-দুর্দশা দেখতে পশ্চিমবঙ্গ এসেছিলেন।
একাত্তরে ঢাকায় মার্কিন কনস্যুলেট জেনারেল ছিলেন আর্চার কে ব্লাড। তিনি সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে যে রিপোর্ট পাঠিয়েছিলেন পররাষ্ট্র দপ্তরে, তাতে বাংলাদেশের মানুষের সংগ্রামের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত হয়েছিল। রিপোর্টের একাংশে বলা হয়, ‘পূর্ব পাকিস্তানের স্বাধীনতা এখন অপরিহার্য। অখণ্ড পাকিস্তানের কাঠামোর ভেতরে অর্থনৈতিক স্বায়ত্তশাসনের জন্য যে আন্দোলন শুরু করেছিল, পূর্ব পাকিস্তানি জনসাধারণের ওপর সামগ্রিক লাঞ্ছনার জন্য শিগগিরই তা স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হবে—বাংলাদেশ এখন শুধু সময়ের ব্যাপার। এখানকার বর্তমান সংঘর্ষের পেছনে অর্থনৈতিক ও রাজনীতির সঙ্গে সংস্কৃতি, ভাষা ও সামাজিক চালিকাশক্তিগুলোর প্রশ্ন নিবিড়ভাবে জড়িত রয়েছে। শেখ মুজিবের আওয়ামী লীগের নীতিমালা গত নির্বাচনে জনগণের দ্বারা প্রচণ্ডভাবে সমর্থিত হয়েছে। এই ঘটনা অর্থনৈতিক নীতির ওপর প্রদেশের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরিত ক্ষমতার সংশোধনকেই জোরদার করেছে, যার প্রতিক্রিয়ায় ইয়াহিয়া সরকার একটি আতঙ্কের রাজত্ব স্থাপন করতে যাচ্ছে, এতে পুরো চেহারা ধীরে ধীরে সবার কাছেই উন্মোচিত হবে।’
সে সময় পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ফারল্যান্ড। সামরিক শাসক ইয়াহিয়ার সঙ্গেও তাঁর দোস্তি ছিল। শুরুতে তিনিও শেখ মুজিবের সঙ্গে পাকিস্তানি শাসকদের একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। যদিও তাঁর সে চেষ্টা সফল হয়নি। তবে ফারল্যান্ড দাবি করেন যে শেখ মুজিবকে ফাঁসিতে না ঝোলানোর ব্যাপারে ইয়াহিয়া খানকে তিনি প্রভাবিত করেছিলেন। কিন্তু ইয়াহিয়া কি প্রভাবিত হয়েছিলেন? এ সম্পর্কে মার্কিন সাংবাদিক জ্যাক এন্ডারসন ফারল্যান্ডের উদ্ধৃতি দিয়ে লিখেছেন:
যখন এই যুদ্ধের ওপর ইতিহাস লেখা হবে, তাতে দেখা যাবে যে মার্কিন নীতি এবং পাকিস্তানে আমাদের স্থানীয় প্রচেষ্টা মুজিবকে বাঁচিয়ে রেখেছে। মুজিব গ্রেপ্তার হওয়ার পর আমি ঘন ঘন ইয়াহিয়ার সঙ্গে কথা বলতাম এবং প্রায়ই মুজিবের কথা উল্লেখ করতাম। আমি ইয়াহিয়াকে পরামর্শ দিতাম এই মানুষটিকে হত্যা কোরো না। ইয়াহিয়া তাতে খুব প্রভাবিত হয়েছেন বলে মনে হয় না, তিনি মুজিবকে একেবারেই ছেড়ে দেবেন এমনটি নয়। যুদ্ধের পর যখন ইয়াহিয়া অপমানজনকভাবে অফিস ত্যাগ করেন, তখন তিনি মুজিবের মৃত্যু পরোয়ানাটি রেখে যান। কিন্তু তারিখের ঘরটি ছিল ফাঁকা। ফলে তাঁর উত্তরসূরি ইয়াহিয়ার ওপর দায় চাপিয়ে এটি কার্যকর করতে পারতেন। ইয়াহিয়ার উত্তরসূরি সেই পরোয়ানা ব্যবহার না করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। (সূত্র: জ্যাক অ্যান্ডারসন্স পেপারস)
মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে অর্থাৎ আগস্ট মাসে ইয়াহিয়া খান পাকিস্তানি কারাগারে আটক বাঙালি নেতা শেখ মুজিবের বিচারপ্রক্রিয়া শুরু করেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। বিচার চলে সামরিক আদালতে এবং গোপনে। এর আগেই তিনি ঘোষণা করেছেন, ‘শেখ মুজিব যে অপরাধ করেছেন, সে শাস্তি মৃত্যুদণ্ড।’ ইয়াহিয়া খানের এই ঘোষণায় বিশ্ব নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
২ আগস্ট প্রধান সামরিক আইন প্রশাসকের সদর দপ্তর থেকে প্রচারিত প্রেসনোটে বলা হয়, ‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও অন্যান্য অপরাধের জন্য বিশেষ সামরিক আদালতে শেখ মুজিবের বিচার করা হবে। ১১ আগস্ট রুদ্ধদ্বার কক্ষে বিচার কাজ শুরু হবে এবং কার্যবিবরণী সেখানে রাখা হবে। অভিযুক্তকে তাঁর পক্ষে সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং নিজ পছন্দ অনুযায়ী কৌঁসুলি নিয়োগের (অবশ্যই তাঁকে পাকিস্তানি নাগরিক হতে হবে) সুযোগসহ নিয়ম অনুযায়ী অন্য সব সুবিধা দেওয়া হবে।’ কিন্তু পাকিস্তান সরকারের এই বিচারের কোনো নৈতিক বা আইনগত অধিকারই ছিল না।।
বিচারের খবর প্রচারের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং ত্বরিত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শেখ মুজিবের প্রহসনমূলক বিচার অনুষ্ঠান মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গোটা বিশ্ব এর বিরুদ্ধে ধিক্কার জানাবে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ২৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লেখেন। যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে, শেখ মুজিবের যেকোনো বিচারের সংক্ষিপ্ত আয়োজন পূর্ব বাংলার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা তিরোহিত করবে।
আগামীকাল: ছয় দশক ধরেই রাজনীতির কেন্দ্রবিন্দু
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]