
তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ২০০২ সালে ধার্মিক মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল, এর ভিত্তিতেই তারা ক্ষমতায় এসেছিল। আর আজ ১৪ বছর পর ‘স্বাধীনতা’ জিনিসটিই একেপি সবচেয়ে কম দিয়েছে।
আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে একেপির সমর্থকদেরই মেপে মেপে কথা বলতে হয়, পাছে তাঁদের কথাকে সরকারের সমালোচনা হিসেবে গণ্য করা হয় বা তাঁদের শত্রুদের কাতারে ফেলা হয়। গত ১৫ জুলাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় এ বিষয়টি আরও তীব্র হয়েছে। এখন দেশটির নাগরিকেরা একেপির শত্রুদের সঙ্গে কোনো রকম সখ্য থাকার সব প্রমাণ ধ্বংস করে ফেলছেন, তাঁরা নিজে থেকেই এ কাজ করতে শুরু করেছেন। বিশেষ করে, ফেতুল্লা গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার প্রমাণ রাখা চলবে না।
তবে এরদোয়ানের সরকারই প্রথম সরকার নয়, যারা তুর্কি নাগরিকদের নিজস্ব বিশ্বাস ও পছন্দ-অপছন্দ লুকাতে বাধ্য করছে। ১৯২০-১৯৫০ সাল পর্যন্ত ধর্মনিরপেক্ষ সরকারের অধীনে এবং কিছু ক্ষেত্রে ২০০২ সাল পর্যন্ত তুরস্কের ধার্মিক মুসলমানদের সামরিক-বেসামরিক চাকরিতে উন্নতি করতে হলে ভান ধরতে হতো, তাঁরা খুব একটা ধর্মকর্ম করেন না, রাজনৈতিক ইসলামের প্রতি তাঁরা অনুরক্ত নন।
একেপির আগের তিনটি ইসলামি পার্টির নেতারা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা পছন্দ করতেন না। তাঁরা মনে করতেন, ফরাসি ঘরানার ধর্মনিরপেক্ষতা তুরস্কের সংস্কৃতি বিকৃত করেছে। তবে ১৯৭১ থেকে ২০০১ সাল পর্যন্ত তাঁরা প্রকাশ্যে সংবিধানকে চ্যালেঞ্জ করতেন না, এ ব্যাপারে সতর্ক ছিলেন তাঁরা। তা সত্ত্বেও এই পার্টিগুলোকে ধর্মনিরপেক্ষতার প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়ে ধারাবাহিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ১৯৯৯ সালে ধর্মীয় সহিংসতা উসকে দেয়, এমন কবিতা আবৃত্তি করার দায়ে স্বয়ং এরদোয়ানকেই কারাগারে ঢোকানো হয়েছিল। একই বছরে গুলেন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, তখন তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছিল, তিনি ইসলামি রাষ্ট্রের পক্ষে কথা বলেন।
এরদোয়ান ও গুলেন একসময় ধর্মনিরপেক্ষ সরকারের বিরোধী হিসেবে স্বাভাবিকভাবেই মিত্র ছিলেন। তাঁরা তুরস্কের ধর্মনিরপেক্ষ সরকারকে খাটো করতে প্রায় এক দশক কাজ করেছেন। ২০১০ সালে সংবিধান–বিষয়ক এক গণভোটের মাধ্যমে প্রজাতন্ত্রের রক্ষক হিসেবে অতি ধর্মনিরপেক্ষ তুর্কি সেনাবাহিনীর ক্ষমতা রদ করা হলে তাঁরা ধারণা করলেন, এবার তুরস্কের প্রাতিষ্ঠানিক সংস্কারের সময় এসেছে। তবে সেটা কীভাবে করা হবে, তা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ ছিল।
এরদোয়ান তখন ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী। তিনি তখন ইসলামের রক্ষণশীল নিজস্ব ব্যাখ্যা অনুসারে তুর্কি সমাজের সংস্কার শুরু করেন। ধর্মীয় শিক্ষার দারুণ বাড়বাড়ন্ত হয়। মদ্যপানের ওপর বিধিনিষেধ আরও কড়াকড়ি করা হয়। নারীদের নির্দেশনা দেওয়া হয়, তাঁরা যেন অন্তত তিনটি সন্তানের জন্ম দেন। বলা হয়, তাঁরা যেন প্রকাশ্যে শব্দ করে না হাসেন। যেসব গণমাধ্যম এরদোয়ানের বশংবদ হয়নি, তাদের শাস্তিমূলক কর ও অসহযোগিতামূলক সাংবাদিকতার জন্য শাস্তির হুমকি দেওয়া হয়। যে ধর্মনিরপেক্ষ তুর্কিরা একসময় আধুনিকতার প্রতিনিধি ছিলেন, সেই লোকদের সম্পর্কে বলা হলো, এঁদের নৈতিকতা ও শালীনতা নেই; তাঁদের তুর্কি চরিত্রও দুর্বল।
কিন্তু তা সত্ত্বেও তুরস্কের ধার্মিক মুসলমানরা ভয়মুক্ত ছিলেন না। বিশেষ করে, এরদোয়ান ও গুলেনের অনুসারীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে এমনটা হয়েছিল। গুলেনের অনুসারীরা এরদোয়ানের শাসনামলের শুরুর দিকে সুযোগ-সুবিধা ভোগ করলেও ২০১৩ সালে তাঁরা এরদোয়ানকে এক দুর্নীতির মামলায় জড়ানোর চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এর প্রতিক্রিয়া হিসেবে এরদোয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সন্দেহভাজন গুলেনবাদীদের সরানো শুরু করেন।
অনেকেই ভাবছেন, এত মানুষকে বের করে দেওয়ার জন্যই কি এরদোয়ান এই অভ্যুত্থানের চেষ্টা করেছেন। হ্যাঁ, অবশ্যই এসব কথা ব্যক্তিগত পরিসরে আলোচিত হচ্ছে, ‘ফেতুল্লা টেরর অর্গানাইজেশনের’ (হিজমতের নতুন নাম) ব্যাপারে অনাসক্তির কথা বলতে বলতে তাঁরা এসব আলোচনা করেন। কারণ, তুর্কিরা জানেন, গুলেনের সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলেও তাঁকে দেশদ্রোহী বলে চালিয়ে দেওয়া হতে পারে।
গুলেনের প্রতি যাঁদের সহানুভূতি আছে বলে কথিত রয়েছে, তাঁদের খুব স্বল্প সময়ের মধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে, যদি তাঁদের কারাগারে ঢোকানো না–ও হয়। যে লোকেরা গুলেনের বৃত্তিতে পড়াশোনা করেছেন বা তাঁর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করেন, তাঁরাই এখন প্রধান সন্দেহভাজন। গুলেনবাদীদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, ১৯৪০ সালের পর যেটা এযাবৎকালের সবচেয়ে বড় সম্পদ আত্তীকরণের ঘটনা।
এটা মারাত্মক বাড়াবাড়ি। তবে তা শুধু এ কারণে নয় যে ব্যর্থ অভ্যুত্থানে গুলেনের অংশগ্রহণ যা-ই হোক না কেন, এটি শুধু গুলেনবাদীদের কাজ নয়। বিভিন্ন মতাদর্শের বিরূপ কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন, ঠিক যেমন সুযোগসন্ধানীরা পদোন্নতির সুযোগ খুঁজেছেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার একটি কারণ হতে পারে এই যে এর খবর আগেই ফাঁস হয়ে গিয়েছিল।
অনেক জেনারেল ও গোয়েন্দা কর্মকর্তা যখন জানতে পারেন, অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তখন তাঁরা দোনোমনা করেছেন। এরদোয়ানের শীর্ষ জেনারেল ও গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে দীর্ঘক্ষণ কিছু জানাননি, এমনকি হন্তারকদের দল তাঁর অবকাশকালীন প্রাসাদের দিকে রওনা হওয়ার পরও। যে তুর্কি নিরাপত্তা কর্মকর্তারা কী হয় দেখি কৌশল নিয়েছিলেন, তাঁদের অনেকেই জেলে গেছেন।
যা হোক, আজ তুরস্কের লোকেরা সৎ ও মুক্তভাবে কথা বলতে পারেন না। চলমান ধরপাকড়ের কারণে সব মতের লোকই ভয়ে আছেন, পাছে তাঁদের চাকরি ও জীবন হারাতে হয়। এসব কারণে তুরস্কের বর্তমান সংকট আরও তীব্র হচ্ছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
তিমুর কুরান: ডিউক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক।