৩ ফেব্রুয়ারি ২০১৩ প্রথম আলোর আয়োজনে ‘স্বাস্থ্য খাতে দক্ষ সেবাদাতার প্রয়োজনীয়তা ও কমিউনিটি প্যারামেডিকের সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ইউরোপীয় ইউনিয়ন, টারসান প্রকল্প, সুইসকন্টাক্ট ও আরটিএম ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনডা. এম আর খান, জাতীয় অধ্যাপক।মোহাম্মদ হুমায়ুন কবির সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।মোহাম্মদ শরীফ পরিচালক, এমসিএইচ সার্ভিসেস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা।এ এম এম আনিসুল আউয়াল, পরিচালক, প্রশিক্ষণ, নিপোর্ট।সুরাইয়া বেগম, রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং কাউন্সিল।ফারদিবা রাহাত খান, পরিচালক, বিজনেস ডেভেলপমেন্ট ও ব্যবস্থাপনা ইউনিট, আরটিএম ইন্টারন্যাশনাল।এ কে এম সামসুজ্জামান ডেপুটি ডিরেক্টর, মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল।হোসনে আরা বেগম, নির্বাহী পরিচালক, টিএমএসএস।মো. জাহিদুর রহমান, সচিব, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ।জাফর আহমাদ হাকিম, প্রজেক্ট ম্যানেজার, টারসান প্রকল্প।আয়েশা সিদ্দিকা ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, টারসান সিএসও, টারসান প্রকল্প।এম এ জলিল ম্যানেজিং ডিরেক্টর, মেডি এইড হসপিটাল লি., কলাবাগান, ঢাকা।মো. রবিউল করিম, মহাসচিব, বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং ইনস্টিটিউট এলায়েন্স।সঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। কিছুদিন আগের এক হিসাব থেকে জানা যায়, প্রতি ১০ হাজার মানুষের জন্য চিকিৎসক আছেন পাঁচজন, নার্স দুজন এবং কম্পাউন্ডার ১২ জন। ব্যুরো অব স্ট্যাটিসটিকসের জরিপমতে, ৫৫ শতাংশ মানুষ সাধারণ অসুখ-বিসুখে ভোগে। ১০ শতাংশ ব্যথা-বেদনায় আক্রান্ত হয়। ডায়রিয়ায় ভোগে ১০ শতাংশ এবং ৪ শতাংশ মানুষ ভোগে আমাশয়ে। স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ রয়েছে। দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক প্রশিক্ষণ কর্মসূচি সরকারের এমনই একটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারের এ উদ্যোগের পাশাপাশি টারসান প্রকল্প বিভিন্ন উদ্ভাবনীমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এখন আলোচনা করবেন মোহাম্মদ হুমায়ুন কবির।মোহাম্মদ হুমায়ুন কবির: সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। কিন্তু কার্যক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আমরা গ্রামাঞ্চলের মানুষকে ভালো সেবা দিতে চাই। সে জন্য দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কর্মসূচি চালু করা হয়েছে। এটি একটি সময়োপযোগী কর্মসূচি। দেশে অনেক মেডিকেল গ্র্যাজুয়েট (চিকিৎসাশাস্ত্রে স্নাতক) আছেন। আরও হচ্ছেন। কিন্তু মধ্যম পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীর ঘাটতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, চিকিৎসক ও নার্স অনুপাত হবে ১: ৩। অর্থাৎ একজন চিকিৎসকের জন্য তিনজন নার্স থাকবেন। কিন্তু আমরা এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী মাতৃ স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকারের পরিবার পরিকল্পনার কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা কাজ করছেন। আবার স্বাস্থ্য সহকারীদের একই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্য সহকারীদের সবাই নারী নন। এখানে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। সরকারের পক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলের দুর্গম এলাকায় পৌঁছানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এখানে এনজিওগুলো ভালো কাজ করছে। আপনারা প্রতি তিন হাজার মানুষের জন্য একজন প্যারামেডিক তৈরি করতে চাইছেন। এটি খুবই ভালো উদ্যোগ। প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগ্য মানুষকে কমিউনিটি থেকে আনতে হবে এবং প্রশিক্ষণের পর তাঁরা কমিউনিটিতে ফিরে যাবেন। তাহলে গ্রামাঞ্চলে নিশ্চয়ই দক্ষ স্বাস্থ্যসেবা গড়ে উঠবে। এ ব্যবস্থা আমাদের মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সাহায্য করবে। এ বিষয়গুলো মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে সহজ করবে। সরকারের কাজের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে এসেছে। এ বিষয়ে কিছু জটিলতা ছিল, সেটার সমাধান করা হয়েছে। এই জনবলকে কেবল গর্ভকালীন কাজে ব্যবহার না করে কীভাবে পুষ্টিসহ অন্যান্য কাজ করানো যায়, সে বিষয়টি ভাবতে হবে। এনজিওগুলোকেও দক্ষ জনবল দিয়ে কাজ করতে হবে। যাঁরা স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দেবেন, তাঁদের এ বিষয়ে ভালোভাবে জানতে হবে। তা না হলে তাঁদের কাছ থেকে কর্মীরা কী শিখবেন? এবং কী সেবা দেবেন? সরকার ও এনজিও—সবাই সমন্বিতভাবে কাজ করলে স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। কমিউনিটি প্যারামেডিকদের প্রশিক্ষণের এ উদ্যোগকে অভিনন্দন জানাই।আব্দুল কাইয়ুম: জাফর আহমাদ ও এরপর আয়েশা সিদ্দিকা টারসান প্রকল্প, সুইসকন্টাক্ট কার্যক্রমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করছেন।জাফর আহমাদ হাকিম: সুইসকন্টাক্ট হলো, সুইস ফাউন্ডেশন ফর টেকনিক্যাল কো-অপারেশন (প্রযুক্তিগত সহযোগিতা)। ১৯৫৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের জুরিখে এর প্রধান অফিস। বাংলাদেশে এই সংগঠন উন্নয়নমূলক কাজ করছে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। বর্তমানে সুইসকন্টাক্ট বাংলাদেশকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। টারসান প্রকল্প স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি বৃদ্ধির কাজটিই মূলত করছে। এর সঙ্গে বেকার জনগোষ্ঠীর কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, চাকরির সুযোগ সৃষ্টি, আয়ের উপায় সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, অপুষ্টি দূরীকরণ, স্বাস্থ্য খাতে দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন প্রকল্পে সুইসকন্টাক্ট কাজ করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন করা টারসান প্রকল্পের লক্ষ্য। সর্বোপরি, দেশের দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন নিয়ে সুইসকন্টাক্ট কাজ করছে। আয়েশা সিদ্দিকা: দেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী দরিদ্র। তারা গ্রামাঞ্চলে বাস করে। টারসান প্রকল্পের উদ্দেশ্য সবার অংশগ্রহণে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দক্ষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। সবার জন্য স্বাস্থ্যসেবা এখনো নিশ্চিত হয়নি। এ ক্ষেত্রে দক্ষ স্বাস্থ্যসেবার যথেষ্ট ঘাটতি রয়েছে। গ্রামের বিশাল জনগোষ্ঠী মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা অদক্ষ, অপ্রশিক্ষিত সেবাদাতার কাছ থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে। এই সেবাদাতারা গ্রামে অবস্থান করেন। আমাদের উদ্দেশ্য, তাঁদের প্রশিক্ষিত করে গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা। এ ক্ষেত্রে গ্রামের মানুষ তাদের সামর্থ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। সুইসকন্টাক্টের প্রকল্পগুলো বিভিন্ন সুযোগ তৈরি করে দেয়। এ ক্ষেত্রে আমরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে কাজ করব। এখানে নাগরিক সমাজেরও অংশগ্রহণ থাকবে। সবাই যদি সমন্বিতভাবে কাজ করতে পারি, তাহলে তৃণমূল পর্যায়ে দক্ষ কমিউনিটি প্যারাডেমিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। আমরা পাইলট প্রকল্প হিসেবে নীলফামারী, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে কাজ করছি। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্যারামেডিকরা এখানে কাজ করবেন। আমরা এই প্যারামেডিকদের কিছুটা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি। ফারদিবা রাহাত খান: ১৯৯৪ সালে আরটিএম বাংলাদেশে কাজ শুরু করে। প্রথম দিকে শহরের দরিদ্র মানুষের মধ্যে কাজ হয়। পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হয়। বিশেষ করে সরকারের স্বাস্থ্য খাতের সঙ্গে গুরুত্বের সঙ্গে সম্পৃক্ত হয়। আরটিএম নিজে সেবা দেয় না। দুর্গম অঞ্চলে স্বাস্থ্যশিক্ষা-সংশ্লিষ্ট বিষয়ে সেবা প্রদানকারী এনজিওগুলোকে সহযোগিতা করে। সেবা গ্রহণকারীরা বারবার চিকিৎসকদের দক্ষ করার কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলো চিকিৎসকদের নিয়েও কাজ করতে চায়। সরকারের স্বাস্থ্য খাতের জনশক্তিকে অধিকতর দক্ষ করে তোলাই আমাদের প্রধান কাজ। এ লক্ষ্যে সরকারের দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক প্রশিক্ষণ কর্মসূচিতে অনেকে অংশ নেবেন। তাঁদের আরও দক্ষ করে তোলাই টারসান প্রকল্পের অন্যতম কাজ। একটি আনন্দের সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তা হলো, বিশ্ব স্বাস্থ্য ফোরাম ২০১১ কমিউনিটি প্যারামেডিক কর্মসূচিকে কার্যকর উদ্যোগ হিসেবে গ্রহণ করেছে। তাই গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য কমিউনিটি প্যারামেডিক উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। টারসান প্রকল্প নিজে সেবা দেবে না। সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠানের জনশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও যোগ্য করে তোলাই টারসান প্রকল্প, সুইসকন্টাক্টের কাজ।এ এম এম আনিসুল আউয়াল: সরকার কমিউনিটি প্যারামেডিকের প্রয়োজনীয়তা অনুভব করেছে। তাই ২৬ নভেম্বর ২০০৯ সালে কমিউনিটি প্যারামেডিকের বিষয়ে নীতিমালা হয়েছে। এ নীতিমালার আলোকে ২০০৯ থেকেই নিপোর্ট (ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং) কমিউনিটি প্যারামেডিক নিয়ে কাজ করছে। কেন সরকার কমিউনিটি প্যারামেডিকের প্রয়োজনীয়তা উপলব্ধি করল, তা নিয়ে কারও কারও প্রশ্ন থাকতে পারে। কিন্তু মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের আরও অনেক কাজ করতে হবে। কমিউনিটি প্যারামেডিকের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে মানসম্মত সেবা দেওয়া সম্ভব। তাই সরকার দুই বছরের কমিউনিটি প্যারামেডিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।২০০৯ সালে মাত্র ২২ শতাংশ মা দক্ষ সেবা গ্রহণের মাধ্যমে সন্তান প্রসব করাতে পারতেন। বিগত তিন বছরে হয়তো বেড়েছে। কিন্তু সেটা ৩০ থেকে ৩২ শতাংশের বেশি নয়। এখনো আমরা ৫০ শতাংশের কাছে যেতে পারিনি। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসসহ চিকিৎসার বিভিন্ন বিষয়ে অনেক এগিয়েছি। আমাদের সঙ্গে তুলনা করলে এগিয়েছে। কিন্তু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশ্বমানের সঙ্গে তুলনা করলে আমাদের অর্জন খুবই হতাশাব্যঞ্জক। গ্রামে কমিউনিটি প্যারামেডিকদের কাজ কী হবে। বর্তমানে পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) সদস্যরা গ্রামাঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্যসেবার কাজ করেন। কমিউনিটি প্যারামেডিকরা একই কাজ করবেন, তবে সরকারি কাঠামোর বাইরে থেকে। তাঁরা ব্যক্তিগত পর্যায় থেকে মা ও শিশুদের পরিবার পরিকল্পনা, প্রসবকালীন সেবা, পুষ্টিসেবাসহ অন্যান্য সেবা দেবেন। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার চাহিদার তুলনায় এখনো স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। এ ক্ষেত্রে প্যারামেডিকদের ভূমিকা গ্রামীণ স্বাস্থ্যসেবাকে এক ধাপ এগিয়ে নেবে। যেভাবেই হোক, আমাদের সামনের দিকে এগোতে হবে। কমিউনিটি প্যারামেডিক একটি অত্যন্ত সম্ভাবনাময় উদ্যোগ। আগামী পাঁচ বছরে তিন হাজার প্যারামেডিক গ্রামাঞ্চলের মা ও শিশুর স্বাস্থ্যসেবার কাজ করবেন। ফলে গ্রামাঞ্চলের মা ও শিশুর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যাব।সুরাইয়া বেগম: ২১৮ জন কমিউনিটি প্যারামেডিক অল্প সময়ের মধ্যে তাঁদের প্রশিক্ষণ শেষ করবেন। তাঁদের অভিনন্দন জানাই। দেশের দুর্গম এলাকায় সরকারি স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ ক্ষেত্রে প্যারামেডিকরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাঁদের প্রশিক্ষণ ঠিকমতো হচ্ছে। প্রশিক্ষণে কোনো ঘাটতি নেই। তাঁরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কাজ করবেন। আর তাঁরা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মী নন। তাই তাঁদের সেবার বিষয়টি তদারকির প্রয়োজন আছে। কমিউনিটি প্যারামেডিকরা অর্থের বিনিময়ে সেবা দেবেন। কিন্তু ব্যবসায়িক মানসিকতা পরিহার করতে হবে। তাঁদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসক ও নার্সের কোনো বিকল্প নেই। কিন্তু দেশের বাস্তবতায় কমিউনিটি প্যারামেডিকের সাহায্য নিতে হচ্ছে। আমরা বিশ্বাস করি, তাঁরা ভালো সেবা দেবেন। দরিদ্র জনগণ দক্ষ সেবা পাবে। প্যারামেডিকদের সাফল্য কামনা করছি।মোহাম্মদ শরীফ: দক্ষ প্রশিক্ষণ না পেলে দক্ষ সেবাদাতা তৈরি হবে না। কমিউনিটি প্যারামেডিকদের দক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। কারা তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষকদের মান কী—এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। হাতে-কলমে বাস্তবভিত্তিক কাজের সঙ্গে প্যারামেডিকদের যুক্ত থাকতে হবে। যদি দক্ষ প্রশিক্ষণ না পান, হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা না থাকে, তাহলে তাঁরা দক্ষ সেবাদাতা হতে পারবেন না। প্যারামেডিকদের হাতে-কলমে প্রশিক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। আমাদের কাজের মধ্যে কিছুটা সমন্বয়হীনতা ছিল। এখন সেটা নেই। আগের যেকোনো সময়ের থেকে এখন অনেক সমন্বিতভাবে কাজ করতে পারছি। আজকাল আর একটি কাজ নিয়ে বসে থাকার সময় নেই। পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য-পুষ্টিসহ সব বিষয় একসঙ্গে দেখার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে কিছুটা তদারকির ব্যবস্থা জোরদার করা দরকার। টারসান প্রকল্পকে বলব, আপনারা এখন নীলফামারী, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে কাজ করছেন। কিন্তু চট্টগ্রাম, সিলেট এবং পাহাড়ি অঞ্চলগুলো স্বাস্থ্যসূচকে অনেক পিছিয়ে আছে। সুযোগ থাকলে এই অঞ্চলগুলোতে কাজ করার চেষ্টা করবেন।মো. জাহিদুর রহমান: চাহিদার তুলনায় দেশে স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। সরকারের একটি উল্লেখযোগ্য জনশক্তি স্বাস্থ্য খাতে কাজ করছে। যেমন, এফডব্লিউভি (পরিবারকল্যাণ পরিদর্শক), এফডব্লিউএ (পরিবারকল্যাণ সহকারী), এইচএ (স্বাস্থ্য সহকারী) প্রভৃতি। তার পরও স্বাস্থ্যসেবার যথেষ্ট ঘাটতি রয়েছে। তাঁদের সঙ্গে কমিউনিটি প্যারামেডিকরা যুক্ত হলে স্বাস্থ্য খাতে নিশ্চয়ই একটি পরিবর্তন আসবে। তাই প্যারামেডিকরা স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করি। কমিউনিটি প্যারামেডিকরা সম্পূর্ণ নতুন একটি স্বাস্থ্য-জনশক্তি। সবকিছু নতুনভাবেই তাঁদের শুরু করতে হবে। শুরুটা যদি ভালো হয়, তাহলে তাঁরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবেন। কমিউনিটি প্যারামেডিকরা যাতে ভালো কাজ করতে পারেন, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।হোসনে আরা বেগম: হতদরিদ্র মানুষের সংগঠন টিএমএসএসের প্রতিনিধিত্ব করি। আমি মনে করি, কোনো কাজ করতে হলে কাজের আনুষঙ্গিক বিষয়ের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। সমন্বয় না থাকলে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। বিশেষ করে চিকিৎসাসেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এখানে সমন্বয় আরও বেশি জরুরি। কারিগরি শিক্ষা বোর্ডও স্বাস্থ্যসেবার সনদ দিচ্ছে। তারা কোন ধরনের প্রশিক্ষণের ভিত্তিতে সনদ দিচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখা দরকার। স্বাস্থ্যসেবা গ্রহণ সম্পূর্ণ একটি মানসিক বিষয়। কোনো রোগীর কারও সনদের ওপর আস্থা না থাকলে তার কাছে কখনো সেবা নেবে না। তাই স্বাস্থ্যক্ষেত্রে সবাইকে সতর্ক পদক্ষেপ নিতে হবে।এ কে এম সামসুজ্জামান: আমি মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালের উপপরিচালক। এর প্রতিষ্ঠাতা সদস্য জাতীয় অধ্যাপক এম আর খান। আমাদের হাসপাতালের কয়েকটি উদ্দেশ্যের মধ্যে একটি প্রধান উদ্দেশ্য হলো, দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ জন্য গ্রামাঞ্চলে যাঁরা কাজ করেন, তাঁদের নার্সিং প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিসহ সব কাজ করছি। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত চার হাজার ১৫০ জন গ্রামের সাধারণ চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছি। তাঁদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি। যেমন, তাঁদের মধ্যে ৪৮ শতাংশ এসএসসি পাস, ৩০ শতাংশ এইচএসসি পাস, অষ্টম শ্রেণী পাস ৩ শতাংশ। ৭৩ শতাংশের ছয় মাসের সার্টিফিকেট কোর্স আছে। তিন মাসের সার্টিফিকেট কোর্স আছে ১৪ শতাংশের। ফার্মেসিতে বসে বা অন্যান্যভাবে শিখেছেন ২ শতাংশ। তাঁরা গড়ে প্রতিদিন ৩০ জন করে রোগী দেখেন। গ্রামের ৬০ শতাংশ মানুষের শহরে গিয়ে চিকিৎসার সামর্থ্য নেই। আমরা তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছি। গ্রামে তাঁরা ভালো করছেন। অভিজ্ঞতা থেকে বলতে পারি, শুধু দুই বছর কমিউনিটি প্যারামেডিক প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তাঁরা রোগী দেখতে পারবেন না। অবশ্যই তাঁদের কোনো ভালো হাসপাতালে এক বছর ইন্টার্নি (বাস্তবভিত্তিক অভিজ্ঞতা) করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইনস্টিটিউটে যার প্রশিক্ষণ দেবেন, তাঁদের মান সম্পর্কে নিশ্চিত হওয়া।এম এ জলিল: পত্রিকায় প্রায়ই দেখে থাকি, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগী নেই। আমার এলাকায় একটি হাসপাতাল আছে। এটি পল্লি চিকিৎসকেরা চালান। এই পল্লি চিকিৎসকদের আমরা উন্নত প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা (ইন্টার্নি) অর্জনের সুযোগ করে দিয়েছি। এখানে সপ্তাহে এক দিন এমবিবিএস চিকিৎসক বসেন। কিন্তু ভাবনার বিষয় হলো, এমবিবিএস থেকে পল্লি চিকিৎসকদের কাছে রোগী বেশি হয়। রোগী বেশি হওয়ার কারণ, তাঁরা এলাকায় থাকেন। সবার সঙ্গে ওঠাবসা করেন। দীর্ঘদিন কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করেছেন। রোগীরাও তাঁদের কাছে ভালো সেবা পান। আমার পরামর্শ থাকবে, প্যারামেডিকদের উন্নত প্রশিক্ষণ ও এক থেকে দুই বছর ইন্টার্নির ব্যবস্থা অবশ্যই করতে হবে। তা না হলে তাঁরা গ্রামে গিয়ে সেবা দিতে পারবেন না। গ্রামের মায়েদের মূলত গর্ভকালীন সেবা দিতে হবে। সে ক্ষেত্রে প্যারামেডিকদের নারী হতে হবে। আমাদের সমাজব্যবস্থায় এ ক্ষেত্রে পুরুষেরা গ্রহণযোগ্য নন। মো. রবিউল করিম: প্রকাশ নামে একটি কমিউনিটি প্যারামেডিক পরিচালনা করি। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। আলোচনায় প্যারামেডিকদের মানের কথা বলা হয়েছে। এখানে দুই বছরের কোর্সে ১৮ মাস এফডব্লিউভি কোর্স কারিকুলাম এবং ছয় মাস মিডওয়াইফারি প্রশিক্ষণদেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের উপজেলা সদর হাসপাতালে ছয় মাসের ইন্টার্নির ব্যবস্থা করা হয়েছে। এখানে তাঁরা কমপক্ষে ৫০টি ডেলিভারির সঙ্গে যুক্ত থাকবেন। নার্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে চূড়ান্ত পরীক্ষা হয়। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ৩০ থেকে ৪০ মিনিটের ভাইভা হয়। এভাবে সার্বিকভাবে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করার পর সনদ দেওয়া হয়। সরকারি-বেসরকারি সহযোগিতা থাকলে স্বাস্থ্যক্ষেত্রে আরও ভূমিকা রাখতে পারব।ডা. এম আর খান: স্বাস্থ্য খাতের সমস্যা আমরা উপলব্ধি করেছি। সরকার উপলব্ধি করেছে। ছোটবেলায় গ্রামে এক এলএমএফকে (একধরনের মেডিকেল প্রশিক্ষণ) দেখতাম। তিনি এমবিবিএস পাস করে শহরে চলে গেলেন। গ্রামে আর চিকিৎসক পাই না। পাই কাকে? নিপেন ডাক্তার ছিলেন এলএমএফ। তাঁর কম্পাউন্ডার খগেন ডাক্তার। খগেন ডাক্তার চলে গেলেন বশিরহাটে। তাঁর কম্পাউন্ডার আনন্দ ডাক্তার। এখানে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাই আপনারা যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন, সেটা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। সরকার প্রতিটি জেলার স্বাস্থ্য খাতকে ভালো করতে চায়। অর্থও বরাদ্দ দিচ্ছে। কিন্তু নিপেন ডাক্তার এবং তাঁর কম্পাউন্ডাররা যেখানে কাজ করতেন, সেই জায়গায় স্বাস্থ্যসেবা এখনো পৌঁছায়নি। গ্রামে আমার হাসপাতাল আছে। কোনো এমবিবিএস চিকিৎসক পাই না। যত টাকা দিই, তাঁরা সেখানে থাকবেন না। বড়জোর সপ্তাহে এক বা দুই দিন তাঁরা যান এবং চলে আসেন। কিন্তু স্থানীয়ভাবে কিছু প্যারামেডিকস আছেন। কিছুটা প্রশিক্ষণ নিয়ে কাজ করেন—এমন চিকিৎসকও আছেন। তাঁরা যাতে আরও ভালো সেবা দিতে পারেন, তাই তাঁদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিলাম। আমার ভাবনা একটাই, গ্রামে যাঁরা বছরের পর বছর সেবা দিচ্ছেন, তাঁদের প্রশিক্ষিত করতে পারলে গ্রামের মানুষ বেশি উপকৃত হবে। আমার কিছু পরামর্শ হলো, এক. আপনারা সরকার, এনজিও, নাগরিক সমাজ—সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করুন। দুই. যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁদের মান ভালো। কিন্তু যাঁরা প্রশিক্ষণ দেবেন, তাঁদের মান জানি না। আমাকে একজন জিজ্ঞেস করলেন, ‘আপনারা এত ভালো ডাক্তার হয়েছেন কীভাবে।’ আমি বললাম, ‘গুরুর গুণে শিষ্য, পানির গুণে মাছ।’ অন্য চিকিৎসকেরা প্রশ্ন করলেন, ‘আমরা কি ভালো শিক্ষক না?’ আমি মনে করি, চিকিৎসা ব্যবসা না, চিকিৎসাসেবা।’ আপনারা যে প্রশিক্ষণ দিচ্ছেন, একে সাধুবাদ জানাই। সরকারের সহযোগিতা একটি ভালো দিক। আশা করব, বাংলাদেশের প্রতিটি জেলায় এ রকম কমিউনিটি প্যারামেডিকস কর্মসূচি হোক। তাঁদের যথাযথ প্রশিক্ষণ হোক। ভালো হাসপাতালে ইন্টার্নি করার ব্যবস্থা হোক। তাঁরাই গ্রামে চিকিৎসা দেবেন। গ্রামের মানুষের বন্ধু হবেন।মোহাম্মদ হুমায়ুন কবির: আমাদের বড় বড় শহরে তেমন সমস্যা নেই। আবার একেবারেই যে নেই, তা নয়; কোথাও কোথাও হয়তো আছে। আমরা প্যারামেডিকের কথা বলছি। এটা মূলত গ্রাম, ইউনিয়ন ও দুর্গম অঞ্চলের কথা বলছি। এমবিবিএস চিকিৎসকেরা গ্রামে থাকতে চান না। তাঁরা কিছুটা উচ্চাকাঙ্ক্ষী। গ্রামে সাধারণ অসুখ যেমন—জ্বর, সর্দি, কাশি, কিছু ব্যথাবেদনা ইত্যাদিতে মানুষ বেশি ভুগতে থাকে। প্রাথমিক সেবাটা এখানে খুব জরুরি দরকার। গ্রামাঞ্চলের ক্ষেত্রে আরেকটি জরুরি বিষয় হলো, অল্প ব্যয়ে ভালো সেবার ব্যবস্থা করা। সে ক্ষেত্রে কমিউনিটি প্যারামেডিক গ্রামে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। অনেকে কারিগরি শিক্ষা বোর্ডের প্রশিক্ষণের কথা বলেছেন। এখানে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষণ দেওয়া হয় না। কিন্তু হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে কাজ শিখতে না পারলে সফলতা আসবে না। শুধু বই পড়ে চিকিৎসাশাস্ত্রের কাজ করা সম্ভব নয়। আমাদের হাসপাতালগুলোতে যেসব সিএসবিএ (কমিউনিটি বেজড স্কিল বার্থ অ্যাটেনডেন্ট) কাজ করেন, তাঁরা অন্তত ২০টি ডেলিভারির (সন্তান প্রসব) সঙ্গে যুক্ত না থাকলে সনদ পান না। স্বাস্থ্যক্ষেত্রে দক্ষ জনবল আমরা তৈরি করতে চাই। সে ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে আমাদের এই জায়গাটায় একটি পার্থক্য রয়েছে। এটা আমরা সমাধান করে ফেলব। দেশের অধিকংশ মানুষ ফার্মেসি থেকে ওষুধ কেনেন। কিন্তু ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট নেই। এমনকি সব নিবন্ধিত ফার্মেসিতেও ফার্মাসিস্ট নেই। দেশে পর্যাপ্ত ফার্মাসিস্টের সংকট রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু-তিন বছর আগের এক হিসাবমতে, ৫৭টি সংকটময় দেশের মধ্যে বাংলাদেশ একটি। এ সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। তাই স্বাস্থ্যক্ষেত্রে প্যারামেডিকদের সংযোজন একটি নতুন মাত্রা যুক্ত করবে। আব্দুল কাইয়ুম: কমিউনিটি প্যারামেডিকের সম্ভাবনা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনায় কিছু পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো বিবেচনায় নিলে দেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কমিউনিটি প্যারামেডিকরা সম্ভাবনাময় ভূমিকা রাখতে পারবেন। সামনের দিনগুলোতে আমরা তাঁদের সাফল্য কামনা করছি। সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।