স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ফেরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের মো. রাসেল সরদারের স্ত্রী মাকসুদা বেগম গত মার্চ মাসে স্থানীয় এক ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন। এক মাস পর মাকসুদা পেটে তীব্র ব্যথা অনুভব করলে আবারও ওই ক্লিনিকে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। এর দুই মাস পর খিঁচুনি দিয়ে জ্বর ওঠে। তখন খাওয়াদাওয়াও বন্ধ হয়ে যায়। গত জুনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দেখানো হয়। তখন আলট্রাসনোগ্রাফিতেও কিছু ধরা পড়ে না। এরপর পটুয়াখালীতে এক চিকিৎসককে দেখানোর পর তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। গত ১২ জুলাই সেখানে মাকসুদার পেটে ফের অস্ত্রোপচার হয়। তখন তাঁর পেটের ভেতর থেকে গজ বের করা হয়। দীর্ঘদিন পেটের ভেতর গজ থাকায় পচে খাদ্যনালিতে অনেকগুলো ছিদ্র হয়ে গিয়েছিল। প্রায় এক মাস চিকিৎসার পর মাকসুদা এখন কিছুটা সুস্থ।

এ ধরনের আরেকটি ঘটনা ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে সাভারের একটি ক্লিনিকে। ছফুরা বেগম নামের এক নারীর জরায়ুর টিউমার অপারেশন করতে গিয়ে ভেতরে গজ রেখেই পেট সেলাই করে দেন চিকিৎসক। এতে রোগী অসুস্থ হয়ে পড়লে ফের অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে গজ বের করা হয়।

ভয়াবহ এ দুটি ঘটনাই ঘটেছে বেসরকারি ক্লিনিকে। আর চিকিৎসকেরা যে অদক্ষ ছিলেন তা কি আর বলার অপেক্ষা রাখে? অস্ত্রোপচার খুবই স্পর্শকাতর একটি বিষয়। অভিজ্ঞ শল্যবিদ ছাড়া কারও এটা করা উচিত নয়। এ সময় চিকিৎসকের একটু ভুলে রোগীর জীবন সংশয়ের মুখে পড়তে পারে। যেকোনো অস্ত্রোপচার অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হয়। অথচ এ দুটি ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করা হয়নি। তা না হলে কী করে পেটের ভেতরে গজ থেকে যায়?

এর চেয়েও ভয়াবহ ঘটনা আছে। ২০১১ সালে দাউদকান্দি উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা খানের সরকারি বাসভবনে আমানুল্লাহ নামের এক ব্যক্তির হার্নিয়ার অস্ত্রোপচার হয়। তবে অস্ত্রোপচারের আগে তাঁকে অজ্ঞান করা হয়নি বা অস্ত্রোপচারের স্থানটি অবশ করা হয়নি। কী ভয়ংকর একটি ঘটনা। এসব চিকিৎসকের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে
মানুষ বাঁচানো নয়; বরং মানুষ মারার মিশনে তাঁরা নেমেছেন।

এ রকম ঘটনা আমাদের দেশে প্রতিনিয়তই ঘটে চলেছে। গত কয়েক বছরের পত্রিকা ঘাঁটলেই এ রকম অনেক অঘটনের কথা জানা যাবে। অথচ এর প্রতিকারে কারও কোনো উদ্যোগ নেই। যাঁরা এসব ঘটাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনটা শুনতে পাই না। আসলে কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? গোটা স্বাস্থ্য খাতই তো দুর্নীতি ও অব্যবস্থাপনায় নিমজ্জিত।

রাষ্ট্রের কাছ থেকে স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। কিন্তু আমাদের দেশের সরকার সে কাজটি করতে ব্যর্থ হয়েছে। দেশের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি খুবই নাজুক। বহুমুখী সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত। এ সমস্যার কথা বলে শেষ করা যাবে না। সরকারি হাসপাতাল,
স্বাস্থ্য কমপ্লেক্স—সবখানেই দুর্নীতি ও অব্যবস্থাপনা বিরাজমান। স্বাস্থ্য খাতে বছরে হাজার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হলেও এসব বরাদ্দের কতটা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে, এর থেকে জনগণ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে কি না, সে ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো তদারকি করা হয় না বললেই চলে।

আর এসব কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সুযোগে দেশজুড়ে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু বেসরকারি চিকিৎসাব্যবস্থায়ও নৈরাজ্য বিরাজ করছে। বেসরকারি অনেক হাসপাতাল-ক্লিনিক চলছে সরকারের অনুমোদন ছাড়া। এসব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা পাওয়ার তেমন কোনো সুযোগ
নেই। কিন্তু অনেক সময় বিত্তবানেরা সেসব হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা পান না।

আবার চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও কোনো নিয়মনীতি মানা হয় না। হাসপাতাল-ক্লিনিকভেদে চিকিৎসা ব্যয়েও রয়েছে আকাশ–পাতাল তফাৎ। সরকারি নীতিমালার তুলনায় ফি কোথাও শত গুণ, কোথাও হাজার গুণ, আবার কোথাও কোথাও কয়েক হাজার গুণ বেশি। চিকিৎসা ফি, শয্যা ও কেবিন ভাড়া, অস্ত্রোপচার, প্যাথলজি পরীক্ষার ফি ইত্যাদি প্রতিষ্ঠান নিজেরাই নির্ধারণ করছে। অনেক সময় দেখা যায়, ভুয়া ডিগ্রিধারী ডাক্তার দ্বারা ওই সব হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। চিকিৎসা নিতে গিয়ে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন।

কিন্তু এ রকম কি চলতেই থাকবে? এর কি কোনো প্রতিকার নেই? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে পেশাগত ভুল, অবহেলা কিংবা অন্য কোনো অপরাধের জন্য চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হয়। একইভাবে বাতিল করা হয় হাসপাতাল বা ক্লিনিকের লাইসেন্স। পাশের দেশ ভারতেও এ ধরনের বিধান চালু রয়েছে। গত মার্চ মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। কিন্তু আমাদের দেশে এ রকম হতে দেখি না।

চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)। এ ছাড়া সংক্ষুব্ধ ব্যক্তি থানা বা আদালতে মামলা করতে পারেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেও মামলা হতে পারে। কিন্তু লোকজন জানেই না অভিযোগ কোথায় করতে হবে। ক্লিনিক আর হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিভাগ রয়েছে।

কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা, অভিযোগ আমলে না নেওয়ার প্রবণতা আর বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব অন্যায় প্রশ্রয় পাচ্ছে। বিএমডিসির একটি সূত্রের মতে, মাসে গড়ে পাঁচটি অভিযোগ জমা পড়ে তাদের প্রতিষ্ঠানে। আর স্বাধীনতার পর মাত্র একটি ঘটনার
সুরাহা করা সম্ভব হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা।

চিকিৎসা পেশা একটি মহান পেশা। এই পেশার মূল কথা হলো মানুষ ও জীবের সেবা করা। কিন্তু দেখা যাচ্ছে গুটিকয়েক চিকিৎসকের কারণে এই মহান পেশার মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে। দেশে দক্ষ, সৎ ও কর্তব্যপরায়ণ চিকিৎসকের সংখ্যাই বেশি। কিন্তু অদক্ষ ও ব্যবসায়িক মনোবৃত্তিসম্পন্ন চিকিৎসকদের কারণে তাঁদের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে।

আমরা মনে করি স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও সেবার মনোভাব ফিরিয়ে আনতে চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে। গোটা স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তাহলেই স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ফিরে আসবে। কাজটি সহজ না হলেও অসম্ভব নয়।

রোকেয়া রহমান: সাংবাদিক।