স্বাস্থ্য ঠিক তো সব ঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ মার্চ প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক
৫ মার্চ প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক

আমাদের দেশের অনেক মানুষ গরিব। পেটেভাতে হয়তো বেঁচে আছে, কিন্তু পুষ্টির অভাবে মরছে। মরছে মানে অসুখ-বিসুখে ভুগছে। তাদের চিকিৎসার সুযোগ-সুবিধা কতটা আছে, সেটাই প্রশ্ন।

৫ মার্চ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে প্রথম আলো একটি গোলটেবিল বৈঠক করে। সহযোগিতায় ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ। তাদের সঙ্গে ছিল ইউএস এইডের হেলথ ফাইন্যান্স অ্যান্ড গভর্ন্যান্স প্রজেক্ট। আর স্বাস্থ্য মন্ত্রণালয় তো ছিলই। তাদের হেলথ ইকোনমিকস ইউনিট এখানে কাজ করছে।

সরকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় বেশ বড় ধরনের উদ্যোগ নিয়েছে। মানে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ইংরেজিতে বলা হয় ইউনিভার্সেল হেলথ কাভারেজ (ইউএইচসি)। মূল কথা হলো, অসুখ-বিসুখে ডাক্তার, চিকিৎসা, ওষুধ—যাঁর যখন যা দরকার হবে, তিনি সেটা পাবেন। আপনার টাকাপয়সা নেই, গরিব, আপনি বিনা পয়সায় চিকিৎসাসেবা পাবেন। আর যাঁদের টাকাপয়সা আছে, তাঁরা তো প্রয়োজনীয় ফি দিয়ে চিকিৎসা নিতে পারবেনই।

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি ছিলেন প্রধান অতিথি। তিনি বললেন, কাজটা কঠিন, কিন্তু সম্ভব। ইতিমধ্যেই কিছু কাজ শুরু হয়ে গেছে। টাঙ্গাইলে তিনটি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি নামে দিশারি প্রকল্প শুরু হয়েছে। সেখানে চিকিৎসা নিতে আসা গরিব লোকদের ৫০ ধরনের রোগের ওষুধ বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তা ছাড়া আছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক। সেখানে বিশেষভাবে গরিব লোকদের চিকিৎসার সুযোগ বাড়ছে।

এটা তো সবাই জানি, দেশে মাতৃ ও শিশুমৃত্যুহার কমেছে। মানুষের গড় আয়ু বেড়েছে। সরকারি হাসপাতালগুলোতে ভিড় বেশি, কিন্তু তারপরও সেখানে তুলনামূলক ভালো চিকিৎসা পাওয়া যায়। এসব ক্ষেত্রে আমাদের দেশ এমডিজির লক্ষ্য অর্জনে ভালো সাফল্য অর্জন করেছে। এখন এসডিজি নিয়ে কাজ করছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। এসডিজিতে বলা হয়েছে, সমাজের কাউকেই পেছনে ফেলে রাখা হবে না। এটা যে কত বড় একটা চিন্তা, তা বলার অপেক্ষা রাখে না।

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথাও একই। কেউই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকবে না। তিনি ধনী না গরিব, সেটা বিবেচ্য নয়। হাসপাতালের দরজা সবার জন্য সমভাবে খোলা।

এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে সময় লাগবে। হয়তো ২০৩০ বা ২০৩২ সালের মধ্যে এটা করা যাবে। এ জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বাজেটে বরাদ্দ বেড়েছে। সামনের দিনগুলোতে আরও বাড়বে।

তবে শুধু টাকায় তো হবে না। উপযুক্ত ও দক্ষ চিকিৎসক, নার্স, মিডওয়াইফ (ধাত্রী) লাগবে। আমাদের রোগীদেরও একটা কথা বুঝতে হবে। সুস্থ শিশু জন্মদানের জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফই সবচেয়ে ভালো। কিন্তু আমরা গ্রাম থেকে ছুটে আসি ঢাকায়। বিশেষজ্ঞ গায়নোকলজিস্টের কাছে যাই। কিন্তু এর তো কোনো দরকার নেই। জটিলতা থাকলে অবশ্যই যাব বিশেষজ্ঞের কাছে। না হলে একজন মিডওয়াইফই যথেষ্ট।

এখানে জনসচেতনতা দরকার। উন্নত দেশগুলো সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছে, কারণ মানুষ সচেতন। সরকারও গ্রাম পর্যায় পর্যন্ত দক্ষ মিডওয়াইফ, নার্স, টেকনিশিয়ান, চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করছে। আমাদেরও সেই পর্যায়ে যেতে হবে।

আলোচনার সময় অনেকে বলেছেন, ওষুধের মান নিয়ে প্রশ্ন আছে। এটা তো ঠিক। ওষুধ প্রশাসন যদি সতর্ক দৃষ্টি না রাখে, তাহলে মানুষ বাঁচবে কীভাবে? শুধু তা–ই নয়, ওষুধের দাম নিয়েও প্রশ্ন রয়েছে। ওষুধ কিনতেই যদি সব টাকা চলে যায়, তাহলে ডাল-ভাতের টাকা কোথায় পাব?

এসব ব্যাপারে একটি জরুরি বিষয় জানতে হবে। ওষুধ কেনার সময় দেখে নিতে হবে প্যাকেটের গায়ে ছাপার অক্ষরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ‘ডিএআর’ নম্বর এবং ‘এমআরপি’ (ম্যাক্সিমাম রিটেইল প্রাইস) সিল দেওয়া আছে কি না। যদি না থাকে, তাহলে বুঝতে হবে ওই ওষুধ ভেজাল বা বেআইনিভাবে আনা হয়েছে। এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

আরেকটা কথা হলো, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করা। কমিউনিটি ক্লিনিক পরিচালনায় গ্রামের মানুষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে মানুষের সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি হচ্ছে।

যদি সব মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হয়, তাহলে অবশ্যই সর্বজনীন স্বাস্থ্যবিমা চালু করতে হবে। গরিব-হতদরিদ্র ব্যক্তিদের বিমার জন্য কিস্তি দিতে লাগবে না। অবস্থাপন্ন ব্যক্তিদের লাগবে। যার বেশি টাকা, তার কিস্তির হার বেশি হবে। অবশ্যই সেটা একেবারে অবাস্তব হবে না। এ জন্য দরকার জনসচেতনতা। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় জনঅংশগ্রহণের এটি গুরুত্বপূর্ণ দিক। কারণ, সরকার একা এত বড় একটা কাজ করতে পারবে না।

জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, মানুষের জীবনে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ক্রমবর্ধমান চাপ ও অন্যান্য কারণে হৃদ্‌রোগ, ফুসফুসের সংক্রমণ, কিডনি বিকল, মানসিক রোগ, ডায়াবেটিস, রক্তচাপ বৃদ্ধি প্রভৃতি বাড়ছে। ক্যানসারও বাড়ছে। এ ধরনের নন-কমিউনিকেবল ডিজিজ বা ছোঁয়াচে নয় এমন রোগের জন্য ব্যয়বহুল চিকিৎসার দরকার পড়ছে।

এ ধরনের অসুখ থেকে বাঁচার একটা ভালো উপায় আছে। আমরা অনেকেই এ বিষয়ে সচেতন নই। আমরা যদি প্রতিদিন মাত্র ১৫ মিনিটের সামান্য ব্যায়াম করি, তাহলে অনেক অসুখ থেকে দূরে থাকা যায়। নগরায়ণের ফলে আমাদের কায়িক শ্রম কমে গেছে। তাই সহজেই নানা রোগে আক্রান্ত হই। কম্পিউটারে সারা দিন কাজ করি, ফলে চোখ সহজে নষ্ট হয়।

এসবের মহৌষধ হলো রোজ সকালে উঠে পার্কে বা খোলা রাস্তায় পাঁচ মিনিটের এক জোর দৌড়। ঠিক ঘুম থেকে উঠেই নয়, একটু সময় নিয়ে শরীরটাকে সুস্থির করে তারপর দৌড়। কোনো অসুস্থতা না থাকলে সব বয়সের মানুষ, কিশোর থেকে বৃদ্ধ, সবার জন্য এই মহৌষধ প্রযোজ্য। এরপর মাত্র ১০ মিনিটের সাধারণ ব্যায়াম। হাতের আঙুল, কবজি, কনুই, ঘাড়, হাঁটু, পায়ের গোড়ালি, এককথায় শরীরের যতগুলো সন্ধি বা জয়েন্ট আছে, সেগুলো দু-চার মিনিট করে নাড়াচাড়া দেওয়া আর কি!

প্রতিদিন এটা করে দেখেন, আপনার পিঠের ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা (ফ্রোজেন শোল্ডার), হাঁটুর ব্যথা—সব উধাও!

আমেরিকায় স্বাস্থ্যবিজ্ঞানীরা সম্প্রতি অনেক গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন যে, মাত্র ১৫ মিনিটের ব্যায়াম আপনাকে বেশ সুস্থ রাখতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, স্বল্প সময়ের জোরে দৌড়ের একটি বিশেষ সুফল রয়েছে। এতে মস্তিষ্কে নিউরনের নতুন নতুন সংযোগ সৃষ্টি হয়, যা মানুষের স্মৃতিশক্তি বাড়ায়। হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ করার সক্ষমতা রক্ষায় এর জুড়ি নেই। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

এই ১৫ মিনিটের মধ্যে অন্তত ৫ মিনিট বুক ফুলিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে হবে। এটা চলতি ভাষায় ব্রিদিং এক্সারসাইজ নামে সবাই জানেন। একমাত্র ব্রিদিং এক্সারসাইজ আপনার আয়ু ১০-২০ বছর বাড়িয়ে দিতে পারে। এটা গবেষণায় দেখা গেছে।

এই ব্যায়ামের জন্য কোনো পয়সা লাগে না। আমি একবার বেইজিংয়ে গিয়ে দেখি, সকালে একটি পার্কে অন্তত কয়েক শ শিশু থেকে তরুণ-কিশোর, বয়স্ক নারী-পুরুষ একটানা ১৫-২০ মিনিট ব্যায়াম করে যার যার কাজে চলে যাচ্ছে।

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অন্যতম একটি নীতি হওয়া উচিত ব্যায়ামচর্চা উৎসাহিত করা। আলোচনা শেষে হোসেন জিল্লুর রহমান আমাকে বললেন, শিগগিরই ও–রকম একটা প্রকল্প চালু হতে যাচ্ছে। এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে!

আর, আপনি যদি বিড়ি-সিগারেট, জর্দা না খান; গলা, ফুসফুসের ক্যানসার বা এমনকি হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেক কমে যায়।

আব্দুল কাইয়ুম: সাংবাদিক।