স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও গবেষকদের মতে, বাল্যবিবাহ শিশুর মানবাধিকার লঙ্ঘন করে। ঘটায় সুন্দর শৈশবের সমাপ্তি। তার নিজস্ব পছন্দ ও স্বাধীনতা থাকে না। সময়ের আগেই যৌনসম্পর্কে জড়িয়ে পড়তে হয়। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও বিকাশের অধিকার ও সুযোগ খর্ব হয়। বাল্যবিবাহের ফলে স্কুল থেকে ঝরে পড়ে শিশুরা। সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না, আবার বয়স্কদের দলেও যেতে পারে না । সব মিলে শিশুর মানসিক ও আবেগগত ক্ষত সৃষ্টি করে, যা সারা জীবনের সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে। জাতীয় মানবাধিকার কমিশনের শিশু অধিকার কমিটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহ একধরনের নির্যাতনের নাম যার কারণে শিশুর মানবাধিকারের লঙ্ঘন ঘটছে। বাল্যবিবাহের ক্ষেত্রে শিশুটির মতামত নেওয়া হয় না। শিশুর প্রতিবাদ করারও ক্ষমতা থাকে না। ইচ্ছার বিরুদ্ধে শিশু বিয়ে করতে বাধ্য হচ্ছে। আইনেরও লঙ্ঘন হচ্ছে।কিশোরী মা ও অপুষ্টি চক্রদেশের জনসংখ্যার ২৩ শতাংশই হচ্ছে কিশোর-কিশোরী। বিয়ের পর শ্বশুরবাড়ির বংশ রক্ষার বায়না মেটানোর দায়ও চাপানো হয় সেই কিশোরীর ঘাড়ে। এক বা দুই বছরের মধ্যে সন্তান পেটে না এলে স্বামী যদি বংশ রক্ষার জন্য আবার বিয়ে করে ফেলেন, সে জন্য তার বাড়ি থেকেও সন্তান নেওয়ার জন্য মেয়েটিকে চাপ দিতে থাকে। অথচ কিশোরীদের ওজনস্বল্পতার উচ্চ প্রকোপের দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। বাংলাদেশের ৩৫ শতাংশ কিশোরী ওজনস্বল্পতায় ভুগছে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০১১-এর প্রতিবেদন অনুযায়ী, ২০ বছর বয়সের আগেই ২৫ শতাংশ, ২০ বছর বয়সে ৫৭ শতাংশ এবং ৩০ বছর বয়সের মধ্যে ১৭ শতাংশ নারী মা হচ্ছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিসিডিআরবি) পুষ্টি ও খাদ্য নিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ প্রথম আলোকে বলেন, কম বয়সে গর্ভধারণ করলে গর্ভসংশ্লিষ্ট জটিলতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। কিশোরী মায়ের বয়স ও ওজন দুটোই কম থাকে। এই মায়েদের জরায়ুর ভেতরে সন্তানের ওজনও বাড়তে পারে না। স্বল্প ওজনের সন্তান জন্ম দেওয়ার মধ্য দিয়ে নতুন করে অপুষ্টির যাত্রা শুরু হয়। পরবর্তীকালে আড়াই কেজির কম জন্ম ওজন নিয়ে জন্মানো শিশুদের অপুষ্টিতে আক্রান্ত হওয়ার হার বেশি থাকে। তাই পুষ্টি ও বাল্যবিবাহের মধ্যে গভীর সম্পর্ক আছে। বাল্যবিবাহ প্রতিরোধ না করে অপুষ্টি চক্রের বিরুদ্ধে সংগ্রাম করাটা কঠিন।মাতৃমৃত্যু ও অন্যান্য ঝুঁকিবিশ্বজুড়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মৃত্যুর অন্যতম কারণ হলো গর্ভধারণগত জটিলতা ও শিশু জন্মদান। ২০০৮ সালের ‘পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক জাতীয় যোগাযোগ কৌশলপত্র’ অনুযায়ী, কিশোরীদের মধ্যে মাতৃমৃত্যুর হার জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ এবং শিশুমৃত্যুর হার জাতীয় গড়ের শতকরা ৩০ ভাগের বেশি।সন্তান জন্মের সময় যেসব মা বা নবজাতক মারা যাচ্ছে না, পরবর্তীকালে তাদের অসুখ-বিসুখ লেগেই থাকে। চিকিৎসা খরচ, পরিবারের লোকজনের কাজ বাদ দিয়ে হাসপাতালে যাতায়াতসহ বিভিন্ন কারণে অর্থনৈতিক ক্ষতি শুরু হয়। ফলে নেতিবাচক অবস্থা চলতেই থাকে পরিবারে।জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, কিশোরীদের অল্প বয়সে বিয়ে জরায়ুমুখে ক্যানসারের অন্যতম কারণ। কিশোরীদের জরায়ুমুখের কোষগুলো পরিপক্ব হওয়ার আগেই স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয়। এর ফলে কোষগুলোতে বিভিন্ন সংক্রমণ হয়ে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। বেশি সন্তানের জন্ম দেওয়া, ঘনঘন সন্তান জন্ম দেওয়া, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতার অভাবও এ ক্ষেত্রে ঝুঁকির মধ্যে ফেলে সেই কিশোরীকে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, কিশোরীদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য বাল্যবিবাহ দেওয়া হলেও এইচআইভি ও অন্যান্য যৌনবাহিত রোগ থেকে তাদের রক্ষা করতে পারে না। তারা কনডম ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারে না। নিজেদের মতামতও প্রকাশ করতে পারে না।