ফিলিপাইনের জনসংখ্যা এখন ১০ কোটির মতো। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, জনসংখ্যার ৯২ শতাংশ স্বাস্থ্যবিমার সুবিধা ভোগ করছে। অর্থাৎ প্রতি ১০ জন নাগরিকের ৯ জনই স্বাস্থ্যবিমা সুরক্ষার আওতায় আছে। ‘ফিলহেলথ’ নামের যে সামাজিক স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানের মাধ্যমে এই দুরূহ কাজ করা সম্ভব হয়েছে, তার কর্মকর্তারা দাবি করছেন, আর কয়েক বছরের মধ্যেই দেশের সব মানুষকে স্বাস্থ্যবিমার আওতায় আনা সম্ভব হবে।
বাংলাদেশে জাতীয়ভাবে স্বাস্থ্যবিমার ব্যবস্থা নেই। কয়েকটি এনজিও ও বিশ্ববিদ্যালয় তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করেছে। তবে এসব বিমা সব ধরনের চিকিৎসায় আর্থিক সুরক্ষা দিতে পারছে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়েক বছর ধরে স্বাস্থ্যবিমা চালু করার কথা বলে আসছে। সরকারি কাগজপত্রে দেখা যায়, একটি দিশারি প্রকল্প ২০১১ সালে শুরু করে ২০১৬ সালে শেষ করার কথা ছিল। ওই দিশারি প্রকল্পের অভিজ্ঞতার আলোকে বিমা সুরক্ষার আওতা দেশব্যাপী বাড়ানোর কথাও তাতে বলা ছিল। মন্ত্রণালয় সেই দিশারি প্রকল্প শুরুই করেছে মাত্র মাস দু-এক আগে।
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জনের জন্য দেশে যে কয়টা উদ্যোগ এখন সক্রিয় আছে, তার একটি সরকারি ওই দিশারি প্রকল্প। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) একটি প্রকল্প আছে। সেই প্রকল্পের আওতায় কয়েকজন সাংবাদিক ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মে মাসে ফিলহেলথের কাজ দেখার জন্য ফিলিপাইনে গিয়েছিলেন ‘স্টাডি ভিজিটে’। সেই দলে এই সাংবাদিকও ছিলেন।
ফিলিপাইন ১৯৬৯ সালে চিকিৎসাসেবা কর্মসূচি বিষয়ে একটি আইন পাস করে। সর্বজনীন সামাজিক স্বাস্থ্যবিমার জন্য এটাই ছিল প্রথম উদ্যোগ। আড়াই যুগ পরে দেখা যায় শুধু চাকরিজীবীদের এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য খাতে যে খরচ হয় তার সামান্যই এই বিমা কর্মসূচি থেকে ব্যয় হয়। ১৯৯৫ সালে সরকার নতুন একটি আইন করে জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি চালু করে। এই কর্মসূচি পরিচালনার জন্য প্রতিষ্ঠান হিসেবে ফিলহেলথ স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটিকে ক্ষমতা দেওয়া হয় সারা দেশের মানুষকে সর্বজনীন স্বাস্থ্যবিমা সুরক্ষার আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনটি পরবর্তী সময়ে একাধিকবার সংশোধন করা হয়।
আইনের আওতায় ফিলিপাইন সরকার ‘মেডিকেল কেয়ার কমিশন’ গঠন করে। এই কমিশনের সঙ্গে গভর্নমেন্ট সার্ভিস ইনস্যুরেন্স সিস্টেম, সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এবং ওভারসিজ ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে যুক্ত করা হয়। এদের কাজের সমন্বয় করে ফিলহেলথ। এরপর ২০১৩ সালে তামাক ও মদজাতীয় পণ্যের ওপর কথিত ‘পাপ কর’ বা ‘সিন ট্যাক্স’ বসায় এবং এই খাত থেকে পাওয়া অর্থের ৮০ শতাংশ স্বাস্থ্যবিমার তহবিলে জমা করে। এতে স্বাস্থ্যবিমা ব্যবস্থার আর্থিক ভিত্তি আরও দৃঢ় হয়। ২০১৫ সালে দেশের ৯ কোটি ৩৩ লাখ মানুষকে চিকিৎসায় বিমা-সুবিধা দিয়েছে ফিলহেলথ। প্রাথমিক চিকিৎসাসেবা, হাসপাতালের খরচ এবং দুর্যোগে স্বাস্থ্যসেবার ব্যয় বহন করছে ফিলহেলথ। গত বছর ফিলহেলথ ৯৭ বিলিয়ন পেসো পরিশোধ করেছে।
ফিলহেলথের কর্মকর্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যে দর্শন প্রচার করছে, ফিলিপাইন বেশ আগে থেকেই তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল কথা হচ্ছে: মানুষ ঠিক প্রয়োজনের সময় স্বাস্থ্য ও চিকিৎসাসেবা পাবে, এই সেবা হবে মানসম্পন্ন। অর্থের অভাবে মানুষ সেবা থেকে বঞ্চিত হবে না বা সেবা নেওয়ার ইচ্ছা প্রকাশ থেকে বিরত থাকবে না। অন্যদিকে সেবার ব্যয় নির্বাহ করতে গিয়ে কোনো মানুষ দরিদ্র হয়ে পড়বে না।
ফিলহেলথের স্বাস্থ্যবিমার আওতায় আছে বিভিন্ন পর্যায়ের ৯ কোটি ৩৩ লাখ মানুষ। এর মধ্যে সংগঠিত খাতের সদস্য ২ কোটি ৮৩ লাখ, অসংগঠিত খাতের সদস্য ৮৪ লাখ, আজীবন সদস্য ১৭ লাখ, দরিদ্র শ্রেণির সদস্য ৪ কোটি ৫৪ লাখ, স্পনসরড সদস্য ২৪ লাখ এবং জ্যেষ্ঠ নাগরিক ৭১ লাখ। প্রতি সদস্যের জন্য আছে ‘স্বাস্থ্য কার্ড’। এই কর্মসূচির আওতায় ১ হাজার ৮৮৭টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতাল ৭৫২টি এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ১ হাজার ১৩৫টি।
জাতিসংঘের একটি সংস্থার ম্যানিলার কার্যালয়ের পদস্থ একজন বাংলাদেশি কর্মকর্তা এই সাংবাদিককে বলেন, ফিলহেলথের কাজ বিস্তৃত। এদের কাজের ইতিবাচক প্রভাব পড়ছে ফিলিপাইনের স্বাস্থ্য পরিস্থিতির ওপর। ফিলিপাইনে মাতৃ ও শিশুমৃত্যুর হার অনেক কম। ওই কর্মকর্তার বাসায় যে কয়েকজন ফিলিপিনো কাজ করেন, তাঁদের বেতনের পাশাপাশি স্বাস্থ্যবিমার অর্থও নিয়মিতভাবে ওই কর্মকর্তাকে জমা দিতে হয়।
সরকারি বা বেসরকারি যে খাতেরই হোক, নিয়মিত বেতন পান এমন যেকোনো ব্যক্তি এই বিমা কর্মসূচির আওতায় আসতে আইনগতভাবে বাধ্য। যাঁরা নিয়মিত বেতন পান, তাঁদের বেতনের ওপর ভিত্তি করে প্রতি মাসে প্রিমিয়াম জমা দিতে হয়। অসংগঠিত ও দরিদ্র শ্রেণির পক্ষে প্রিমিয়াম জমা দেয় সরকার, সংগঠন, কিছু ক্ষেত্রে এনজিও। কর্মকর্তারা বলেছেন, এই অসংগঠিত খাত ও দরিদ্র মানুষকে কর্মসূচির আওতায় আনা এবং তাদের জন্য প্রিমিয়াম নির্ধারণ করাই ছিল সবচেয়ে কঠিন কাজ। নানা উদ্যোগ ও প্রচারণার ফলে তা অনেকটা সম্ভব হয়েছে। তবে চিকিৎসাসেবা পাওয়ার সময় ধনী বা দরিদ্র সবাই একই মানের সেবা পাচ্ছেন।
সামাজিক স্বাস্থ্যবিমার আওতায় থাকা প্রতিটি সদস্য রোগ প্রতিরোধমূলক সেবা পাচ্ছে। রোগ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছে, ওষুধ কিনতে পারছে, নারীরা জন্মনিয়ন্ত্রণ সেবা পাচ্ছে। এ ছাড়া স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, কিডনি প্রতিস্থাপন, হৃদ্যন্ত্রের বাইপাস সার্জারিসহ অনেক জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার এই কর্মসূচির আওতায় করা হচ্ছে। তালিকাভুক্ত হাসপাতালে এসব চিকিৎসা হয়। প্রতিটি রোগের চিকিৎসার সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা আছে। চিকিৎসা শেষে ওই সব হাসপাতাল ফিলহেলথের কাছে বিল জমা দিয়ে অর্থ নেয় সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে।
সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যেমন কোনো ব্যক্তি বিমার আওতায় আসতে পারেন, তেমনি সেবাদানকারী প্রতিষ্ঠানও তালিকাভুক্ত করা হয় নির্দিষ্ট নিয়মনীতি মেনে, কঠিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। দুটি ক্ষেত্রেই আইন আছে।
প্রতিটি দেশের মতো ফিলিপাইনেও রাজনৈতিক উত্থান-পতন আছে। ফিলহেলথের ছয় হাজার কর্মকর্তা ও কর্মচারীর মধ্যেও রাজনৈতিক মতের পার্থক্য আছে। দেশের মানুষ চায় বলে সবাই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সামাজিক স্বাস্থ্যবিমা কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই শেখার আছে ফিলিপিনের কাছ থেকে।
শিশির মোড়ল: সাংবাদিক।