স্বাস্থ্যব্যবস্থা নতুন করে সাজানোর বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়া কাঁপানো গত ১০০ দিনে সারা বিশ্বের জনস্বাস্থ্য ও অর্থনীতির চেহারা পাল্টে গেছে। কোভিড-১৯–এর যদিও কোনো স্থানীয় আধার এ দেশে নেই এবং স্বতঃস্ফূর্ত সংক্রমণের আশঙ্কাও কম; কিন্তু বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এর জন্য আমাদের বিপদের আশঙ্কাও বেশি। প্রতিদিনই আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি, সমাধানের নানা ফর্মুলা শুনে মানুষ মাঝেমধ্যে দ্বিধান্বিত। আমার দীর্ঘ ও বিচিত্র অভিজ্ঞতায় নতুন কটি ভিন্ন ভিন্ন বিষয় উল্লেখ করতে এই লেখার প্রয়াস।

১.
একদিকে কিছু হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে এই সংকটকালের জন্য। জানা গেছে হাসপাতালগুলোর নাম। এসব হাসপাতালের ক্ষমতা ও প্রকৃত অবস্থা সম্পর্কে এখন আমরা অবহিত। বছরের পর বছর সরকার কিন্তু কার্পণ্য করেনি অনেক নতুন হাসপাতাল, একাধিক ইনস্টিটিউট তৈরি করতে। অঢেল অর্থ ব্যয় করতে হয়েছে সরকারি কর্তৃপক্ষকে। আফসোস! কিন্তু এখনো এ দেশের শতকরা প্রায় ৬৫ ভাগ লোকই বেসরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর নির্ভরশীল। অন্যদিকে, এই সংকটকালে নতুন নতুন হাসপাতাল তৈরির কথা শুনছি। মনে রাখতে হবে, হাসপাতাল কিন্তু ‘সাইক্লোন শেল্টার’ নয়। আর আমরা এই মুহূর্তে যে ধরনের হাসপাতালগুলো তৈরির কথা বলছি, সেটা তো আরও বিশদ ব্যাখ্যার দাবি রাখে। ‘সার্স’–এর শিক্ষাকে পুঁজি করে সিঙ্গাপুর কিন্তু তাদের অনেক হাসপাতালকে ঢেলে সাজিয়েছিল। এটা ২০০৩ সালের কথা। আজ তারা সেটার সুফল ভোগ করছে। এখনো আমাদের বহু হাসপাতালে (যেহেতু এ দেশে যক্ষ্মা যথেষ্ট পরিচিত রোগ) ‘নেগেটিভ প্রেশার ফ্লোর’, ফিল্টার ইত্যাদি ব্যবস্থার ধারণাই নেই। এ ছাড়া আরও আছে হাসপাতালে আনুষঙ্গিক জরুরি কিছু বিষয়। ভেন্টিলেটরের কথা শুনছি প্রতিনিয়তই।

এটা সত্য যে আমাদের এই দেশে ভেন্টিলেটরের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সরকারি-বেসরকারি মিলে হয়তো কার্যক্ষম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০–এর বেশি হবে না। তাও মূলত ঢাকা আর চট্টগ্রাম শহরে সর্বোচ্চ। প্রায়ই ভেন্টিলেটরকে বিদেশ থেকে আমদানি করতে দেখি। অথচ এসব অত্যাধুনিক যন্ত্রের পেছনে যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান দিনরাত্রি দাঁড়িয়ে থাকেন, তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে কিন্তু আমরা দক্ষ জনবল তৈরি করতে পারিনি। কখনো কখনো অপর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হলেও তার আপডেট করা হয় না। একদিকে হাসপাতালে যন্ত্র ক্রয়ে এক আনন্দ! অন্যদিকে, এসব চালাতে গিয়ে অসীম এক বেদনার সৃষ্টি! অবশ্যই এর ব্যতিক্রমও আছে। আইসিইউ তৈরি করা তো এক–দুই সপ্তাহের বিষয় নয়। কিন্তু এতে দক্ষ অভিজ্ঞ জনবল তৈরি করা তো সময়ের ব্যাপার। যত দ্রুত এই প্রশিক্ষণ শুরু হবে ততই মঙ্গল।

আধুনিক ভেন্টিলেটরের কার্যক্ষমতা ব্যাপক। শেখার অনেক কিছু আছে। যেমন একটা স্মার্টফোনের অনেক ক্ষমতা, কিন্তু তার খুব সামান্য অংশই আমরা বেশির ভাগ জনগণ ব্যবহার করে থাকি। তেমনি উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে আধুনিক এসব ভেন্টিলেটরেরও সদ্ব্যবহার করা হবে না। এ ছাড়া আইসিইউতে ছোট-মাঝারি অনেক যন্ত্র রয়েছে। তাদের প্রয়োজনীয়তাও অসীম। আইসিইউগুলোয় দেখা যাচ্ছে কার্ডিয়াক মনিটর চালাতেও দক্ষ জনবল পাচ্ছি না আমরা। এমনকি সাকার মেশিনে ‘সাকশন’ দেওয়াটাও ভালো করে শিখতে হয়। ভুক্তভোগীরা জানেন, সেখানেও মাঝেমধ্যে কী হয়! আর অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহের কথা তো অনেক পুরোনো।

আইসিইউ পুরো হাসপাতাল থেকে ভিন্ন, তাদের জনবলের গুরুত্ব ও সম্মানকে মূল্যায়ন করতে হবে। তবেই স্বল্প, মধ্যম ও সুদূরপ্রসারী ট্রেনিংয়ের মাধ্যমে এই বিপদ কেটে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, যন্ত্রপাতির কেনাকাটার সঙ্গে সঙ্গে আরও প্রয়োজন সেসবের রক্ষণাবেক্ষণের ওপর জোর দেওয়া। বিদেশের হাসপাতালগুলো বিশাল অর্থ ব্যয় করে এই রক্ষণাবেক্ষণে। আমাদের দেশেও বর্তমান সরকারি হাসপাতালগুলো ও অত্যাধুনিক বেসরকারি হাসপাতালগুলোর দিকে তাকালেই এর পার্থক্য বুঝতে পারা যায়। টেস্ট, টেস্ট, টেস্ট বলা হচ্ছে, সঙ্গে যোগ করতে হবে প্রশিক্ষণ, প্রশিক্ষণ, প্রশিক্ষণ। এই ফাঁকে বলে রাখি, এখনো কিন্তু কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন ‘মহামারিতে টেস্টের চেয়ে রোগের লক্ষণ দেখেই চিকিৎসার’...।

২
অবশ্যই এই সময় নজরদারি ও নিয়ন্ত্রণব্যবস্থা নিখুঁত করা জরুরি। কিন্তু সংকটের প্রথম দিন থেকেই অভাব বোধ করেছি, আইইডিসিআরের সঙ্গে আরও অন্তত দু-একটা ল্যাবরেটরির অত্যধিক প্রয়োজনীয়তা। ১৬ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ। জ্ঞানবিদ্যা চর্চার জন্য দেশে এখন অনেক বিদ্বান আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশাল প্রতিষ্ঠান আজ ১০০ বছর ধরে সসম্মানে দাঁড়িয়ে। যেখানে জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপ, উত্তর আমেরিকার প্রচুর শিক্ষিত ও প্রশিক্ষিত মেধাসম্পন্ন জ্ঞানীগুণীদের অবস্থান। প্রচুর দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জনবল রয়েছে তাদের। বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরি করা তাদের জন্য খুবই সম্ভব। অবশ্যই ‘বায়োসেফটি প্রটোকল’ অনুসরণে তারা সক্ষম।

ভালো লাগল পড়ে যে বিলম্বে হলেও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটি’ গঠিত হয়েছে। রাজনীতির ঊর্ধ্বে থেকে আপনাদের বিশাল ফ্যাকাল্টির (বিশেষ করে মেডিসিন ও সায়েন্স ফ্যাকাল্টিগুলো) এখনই তো দেশাত্মবোধ প্রদর্শন ও ত্যাগের শ্রেষ্ঠ সময়। এখন দেশে-বিদেশে কথায় কথায় আমরা ‘আইসিসিডিআরবির কথা বিশেষত শুনতে পাই। আমরা অচিরেই শুনতে চাই আমাদের সম্পূর্ণ নিজস্বে গড়ে ওঠা গবেষণাগার ও অভিজ্ঞতার কথা। ট্রাম্প যেন ভারতের মতো বাংলাদেশকেও অনুরোধ করে ওষুধ ও প্রশিক্ষণের জন্য। বিদেশিদের কথায় অতিমাত্রায় নির্ভরশীল না হই। তাদের থেকে অনেক অনেক কিছু ঠিকই শেখার আছে। কিন্তু বিদেশি অনেক স্বাস্থ্য ‘তত্ত্ব ও তথ্য’ আর কারিগরি কৌশলকে আমাদের দেশের মতো করে সাজাতে হবে, ‘কাস্টমাইজ’ করতে হবে দেশীয় প্রয়োজনীয়তায়। আমরা যেন হীনম্মন্যতায় না ভুগি। বিশাল এই জনভূমিতে গবেষণার সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না।

৩.
অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে হয় চিকিৎসক সমাজের কথা; গবেষণার প্রতি অবহেলা, সময় অব্যবস্থাপনা ওনাদের কর্মস্থলের দুর্বল পরিবেশ নিয়ে। আজও সমন্বয়হীনতা রয়েছে ক্লিনিশিয়ান-নার্স, বেসিক সায়েন্স, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় জড়িত মূলত চারটি ডিসিপ্লিনের মধ্যে। বেসিক সায়েন্সে মেধাবী লোকদের গবেষণার সুযোগ নেই। স্বাস্থ্য ব্যবস্থাপনা এখনো আধুনিক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি পেল না। সৌভাগ্য বা দুর্ভাগ্য, উপরিউক্ত সব কটি বিভাগেই প্রত্যক্ষভাবে আমার কাজ করতে হয়েছে এবং হচ্ছে। আমাদের নিজেদের ভেতর সমন্বয়ের অসংগতি, পারস্পরিক শ্রদ্ধার অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে অযাচিত ইগো-অহংকার আমাদের করুণ জনস্বাস্থ্যের একটি অন্যতম কারণ।

এমনিতেই জনবহুল ও বসবাসের অস্বাস্থ্যকর পরিবেশ, অপুষ্টিজনিত স্বাস্থ্যহানির করুণ চিত্র এবং উচ্চমাত্রার পরিবেশের দূষণে অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে আমরা। সবকিছু মিলে আজকের এই অকল্পনীয় স্বাস্থ্য সংকট অর্থনৈতিক সংকটে পরিণত হতে চলেছে। এখনো আমরা এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, সাধারণ কাপড়ের মাস্ক—কোনটা কী বস্তু তা জানি না। এ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে পারিনি। পিপিইর প্রসঙ্গ তো আছেই। এসব কিন্তু ক্লিনিশিয়ানের একমাত্র কাজ নয়। তাঁদের এর চেয়েও কঠিন কাজ আছে। বহুদিন ধরেই দেখছি জনপ্রিয় কোনো ডাক্তার অর্থাৎ প্রচুর রোগী দেখেন বা বিভিন্ন যোগাযোগমাধ্যমে শক্তিশালী—তাদেরকেই প্রশাসনের স্বাস্থ্য সম্পর্কিত উঁচু উঁচু চেয়ারে বসানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সাধারণ জনগণ। একদিকে মেডিকেল শিক্ষার্থীরা শিক্ষককে পাচ্ছেন না, অন্যদিকে সময়মতো রোগীরা দেখা পায় না ওই বিশেষজ্ঞ চিকিৎসকদের।

প্রশাসনের জটিল ভুবনে ব্যস্ত থেকে উনি দৌড়াচ্ছেন দেশে-বিদেশে, মিটিংয়ে-সিটিংয়ে। আমরা জানি, আমাদের স্বাস্থ্যসেবার একটা বড় দুর্বলতা যে প্রয়োজনের তুলনায় দক্ষ চিকিৎসক ও নার্সের অপ্রতুলতা। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় আমরা সবার পেছনে। আমাদের চিকিৎসাকেন্দ্রগুলো কিন্তু সারা দেশে প্রচুর পরিমাণে ছড়িয়ে-ছিটিয়ে। তাদের অবকাঠামোর (অর্থাৎ দালানকোঠা, টেবিল, চেয়ার, অর্ধমৃত অ্যাম্বুলেন্স, অব্যবহৃত যন্ত্র, পুরোনো বেড) পেছনেও অনেক খরচ সরকারের। কিন্তু স্বাস্থ্য-জনবল তৈরির নীতিমালাতে একেবারে বেহাল অবস্থা। নতুন করে সাজানোর কোনো বিকল্প নেই। জাতির স্বাস্থ্য ভঙ্গুর হলে সামগ্রিক অগ্রগতি যে থমকে যায়, তা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি।

করোনাভাইরাস একসময় চলে যাবে। ভবিষ্যতে কিন্তু আরও বিপজ্জনক সংক্রামক রোগের আবির্ভাব হতে পারে। হয়তো আমরা অচিরেই জিকা ভাইরাসের কথা শুনব অথবা অন্য কোনো ভাইরাসের কথা। তার জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। জনস্বাস্থ্য রক্ষার চেয়ে রাষ্ট্রের অর্থনীতির স্বাস্থ্য ভালো রাখা জরুরি—যেসব অর্থনীতিবিদ এমনটা মনে করেছেন, আজকের এই মহাসংকটে যুক্তরাষ্ট্রকে দেখে তাঁদের ভুল আশা করি ভাঙবে। দেশি-বিদেশি সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সাধারণ মানুষ আজ দিশেহারা। আমরা বেশি কথা বলতে পছন্দ করি, এটা নতুন কিছু নয়। বলতে শুরু করলে অন্য আর কারও কথা শুনতেও চাই না। আমাদের সামগ্রিক কথোপকথনে ‘আমরা’ শব্দটা দুর্লভ। ‘আমিত্ব’ থেকে বের হওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। এখন তো ঘরেই আছেন—মনে হয় কি! ‘খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না’।

ডা. রুবায়ুল মোরশেদ: চিকিৎসক, গবেষক ও হাসপাতাল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।