স্বৈরশাসন শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু এসব অস্বস্তিকর খবর সত্ত্বেও পাশ্চাত্য সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ক্ষমতা গ্রহণের বিষয়ে উত্তেজিত। এর আংশিক কারণ হচ্ছে, সু চির দল এনএলডি ও তাদের সমর্থক ‘নাগরিক সমাজের’ এনজিওগুলোর নেটওয়ার্ক পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থানুকূল্যে। এর বিনিময়ে সু চি মিয়ানমারের জাতীয় সম্পদ ওয়ালস্ট্রিটের করপোরেশনগুলোর কাছে তুলে দেবেন, সেটাই তাদের প্রত্যাশা।

এবার একটু ঘটনাপ্রবাহে চোখ রাখি। এই নির্বাচনের আগেই সু চি ও তাঁর দল এনএলডি প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার প্রক্রিয়ায় সহায়তা করে। এমনকি সেনা-সমর্থিত সরকার রোহিঙ্গাদের সাময়িক ভোটাধিকার দিতে চাইলে বৌদ্ধ ভিক্ষুরা এর প্রতিবাদে রাস্তায় নামেন। তাঁদের প্রতিবাদের মুখে রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। আর এটা মনে রাখা দরকার, এই বৌদ্ধ ভিক্ষুরাই কিন্তু সু চির রাজনৈতিক আন্দোলনের মূল সমর্থক। এনএলডির প্রতিটি আন্দোলনে তাঁরাই নেতৃত্ব দিয়েছেন, ২০০৭ সালের কুখ্যাত ‘গেরুয়া বিপ্লব’সহ।

সাম্প্রতিক নির্বাচনে সু চির ক্ষমতায় আসার ব্যাপারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁরা রাস্তায় সহিংসতা চালিয়ে এটা নিশ্চিত করেছেন যে একটি জনগোষ্ঠী যাতে একেবারেই ভোট দিতে না পারে। অথবা তাদের ভয় দেখিয়ে এনএলডির বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত রাখা—সে চেষ্টাও তাঁরা করেছেন।

এ ছাড়া নির্বাচনে বিজয় একরকম নিশ্চিত হয়ে যাওয়ার পর সু চি আক্ষরিকভাবেই ঘোষণা করলেন, তিনি মিয়ানমারের সংবিধানের ঊর্ধ্বে। তিনি সংকল্প করেন, আইন অনুযায়ী যিনিই প্রেসিডেন্ট হোন না কেন, সব সিদ্ধান্ত নেবেন তিনি নিজে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানও এ প্রসঙ্গে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছিল: ‘অং সান সু চি ভাওস টু মেক অল ডেসিশন্স ইন মিয়ানমার গভর্নমেন্ট’ (মিয়ানমার সরকারের সব সিদ্ধান্ত নেওয়ার শপথ করেছেন সু চি)।

দেশটির সামরিক জান্তা আইন করেছিল, মিয়ানমারের কোনো নাগরিকের সন্তান বিদেশে থাকলে তিনি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চির দুই ছেলের ব্রিটিশ নাগরিকত্ব আছে। তবু তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনিই হবেন মিয়ানমারের নেতা।

গত সপ্তাহে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘প্রেসিডেন্টের ঊর্ধ্বে’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, তখন তিনি উত্তর দেন, ‘সংবিধানের এফ ধারা অনুযায়ী আমরা যদি প্রেসিডেন্ট নিয়োগ দিতে চাই, তাহলে আমরা একজনকে পেয়েও যাব, তা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে, বিজয়ী দলের নেতা হিসেবে আমি সিদ্ধান্ত নিতে পারব না।’

এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি অনানুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন? হাসতে হাসতে তিনি শেক্‌সপিয়ারের রোমিও জুলিয়েট নাটকের এক বিখ্যাত উক্তি উদ্ধৃত করেন, ‘এ রোজ বাই এনি আদার নেম’। অর্থাৎ কাজটা কে করল সেটাই আসল কথা, তাঁর নাম যা–ই হোক না কেন।

কথা হচ্ছে, আগামী দিনগুলোতে সু চির ক্ষমতা যদি আরও পোক্ত হয়, তাহলে তিনি আর কোন কোন আইন অগ্রাহ্য করবেন, তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মিয়ানমারের সরকারে এখন সামরিক বাহিনীর ভূমিকা কমে আসবে, তা ঠিক। এই সুযোগে সু চির সমর্থকেরা শুধু রোহিঙ্গাদের ওপরই জিঘাংসা মেটাবে না, পারলে তারা নিজেদের সব রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক শত্রুকে কতল করবে।

এই ক্রমবর্ধমান সহিংসতা শুধু মিয়ানমারের জনগণের জন্য উদ্বেগের কারণ নয়। দেশটিতে যে রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠছে, তা গণহত্যার রাশ টেনে ধরতে পারবে না। ফলে তার প্রতিবেশী দেশগুলোও আক্রান্ত হবে।

>‘সংবিধানের এফ ধারা অনুযায়ী আমরা যদি প্রেসিডেন্ট নিয়োগ দিতে চাই, তাহলে আমরা একজনকে পেয়েও যাব, তা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে, বিজয়ী দলের নেতা হিসেবে আমি সিদ্ধান্ত নিতে পারব না।’

২০০১ সালে থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার বিজয়ে যে আশাবাদ সৃষ্টি হয়েছিল, তা শেষমেশ ফিকে হয়ে যায়। সু চির বেলায়ও একই ব্যাপার ঘটবে। পশ্চিমের সহায়তা নিয়ে থাকসিন বিশ্বায়নের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু শেষমেশ সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এখন সেখানে সিনাওয়াত্রা ঘরানার কেউ ক্ষমতায় আসতে পারবে না। মিয়ানমারেও যে কখন সে রকম কিছু ঘটবে, তা কেউ বলতে পারে না। সু চির গণতন্ত্রের মুখোশটা ভেঙে পড়ছে। তাঁর সমর্থকেরা যেভাবে সংখ্যালঘু রোহিঙ্গাদের সঙ্গে প্রতারণা করছে, তাতে পশ্চিমও বিষয়টা এড়িয়ে যেতে পারছে না। দ্য গার্ডিয়ান-এ ‘হোয়াই ইজ অং সান সু চি সাইলেন্ট অন দ্য প্লাইট অব দ্য রোহিঙ্গা পিপল’ (রোহিঙ্গাদের দুর্দশা সম্পর্কে অং সান সু চি নীরব কেন?) শিরোনামে কলাম ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে তাদের ওপর যে গণহত্যা চালানো হচ্ছে, সে ব্যাপারে সু চি নীরব। বাস্তবতা হলো, সু চির নীরবতা এই দুষ্কর্মে সহযোগিতা করার শামিল। ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে পশ্চিমা এনজিওগুলোও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে।

মিয়ানমারের প্রকৃত অগ্রগতি তখনই হবে, যখন রোহিঙ্গারাসহ দেশটির জনগণ তাদের বিপুল প্রাকৃতিক ও মানবসম্পদের নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে পারবে। এখানেই তাদের ভবিষ্যৎ। আরেকটি ব্যাপার, মিয়ানমার মনে করতে পারে, একনায়কত্বের অবসান ঘটেছে। কিন্তু এটা পরিষ্কার যে তার জায়গায় বিপুল বিদেশি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত আরেক একনায়কের আবির্ভাব হয়েছে, যাদের অন্য দেশের সম্পদ লুণ্ঠনের অভিজ্ঞতা আছে। যারা একসময় মিয়ানমারের সম্পদও লুট করেছিল।

মন্ট্রিলভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালরিসার্চ ডট সিএ থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

টনি কারতালুসি: ব্যাংককভিত্তিক ভূরাজনীতি গবেষক।