স্মৃতিতে অম্লান অকুতোভয় এক মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই অশুভ সময়ে তোমার শুভ জন্মদিনে চিরাচরিত যে আশীর্বাণী: “বড় হও, সফল হও, সুপ্রতিষ্ঠিত হও” তা উচ্চারণ করতে পারলাম না। তার বদলে শুভ আশীর্বাণী উচ্চারণ করছি: বজ্রের মতো হও, দীপ্ত শক্তিতে জেগে ওঠো, দেশের অপমান দূর করো, দেশবাসীকে তার যোগ্য সম্মানের আসনে বসার দুরূহ ব্রতে জীবন উৎসর্গ করো।’—ইতিতোমার আব্বু ও আম্মু২৯ মার্চ, ১৯৭১ (১৯৭১ সালের ২৯ মার্চ রুমীর ২০তম জন্মদিনে বাবা-মায়ের আশীর্বাণী) ১৯৫১ সালের ২৯মার্চ, বৃহস্পতিবার জাহানারা ইমামের কোলজুড়ে আসে ফুটফুটে একটি পুত্রসন্তান। ছেলেকে নিয়ে ছিল অনেক স্বপ্ন, ভবিষ্যতে কবি জালালুদ্দিন রুমীর মতো জ্ঞানী ও দার্শনিক হবে—এই আশায় মা নাম রেখেছিলেন রুমী আর পোশাকি নাম শাফী ইমাম। বাবা-মায়ের সুযোগ্য পরিচালনা ও সঠিক নির্দেশনায় রুমী হয়ে ওঠে স্পষ্টভাষী, সাহসী ও দৃঢ়চিত্তের অধিকারী। এককথায় তারুণ্যের প্রতীক। রুমীকে তাঁরা লেখাপড়া, খেলাধুলা, আদব-কায়দা—সব দিক দিয়েই চৌকস করে গড়ে তুলেছিলেন। ছোটবেলা থেকেই রুমীর ব্যবহার, ভদ্রতাবোধ ও সৌজন্যবোধ সবাইকে মুগ্ধ করত। বাড়িতে, বাইরে বা স্কুল কলেজে—যেকোনো ব্যাপারে রুমী তার যোগ্যতার স্বাক্ষর রাখতে পেরেছিল। ১৯৭৩ সালে জাহানারা ইমাম তাঁর বোনের ছেলেকে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তির জন্য নিয়ে গেলে ভাইস প্রিন্সিপাল রুমী প্রসঙ্গে বলেছিলেন, রুমীর মতো এমন প্রতিভাবান ও চৌকস ছাত্র তাঁরা কমই পেয়েছেন। স্কুলের প্রতিটি কর্মকাণ্ডে ছিল তার সবল পদচারণ। কি সাংস্কৃতিক অনুষ্ঠানে, কি খেলাধুলায়, কি পড়াশোনায়—প্রতিটি ক্ষেত্রে ছিল রুমীর সাফল্যে ভরা সরব উপস্থিতি। এ রকম একটি ছাত্রকে তাঁরা কোনো দিনই ভুলবেন না।উল্লেখ্য, মেধাবী ছাত্র রুমী ১৯৬৮ সালে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে স্টার মার্কস নিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে স্টার মার্কস নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ইতিমধ্যে আমেরিকার Illinois Institute of Technology (IIT)তে তার ভর্তি সম্পন্ন হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতে বিলম্ব হওয়ায় রুমী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের বিশেষ অনুমতি নিয়ে অর্থনীতি বিভাগে ক্লাস শুরু করে। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাস থেকে IIT-তে ক্লাস শুরু হওয়ার কথা ছিল।শরীফ ইমাম ও জাহানারা ইমাম দুজনেই রাজনীতিসচেতন হওয়ায় সব সময় দেশে কখন কী ঘটছে, দেশ ও জাতি কোন দিকে যাচ্ছে, বাঙালি হিসেবে কোন পথ অবলম্বন করা উচিত—এসব বিষয়ে আলোচনা করতেন এবং রুমী সেই আলোচনার অংশীদার ছিল। ফলে তার মনে বাঙালি জাতীয়তাবাদ, দেশপ্রেম, স্বাধীনতার আকাঙ্ক্ষা—বিষয়গুলো গেঁথে গিয়েছিল। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে ওঠায় পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতাযুদ্ধ ও আন্দোলনের ইতিহাস রুমী পড়ত। মেধাবী রুমী খুব সময়ে দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শকে দ্রুত নিজের মধ্যে আত্মস্থ করে ফেলে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর আকস্মিক আক্রমণে ঘুমন্ত নিরীহ ও নিরস্ত্র জনগণ হতবিহ্বল হয়ে পড়ে। কিন্তু এত বড় অন্যায় মেনে নেয়নি এই ভূখণ্ডের মানুষ। তীব্র শোককে অমোঘ শক্তিতে পরিণত করে রুখে দাঁড়িয়েছিল বাঙালি। ছাত্র-যুবক, কৃষক-শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সামনে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। দেশের এই চরম সংকটকালে রুমী আমেরিকায় পড়তে যাওয়ার পরিবর্তে মুক্তিযুদ্ধে নিবিড়ভাবে জড়িত থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং মাকে যুদ্ধে যাওয়ার বিষয়ে রাজি করায় এই বলে যে, ‘আম্মা, দেশের এ রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত। কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব; কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তুমি কি তাই চাও, আম্মা?’বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে রুমী ১৪ জুন প্রশিক্ষণের জন্য মেলাঘরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। মেলাঘরে সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ এবং সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হায়দারের অধীনে আনুমানিক দেড় থেকে প্রায় দুই মাস প্রশিক্ষণ গ্রহণ করে। ক্যাপ্টেন হায়দার রুমীসহ অন্য কিছুসংখ্যক চৌকস ছেলেকে কমান্ডো টাইপ গেরিলা ট্রেনিং দেন। রুমী সেখানে সুপার এক্সপ্লোসিভে বিশেষ প্রশিক্ষণ নেয়। মেলাঘরে থাকাকালে সে সবার প্রিয়ভাজন ব্যক্তিত্বে পরিণত হয়। প্রশিক্ষণ শেষে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্য গেরিলা যোদ্ধাদের সঙ্গে রুমী ঢাকায় প্রবেশ করে। রুমীর সহযোদ্ধা হাবিবুল আলম, বীর প্রতীক বলেন, ‘রুমী খুব বেশি দিন যুদ্ধের সঙ্গে জড়িত থাকতে পারেনি। সে ঢাকা থেকে রওনা করেছিল জুন মাসের মাঝামাঝি সময়ে, ট্রেনিং শেষে ঢাকায় ফিরে আসে আগস্ট মাসে। কিছু অ্যাকশনের সঙ্গে জড়িত থাকার পর ২৯ আগস্ট সে পাকিস্তানি আর্মি কর্তৃক ধরা পড়ে যায়। একজন মুক্তিযোদ্ধা কতগুলো অ্যাকশন করছে, সেটা বড় কথা নয়। যদি একটা অ্যাকশনে সে সাহস ও বীরত্ব দিয়ে সফল হতে পারে, সেটাই বড় কথা। রুমী ঢাকার অ্যাকশনে অনেক বেশি সাহসের পরিচয় দিয়েছিল।’ এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, ১৯৭১ সালের ২৫ আগস্ট রুমী আরও পাঁচজন গেরিলাসহ ধানমন্ডির ২৮ নম্বরে দুর্ধর্ষ গেরিলা অপারেশন সম্পন্ন করে। বেশ কিছুসংখ্যক পাকিস্তানি সেনা হত্যার পর পলায়নকালে পাকিস্তানি আর্মিদের একটি জিপ তাদের গাড়িকে অনুসরণ করলে রুমী তার স্টেনগানের বাঁট দিয়ে পেছনের কাচ ভেঙে ফায়ার করলে চালক গুলিবিদ্ধ হয়। ফলে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রুমীর প্রত্যুৎপন্নমতির কারণে সেদিন গেরিলা যোদ্ধাদের জীবন রক্ষা পায়। এ ঘটনার চার দিন পর ২৯ আগস্ট রুমী, বদিউল আলম, আজাদ, জুয়েল, সামাদ, মাসুদ সাদেকসহ ক্র্যাক প্লাটুনের উল্লেখযোগ্যসংখ্যক গেরিলা যোদ্ধা পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে। রুমীকে আনুমানিক রাত ১২টার দিকে তার বাসভবন থেকে বাবা শরীফ ইমাম, ছোট ভাই জামী, বন্ধু হাফিজ, চাচাতো ভাই মাসুমসহ পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায়। কনসেন্ট্রেশন ক্যাম্পে রুমী তার পরিবারের অন্য সদস্যদের কোনো কিছু স্বীকার করতে নিষেধ করে দেয় এবং সব দায়ভার নিজের ওপর নেয়। তার সহযোদ্ধা এবং একই সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়া মাসুদ সাদেকের কাছ থেকে জানা যায় যে চরম অত্যাচার সহ্য করেও রুমী কারও নাম প্রকাশ করেনি। অমানুষিক নির্যাতনের পর পরিবারের অন্য সদস্যদের দুই দিন পর ছেড়ে দেওয়া হলেও রুমী আর ফিরে আসেনি। রুমীর কিছুসংখ্যক সহযোদ্ধা পরবর্তী সময়ে তাদের বেঁচে যাওয়ার জন্য রুমীর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। ক্র্যাক প্লাটুনের সদস্য সেলিম আকবর, বীর প্রতীক বলেন, ‘এই যে আজ আমি বেঁচে আছি, এটা সম্ভব হয়েছে শুধু রুমীর জন্য। আমার ঠিকানা শুধু রুমী জানত। অমানুষিক নির্যাতনের পরও রুমী আমার ঠিকানা পাকিস্তানি হানাদার বাহিনীকে দেয়নি বলেই আজ আমি জীবিত।’পরিশেষে সদ্যোজাত রুমী সম্পর্কে মা জাহানারা ইমামের স্মৃতিচারণা দিয়ে শেষ করছি:‘রুমী খুব সহজে পৃথিবীতে আসেনি। দীর্ঘ ১৪ ঘণ্টা গর্ভধারিণীকে কষ্ট দিয়ে, নিজেও কষ্ট পেয়ে তবেই সে এই পৃথিবীর আলো দেখে। আমার ডাক্তার জানতেন, রুমীর বাবা ইঞ্জিনিয়ার। তিনি সদ্যোজাত রুমীকে দুই পায়ে ধরে, মাথা নিচের দিকে ঝুলিয়ে, তার পিঠে চাপড় দিতে দিতে বলেছিলেন, “এটা ১৯৫১ সাল। ২০ বছর পর ১৯৭১ সালে এই ছেলে ইঞ্জিনিয়ার হবে।” আমি বলেছিলাম, যদি না হতে চায়? ডাক্তার হেসেছিলেন, “ইঞ্জিনিয়ার না হতে চায়, না হবে। তবে কিছু একটা তো হবে।”রুমী ১৯৭১ সালে ইঞ্জিনিয়ার হতে পারেনি, তবে কিছু একটা হয়েছিল।—সে দেশের জন্য শহীদ হয়েছিল।’আবিদ হোসেন: শহীদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের সহযোগী তত্ত্বাবধায়ক।