‘নিত্যদিনের আড্ডা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে বাড়ি ফেরা। তবে ১৯৭১ সালের ২৫ মার্চের সন্ধ্যাটা ছিল কিছুটা ভিন্ন। ভারাক্রান্ত মনে বাড়ি ফিরছিলাম সেদিন। বোধ করি ইয়াহিয়া খান আর শান্তি চাইছে না। মুজিব-ভুট্টোর আলোচনায় আর বুঝি সমঝোতা হলো না।’ স্মৃতি হাতড়ে এই কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী। দেশ, দেশের মাটি আর ভাষার প্রশ্নে সবারই দাবি—স্বাধীন। পরাধীন হয়ে থাকতে কে চায়? আর এই বিশ্বাস দৃঢ়ভাবে মিশে ছিল বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। তাই স্বাধীন হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে বাঙালিরা। অন্যদিকে পাকিস্তানিরা বাঙালিকে চিরতরে নির্মূল করার ষড়যন্ত্রে ২৫ মার্চ মধ্যরাত থেকে শুরু করে নারকীয় হত্যাযজ্ঞ। পাকিস্তানিদের টার্গেট ছিল প্রথমত বিশ্ববিদ্যালয়ের তরুণেরা, খেটে খাওয়া বস্তিবাসী আর শেষ পর্যায়ে এসে বুদ্ধিজীবীদের ওপর।ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, কোনো রকম জীবনকে হাতে করে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে যাই নিজ গ্রামের বাড়ি বিক্রমপুরে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকি। তবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে তালিকাভুক্ত শিক্ষকদের চিঠি দেওয়া হয়। ১ জুনের মধ্যে কর্মস্থলে যোগদান না করলে চাকরিচ্যুত করা হবে। অগত্যা জীবনের মায়া ত্যাগ করে ফিরে আসতে হয় কর্মস্থলে। এরপর আবার ফিরে যাই গ্রামে। এভাবেই নিজ দেশে পরাধীনবেশে জীবন কেটেছে আমার। এ তো গেল যুদ্ধকালীন এক রকম পরিস্থিতি। নিজের চোখের সামনে গুলিবিদ্ধ পাখির মতো ছটফট করে মৃত্যুর মুখোমুখি হতে দেখেছেন মানুষকে। অসহায়ের মতো চেয়ে দেখেছেন, বাঁচাতে পারেননি কাউকে।প্রতি মুহূর্তে জীবন-মরণের অনিশ্চয়তার মধ্যে কেটেছে নয় মাস, এমন শিক্ষকের সংখ্যা কিন্তু কম নয়। বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম বললেন সেই কথা। ‘থাকতাম নীলক্ষেত আবাসিক এলাকার ২৩ নম্বর ভবনে। ২৫ মার্চ কালরাতে নীলক্ষেতের বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর আগুনের ঝলসানি থেকে রক্ষা পেতে অনেকে ছুটতে থাকেন আবাসিক এলাকার দিকে। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে মেরেছে সেই মানুষগুলোকে। ভবনের সিঁড়িতে গুলিবিদ্ধ লাশগুলো ফেলে রাখে তারা। আমরা কোনো রকমে বাইরে দিয়ে দরজায় তালা লাগিয়ে পরিবারসহ আশ্রয় নিই খাটের নিচে। প্রতি মুহূর্তে মনে হতে থাকে, এই বুঝি দরজায় বুটের লাথি পড়বে। আর দরজা ভেঙে আমাদের টেনে বের করবে খাটের নিচ থেকে।’ বিন্দু বিন্দু ঘাম এই বিজ্ঞের কপালে। বোঝা যাচ্ছে, সেই ত্রাস এখনো যেন কাটেনি। তিনি বলে চলেন, ‘২৫ মার্চ সারা রাত চলে গোলাগুলি। ২৬ মার্চ দূরে ক্ষীণকণ্ঠে শোনা যায় ‘জয় বাংলা’ ধ্বনি। কিন্তু তখনো থামেনি গোলাগুলি। চলে ২৭ মার্চ সকাল পর্যন্ত।’ রাইফেলের একটানা গোলাগুলির মতোই একনাগাড়ে কথাগুলো বলে চলেন রফিকুল ইসলাম।একটু থেমে তিনি বলতে থাকেন, ‘২৭ মার্চ সকালে প্রথমে আমার খোঁজ নিতে আসেন জহির রায়হান আর আলমগীর কবির। এরপর শহীদ জননী জাহানারা ইমাম। আশ্রয় নিই তাঁর মায়ের ধানমন্ডির বাড়িতে। অনেকটা গৃহবন্দী অবস্থায় কয়েক মাস কাটে সেখানে। তবে হঠাৎ করে বাবার অসুস্থতার কারণে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হয়। সে সময় ধরা পড়ে গেলাম। কেননা, এর আগে থেকে তালিকাভুক্ত শিক্ষকদের খোঁজাখুঁজি চলছে। বাবাও মারা গেলেন আর আমিও ধরা পড়ে গেলাম পাকিস্তানিদের হাতে। আমিসহ অনেক শিক্ষকের ওপর নেমে আসে পাকিস্তানি হানাদার বাহিনীর অমানবিক নির্যাতন। এরই মধ্যে আন্তর্জাতিক চাপে পাকিস্তানিরা আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়। তবে একেবারে মুক্ত নয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়। এর কয়েক দিন বাদেই আমাদের ডেকে পাঠানো হয় পাকিস্তানি হেড কোয়ার্টারে। ১০ ডিসেম্বর বোন মাসুমা খাতুন (বাংলাদেশ টেলিভিশনের প্রথম ঘোষক) হন্তদন্ত হয়ে এসে জানাল, এখানে থাকা আর নিরাপদ নয়। আমি পুরান ঢাকার চুরিহাট্টার দিকে রওনা হই। এরই মধ্যে ড. গোবিন্দচন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহঠাকুরতা শহীদ হন। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাঙালিদের সঙ্গে পেরে উঠছে না, পরাজয় নিশ্চিত জেনে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করতে থাকে। ১৪ ডিসেম্বর রায়েরবাজার ও মিরপুরের বধ্যভূমিতে বাংলা বিভাগের আনোয়ার পাশা, মুনীর চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সা’দ উদ্দিন, ইতিহাস বিভাগের ড. আবুল খায়ের, ইংরেজি বিভাগের রাশীদুল হাসান, আহসানুল হক, গণিতের প্রফেসর শহীদুল্লাহ ছাড়া সন্তোষ ভট্টাচার্য, শহীদুল্লা কায়সারসহ এ দেশের বহু মেধাবীকে হত্যা করা হয়। ভাগ্যক্রমেই যেন সেদিন বেঁচে যাই।’একটু থেমে যান তিনি। আবার বলে চলেন, ‘এখনো মাঝেমধ্যে মনে হয়, কীভাবে বেঁচে থাকলাম সেদিন! বারবার এ প্রশ্নটি সামনে এসে দাঁড়াচ্ছিল। বেঁচে থাকাই যেন এক বিস্ময়। বিজয়ের আনন্দে কখনো উচ্ছ্বসিত হতে পারিনি। আমাদের বিজয় তখনই হয়েছে, যখন আমাদের সহকর্মীদের লাশ খুঁজে সঠিকভাবে সৎকার করতে পেরেছি। স্বাধীনতার পরের বছর বাংলা বিভাগের উদ্যোগে প্রথম পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। যুদ্ধ শেষে মনে হয়েছে, দুরারোগ্য কোনো ব্যাধি থেকে বহুদিন পর মুক্তি মিলল। আর এই রোগমুক্ত স্বাধীন দেশে নতুন প্রজন্ম বাঁচবে সুস্থভাবে।’