স্মৃতির পাতায় প্রিয় শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রেক্ষাপটে বহু পণ্ডিতজনের স্নেহসিক্ত হয়েছি এবং ভালোবাসা পেয়েছি। এঁদের মধ্যে একজন ড. আবু হেনা মোস্তফা কামাল। শিক্ষকতা জীবনের শুরুতেই অত্যন্ত অল্প বয়সে পিএইচডি করেন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড থেকে। অত্যন্ত মেধাবী ছাত্র, শিক্ষকতা জীবনেও সমান মেধার পরিচয় দিয়েছেন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রিডার হিসেবে নিয়োগ পান।১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মারা যান। গতকাল ছিল তাঁর মৃত্যুবার্ষিকী। তাঁকে মনে পড়ছে। এ জন্যই এই লেখা।আবু হেনা মোস্তফা কামাল ছিলেন একাধারে বিরল প্রতিভার অধিকারী একজন সার্থক শিক্ষক, সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান গীতিকার, কবি, প্রাবন্ধিক, সমালোচক ও জনপ্রিয় উপস্থাপক। জীবনের প্রথম দিকে তদানীন্তন পূর্ব বাংলার রেডিও, টেলিভিশনের একজন খ্যাতিমান সংগীতশিল্পী।শিক্ষক হিসেবে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল কত সার্থক ছিলেন, সেটি তাঁর ক্লাসের যেকোনো ছাত্রছাত্রীর কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে। আমরা অনেকে তাঁর সরাসরি ছাত্র না হয়েও তাঁর সার্থক শিক্ষকতার প্রমাণ পেয়েছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম। এই বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগ ছিল খুব কাছাকাছি। তাই শুধু এ দুটি বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যেই সখ্য ছিল না, বাংলা বিভাগের বহু শিক্ষকের সঙ্গেও আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে যখন উনি বাংলা বিভাগের ক্লাস নিতেন, তখন ক্লাসের পেছন দিকে এবং ব্যালকনিতে তিল ধারণের জায়গা থাকত না। ডিপার্টমেন্টের অন্যান্য বর্ষের বা সেকশনের ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের অসংখ্য ছাত্রছাত্রী মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে স্যারের বক্তৃতা শুনত, মনে হতো এটা কোনো জনসভা। আমি বহুদিন এই জনসভার একজন শ্রোতা হিসেবে উপস্থিত থেকেছি।আমি ব্যক্তিগতভাবে তাঁর সরাসরি ছাত্র না হওয়ায় রাজনীতি ও সাংবাদিকতা করার সুবাদে স্যারকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করতে পারতাম। পড়ানোর জন্য প্রচুর পড়াশোনা করতে হয়। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হতো, ক্লাস-প্রস্তুতির জন্য স্যার ততটা সময় দেন না। তা হলে এত ভালো পড়ান কী করে! কদিন ধরে ভেবে-চিন্তে শেষে একদিন সাহস করে প্রশ্নটা করেই ফেললাম। সদাহাস্য হেনা স্যার শব্দ করে হাসলেন আর বললেন, ‘সিক্রেট আছে শামসুর রহমান, সিক্রেট।’ সিক্রেটটি কী জানতে চাইলাম। জবাবে তিনি বললেন, ‘সব সিক্রেট বলতে নেই।’ পরে জেনেছিলাম, সিক্রেটটা হলো স্যারের প্রখর স্মরণশক্তি। সম্ভবত একবার পড়লে বিষয়টি স্যারের আর দ্বিতীয়বার পড়তে হতো না।তিনি সাংঘাতিক রকম অন্যের অনুকরণ করতে পারতেন। বিশেষ করে টেক্সাসের ‘কাউবয়’রা সচরাচর উভয়ের কাছেই বন্দুক থাকা সত্ত্বেও একে অপরকে কোনো গুলি করে না—এ বিষয়টি স্যার চমৎকারভাবে হুবহু ওদের ভাষায় ও ভঙ্গিতে অভিনয় করে দেখাতেন। স্যার লেখার ব্যাপারে একটু অলস ছিলেন। আমি একদিন বলেই বসলাম, ‘স্যার, আপনি এত কম লেখেন কেন?’ জবাব এল, মানবশিশু তো সচরাচর একটিই জন্মায়, বিড়াল, কুকুর, ছাগলছানা তো একবারে অনেকগুলো জন্মায়।দর্পচূর্ণ ছবির জন্য ‘তুমি যে আমার কবিতা’ গানটি লিখে আসার পরদিনের ঘটনা। গানটি লেখা ও শুটিং উপলক্ষে স্যার ঢাকায় গেছেন। ঢাকা থেকে ঈশ্বরদী প্লেনে আসবেন। ঈশ্বরদী থেকে ক্যাম্পাসে আসবেন, এর জন্য কোনো গাড়ির জোগাড় হয়নি। ভাবি ডাকলেন আমাকে। সিদ্ধান্ত হলো ওঁদের গাড়িই যাবে। যেতে হবে আমাকে বিশ্ববিদ্যালয়ের একজন ড্রাইভার নিয়ে। বিশ্ববিদ্যালয়ের শামসু ড্রাইভারকে নিয়ে রওনা হলাম ঈশ্বরদীর পথে স্যারকে আনতে। এত সুন্দর একটি গান লিখে স্যার নিজেও খুব খুশি। সারা পথ গুনগুনিয়ে গানটি গাইতে গাইতে এলেন। গানটি স্যারের মুখে পরেও অনেকবার শুনেছি লতিফ হলের গেটের সামনে গভীর রাতে।সম্ভবত ১৯৭৩ সাল। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস। উপমহাদেশের বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এসেছেন রাজশাহীতে। উঠেছেন স্যারের বাসায়। পাবনা অ্যাডওয়ার্ড কলেজের একটি অনুষ্ঠানে ওঁরা দুজনেই আমন্ত্রিত। স্যার গৌরীদাকে নিয়ে পাবনা যাবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে আমিও আমন্ত্রিত। স্যার আমাকে সঙ্গে যেতে বললেন। সম্ভবত আমার বন্ধু খুলনার সেলিমকে সঙ্গে নিয়ে গেলাম। পথে ওঁরা কথা বলছিলেন, আমরা শুনছিলাম। গাড়ি চালাচ্ছিলেন স্যার। আলাপের এক প্রসঙ্গে গৌরী প্রসন্ন মজুমদার বলেছিলেন, ‘হেনা, ওপার বাংলায় গান লিখি আমি আর এপার বাংলায় গান লেখো তুমি, আমরা দুজনেই পাবনার মানুষ।’ গান লেখার প্রসঙ্গে সম্ভবত গৌরী প্রসন্ন মজুমদার বোঝাচ্ছিলেন ভালো গান লেখার ব্যাপারটি।স্যারের সঙ্গে শেষ দেখার ঘটনাটি লিখেই শেষ করব এই লেখা। ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাস। আমি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছি। স্যার তখন বাংলা একাডেমীর মহাপরিচালক। আসার পর স্যারের সঙ্গে একবার দেখা হয়েছে ওঁর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসভবন মুহসীন হলের প্রভোস্ট বাংলোয়। অনেক কথা হয়েছে। ফেরার আগে অফিসে দেখা করতে গিয়েছি। স্যারের ওখানে বেশ কিছুক্ষণ গল্প করে চলে এলাম। এটা হবে ১৭ বা ১৮ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রে ফিরে খবর পেলাম আমার প্রিয় মানুষটি আর পৃথিবীতে নেই। ২৩ সেপ্টেম্বর তিনি চলে গেছেন।শামসুর রহমানসাবেক মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)