অনেক দিন পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) গিয়েছিলাম। টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। বিদেশের মাটিতে বসে খবরের কাগজে সেগুলো পড়ে পড়ে কিছুটা ধারণা হয়েছিল বটে। তবে ইচ্ছে ছিল নিজের মতো করে কিছু জিনিস বুঝে আসা। বাংলাদেশের কিছু বিষয়ে অগ্রগতি আমার হূৎপিণ্ডে বাড়তি রক্তচাপ সৃষ্টি করে; যেমনটা সৃষ্টি করেছিল যখন দেশে প্রথম ইন্টারনেট প্রযুক্তি এসেছিল, দেশে প্রথম সাবমেরিন কেব্ল এসেছিল, দেশে প্রথম মোবাইল ফোনে মানুষ কথা বলতে শুরু করেছিল। আর বর্তমান সময়ে যে বিষয়টি আমার সমগ্র শরীরকে কাঁপিয়ে তোলে, সেটা হলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। বাংলাদেশের নিজের কৃত্রিম উপগ্রহ।চাঁদ হলো পৃথিবী নামের গ্রহটির একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। একটা নির্দিষ্ট দূরত্বে থেকে আমাদের চারপাশে ঘুরছে। মানুষ গত ১০০ বছরে জ্ঞান-বিজ্ঞানে এগিয়েছে অনেক। তারা চাঁদের মতো উপগ্রহ তৈরি করতে শিখে ফেলেছে, যাকে আমরা বলছি কৃত্রিম উপগ্রহ। সেগুলো চাঁদের মতো ততটা দূরত্বে থাকে না, পৃথিবীর অনেক কাছাকাছি আকাশে ভেসে থাকে। চাঁদের বাড়তি কিছু সৌন্দর্য ছাড়া আমরা আর কোনো সুবিধা আপাতত পাচ্ছি না (ভবিষ্যতে হয়তো পাব)। তবে কৃত্রিম উপগ্রহের উপকারিতা অনেক। সবচেয়ে বড় উপকারিতা হলো যোগাযোগব্যবস্থার উন্নতি। আমরা আজ যে আধুনিক টেলিভিশন দেখছি, সেটা এই কৃত্রিম উপগ্রহেরই কল্যাণে। মাটি থেকে সিগন্যাল পাঠানো হয় কৃত্রিম উপগ্রহে, তারপর সেই উপগ্রহ আবার সেই সিগন্যাল ছড়িয়ে দেয় বিস্তীর্ণ এলাকায়। টেলিভিশনের পাশাপাশি ইন্টারনেটের ডেটা আদান-প্রদানও করতে পারে এই কৃত্রিম উপগ্রহ। এ ছাড়া গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), নেভিগেশন সিস্টেম, মিলিটারি সার্ভেল্যান্স, রিমোট সেন্সিং, অ্যাস্ট্রোফিজিকস ইত্যাদি কাজে ব্যবহার করা হয়ে থাকে।উন্নত দেশগুলো অনেক আগে থেকেই এই কৃত্রিম উপগ্রহগুলোর ব্যবহার শুরু করেছে এবং নিজেদের আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। পৃথিবীকে ঘিরে যত কৃত্রিম উপগ্রহ রয়েছে, তার সবগুলোকে মনিটর করে থাকে যুক্তরাষ্ট্র। নাসার সাম্প্রতিক এক তথ্যমতে, পৃথিবীকে ঘিরে রয়েছে প্রায় তিন হাজার কৃত্রিম উপগ্রহ, যারা প্রতিনিয়ত আকাশে নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। ১৯৫৭ সালে রাশিয়া সর্বপ্রথম আকাশে কৃত্রিম উপগ্রহ পাঠায়, যার নাম স্পুটনিক। সেটা আমরা অনেকেই জানি। তবে আমরা হয়তো এটা জানি না যে, এই তিন হাজার কৃত্রিম উপগ্রহের মধ্যে প্রায় এক হাজার ৪০০ হলো রাশিয়ার, এক হাজার হলো আমেরিকার, ১০০-এর বেশি জাপানের, আরও ১০০-এর মতো হলো চীনের, ৩০টিরও বেশি হলো ভারতের। এ ছাড়া আরও অনেক দেশের কৃত্রিম উপগ্রহ রয়েছে। এমনকি ভিয়েতনামেরও কৃত্রিম উপগ্রহ রয়েছে।একটি কৃত্রিম উপগ্রহের জীবন হয় পাঁচ থেকে ২০ বছরের মধ্যে। প্রযুক্তিগত উন্নতির ফলে কৃত্রিম উপগ্রহ তৈরির খরচ অনেক কমে গেছে। হালকা ধরনের কৃত্রিম উপগ্রহ পাঠাতে খরচ হতে পারে কয়েক মিলিয়ন মার্কিন ডলার আর খুব ভারী ধরনের কৃত্রিম উপগ্রহ তৈরিতে খরচ হতে পারে পাঁচ থেকে ছয় কোটি মার্কিন ডলার। আমরা বর্তমানে বিভিন্ন দেশের কৃত্রিম উপগ্রহ ভাড়ার মাধ্যমে ব্যবহার করে থাকি। কিন্তু কয়েক বছর ধরে বাংলাদেশের নিজেদের একটি কৃত্রিম উপগ্রহ আকাশে পাঠানোর একটি চিন্তাভাবনা চলছে। আমি যতবারই ভাবি, আমাদের ছোট একটি উপগ্রহ আমাদের আকাশে উড়ে বেড়াচ্ছে, ততবারই আমি উদ্বেলিত হয়ে উঠি। ইশ্, আমাদের নিজেদের একটি উপগ্রহ! একটি প্রাথমিক হিসাবে দেখা গেছে, আমরা যে পরিমাণ টাকা বিদেশি কৃত্রিম উপগ্রহগুলোকে দিয়ে থাকি, সেই টাকা দিয়েই আমাদের নিজেদের কৃত্রিম উপগ্রহ হতে পারে। এটা মোটেও গরিবের ঘোড়া রোগ নয়। যতটুকু বুঝতে পারলাম, অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। বাকি কাজটি ঠিকমতো এগোলে আগামী দুই-তিন বছরের ভেতরই বাংলাদেশের আকাশে উড়তে পারে লাল-সবুজের আরও একটি পতাকা। সেটি হবে বাংলাদেশের জন্য অনেক গর্বের একটি বিষয়। আমরা সবাই সেই দিনটির জন্য অপেক্ষা করে থাকলাম।২.ধানমন্ডি থেকে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনে অবস্থিত বিটিআরসি অফিসে যেতে আমাকে বেশ বেগ পেতে হয়েছিল। সকালে যখন রাস্তায় নামলাম, তখন কোনো ট্যাক্সি বা সিএনজিচালিত অটোরিকশা পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই এবার চোখে হলুদ ট্যাক্সির সংখ্যা অনেকটা কম মনে হলো। গত বছরও রাস্তায় অনেক হলুদ ক্যাব ছিল। জানি না তারা কোথায় হারিয়ে গেছে। ভাড়ায় কোনো যান না পেয়ে হাঁটতে শুরু করলাম। শুক্রাবাদ বাসস্ট্যান্ডের ওখানে এসে অনেক অপেক্ষার পর একটি মিশুক পাওয়া গেল। বাড়তি ভাড়া দিয়ে দীর্ঘ যানজট পেরিয়ে ঘণ্টা দুয়েক পর বিটিআরসিতে পৌঁছালাম।যাওয়ার সময় যদিও মিশুক মিলল, কিন্তু আসার সময় আর কিছুই পেলাম না। আমি হাঁটতে শুরু করলাম। রমনা পার্কের পাশ দিয়ে হেঁটে শাহবাগ চলে এলাম। ছাত্রজীবনে কত গিয়েছি এই পথ দিয়ে। কিন্তু এখন আরও অনেক বেশি নোংরা হয়েছে। রাস্তা পার হয়ে এলাম এলিফ্যান্ট রোড। শাহবাগ থেকে হেঁটে চলে এলাম সায়েন্স ল্যাব। তারপর বিশাল ওভারব্রিজ পার হয়ে নামলাম ধানমন্ডি ২ নম্বরে। তারপর ফুটপাত দিয়ে সোজা ধানমন্ডি ৩২ নম্বর।ঢাকা শহরে আমি এই প্রথম হাঁটছি, তা নয়। গত প্রায় এক মাসে আশপাশের পুরো এলাকাটাই আমি হেঁটে পার করেছি। ধানমন্ডি থেকে ফার্মগেট, ধানমন্ডি থেকে নিউমার্কেট, ধানমন্ডি থেকে লালমাটিয়া এবং আশপাশের সব এলাকা বলতে পারেন। একদিন তো গুলশান থেকে হেঁটে ধানমন্ডি চলে আসব বলে রওনা দিয়েছি; এক বন্ধু জোর করে তার গাড়িতে তুলে নিল। না হলে ওই রাস্তাটাও চেনা হয়ে যেত। রাস্তায় হাঁটতে আমার ভালোই লাগে। ম্যানহাটনের রাস্তা, সানফ্রান্সিসকোর রাস্তা, সিঙ্গাপুরের রাস্তা, চীনের রাস্তা, ঢাকার রাস্তা, ময়মনসিংহের রাস্তা। বিশেষ করে, ঢাকার রাস্তায় মানুষ যখন ট্রাফিক জ্যামে অসহায়ের মতো বসে থাকে, আমি তখন দিব্যি হেঁটে তাদের অনেক আগেই গন্তব্যে পৌঁছে যাই। এতগুলো কথা বললাম শুধু একটি কারণে—তা হলো, ঢাকার অনেকগুলো এলাকার ফুটপাতে আমি হেঁটেছি এবং তাদের করুণ দশা দেখেছি। আমি নিশ্চিত, যাঁরা এই লেখাটি পড়ছেন, তাঁরাও সেটা জানেন। নতুন করে সমস্যাটি নিয়ে বলার কিছু নেই। ঢাকার ফুটপাত হাঁটার মতো নয়, নিরাপদ তো নয়ই। বৈদ্যুতিক কেব্ল আর ইন্টারনেটের কেব্ল একাকার, যেখানে-সেখানে ঝুঁকিপূর্ণ কনস্ট্রাকশন, রাস্তায় খানাখন্দ, ফুটপাতের ওপর গরম তেলে জিলাপি ভাজা, ময়লা-আবর্জনা সর্বত্র—পুরো সড়কটাই যেন একটা ডাস্টবিন। জেব্রা ক্রসিং বলে কোনো কনসেপ্ট নেই—যে যার মতো যেদিক দিয়ে ইচ্ছে রাস্তা পার হচ্ছে; ইংরেজিতে যাকে বলে ‘দ্য পারফেক্ট ক্যাওস’। এই নিরাপত্তাহীন ফুটপাতে লাখ লাখ মানুষ হাঁটছে প্রতিদিন। প্রকৃতি তাদের কাউকে কাউকে নিরাপদে বাসায় পৌঁছে দিচ্ছে। আর কেউ কেউ যখন বাসায় ফিরছে না, তখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকছে না। আজ সাগরের সৈকতকে নিরাপদ করার কথা ভাবা হচ্ছে, সড়ককে নিরাপদ করার কথা ভাবা হচ্ছে—বিশেষ করে, কিছু গুণী মানুষ দুর্ঘটনায় মারা গেছেন বলে। তা হোক, কিন্তু আমি মনে করি, এর চেয়ে বেশি জরুরি ঢাকা শহরের ফুটপাতগুলোকে চলাচলের উপযোগী এবং নিরাপদ করা। লাখ লাখ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ফুটপাত দিয়ে চলাচল করছে—তাদের কেউ দেখার নেই। আমরা অনেকেই আছি যাদের ফুটপাতে হাঁটতে হয় না; তাদের গাড়ি আছে। তাই পাশের নির্মাণাধীন ভবন থেকে ইট এসে মাথায় লেগে নিরীহ পথচারীর মৃত্যু হলে আমরা কষ্ট পাই না—আর কষ্ট পেলেও সেটা ওই ‘আহা!’ পর্যন্তই। তারপর একদিন আমার মতো কেউ ফুটপাতে হাঁটতে গিয়ে ইন্টারনেটের কেবলের সঙ্গে বৈদ্যুতিক শক খেয়ে মারা গেলে আমার বন্ধুরা রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবে, যেখানে লেখা থাকবে—ফুটপাত নিরাপদ করো। কিন্তু তার আগেই তো আমরা কাজটি করতে পারি।ঢাকা শহরে ট্রাফিক জ্যামের সমাধান শিগগির হচ্ছে না। এমনকি ফ্লাইওভার হলেও জ্যাম থেকেই যাবে। তাই মানুষকে বিকল্প পথ হিসেবে হাঁটতে দিন। ফুটপাতগুলো ঠিক করে দিন; নিরাপদ করে দিন। কোনো একটি ক্র্যাশ প্রোগ্রামের আওতায় এনেও কি ঢাকা শহরের বড় সড়কগুলোর ফুটপাত ঠিক করা যায় না? মাননীয় প্রধানমন্ত্রীর এক হুকুমেই তো ঢাকা-ময়মনসিংহ সড়ক ঠিক হয়ে যাচ্ছে। তাহলে ঢাকা শহরের ফুটপাত ঠিক হবে না কেন? ঢাকা শহরের এই ফুটপাত ঠিক করতে গেলে যদি আমাদের প্রিয় কৃত্রিম উপগ্রহটি পাঠাতে আরও কয়েক বছর বিলম্ব হয়, তবু ফুটপাতগুলো ঠিক করুন। এটার প্রাধান্য পাওয়া উচিত অনেক অনেক বেশি। খোকাদের দিয়ে তো আর এগোলে হবে না, তাই বয়স্ক কেউ যদি থাকেন, দয়া করে বিষয়টি একটু ভেবে দেখবেন, প্লিজ!জাকারিয়া স্বপন: তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।[email protected]