স্যারকে আরেকটু স্মরণ করি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী বেশ অলক্ষ্যেই চলে গেল। এমনকি খবরের কাগজের প্রথম বা শেষ পাতায়ও তাঁর মৃত্যুবার্ষিকীর খবরটি ছাপা হয়নি, ছাপা হয়েছে ভেতরের কোনো পাতায়। যদিও গত বছর তাঁর হত্যাকাণ্ডের খবরটি প্রতিটি পত্রিকার মূল শিরোনাম হয়েছিল। তবে গত এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। জঙ্গিগোষ্ঠী ব্লগার, শিক্ষক ও ধর্মীয় পুরোহিতদের হত্যা করার পর যখন হলি আর্টিজানে হামলা করল, তারপর সরকারের টনক নড়ল। এর আগে তারা এই শ্রেণির মানুষকে খরচযোগ্য মনে করেছে!
যা হোক, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী আমার সরাসরি শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে যে কজন শিক্ষককে সত্যিকারের শিক্ষক মনে হতো, তিনি ছিলেন তাঁদের একজন। এ কথা গত বছর তাঁর মৃত্যুর পরও লিখেছিলাম। আজকের যুগে তো সব সময় সরাসরি যুদ্ধ খুব একটা হয় না, হয় প্রক্সি যুদ্ধ। সরকারের বিরুদ্ধে জঙ্গিদের ঘোষিত সেই প্রক্সি যুদ্ধে শহীদ হন আমার এই শিক্ষকসহ আরও অনেক ব্লগার ও লেখক। মার্কিন সামরিক পরিভাষায় একে বলে কোল্যাটেরাল ড্যামেজ বা আনুষঙ্গিক ক্ষতি। নিজেদের অপকর্ম ঢাকতে তারা এই সুভাষণ প্রয়োগ করে। যুদ্ধের সময় কোনো পক্ষের সঙ্গে না থাকার পরও যদি কারও মৃত্যু বা ক্ষতি হয়, তাহলে তাঁকে এই সুভাষণে ভূষিত করা হয়। আমার শিক্ষক ঠিক সেই ধরনের শিকারে পরিণত হলেন। জীবদ্দশায় তিনি কোনো দিন রাজনীতির সাতে-পাঁচে না থাকলেও রাজনীতিই তাঁর মৃত্যুর কারণ হলো।
২০১৩ সাল থেকেই জঙ্গিগোষ্ঠী একের পর এক ব্লগারদের হত্যা করতে শুরু করে। তাদের অভিযোগ ছিল, এরা নাস্তিক। কিন্তু আমার শিক্ষকের বিরুদ্ধে সে রকম অভিযোগও ছিল না। তিনি গান গাইতেন, সেতার বাজাতেন, ছাত্রদের নিয়ে নানা কর্মকাণ্ড চালাতেন। খেলাধুলায়ও আগ্রহ ছিল তাঁর। বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় দল গঠনে তিনি উদ্যোগী ভূমিকা পালন করতেন। কোনো বিশেষ মতবাদে তাঁর বিশ্বাস ছিল না। বলা যায়, তিনি ছিলেন জীবনবাদী মানুষ। সেই জীবন বোঝার জন্য তিনি আমাদের জাপানি ছবি ‘রশোমন’ দেখতে অনুপ্রেরণা দিতেন। ছাত্ররাও তাঁর জীবনবোধে সঞ্জীবিত হতো। শিক্ষক হিসেবেও তিনি যত্নবান ছিলেন। আমাদের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল বেরোলে চেয়ারম্যান হিসেবে তিনি চেষ্টা করেছিলেন, যাতে শিক্ষকেরা ক্লাসে ছাত্রদের খাতার ভুলগুলো সরাসরি দেখিয়ে দেন। কিন্তু তাঁর ভাষ্য অনুসারে, কোনো শিক্ষকই তাতে রাজি হননি। বলা বাহুল্য, তিনি ছাড়া। তিনি যে পত্রের খাতা দেখেছিলেন, সেখান থেকে অনেকের ভুলত্রুটি টুকে এনে ক্লাসে আমাদের দেখিয়েছিলেন।
রেজাউল করিম সিদ্দিকী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে ভালো টাকা রোজগারের হাতছানি উপেক্ষা করে দুপুরবেলা বিভাগেই থাকতেন। সে সময়টা তিনি পড়াশোনা করতেন বা ছাত্রদের নিয়ে নানা কিছু করতেন। বিশেষ করে সংগীতে কোনো ছাত্রের অনুরাগ থাকলে তাঁকে তিনি নানাভাবে উৎসাহিত করতেন। বিভাগের সব অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি। সেই সব অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও ক্যামেরা কিনেছিলেন তিনি। নিজেই অনুষ্ঠানের দৃশ্য ধারণ করতেন। ছিলেন প্রাণপ্রাচুর্যের আধার। হয়তো সেটাই তাঁর কাল হলো, জঙ্গিগোষ্ঠী এটাকে হুমকি মনে করে ২০১৬ সালের ২৩ এপ্রিল তাঁর প্রাণ হরণ করল।
এই মৃত্যু তাঁর ছাত্র ও সহকর্মীদের কতটা নাড়া দিয়েছিল, সেটা দেশবাসী দেখেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনেক শিক্ষক যেখানে বিভাগের বাইরে যেতেই চাইতেন না, সেই বিভাগের শিক্ষক ও ছাত্ররা টানা এক মাস ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে মিছিল-সমাবেশ করলেন। রাবি প্রাক্তনী নামের একটি সংগঠন তাঁর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যে অনুষ্ঠান করল, সেখানে আগত শিক্ষকদের কণ্ঠে বেদনা লক্ষ করেছি। জীবিত থাকতে তিনি বোধ হয় এর চেয়ে বেশি কিছু চাইতেন না।
শেষে আরেকটি কথা না বললেই নয়, রেজাউল করিমের হত্যার প্রধান আসামি শরিফুল কিন্তু তাঁর বিভাগেরই ছাত্র ছিলেন। শুধু তা-ই নয়, শরিফুলের স্থানীয় অভিভাবকও ছিলেন তিনি। প্রতিদানে শরিফুল তাঁর প্রাণটাই নিয়ে নিল!
প্রতীক বর্ধন: সাংবাদিক