স্রষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে পুরো পঞ্চাশ বছর আগে তৎকালে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের আবাসিক ছাত্র হিসেবে আমি ইংরেজিতে এমএ পাস করে বেরোই। এর ঠিক চার বছর আগে মফস্বলের সরকারি কলেজ থেকে তৎকালীন আইএসসি পাস করে ট্রেনযোগে প্রাদেশিক রাজধানী শহরে প্রবিষ্ট হই।

প্রথমে ভর্তি হতে চাইলাম ইকোনমিকসে, যেটা তখন আর্টস অনুষদের অধীন ছিল। কিন্তু বাদ সাধলেন বিভাগীয় প্রধান ড. এম এন হুদা, যিনি পরে মাত্র দিন কয়েকের জন্য প্রাদেশিক গভর্নরও হয়েছিলেন। তিনি বললেন, ‘ইটস আ চেঞ্জ অব ফ্যাকাল্টি।’ অতএব, শুধু ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন থাকলেই হবে না, ইন্টারমিডিয়েটেও থাকতে হবে।

অতঃপর গেলাম ইংরেজি বিভাগে, যেটার চেয়ারম্যান ছিলেন ড. সৈয়দ সাজ্জাদ হোসেইন, যিনি পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন। সেখানে লিখিত যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহজেই ভর্তি হওয়া গেল। ড. হোসেইন এতটাই স্নব (উন্নাসিক) ছিলেন যে তিনি আমাদের প্রায়ই বলতেন, ‘এ থার্ড ক্লাস ইন ইংলিশ ইজ বেটার দ্যান সেকেন্ড ক্লাস ইন অ্যানি আদার সাবজেক্ট।’ ইংরেজিতে তৃতীয় শ্রেণি অন্যান্য বিভাগে দ্বিতীয় শ্রেণির চেয়ে ভালো। তখনকার পরিপ্রেক্ষিতে এটা হয়তো যথার্থ ছিল।

প্রথম দিকের একটি ক্লাসে আমাদের শিক্ষক জনাব আবু হেনা, যিনি পরে বাংলাদেশের চিফ ইলেকশন কমিশনার হয়েছিলেন, প্রশ্ন করেছিলেন আমরা কেউ তৎপূর্বে কোনো ইংরেজি ক্ল্যাসিক তথা কালজয়ী বই পড়েছি কি না। আমরা পর্যায়ক্রমে বলে যেতে লাগলাম এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, ট্রেজার আইল্যান্ড, রবিনসন ক্রুসো ইত্যাদি বইয়ের নাম। আমাদের মধ্যে একজন জেইন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস-এর নাম বলতেই আরেকজন বলে উঠল, স্যার, আমি পড়েছি বেনসন অ্যান্ড হেজেস। শিক্ষকসুদ্ধ সবাই তখন হো-হো করে হেসে উঠেছিলাম। কারণ ওটা তো কোনো বইয়ের নাম নয়, ওটা যে একটা বিদেশি সিগারেটের নাম।

আর মিসেস হোসনে আরা হক আমাদের মহাকবি মিল্টন পড়াতেন। ইনি ছিলেন স্যার আজিজুল হকের কন্যা। জন মিল্টনের দুটি বিখ্যাত মহাকাব্যের নাম প্যারাডাইস লস্ট ও প্যারাডাইস রিগেইনড, বাংলা করলে বলা যায় স্বর্গচ্যুতি ও স্বর্গ পুনঃপ্রাপ্তি। তো একদিন মিসেস হক ক্লাসে আমাদের একজনকে মিল্টন সম্পর্কে কিছু বলতে বলায় সে বলেছিল, ‘মিল্টনের বিবাহিত জীবন খুব সুখের ছিল না, তাই বিয়ের পর তিনি লিখেছিলেন প্যারাডাইস লস্ট। অতঃপর তাঁর স্ত্রী অল্প বয়সে মারা যান, তখন তিনি লেখেন প্যারাডাইস রিগেইনড।’ তাঁর সেদিনকার সেই উত্তর আমাদের প্রচুর আনন্দের খোরাক জুগিয়েছিল।

সে যা-ই হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সঙ্গেই এসএম হলে কোনো ‘বড় ভাই’ ধরা ব্যতিরেকেই, সিট পেয়ে গিয়েছিলাম; তা নইলে উপায় ছিল না। পিতার আর্থিক অবস্থা মোটেই সচ্ছল ছিল না। কারণ পিতামহ একজন হাক্কানি আলেম ও পীর হওয়ায় সংসার-আসক্তি ছিল না বিধায় মৃত্যুকালে কোনো সহায়-সম্পদ রেখে যাননি। হলের আবাসিক ছাত্র ছিলাম বিধায় ট্যালেন্ট স্কিমের অধীনে মাসিক বৃত্তি পেতাম ৬৫ টাকা আর পারিবারিক সূত্রে আসত ৫০ টাকা; একুনে ১১৫ টাকা। এই টাকা দিয়ে হলে রাজার হালে থাকা যেত। তৎকালে ডাইনিং হলচার্জ ছিল মাসিক গড়ে ৪৫ টাকা। দৈনিক দুই বেলা ভরপেট খাবার ছাড়াও মাসের মাঝামাঝি একবার ‘ইমপ্রুভড ডায়েট’ ও মাসকাবারে ‘গ্র্যান্ড ফিস্ট’ খাওয়ানো হতো। হাউস টিউটরদের অন্যতম ছিলেন ড. সিরাজুল ইসলাম, যিনি পরবর্তী সময়ে ইসলামিক ইউনিভার্সিটির ভিসি হয়েছিলেন। তো একবার আমরা কয়েকজন ডাইনিং হলের ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম। একপর্যায়ে আমাদের এক বড় ভাই ‘স্যার, আপনি আমার ইংলিশ বুঝতে পারেননি’ বলাতে ড. ইসলাম প্রত্যুত্তরে বলেছিলেন, ‘আজ থেকে বারো বছর আগে আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে লেকচার দিচ্ছিলাম, তখন আপনি বিছানায় পেচ্ছাব করিতেছিলেন।’ হা-হা-হা।

হে প্রভু! হে মহান স্রষ্টা! আপনাকে অজস্র-অসংখ্য ধন্যবাদ আমাকে পঞ্চাশ বছর পরে পৃথিবীতে না পাঠিয়ে আগেভাগে পাঠানোর জন্য। কেননা, তা নইলে আমার অবস্থা হতে পারত হালের এসএম হলের ছাত্র হাফিজুর মোল্লার মতো। সে–ও আমার মতো অসচ্ছল পরিবারের সন্তান ছিল এবং ফরিদপুর থেকে অনেক আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। ছাত্রলীগের ‘বড় ভাইদের’ মাধ্যমে হলে উঠেছিল; থাকত হলের বারান্দায়, কিন্তু যেতে হতো গভীর রাত অবধি চলা ‘গেস্ট রুম’ শীর্ষক হলের রাজনৈতিক কর্মসূচিতে। শেষমেশ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সে অকালে ঝরে পড়ল।

হাফিজুরের হলের প্রভোস্ট নাকি বলেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের পর্যন্ত নিউমোনিয়া হয়।’ কথাটা সত্য বটে, তবে তা অনেকটা ‘আল্লার মাল আল্লায় নিয়া গেছে’ মন্ত্রীর ওই বচনামৃতের সমগোত্রীয়। আর আমেরিকার প্রেসিডেন্টের প্রসঙ্গ আসায় মনে পড়ে গেল আমেরিকায় প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি মজার উপাখ্যান।

আব্রাহাম লিংকন এতটাই হাস্যরসপ্রিয় ছিলেন যে নিজেকে নিয়েও প্রায়ই জোক করতেন। তো একবার আমেরিকান পার্লামেন্টের নিম্নকক্ষের এক সদস্য প্রেসিডেন্ট লিংকনের সঙ্গে সাক্ষাৎ করতে এসে দেখেন যে তিনি সর্দিজ্বরে ভুগছেন। সাংসদ সহানুভূতি প্রদর্শন করতেই লিংকন বলে উঠলেন, ‘ওয়েল’; অতঃপর তাঁর পায়ের পাতাগুলো সাধারণের চেয়ে বেশ বড় ছিল বিধায় পায়ের পাতার দিকে ভ্রুকুঞ্চিত করে তাকিয়ে বলেছিলেন, ‘আমার তো সর্দিজ্বর হবেই, কেননা আপনি দেখতে পাচ্ছেন, আমার শরীরের অনেকখানি অংশ ঠান্ডা মাটির সংস্পর্শে থাকে।’

পুনশ্চ, জনৈক ঢাবি ছাত্রের দোয়া: ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত। অতএব, যারা আবাসনের যথেষ্ট ব্যবস্থা না করেও নিত্যনতুন বিভাগ খুলে ছাত্রসংখ্যা ৫ হাজার থেকে ৩৫ হাজারে উপনীত করেছে, তাদের বিচার তুমি করো, হে প্রভু!

আতাউর রহমান: রম্য লেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷