গত ২৪ আগস্ট এক সরকারি সফরে হংকং যাই। পাহাড় আর সাগরঘেরা কী সুন্দর একটি জায়গা। হংকং গণচীনের দুটি প্রশাসনিক অঞ্চলের একটি। ব্রিটেন আর চীনের ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া রয়েছে পদে পদে। তবে এটা আমার প্রথম হংকং সফর নয়। ২০১২ সালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে একটা ছোট প্রতিনিধিদল হংকং সফর করে। এই দলে আমিও ছিলাম। হংকং যাওয়ার আগে সেখানে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত তেমন বিশেষ কোনো ধারণা ছিল না। ওদের অভিবাসন দপ্তরে প্রেজেন্টেশন দেওয়ার পর ওরা আগ্রহী হলো বাংলাদেশ থেকে কর্মী নিতে। ২০১৩ থেকে শুরু হলো হংকংয়ে নারী কর্মী নিয়োগ।
হংকংয়ে বর্তমানে নারী গৃহকর্মী কাজ করছেন প্রায় ৩ লাখ ৬০ হাজার। এর মধ্যে ফিলিপাইনের ১ লাখ ৯০ হাজার, ইন্দোনেশিয়ার ১ লাখ ৬০ হাজার, থাইল্যান্ডের ৬ হাজার, বাংলাদেশের ১ হাজার ৩০০। বাংলাদেশের আরও প্রায় ৮০০ কর্মী প্রশিক্ষণ গ্রহণ করছেন, যাঁরা হংকং যাওয়ার প্রক্রিয়াধীন আছেন।
হংকংয়ে যাওয়ার জন্য অভিবাসন ব্যয় হিসেবে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়। এর মধ্যে তাঁদের যাতায়াত, বহির্গমন ছাড়পত্র, ডাক্তারি পরীক্ষা, রিক্রুটিং এজেন্সির ফি, ক্যান্টনিজ ভাষা শিক্ষা ও হংকংয়ের সংস্কৃতি এবং আইনকানুনের ওপর প্রশিক্ষণ ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
হংকংয়ের শ্রমবাজারে বাংলাদেশি নারী গৃহকর্মী সম্পর্কে নিয়োগকর্তাদের বেশ আগ্রহ থাকলেও ইতিমধ্যে তাঁদের কিছু নেতিবাচক কার্যক্রম সামগ্রিক সুনাম ক্ষুণ্ন করেছে। বেশ কিছু কর্মী কাজে যোগ দেওয়ার পর এবং কিছু সেখানে পৌঁছেই কাজ থেকে পালিয়ে গেছেন। অনেকে অন্যত্র বেশি বেতনে কাজ ঠিক করেছেন, আবার কেউ কেউ ফ্রিল্যান্স কাজ শুরু করেছেন। এ জন্য তাঁরা অবৈধ হয়ে পড়েছেন। তাঁদের এসব কর্মকাণ্ডের ফলে এজেন্সিগুলো বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ হারিয়েছে।
মূলত আমাদের এবারের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে হংকংয়ে জনশক্তি পাঠানো জোরদার করা এবং এ ক্ষেত্র সম্প্রসারণ আর তাদের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করা। চীনের আরেকটি প্রশাসনিক অঞ্চল ম্যাকাউয়ে বাংলাদেশের জনশক্তি প্রেরণের সুযোগ সৃষ্টি করাও এ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল। এসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হংকংয়ে বর্তমানে নিয়োজিত রিক্রুটিং এজেন্সি এবং অন্যান্য সম্ভাবনাময় স্বনামধন্য রিক্রুটিং এজেন্সির সঙ্গে পৃথক বৈঠক ও আলোচনা করা হয়। হংকংয়ে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের কল্যাণ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য শতাধিক নারী কর্মীকে নিয়ে কনস্যুলেটে একটা সেমিনার করে তাঁদের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা করা হয়—তাঁরা কেমন আছেন, তাঁদের কী কী সুবিধা, অসুবিধা কিংবা সমস্যা রয়েছে তাঁদের। এসব বিষয়ে খোলাখুলি আলাপ করা হয়। ম্যাকাউয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য ম্যাকাউয়ের রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করা হয়।
সবাই বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী নিয়োগে আগ্রহী। প্রায় ১০০ নারী কনস্যুলেটে এসেছিলেন। তাঁদের জিজ্ঞেস করলাম, কেমন আছেন তাঁরা হংকংয়ে। তাঁরা বলেন, বেশ ভালো আছেন। যাঁদের দুই বছর হয়েছে, তাঁরা ৮ লাখ থেকে ৯ লাখ টাকা দেশে পাঠিয়েছেন। বেতন পাচ্ছেন মাসে ৪৫ হাজার টাকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে ১৮ থেকে ২০ হাজার টাকা পেয়ে থাকেন। যাঁদের চার বছর পার হয়েছে, তাঁরা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ২০ লাখ টাকা। একটা অপূর্ব সুযোগ রয়েছে হংকংয়ে, আর তা হলো যদি কোনো গৃহকর্মী একই মালিকের অধীনে টানা ৫ বছর কাজ করেন, তাহলে তাঁকে লং টাইম সার্ভিস বোনাস হিসেবে বেতনের অতিরিক্ত এককালীন ৫ লাখ টাকা দেওয়া হয়। যাঁরা এই বোনাস পেয়েছেন তাঁরা হৃষ্টচিত্তে তা প্রকাশ করেছেন।
সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়, তবে সপ্তাহে এক দিন সবেতন ছুটি পাওয়া যায়। এ ছুটিতে কাজ করলে আবার ওভারটাইম পাওয়া যায়। ছুটিতে বাইরে ঘুরতে যাওয়া যায়। অনেক মালিকই গৃহকর্মীর প্রতি নিজের মেয়ের মতো আচরণ করেন। কিছু কিছু নেতিবাচক ব্যবহারের নমুনাও পাওয়া যায়। তবে তার সংখ্যা খুবই কম। এর মধ্যে রয়েছে খাবার পরিমাণ কম দেওয়া, রাগারাগি করা ইত্যাদি। তবে সবচেয়ে বড় বিষয়, কোনো গৃহকর্মী তাঁর প্রতি কোনো অত্যাচার বা যৌন হয়রানির অভিযোগ করলেন না, এসব অভিযোগে সরকারি কর্তৃপক্ষ মালিকের বিরুদ্ধে যথাযথ বিচার করে থাকে এবং এর শাস্তিও হয় কঠোর।
বর্তমানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন চারটি প্রশিক্ষণকেন্দ্রে হংকং যাওয়ার জন্য নারী গৃহকর্মীদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ ও বগুড়া জেলায় অবস্থিত। হংকং যাওয়ার জন্য অভিবাসন ব্যয় প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে পাওয়া যায়, এ জন্য একজন গ্যারান্টার লাগে। এই অর্থ বেতন থেকে প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করা যায়। এখন সাতটি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি হংকংয়ে গৃহকর্মী পাঠানোর কাজ করছে। প্রায় ২ হাজার কর্মী এ পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে কাজে যোগ দিয়েছেন ১ হাজার ৩০০ জন।
তবে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো হংকংয়ের চেয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী কর্মী পাঠানোতে আগ্রহ বেশি। বর্তমানে হংকংয়ে বিমান ভাড়া অনেক বেশি। একই ফ্লাইট আওয়ারে অন্যান্য রুটে যেখানে বিমান ভাড়া ৪৫ থেকে ৫৫ হাজার টাকা, সেখানে হংকংয়ে ৭০ থেকে ৭৭ হাজার টাকা। মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের যেতে কোনো টাকা লাগে না, বিশেষ করে সৌদি আরবে নারী কর্মীরা ঝুঁকছেন বেশি। সৌদি আরবে একজন নারী কর্মী পাঠালে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নিয়োগকর্তার কাছে দেড় থেকে দুই লাখ টাকা সার্ভিস চার্জ পাচ্ছে। তাই তারা সেখানে নিয়োগ দিতে বেশি আগ্রহী হচ্ছে।
বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ যুবশক্তি শ্রমবাজারে প্রবেশ করে, যার অর্ধেক নারী। তাদের কর্মসংস্থানের জন্য দেশে পর্যাপ্ত চাকরি সৃষ্টি সম্ভব হয় না। তাই বৈদেশিক কর্মসংস্থানে যথাযথ নিয়োগের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর বেশ কিছু পদক্ষেপ হংকংয়ের শ্রমবাজারে অধিকসংখ্যক নারী কর্মী পাঠিয়ে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হতে পারে। এ জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন ব্যাপকভাবে প্রচারকাজ চালানো, সরকারি পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান, অভিবাসন ব্যয় সংস্থানের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ সহজতর করা এবং অন্যান্য ব্যাংক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা, প্রশিক্ষণব্যবস্থাকে আরও জোরদার করা, ম্যাকাউয়ে পুরুষ কর্মী পাঠানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া।
এসব প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ থেকে হংকংয়ে বেশি হারে কর্মী পাঠানোর ব্যবস্থা নিলে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা কমবে। বেশি বেতনে ও অপেক্ষাকৃত উন্নত পরিবেশে নারী কর্মীরা কাজ করার সুযোগ পাবেন। স্থানীয় কর্মসংস্থানের সীমাবদ্ধতায় বৈদেশিক কর্মসংস্থানের নিয়োগ সম্প্রসারণ অপরিহার্য। বিশেষত নারী কর্মীদের সম্মানজনক পেশা বা অবস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ এখন বিশেষভাবে উপযোগী হবে।
ড. মো. নুরুল ইসলাম: পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।