হংকংয়ের সমস্যার সমাধান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বেইজিংয়ের সামনে কঠিন সুযোগ এসেছে। তারা তো কট্টর অবস্থান নিয়েই ফেলেছে, ফলে তার পক্ষে এখন নরম হওয়া সম্ভব নয়। আর বিচ্ছিন্নতাবাদের আগুন যে মৃদুমন্দ বাতাসে ছড়িয়ে পড়বে না, তার নিশ্চয়তা কে দেবে?

কেবল দুই মাস আগে হংকংয়ে ব্যাপক শোরগোলের মধ্যে স্থানীয় পরিষদের নির্বাচন হলো। ওদিকে বছর দুয়েক আগে গণতন্ত্রকামী আমব্রেলা মুভমেন্টের কারণে শহর অচল হয়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে হংকংয়ে আবারও বড় ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। গত সোমবার চীনা সরকার হংকংয়ের রাজনৈতিক ব্যাপারে এক অভূতপূর্ব কায়দায় হস্তক্ষেপ করেছে। চীনা সরকার নির্লজ্জের মতো একটি কৌশলগত সুবিধা ব্যবহার করে দুই তরুণ সাংসদের সদস্যপদ বাতিল করেছে, যাঁরা চান হংকং আরও বেশি স্বাধীনতা পাক।

তার আগের রাতেই বিক্ষোভকারীরা হংকংয়ে বেইজিংয়ের কেন্দ্রীয় লিয়াজোঁ কার্যালয়ের সামনে কিছুক্ষণের জন্য জড়ো হয়। তখন মনে হচ্ছিল, ২০১৪ সালের বিক্ষোভের সবচেয়ে খারাপ দিনগুলো ফিরে এসেছে, যখন পুলিশ ব্যাপক হারে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছিল। তারা আসলে আগেভাগেই বুঝে গিয়েছিল, ধনুক থেকে তিরটা বেরিয়ে গেল বলে। কথা হচ্ছে, দুজন আইনপ্রণেতার বিরুদ্ধে হংকং সরকারের দায়ের করার মামলায় হস্তক্ষেপ করে চীনা সরকার এক কাজেই বুঝিয়ে দিল, হংকংয়ে নির্বাচনের ফলাফলের ব্যাপারে তারা যদি অসন্তুষ্ট হয়, তাহলে তারা সেটা বাতিল করতে প্রস্তুত। এমনকি তারা হংকংয়ের সংসদকে নির্বাহী বিভাগের পদানত রাখতে চায়। তারা বিচার বিভাগকেও দমিয়ে রাখতে চায়, যারা আবার স্বাধীনচেতা হিসেবে পরিচিত।
এই সেপ্টেম্বরে হংকংয়ে স্থানীয় আইনসভার নির্বাচন হয়। এর মধ্য দিয়ে হংকংয়ের জনগণ যেন এক বাঁধ খুলে দিয়েছিল। কিন্তু চীনা সরকার এখন যেকোনো মূল্যে এটা বন্ধ করতে চাচ্ছে। এই নির্বাচনে কিছু তরুণ প্রার্থী জিতেছিলেন, যাঁদের মধ্যে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা আছে। তাঁদের প্রচারণায় এমন বিষয়ও ছিল, যেগুলো ২০১৪ সালের সেই আমব্রেলা মুভমেন্টের দাবির চেয়েও বেশি বিপ্লবী ছিল। তাঁদের দাবির মধ্যে ছিল হংকংয়ের মৌলিক আইন পুনর্লিখন, ১৯৯৭ সালে গৃহীত ক্ষুদ্র সংবিধান সংশোধন, স্বায়ত্তশাসন সংহতকরণ, আত্মনিয়ন্ত্রণ—এমনকি সরাসরি চীন থেকে বিচ্ছিন্ন হওয়া। ফলে গত সপ্তাহে চীনা সাম্রাজ্য পাল্টা আঘাত করল।
কেউ বলতে পারেন ব্যাপারটা পূর্বনির্ধারিত। কারণ, নির্বাচনের আগেই দেখা গেল, হংকং সরকার ভিত্তিহীন কারণে দুই বছর আগের আন্দোলনের অনেক কর্মীকে অযোগ্য ঘোষণা করে। তা সত্ত্বেও ওই নেতাদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।
কিন্তু নির্বাচনের পর শপথ গ্রহণের সময় দুজন নবাগত সদস্য কিছু যুদ্ধংদেহী কথা বলেন। সঙ্গে সঙ্গে বেইজিং বলে বসল, এসব কথা আক্রমণাত্মক। অন্যদিকে হংকংয়ের কট্টরপন্থী নেতা সি ওয়াই লেয়ুঙও তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন।
অনেক মানুষই মনে করছেন, এই লেয়ুঙ দ্বিতীয় দফায় প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের জন্য বেইজিংয়ের আশীর্বাদ চাচ্ছেন। তাঁর বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী বসন্তে। তিনি ও তাঁর বিচার সচিব হংকংয়ের আদালতের কাছে আরজি জানিয়েছেন, যাতে ওই দুই নির্বাচন বাতিল করে দেওয়া হয়। এটা নির্বাহী বিভাগের চরম বাড়াবাড়ি। আবার এ কথাও বলা যায়, এটা ঝরে পড়া রাজনৈতিক ফল ভোগ করার এক চৌকস প্রচেষ্টা। বেইজিংয়ের আনুকূল্য লাভের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে তিনি আরও অনেকের সঙ্গে প্রতিযোগিতা করছেন, যাঁর সঙ্গে ঔপনিবেশিক আমলের সামঞ্জস্য রয়েছে।
লেয়ুঙ আঁচ করতে পেরেছিলেন, বিচারকেরা শুধু আইন দিয়ে সরকারের পক্ষে কাজ করতে পারবেন না। তাই তিনি সবচেয়ে মোক্ষম সুযোগটা কাজে লাগান। ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি একদম সাদামাটাভাবে মৌলিক আইনের ব্যাখ্যা দিতে পারে। আর কমিটি গত সপ্তাহে ঠিক তা-ই করেছে। তারা ঘোষণা দিয়েছে, ওই দুই সদস্য আইন লঙ্ঘন করেছেন। ফলে তাঁদের আসন দুটিকে শূন্য ঘোষণা করার সুযোগ আসে।
তবে বেইজিং এবারই প্রথম হংকংয়ের নির্বাচনের ফল বাতিল ঘোষণা করল। এর মধ্য দিয়ে তারা মৌলিক আইনের একদম নির্জলা লঙ্ঘন করল। এ কারণে অনেকেই, বিশেষ করে তরুণ ভোটাররা মনে করছেন, হংকং সরকার বেইজিংয়ের সঙ্গে লেজ ধরে আছে। এর মধ্য দিয়ে তারা হংকংয়ের স্বায়ত্তশাসনকে খাটো করছে।
লেয়ুঙ বড় বিজয় পেয়েছেন, অন্তত দৃশ্যত। তিনি যদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে চান, তাহলে তাঁকে বেইজিংয়ের চোখে নিজেকে আরও গ্রহণযোগ্য করতে হবে। মতামত জরিপে সব সময়ই দেখা গেছে, প্রধান নির্বাহী পদে যাঁরা নির্বাচন করবেন, তাঁদের মধ্যে তিনি সবচেয়ে কম জনপ্রিয়। কথা হচ্ছে, বিচ্ছিন্নতার আন্দোলন শুধু চীনের দাদাগিরির প্রতিক্রিয়া নয়, এটি লেয়ুঙের তিরিক্ষি মেজাজ ও আগ্রাসী শাসনের প্রতিক্রিয়াও বটে।
বেইজিংয়ের সামনে কঠিন সুযোগ এসেছে। তারা তো কট্টর অবস্থান নিয়েই ফেলেছে, ফলে তার পক্ষে এখন নরম হওয়া সম্ভব নয়। আর বিচ্ছিন্নতাবাদের আগুন যে মৃদুমন্দ বাতাসে ছড়িয়ে পড়বে না, তার নিশ্চয়তা কে দেবে? সেই ১৯৯৭ সাল থেকে হংকং একধরনের রাজনৈতিক স্থবিরতার মধ্যে আছে। এর মধ্যেই সেখানে মাঝেমধ্যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। ২০০৩ সালে রাষ্ট্রদ্রোহ আইনের পরিধি বাড়ানো ও স্বাধীনতার রাশ টেনে ধরার চেষ্টা করা হলে প্রায় পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। এই আন্দোলনে সরকারের পতন হয়। এরপর ২০১৪ সালেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। তারা হংকংয়ে বড় ধরনের রাজনৈতিক সংস্কারের দাবি তুলেছিল।
কিন্তু উভয় ক্ষেত্রেই হলো কি, অন্তর্নিহিত ব্যাপারটা কেউ ঠিকঠাক আমলে নিল না, তার সমাধান করা তো দূরে থাক: হংকংয়ের বিশেষ স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধা দেখানো। শুধু তাৎক্ষণিক দ্বন্দ্বই প্রশমন করা হয়েছে। আবার কখনো তা একদম চরম নিবর্তনমূলক কায়দায় করা হয়েছে। এবারও একই ব্যাপার ঘটবে। আর যতবার এই বাজে ব্যাপারটার পুনরাবৃত্তি ঘটবে, ততবারই এই শহর ঔজ্জ্বল্য হারাবে, যেটা একসময় প্রাচ্যের মুক্তা হিসেবে পরিচিত ছিল।
অনূদিত, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
ই ঝেং লিয়ান: হংকংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাষ্যকার।