সুনির্দিষ্ট বিষয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর একটি রাজনৈতিক পন্থা হরতাল। হরতালে সাধারণ মানুষের সমর্থন থাকলে কোনো গোলযোগ ছাড়াই হরতাল সফল হবে। কৈশোর থেকে হরতাল বিষয়ে এটাই জানতাম। ঊনসত্তরে সব হরতাল জনগণ স্বতঃস্ফূর্ত উল্লাসে সফল করেছে। ছাত্রনেতা বা রাজনৈতিক দলের নেতাদের সে জন্য আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কোনো অমানবিক কাজ করতে হয়নি। এখন হরতাল মানে জনমনে আতঙ্ক সৃষ্টি। এখন জনগণের সমর্থন বিষয়টি পুরোপুরি উপেক্ষিত। কোনো রাজনৈতিক দল হরতালের সিদ্ধান্ত নিলে সেই হরতাল সফল করতে দলের কর্মী এবং পিকেটাররা জনমানসে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে হরতালের আগের দিন থেকেই শুরু করে ধ্বংসযজ্ঞ। তাতে মানুষ বাঁচল কী মরল, সেদিকে দৃষ্টি দেওয়ার সময় বা ইচ্ছা তাদের থাকে না। বাস-ট্যাক্সি-রিকশা-ভ্যানগাড়িতে আগুন ধরিয়ে, পটকা ও বোমা ফাটিয়ে, ঘুমন্ত মানুষ পুড়িয়ে হলেও তাদের ‘কথিত এবং ঘোষিত’ হরতাল সফল করা চাই। জ্বালাও-পোড়াও, ভাঙচুর করো, ঢিল দিয়ে মানুষের মাথা ফাটিয়ে দাও, মানুষকে বাধ্য করো ঘর থেকে বাইরে না বেরোতে। নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে হরতাল সফল করতে হবে। ক্ষতি কী? এ দেশে মানুষের জীবন বড় সস্তা। লাগাতার তিন দিনের হরতালে দুজন বাসচালক মারা গেলেন। কী এমন ক্ষতি হলো বিএনপির নেতাদের? তাঁরা তো এ প্রসঙ্গে একটি কথাও বললেন না। দুঃখ প্রকাশ তো দূরে থাক। ক্ষতি হলো বাসচালকের পরিবারের। তাঁর ছেলেমেয়ের, স্ত্রী ও মা-বাবার। আজও হয়তো বাস পোড়ানো খবর পাওয়া যাবে। নেতাদের সমর্থনেই এসব কর্মকাণ্ড হয়। বাস পুড়িয়ে দিলে সাধারণ মানুষের যাতায়াতের কষ্ট বাড়বে। তাতে তাদের কী অসুবিধা? নেতা-নেত্রীরা বাসে কি চড়েন। তাঁরা চড়েন গাড়িতে। বাসের সংখ্যা কম হয়ে গেলে লাভ ছাড়া লোকসান নেই। ক্ষমতায় গেলে রাস্তায় নতুন বাস নামানোর ব্যবসা করা যাবে। এখনো জনগণের চাহিদার চেয়ে বাসের সংখ্যা অনেক কম। এ নিয়ে আন্দোলন হতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলোর এ নিয়ে মাথাব্যথা নেই। প্রতিদিন ভোর হওয়ার আগে উত্তরায়, কারওয়ান বাজারের সামনে কোদাল-ঝুড়ি নিয়ে শ্রমজীবী মানুষ কাজের আশায় বসে থাকেন। হরতালের দিনগুলোতে তাঁদের কাজ জোটে না। দিন আনে দিন খায়—এই মানুষগুলো কীভাবে দিন গুজরান করেন? কীভাবে বাঁচেন? জনগণের কষ্ট, জনগণের দুর্ভোগ নিয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার সময় কী এখন বিএনপির রাজনীতিবিদদের আছে? রাজনৈতিক দলের এসব অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম আজ হরতাল! গণতান্ত্রিক অধিকারের এমন পরিণতি বাংলাদেশের অধিকাংশ নাগরিক আজ আর দেখতে চায় না। বিশ্বনাথসহ সমগ্র বাংলাদেশে লাগাতার হরতালের নামে যা ঘটল, তারপর এ দেশে আর একটি দিনের জন্য যাতে হরতাল না হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।একজন নাগরিকের হরতাল করার যেমন অধিকার আছে, তেমনি আরেকজন নাগরিকের অধিকার আছে হরতাল না করার। যাঁরা রাজনীতি করেন, তাঁরা যদি এই সত্যটুকু বিস্মৃত হন এবং নাগরিকের স্বাধীনতাকে হরণ করেন, তাহলে তাঁদের মানুষের দোহাই পেড়ে মানুষের জন্য রাজনীতি করা সমীচীন নয়। রাজনীতি দেশ ও দশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাজনীতি নিয়ে হরতালের নামে অমানবিক এই অরাজকতা বন্ধ করা হোক রাজনীতিবিদদের উদ্যোগে।হরতালের কারণে নির্ধারিত পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীরা কী পরিস্থিতিতে, কী কষ্ট স্বীকার করে পরীক্ষা দিচ্ছেন, সেই খবর কি বিএনপির নেতারা রাখেন? উপজেলাগুলোতে বিদ্যুৎ প্রায়ই থাকে না। এই গরমে ঘামে দরদর করে ঘামতে ঘামতে মোমবাতির মৃদু আলোয় ছেলেমেয়েগুলো পড়ে। অনেকে অন্যের বাড়িতে বা মেসে থেকে পরীক্ষা দিচ্ছে। রাজৈর, মাদারীপুর, শ্যামনগর, সাতক্ষীরা, বিরিশিরি, কলমাকান্দা, নেত্রকোনা, রাঙামাটি, বান্দরবান ঘুরে দেখলাম সর্বত্র একই অবস্থা। পরীক্ষার জন্য তাদের অবস্থানের সময় ও অর্থের খরচ বেড়ে যাচ্ছে। তারা দুশ্চিন্তাগ্রস্থ। এই ধারা চলতে থাকলে কত দিনে সমাপ্ত হবে এইচএসসি পরীক্ষা? কত দিনে পাওয়া যাবে পরীক্ষার ফলাফল? অকস্মাৎ শিলাবৃষ্টিতে পারিবারিক আয়ের উৎস পানের বরজ (সিলেট), খেতের তরমুজ (কলমাকান্দা), গাছের লিচু এবং আম নষ্ট হয়ে গেছে। অনেক অভিভাবকের মাথায় হাত। ছেলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই হরতাল অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।গুম-হত্যার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। তবে হরতাল আর নয়। কাজী সুফিয়া আখতার: লেখক।