বিরোধী দলের ওপর দমন-পীড়ন যা-ই ঘটুক, আগামী ৬ তারিখ পর্যন্ত যে হরতাল আসছে না, তা আমরা জেনে গেছি। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর টানা তিন দিন হরতাল ডেকে চার দিনের বিরতি দিয়েছিল বিএনপি। এই বিরতির সময়টি ছিল আসলে খালেদা জিয়ার দেওয়া ‘সময়সীমা’। এ সময়ের মধ্যে ইলিয়াস আলীকে পাওয়া না গেলে আবারও ‘কঠোর’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ইলিয়াস আলী ফেরত আসেননি, তাঁকে খুঁজেও পাওয়া যায়নি। সময়সীমা শেষ হওয়ার পর আবারও দুই দিনের হরতাল হয়ে গেল। যে দাবিতে হরতাল তার কোনো সুরাহাই হলো না! ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনের হরতালের পর বিএনপির সামনের কর্মসূচি হচ্ছে ৬ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি। নিখোঁজ ইলিয়াস আলীর তো কোনো খবরই নেই, কিন্তু এরই মধ্যে সরকারও দেখা যাচ্ছে কঠোর হতে শুরু করেছে। বিরোধী দলের বড় বড় নেতার বিরুদ্ধে শুধু মামলাই করেনি, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে গ্রেপ্তারও করেছে। সরকারের এই ‘দমন-পীড়নও’ বিরোধী দলকে শান্ত করে রেখেছে। নতুন কোনো সময়সীমা বেঁধে দিয়ে হরতাল-বিরতি না দিলেও ‘হিলারি-বিরতি’ না দিয়ে যে উপায় নেই!২০০০ সালের মার্চে প্রেসিডেন্ট ক্লিনটনের বাংলাদেশ সফরের পর আরও দুজন শীর্ষ মার্কিন নেতা বাংলাদেশ সফর করে গেছেন। ২০০৩ সালের জুনে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর ঠিক এক বছর বিরতি দিয়ে ২০০৪ সালের জুনে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড। এই সফরগুলো ছিল খুবই অল্প সময়ের জন্য। আর এই দুটি সফরের লক্ষ্যই ছিল ইরাক যুদ্ধে বাংলাদেশের কাছ থেকে সমর্থন আদায় করা। বলা যায়, কলিন পাওয়েল ও রামসফেল্ড দুজনই এসেছিলেন বাংলাদেশ থেকে সেনা চাইতে, ইরাকে সেনা পাঠানোর অনুরোধ নিয়ে। সংবেদনশীল ইরাক ইস্যুতে বাংলাদেশ তখন অন্তত প্রকাশ্যে মার্কিন অবস্থানের পক্ষে দাঁড়াতে পারেনি। ইরাকে সেনা পাঠানোর মার্কিন অনুরোধও বাংলাদেশ রাখতে পারেনি। রামসফেল্ডের বাংলাদেশ সফরের পর নিউইয়র্ক টাইমস-এর শিরোনাম ছিল ‘বাংলাদেশ থেকে সেনা সংগ্রহ করতে পারলেন না রামসফেল্ড’ (নিউইয়র্ক টাইমস, ৬ জুন ২০০৪)। যুক্তরাষ্ট্র নিজের স্বার্থেই ওই দুটি সফরের আয়োজন করেছিল এবং দুটি সফরেরই মূল বিষয় ছিল ইরাক। এবারের হিলারি ক্লিনটনের সফরটি সেদিক থেকে আলাদা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যাই থাক বাংলাদেশের জন্য ‘রাজনীতিই’ নাকি এবারের সফরের মূল বিষয়।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নানা কারণে সব সময় গরমই থাকে। হতে পারে কাকতালীয়, কিন্তু ২০০৩ ও ২০০৪ সালে কলিন পাওয়েল ও রামসফেল্ডের বাংলাদেশ সফর হয়েছে হরতালের মধ্যে। পাওয়েলের সফরের দিন ছিল আওয়ামী লীগের ডাকা আধাবেলা হরতাল। ছাত্রলীগের নেতা পলাশ ও এক পরিবহনকর্মীকে হত্যার প্রতিবাদে ডাকা হয়েছিল এই হরতাল। আর রামসফেল্ডের ঢাকা সফরের দিন ছিল ২৪ ঘণ্টার হরতাল। সাংসদ আহসানউল্লাহ মাস্টারের হত্যাকারীরা ধরা না পড়া, ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা, সাম্প্রদায়িক তৎপতরতা বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ডাকা হয়েছিল এ হরতাল। এই হরতালের আগের সন্ধ্যায় শাহবাগে বাসে আগুন লাগানোর ঘটনায় পুড়ে মারা গেছে ১০ জন। অনেকেরই নিশ্চয় মনে আছে, কলিন পাওয়েলের ঢাকা সফরের সময় হরতাল প্রত্যাহারের অনুরোধ রক্ষা না করায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা বাতিল হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পাওয়েল বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে বৈঠক বাতিল করেছেন, কারণ তিনি তাঁর ছাত্র-সমর্থকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন। এটা আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীতল সম্পর্কের বহিঃপ্রকাশ বলে তখন রাজনৈতিক মহলে আলোচিত হয়েছিল। সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে এর ব্যাখ্যাও দিতে হয়েছিল। ‘কলিন পাওয়েলের সফরসূচি ছিল আঁটোসাটো। বৈঠকটি না হওয়া মানে আওয়ামী লীগের সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাসের শীতল সম্পর্কের বিষয়টি প্রকাশ করে না।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আওয়ামী লীগের সম্পর্ক ভালো, তার প্রমাণ হিসেবে সাবের হোসেন চৌধুরী এর কিছুদিন আগে ক্রিস্টিনা রোকার সঙ্গে হাসিনার বৈঠকের বিষয়টিও উল্লেখ করেছিলেন। এই অভিজ্ঞতার পরও কি বর্তমান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হিলারির বাংলাদেশ সফরের সময় হরতাল ডাকার ঝুঁকি নেবেন? বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার এই সময়ে হিলারির এই সফর যখন খুবই ‘রাজনৈতিক’ হিসেবে বিবেচিত হচ্ছে সব মহলে!বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা এ দেশে আসার পর বলেছিলেন, হিলারিকে ঢাকায় আনা তাঁর একটি স্বপ্ন। কিন্তু গত বছরের ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীকে লেখা হিলারির একটি চিঠি মজীনার ‘স্বপ্ন’ স্বপ্নই থেকে যাবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছিল। হিলারির চিঠিতে কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসা করা হলেও নাগরিক সমাজ ও গণমাধ্যমের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ায় ওয়াশিংটন যে বিচলিত, সেটা স্পষ্ট করেই বলা হয়েছিল। ‘বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে যুক্তরাষ্ট্র আগ্রহী, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক সমাজের বিকাশের ব্যাপারে সরকারের অঙ্গীকার সংশয়ের মুখে পড়লে বাংলাদেশকে সমর্থন করা দুরূহ হয়ে পড়বে।’ বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি লিখেছিলেন, পরিবেশ উন্নততর হলে ভবিষ্যতে তাঁর সফরের পথ সুগম হবে। এ ধরনের একটি চিঠি লেখার ছয় মাসের মধ্যে হিলারির বাংলাদেশ সফরকে সরকার একটি সাফল্য হিসেবে দেখবে, এটাই স্বাভাবিক। আর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান বিরোধী দল বিএনপির কাছে এটা এক বড় সুযোগ হিসেবেই বিবেচিত হবে। হিলারির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের আলোচ্যসূচি কী? এই প্রশ্ন করেছিলাম বিএনপির চেয়ারপাসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমশের মবিন চৌধুরীর কাছে। ‘যুক্তরাষ্ট্রের এই পর্যায়ের একজন নেতার সঙ্গে যখন বৈঠক হবে তখন সব প্রসঙ্গ নিয়েই আলোচনা হবে।’ এই ‘সব প্রসঙ্গের’ মধ্যে কি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থাকবে? শমশের মবিন চৌধুরী এই বিষয়টি স্পষ্ট করেননি, তবে বিষয়টি অনুমান করতে আমাদের কষ্ট হওয়ার কথা নয়। হিলারিকে বাংলাদেশে স্বাগত! বিশ্বের সবচেয়ে শক্তিধর ও বাংলাদেশের অন্যতম উন্নয়ন-সহযোগী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে—সে আশা আমরা করতেই পারি। বিশেষ করে ‘সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা’ বাড়াতে দুই দেশের অংশীদারি নিশ্চিত করা যখন এই সফরের ঘোষিত উদ্দেশ্য। আর বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পক্ষ তো এই শক্তির সমর্থন, কৃপা বা আশীর্বাদ—যা-ই বলা হোক, তা পাওয়ার আশায় বসেই আছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন ও বাণিজ্য-সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রাপ্তি—এসব সুফল পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাজনীতির পক্ষগুলোও যে কে কীভাবে লাভবান হবে, তা টের পেতেও সময় লাগবে। তবে জনগণ হিলারির বাংলাদেশ সফরের তাৎক্ষণিক যে সুফল পেল তা হচ্ছে হরতাল বিরতি। খালেদা জিয়ার সঙ্গে হিলারির বৈঠকের তারিখ নির্ধারণ করা আছে ৬ মে, সেদিনই ঢাকা ছাড়বেন তিনি। এর পরপরই বিকেলে রয়েছে বিএনপির নেতৃত্বে সম্প্রসারিত নতুন ১৮ দলীয় জোটের দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ। আন্দোলনের শুরুটা আবার হবে এখান থেকেই। এরপর আবার নতুন হরতাল বা এর চেয়েও ‘কঠোর’ কর্মসূচি দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে বিএনপির তরফে। জনগণের দুর্ভোগ, অর্থনীতির ক্ষতি, ছাত্রছাত্রীদের পড়ালেখা—এগুলো সবই তখন গুরুত্বহীন হয়ে যাবে। হরতাল ঠেকানোর জন্য হিলারি তো আর আমাদের দেশে দিনের পর দিন বসে থাকবেন না! হিলারি ক্লিনটনকে আগাম অভিনন্দন, অন্তত কয়েক দিন আমাদের হরতাল থেকে মুক্তি দেওয়ার জন্য!এ কে এম জাকারিয়া: সাংবাদিক।[email protected]