প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে হরতাল আহ্বান ও তা পালন যুক্তিযুক্ত এবং গণতান্ত্রিক অধিকার হিসেবে বিবেচিত। ঐতিহাসিকভাবে এ উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশবাদবিরোধী আন্দোলনে হরতাল বিশেষ ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে তত্কালীন পাকিস্তানে বাঙালিদের স্বাধিকার আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হরতালের সফল ব্যবহার সর্বজনবিদিত। ১৯৯১ সালে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর হরতালের রাজনীতির পরিসমাপ্তি ঘটবে বলে আশা করা হয়। তবে রাষ্ট্র পরিচালনে পরম্পরায় নির্বাচিত সরকার ও বিরোধী দলের ঐকমত্যহীনতা, অসহিষ্ণুতা ও পারস্পরিক অসহযোগিতার কারণে জননির্বাচিত প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলো বিশেষজ্ঞ জাতীয় সংসদের ক্রিয়াশীলতা চরমভাবে বাধাগ্রস্ত হয় এবং রাজনৈতিক প্রক্রিয়ায় দ্বন্দ্বমূলক সম্পর্ক অব্যাহত থাকে। সংঘাতময় রাজনৈতিক সংস্কৃতি মাথাচাড়া দিয়ে ওঠে এবং রাজনৈতিক সমস্যা ও দাবিদাওয়ার সমাধানকল্পে রাজনীতি রাজপথকেন্দ্রিক হয়ে যায়। প্রয়োগ করা হয় হরতাল নামক অস্ত্রকে। এভাবে গত দুই দশকে অসংখ্য হরতাল পালন করা হয়, যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করে।সাম্প্রতিক কালে হরতালের বহুল ব্যবহার এবং অনেকের যুক্তিতে ‘অপব্যবহার’ এ গণতান্ত্রিক অধিকার তথা প্রতিবাদী অস্ত্রের প্রয়োগকে প্রশ্নবিদ্ধ করছে। অতীতে হরতাল পালন ঐচ্ছিক বিষয় থাকলেও বর্তমানে তা অনেকটা বাধ্যতামূলক হয়ে গেছে। তবে ব্যাপক জনদুর্ভোগের কারণে হরতালের নৈতিক দিক এবং কার্যকারিতা অনেকাংশে হ্রাস পেয়েছে।এ দেশের প্রধান রাজনৈতিক দল দুটি যখন বিরোধী পক্ষে থাকে তখন হরতালের পক্ষে যুক্তি খুঁজে পায়। যদিও বক্তব্য থাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন, তবে অধিকাংশ ক্ষেত্রে অহিংস আন্দোলন সহিংস হয়ে ওঠে বলে প্রতীয়মান হয়েছে। হরতালের এ সহিংস রূপ বাংলাদেশের সংবিধানের ৩৭ অনুচ্ছেদে বর্ণিত শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ ও রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বলাবাহুল্য, বিরোধী দলের হরতাল কর্মসূচি চলমান সংঘাতপূর্ণ রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা এবং গণতন্ত্র বিনির্মাণে বিভিন্নমুখী সমস্যাও এ জন্য দায়ী। দলীয়করণ এবং বিভাজনমূলক রাজনীতি তাই অব্যাহতভাবে সক্রিয় থাকছে। রাজনৈতিক প্রতিবাদে কঠোর ভাষা ও হরতাল পদ্ধতির পক্ষে বিরোধীপক্ষের অনড় অবস্থান এ জন্য লক্ষণীয়।প্রতিবাদী পদক্ষেপ হিসেবে হরতালের মতো কর্মসূচিকে বিরোধী দলের Hard strategy বা শক্ত পন্থা ও কৌশল হিসেবে অভিহিত করা যায়, যা বর্তমান প্রেক্ষাপটে কাম্য নয়। বাংলাদেশে প্রতিবাদের ভাষা হিসেবে soft strategy বা নরম কৌশলও যথাযথভাবে প্রয়োগের দৃষ্টান্ত রয়েছে। জেনারেল এরশাদের শাসনামলে তৃতীয় সংসদ নির্বাচনের পরে তত্কালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে জাতীয় সংসদ কার্যালয়ের বাইরে ‘Mock Parliament’ করে প্রতিবাদ জানানো হয়েছিল। ’৯১-পরবর্তী সময়ে বিরোধী পক্ষের আয়োজিত বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, গণযোগাযোগ, মানববন্ধন, পদযাত্রা, গণসংগীত, সিগনেচার ক্যাম্পেইন, রাজনৈতিক মঞ্চ হিসেবে ‘জনতার মঞ্চ’ নির্মাণ ইত্যাদি ‘নরম কৌশল’ বিভিন্ন মহল এবং সচেতন গোষ্ঠী দ্বারা নন্দিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে বিরোধী পক্ষ নরম কৌশলের বদলে চরম কৌশলের প্রয়োগকেই বেশি কার্যকর হিসেবে গ্রহণ করে। আগেই উল্লেখ করা হয়েছে যে শক্ত পন্থা হিসেবে হরতালের অব্যাহত প্রয়োগ এবং ‘অপপ্রয়োগ’ আর বিশেষভাবে কার্যকর বা ফলপ্রসূ হতে পারছে না। এ প্রেক্ষাপটে হরতালের বিকল্প পন্থা নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। বিকল্প কর্মসূচি হিসেবে ওপরে বর্ণিত Soft strategy গ্রহণ এখন সময় ও কালের দাবি। ’৯১-পরবর্তী সময়ে টানা হরতাল বা লাগাতার কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো সম্ভবপর হয়নি। সরকার অনমনীয় থাকলে বাধ্য করা যায়নি কোনো দাবি সার্বিকভাবে মেনে নিতে। ইতিমধ্যে হরতালবিরোধী জনমত সৃষ্টি হয়েছে এবং হরতালে অনেক সময় ইতিবাচক ফলাফল অর্জিত না হওয়ায় এর বিপক্ষে জনমত জাগ্রত হচ্ছে, যা গ্রাহ্য হওয়া বাঞ্ছনীয়। বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশন টেকনোলজির যুগ। ICT-এর ক্ষেত্রে অভাবনীয় বিপ্লব ঘটায় বিশ্বব্যাপী এ খাতটিকে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ সব প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। এ খাত সহজলভ্য হওয়ায় দেশে-বিদেশে রাজনৈতিক যোগাযোগ এবং প্রতিবাদ জানানোর মাধ্যম হিসেবে ফলপ্রসূ হয়েছে। বিরোধী পক্ষের রাজনৈতিক প্রতিবাদ এবং নিজস্ব কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে অবহিতকরণে নিজস্ব ওয়েবসাইট, ইলেক্ট্রনিক মাধ্যম, ইন্টারনেটের ব্যবহার দৃশ্যমান এবং বাংলাদেশেও লক্ষণীয়। এ দেশের গণমাধ্যম, টিভি টক শো ও পত্রপত্রিকা এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে।বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকায়নে রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বিভিন্ন তাত্ত্বিক পরামর্শ দেওয়া যায়, তবে এ দেশের চলমান রাজনীতির চরিত্রের প্রেক্ষাপটে এসব তত্ত্বের অসারতা দুর্ভাগ্যজনক ‘আরোপিত’ কোনো ব্যবস্থা সফল হয়নি এবং হতে পারে না। রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিজেদেরই নিতে হবে। এ পর্যায়ে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের বিকল্প নেই বলে সচেতন গোষ্ঠীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। গণতান্ত্রিক সংলাপ প্রক্রিয়া চলমান হওয়া বাঞ্ছনীয় এবং নিম্ন পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এ দেশের দলীয় বাস্তবতায় শীর্ষ পর্যায়ের যোগাযোগ অধিক গঠনমূলক এবং কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। এ জন্য প্রয়োজনীয় ক্ষেত্র নির্মাণ জরুরি। গণতান্ত্রিক রাজনীতিতে বিভেদ অবশ্যম্ভাবী। রাষ্ট্রীয় মৌল বিষয়ে সহমত এবং রাজনৈতিক প্রক্রিয়ায় মতবিরোধ ও দ্বন্দ্ব গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য।এ ব্যবস্থায় ভিন্নমত ও প্রতিবাদ জানানোর জন্য আনুষ্ঠানিক বিন্যাস ও অনানুষ্ঠানিক কার্যক্রম স্বীকৃত। বাংলাদেশের সরকার ও বিরোধী দল উভয় পক্ষই রাজনৈতিক অধিকার হিসেবে হরতালকে গণ্য করে এবং স্বীকৃতি দেয়। সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রচর্চার অভাবের সঙ্গে হরতালের মতো শক্ত কর্মসূচির ইতিবাচক সম্পর্ক এবং উন্নয়ন ও গণতন্ত্র বিনির্মাণের সঙ্গে এর নেতিবাচক সম্পর্ক বিদ্যমান, বৈশ্বিক ও দেশীয় বাস্তবতায় কেউ অস্বীকার করতে পারবে না। কাজেই প্রতিবাদের ধরনে চরম কৌশলের বিপরীতে নিয়মতান্ত্রিক প্রথা তথা উল্লেখকৃত বিকল্প পন্থার চর্চাই এখন যৌক্তিক এবং জনদাবি।আল মাসুদ হাসানউজ্জামান: অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।