আয়োজনটা শুরু হয়েছিল আগের দিন বিকেল থেকেই। আষাঢ়ের অবিরাম বৃষ্টিও হার মেনেছে আয়োজকদের কাছে। ঝুম বৃষ্টি, তার মাঝেও আয়োজনের কমতি নেই। হলের আবাসিক শিক্ষকদের তত্ত্বাবধানে মামারা (কর্মচারী) দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে। হলের লনেই নানা আকারে স্বচ্ছ কাচের জার বসানো হয়েছে। উৎসুক শিক্ষার্থীরা প্রথমে বুঝে উঠতে পারছিল না আয়োজনটা কিসের। কিন্তু পরদিন সকালেই কুচি পাথরের টুকরো আর জারে পানি দিয়ে যখন মাছ ছাড়া হলো, তখন আর বুঝতে কারোর বাকি রইল না। ঝুম বৃষ্টি, তার পরও আয়োজনে কোনো রকম ভাটা পড়ছে না। আর পড়বেই বা কেন? বিশ্ববিদ্যালয়ের জন্মদিন বলে কথা! বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের আয়োজনটা জমকালো না হলে কি চলে? হ্যাঁ, সময় গড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই পা রাখল ৯০ বছরে। ৯০ বছর হলেও যেন চিরনবীন এই প্রাঙ্গণ। প্রতিবারের মতো বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলো আয়োজন করে নানা অনুষ্ঠানের। তবে এবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজন ছিল কিছুটা ভিন্ন।‘মাছে-ভাতে বাঙালি’ প্রবাদটি হরহামেশাই শোনা যায়। তবে এই প্রজন্মের কাছে নানা প্রজাতির মাছের কথা কেবল রূপকথাই। ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা মিতু বলেন, কারণ একটাই, তা হলো, চোখে না দেখলে কে বিশ্বাস করবে এত প্রজাতির মাছ আছে আমাদের দেশে? বলা যায়, দূষণ আর অব্যবস্থাপনার কারণে মাছের বংশবৃদ্ধি সঠিক উপায়ে হচ্ছে না। তবে এ ধরনের আয়োজনের ফলে নানা প্রজাতির মাছ দেখার সুযোগ হচ্ছে।বিশ্ববিদ্যালয় দিবসের দিন সকালে আনন্দ শোভাযাত্রা শেষে সবাই ভিড় করে হলের লনে। দিনব্যাপী এই প্রদর্শনী থেকে কে-ই বা বাদ পড়তে চায়! তাই ভিড়টা একটু বেশিই ছিল। এখানে কেবল দেশি মাছই নয়, বিদেশি মাছের প্রদর্শনীও হচ্ছে। একসঙ্গে এত প্রজাতির মাছ দেখে চোখ ছানাবড়া হওয়ার দশা।হলের আবাসিক শিক্ষার্থী ইতিহাস বিভাগের তাহমিনা আহম্মেদ বলেন, এ ধরনের প্রদর্শনীর কিছুটা ভিন্নতা আছে। একসঙ্গে এত প্রজাতির মাছ দেখে ভালো লাগে। মাছের জারের কাছে যেতেই যেন মাছগুলো দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। কথা বলার ক্ষমতা থাকলে নিশ্চয় কথা বলা শুরু করত। মাছের সঙ্গে আলাদা জারে আছে ছোট দুটি কচ্ছপ। আর এই দুজনের কর্মকাণ্ড যেন সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, এমনটাই জানালেন হলের আবাসিক শিক্ষার্থী তামান্না জামান।মাছের নামগুলো বেশ চমৎকার। রুপালি সৌন্দর্য বিচ্ছুরিত হচ্ছে ‘সিলভার বার্কের’ শরীর থেকে। নামের সঙ্গে আকার আর রঙের দারুণ মিল। রূপের গরিমা বোধহয় সিলভার বার্কের একটু বেশি। দর্শনার্থীরা কাছে আসতেই দূরে সরে যাচ্ছে। তবে সোনালি বর্ণের ‘গোল্ডেন ফিশ’ অবশ্য যথেষ্ট আন্তরিক। তাই দর্শনার্থীরা এলেই সামনে জারের পাশ ঘেঁষে থাকছে।আছে কিসিং ফিশ, তবে কিসিং ফিশ নিজের ভাবগতিতেই চলে বলে মনে হয়।দলবেঁধে চলে অ্যাঞ্জেল ফিশ। সাদা আর কালো ডোরাকাটা চারকোনা মাছ দেখতে দারুণ। তবে নাম অ্যাঞ্জেল হলেও কর্মকাণ্ড কিন্তু ভিন্ন। নিজ প্রজাতি ছাড়া অন্য কারও সঙ্গেই আপস করে না। তাই অ্যাঞ্জেল মাছ পুষতে হলে দরকার আলাদা জার।হালকা সুরমা, রুপালি আর সোনালি রঙের ‘গোরামি ফিশ’ সেদিন নিশ্চয়ই অভিমান করেছিল। গোঁড়ামিটা বোধহয় সে বেশিই করে। ‘গাপ্পি মাছের’ আকার সবচেয়ে ছোট। তবে শরীরের আকারের চেয়ে লেজটা বেশি বড়। রূপকথার মৎস্যকন্যাদের মতো লেজটা। দ্রুত চলার সময় লেজের দুলুনি খুবই আকর্ষণীয় লাগে। ছোট বলে চাঞ্চল্য বোধহয় একটু বেশি। এ ছাড়া সুকার ফিশ, কালো পিরানহা, দেশি পুঁটি, কই, শিংসহ মোট ১৫ প্রজাতির মাছের আয়োজন ছিল প্রদর্শনীতে।বিশ্ববিদ্যালয় দিবসে হলের আবাসিক বর্তমান ও প্রাক্তন সব শিক্ষার্থীর জন্য প্রদর্শনী উন্মুক্ত ছিল। প্রাক্তন শিক্ষার্থী সুইটি আহম্মেদ বলেন, এ ধরনের প্রদর্শনী খুবই বর্ণিল আর বৈচিত্র্যময়। তাঁর সঙ্গে এসেছিল ছোট ছেলে আদিত। আদিতের মাছ এত পছন্দ হয়েছে যে তা ফেলে সে কিছুতেই বাড়ি যাবে না। শেষে মাছ কিনে দেওয়ার আশ্বাস পেয়ে বাড়ি যেতে রাজি হয়।হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা বলেন, নতুন প্রজন্মকে দেশি-বিদেশি মাছ চেনানোর জন্যই এই আয়োজন। মাছ যেমন খাবার হিসেবে ভালো, তেমনি অ্যাকুরিয়ামের মাছও ঘরের শোভাবর্ধনে সাহায্য করে।শারমিন নাহার