হলমার্ক কেলেঙ্কারি যেন তাড়িয়ে না বেড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন অপ্রত্যাশিত নেতিবাচক ঘটনা বেশ কিছুদিন আলোচনা-সমালোচনার পর সবাই ভুলে যায়। অপ্রত্যাশিত ঘটনা প্রত্যাশার মধ্যে চলে আসে। এসব ঘটতে একটু সময় লাগে বৈকি। তবে তাড়াতাড়ি ভুলতে লাগে আরেকটা অঘটন। অঘটনের দেশ বাংলাদেশ। তাই বেশি অপেক্ষা করতে হয় না আরেকটা অঘটনের জন্য। সেই সূত্রে অনেকেই বলছেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনাও কিছুদিনের মধ্যে এ দেশের মানুষ ভুলে যাবে। সাধারণ মানুষ এই ঘটনা ভুলে গেলেই ভালো। তবে এই কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের যাঁরা শাস্তি দেবেন, তাঁরা যেন ভুলে না যান। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই কেলেঙ্কারি অনেক দিন মনে রাখবে সাধারণ মানুষ। তার কারণ, এর রেশ থাকবে অনেক দিন ধরে। আর্থিক খাতের ধুঁকে ধুঁকে চলার মধ্য দিয়ে। আর্থিক খাতের ওপর থেকে এই ঘটনার নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হতে পারে। তবে তার জন্য জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায়, ‘দুষ্টু শেয়ারবাজার’-এর দুষ্টু লোক আর ব্যাংকিং খাতের ‘দুষ্টু লোক’ মিলে কিন্তু আর্থিক খাতের সর্বনাশ ডেকে আনতে পারে। যার ফল হতে পারে অর্থনীতির জন্য ভয়াবহ। কেউ কেউ অবশ্য পিপীলিকাসদৃশ ‘দুষ্টু লোক’দের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছেন। যেমন—সাবেক রেলপথমন্ত্রী ২০ টাকা ঘুষ চাওয়ার জন্য চড় মারলেন রেলওয়ের জনৈক কর্মীকে। তাও আবার জনসম্মুখে এবং শুধু অভিযোগের ভিত্তিতে। তবে কয়েক হাজার কোটি টাকা মেরে দেওয়া সামনের ‘দুষ্টু লোক’ ও পেছনের কুশীলবদের কী শাস্তি দিচ্ছে সরকার, তা এখন দেখার বিষয়। প্রশ্ন হলো, হলমার্ক কেলেঙ্কারির সম্ভাব্য নেতিবাচক প্রভাব কী হতে পারে। আমানতকারীদের কাছে তার যে দায়বদ্ধতা রয়েছে, সোনালী ব্যাংক তা মেটাতে ব্যর্থ হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলে এমনটি হওয়ার আশঙ্কা কম। তবে এই কেলেঙ্কারির কারণে আমানতকারীরা সোনালী ব্যাংক এবং সার্বিকভাবে ব্যাংকিং খাতের ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। অর্থাৎ ব্যাংকিং খাত সম্পর্কে আমানতকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। ফলে এই খাতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হতে পারে। হলমার্ক কেলেঙ্কারির ভয়াবহ দিক হলো এই দ্বিতীয় প্রভাবটি। আস্থাহীনতার ফলাফল কিন্তু ভালোভাবে টের পাওয়া যাচ্ছে শেয়ার মার্কেটের ক্ষেত্রে। চার হাজার কোটি টাকা তেমন একটা ব্যাপার নয় এবং গণমাধ্যম অযথাই একটা ছোটখাটো বিষয় নিয়ে অতি বেশি লেখালেখি করছে—অর্থমন্ত্রীর এমন মন্তব্য উদ্ভূত পরিস্থিতির গভীরতা বুঝতে না পারার কারণে দেওয়া? অবশ্যই না। বরং সম্ভাব্য আস্থাহীনতা লাঘবের চিন্তা থেকেই হয়তো বা অর্থমন্ত্রী ওই বক্তব্য দিয়েছিলেন।এই কেলেঙ্কারিকে এখন অর্থনীতির সার্বিক প্রেক্ষাপট থেকে ভাবা যাক। গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশ ব্যাংক হালে অর্থ সরবরাহের প্রবৃদ্ধি প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফলে অর্থনীতিতে অর্থ সরবরাহের প্রবৃদ্ধি কম। ডেসটিনি গ্রুপ উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের হাত থেকে তুলে নিয়েছে চার-পাঁচ হাজার কোটি টাকা। না তুলে নিলে যার বেশির ভাগই থাকত ব্যাংকিং সিস্টেমে। তার ওপর হলমার্ক আর অন্যরা মিলে প্রায় চার হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম থেকে। হলমার্ক আর ডেসটিনি গ্রুপ মিলে ব্যাংকিং খাত থেকে আট-দশ হাজার কোটি টাকা সরিয়ে ফেলার কারণে ব্যাংকিং সিস্টেমে তারল্যপ্রবাহ দারুণভাবে কমে যাওয়ার কথা। তারল্যপ্রবাহ কমে যাওয়ার কথা এই টাকার প্রায় পাঁচ গুণের মতো। মনে রাখতে হবে, মানুষের হাতের এক টাকা ব্যাংকিং সিস্টেমে থাকলে প্রায় পাঁচ টাকা সমান কাজ করে বিনিয়োগ সৃষ্টির ক্ষেত্রে। ধরে নেওয়া যাক, এই বিশাল টাকার সবটাই ব্যাংকিং সিস্টেম থেকে বের হয়ে যায়নি। এর শতকরা ৫০ ভাগও যদি ব্যাংকিং সিস্টেম থেকে চলে গিয়ে থাকে, তা হলেও ব্যাংকিং খাতের তারণ্য দারুণভাবে প্রভাবিত হবে।আর্থিক খাতের ওপর আস্থাহীনতা তৈরি হলে তারল্যের এই চাপ আরও ঘনীভূত হবে। সমগ্র আর্থিক খাতের ওপর আস্থাহীনতা তৈরি হওয়ার কারণ এই কেলেঙ্কারির ধরন। বিদেশে ব্যাংকিং খাতে সংকট দেখা দেয় যখন নিম্নমানের সম্পদে ব্যাংকের বিনিয়োগের পরিমাণ বেড়ে যায়। সেটা হতে পারে ভুল সম্পদে বিনিয়োগ থেকে অথবা বিনিয়োগের পর ভালো সম্পদ খারাপ সম্পদে পরিণত হওয়া থেকে। যেমন, যুক্তরাষ্ট্রে হাউজিং মার্কেটে দাম পড়ে যাওয়ার কারণে অনেক ব্যাংক খারাপ সম্পদ দ্বারা ভারাক্রান্ত হয়ে পথে বসে যায়। জাপানের ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল সাম্প্রতিক কালে। আবার অনেক সময় শেয়ার মার্কেটের মতো জায়গায় বিনিয়োগের কারণেও তেমনটি হতে পারে। তবে কোনো সম্পদের জামানত ছাড়া অর্থ ছাড় একটি ভিন্ন মাত্রার বিষয়, যা এই কেলেঙ্কারির ক্ষেত্রে ঘটেছে। শুধু নকল কাগজের ভিত্তিতে। নকল বলাও হলো যারা এর সঙ্গে জড়িত, তারা তো নিজেদের স্বার্থে জেনেশুনেই এটা করেছে। কিন্তু ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক কী করেছে? তার মানে মনিটরিং ও সুপারভিশন কর্মে যাঁরা দায়িত্বপ্রাপ্ত, তাঁদের বিরাট গাফিলতি হয়েছে। ফলে একই ধরনের আরও অনেক ঘটনা ঘটার আশঙ্কা করতেই পারে সাধারণ আমানতকারীরা। নিয়ন্ত্রণ, সুপারভিশন এবং মনিটরিংয়ের ব্যর্থতা সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের সার্বিক চিত্র হিসেবে ব্যাখ্যা করলে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার কথা। একটা বেসরকারি ব্যাংকে এমনটি ঘটলে তো ওই ব্যাংক দেউলিয়া হয়ে যেত। অতএব এই কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের শাস্তি না দিলে আরও অনেক ঘটনা ঘটনার আশঙ্কায় আর্থিক খাত স্থবির হয়ে পড়বে। ফলে আমাদের অর্থনীতির অন্যতম লক্ষ্য উচ্চতর প্রবৃদ্ধি অর্জন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার ওপর নির্ভর করছে অর্থনীতির আর সব সূচক।সহজ সত্য কিংবা সূত্র হলো, উৎপাদন নির্ভর করে বিনিয়োগের ওপর। এই বিনিয়োগ আসে বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষের সঞ্চয় থেকে। সঞ্চয়কারী আর বিনিয়োগকারীর মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে আমাদের ব্যাংকিং খাত আর শেয়ার মার্কেট। এই দুই মিলে আমাদের আর্থিক খাত। এ দেশে শেয়ার মার্কেটের মাধ্যমে বিনিয়োগ অনেক কম হয়। তাই এই পুঁজিবাজারে ধস নামলেও অর্থনীতি খুব বেশি সমস্যার মধ্যে পড়েনি, যদিও বা এর কারণে আর্থিক খাত কিছুটা চাপের মধ্যে পড়েছে। কিন্তু ব্যাংকিং খাতের প্রতি আস্থাহীনতা তৈরি হলে আমাদের সঞ্চয় বিনিয়োগের এই সেতুবন্ধে ফাটল ধরবে। দারুণভাবে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। এমনিতেই সরকার ধার-দেনা করায় ব্যক্তি বিনিয়োগকারীরা প্রয়োজনমতো অর্থ পাচ্ছেন না ব্যাংকিং খাত থেকে। তার ওপর সঞ্চয়কারীরা বিশ্বাস হারানোর কারণে ব্যাংকবিমুখ হয়ে পড়লে স্বল্প বিনিয়োগের কারণে অর্থনীতি অচল হয়ে পড়বে। অতএব উৎপাদনের প্রবৃদ্ধিকে নির্বিঘ্ন রাখতে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে। তার জন্য দরকার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া। তবেই আস্থাহীনতা রোধ সম্ভব। চার হাজার কোটি টাকাকে সামান্য বলাটা বরং কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে না—এই মর্মে ব্যাখ্যা করা হতে পারে।কেলেঙ্কারির এই ঘটনায় যারা জড়িত, তারা দুষ্টু লোক মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, তাদের শাস্তি দিতে হবে। দুষ্টু লোকদের শাস্তি দিতে পারলে আর আত্মসাৎ করা অর্থ ফেরত আনতে পারলে ভালো। প্রশ্ন হলো, তিনি তো দুষ্টু শেয়ারবাজার ঠিক করতে পারেননি, দুষ্টু লোক ঠিক করতে পারবেন তো? হলমার্ক বিষয়ে গণমাধ্যমের প্রচারণা সম্পর্কে তিনি বলেছিলেন, গণমাধ্যমের লেখা পড়লে মনে হয়, ব্যাংকিং খাতে ধস নেমেছে। কিন্তু অর্থমন্ত্রীর বোঝা উচিত, ধস নামলে আর লিখে কাজ নেই; বরং ধস নামার আগেই লিখতে হয়। আর ধস নামতে বেশি সময় লাগে না। কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাংক পড়ে গেলে কিন্তু বাকিগুলো পড়ে যায়। তবে আমার আশা এমনটি ঘটবে না বাংলাদেশে। মোহাম্মদ হেলাল: শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিরেক্টর ইকোনমিক রিসার্চ গ্রুপ (আআরজি)।