হলুদ খামে, (অত্যন্ত) গোপনীয় হলুদপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সময়ের সঙ্গে সঙ্গে বহু প্রথা অচল অথবা বাতিল হয়ে যায়। আমাদের প্রাক্‌-যৌবন বা যৌবন পর্যন্ত প্রেমপ্রত্যাশী অথবা প্রেমিকার কাছে কেউ চিঠি লিখত নীল কাগজে। পঞ্চাশ ও ষাটের দশক পর্যন্ত প্রেমপত্র পাঠানোর জন্য খামও ছিল আলাদা। সে খামের রং নীল—গাঢ় নীল অথবা হালকা আকাশি। তার ওপরের কোনায় লেখা ‘মনে রেখো’ কিংবা ‘ভুলো না আমায়’। শুধু যে কথাটি লেখা থাকত, তা নয়। ওই কথাগুলো বসানো থাকত একটি পাখির ঠোঁটে, যেন পাখিটি চিঠি নিয়ে উড়ে যাবে প্রেমিক-প্রেমিকার কাছে। ও রকম খাম ও প্যাডের কাগজ আমি কিনেছিলাম বাংলা বাজারের এক স্টেশনারি দোকান থেকে, যখন ক্লাস নাইনে পড়ি। তারও কিছু আগে আমার এক সম্পর্কীয় আপা, ইডেন কলেজে পড়ত, তার অনুরোধে তাকেও নীল কাগজের প্যাড ও নীল খাম কিনে দিই। পরীক্ষার নোট লেখার জন্য আপার নিশ্চয়ই নীল প্যাড ও নীল খামের প্রয়োজন ছিল না। না–হয় নীল কাগজেই লিখল, কিন্তু নীল খামের প্রয়োজন হয়েছিল কেন?

প্রেমপাত্রীর নীল কাগজে নীল খামে লেখা চিঠি যখন কোনো যুবক পেত, সে ওটা পড়ার টেবিলে বইয়ের ভাঁজে বা তোশকের নিচে লুকিয়ে রাখত, যেখানে কারও হাত পড়বে না। তবু কেউ কেউ ধরা পড়ত। ওই গোপন চিঠির কথা জানাজানি হয়ে যেত। লজ্জায় কিছুদিন মুখ দেখাতে পারত না অভিভাবকদের।

যখন কোনো সদ্যযুবতী কোনো ছেলের পাঠানো নীল খামের চিঠি পেত, অপছন্দের কেউ লিখলে তখনই কুটি কুটি করে ছিঁড়ে ড্রেনের পানিতে অথবা পুকুরে ফেলে দিত, আর দাঁত কিড়মিড় করে বলত, বেহায়া শয়তান কোথাকার। আর উপযুক্ত কেউ লিখলে সে চিঠি বুকের ভেতরে জামার ভাঁজে অতি যত্নে রেখে দিত। আড়ালে-আবডালে গিয়ে পড়ত বারবার বের করে। ঘামে ভিজে চিঠিটির লেখার অক্ষর ঝাপসা না হওয়া পর্যন্ত পড়তেই থাকত। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর সে চিঠির জবাব লিখত রাত জেগে। ‘মন আমার’, ‘লক্ষ্মী আমার’ বলে শুরু করত বিশ্রম্ভ্রালাপ।

যা হোক, এখন মুঠোফোন আর এসএমএসে কাজ চলে যায়। ব্যস্ততম সড়ক অথবা রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতেও প্রেমিক-প্রেমিকার কথা চলে। তাতে যদি গাড়িচাপা পড়ে মরতে হয় তবুও। এখনো যদি কেউ পুরোনো প্রথায় ফিরে যেতে চায়, যেতে পারে, তবে ধারণা করি, এখন নীল প্যাড ও নীল খাম বাজারে পাওয়া যায় না। তার বদলে এখন বেরিয়েছে হলুদ প্যাড ও হলুদ খাম। তাই রাজনৈতিক দলের নেতার রাজনীতিবিষয়ক চিঠি হলুদ প্যাডে, হলুদ খামে দলীয় সহকর্মীদের কাছে যায়। উপমহাদেশের রাজনীতির ইতিহাসে সে রকম চিঠির কথা এবারই প্রথম শোনা গেল এবং তা এই বাংলাদেশে। সে চিঠির খামের ওপর লেখা ‘অত্যন্ত গোপনীয় ও জরুরি’।

এ দেশে স্বামী-স্ত্রীর শোবার ঘরের গোপন কথা পর্যন্ত ফাঁস হয়ে যায়, সেখানে দলীয় প্রধানের ‘অত্যন্ত গোপনীয়’ চিঠির কথা জানাজানি হবে না, তা অবিশ্বাস্য। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর দলের ৪১ জন প্রেসিডিয়াম সদস্যের কাছে ‘অত্যন্ত গোপনীয় ও জরুরি’ চিঠি পাঠিয়েছেন। ‘তাঁদের প্রত্যেকেই হলুদ খামের ভেতরে হলুদ প্যাডে এরশাদের এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন।’ [ইত্তেফাক, ২০ সেপ্টেম্বর, ২০১৬]

বিয়ের গায়েহলুদের চিঠি আজকাল হলুদ কাগজে হয়। কিন্তু গুরুতর রাজনৈতিক চিঠি হলুদ কাগজে—এর তাৎপর্য বোঝা মুশকিল। ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা হয় জানি, কিন্তু বাংলাদেশের রাজনীতি যে ইয়েলো পলিটিকসের পর্যায়ে নেমেছে, তা জানা ছিল না। হলুদ সাংবাদিকতা যেমন অপসাংবাদিকতা, তেমনি রাজনীতি যখন হলুদ রাজনীতিতে পরিণত হয়, তখন বোঝা যায় রাজনীতি আর রাজনীতি নেই, তা হলুদ হয়ে গেছে। অর্থাৎ নষ্ট হয়ে গেছে এবং রাজনীতি কোনো প্রকাশ্য জনসম্পৃক্ত বিষয় নয়, তা নেতাদের নিজেদের ভেতরকার ‘অত্যন্ত গোপনীয়’ ব্যাপার।

মহাত্মা গান্ধী দলীয় নেতা-কর্মীদের কাছে জীবনে হাজার হাজার চিঠি লিখেছেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো নেতা অত চিঠি লেখেন নাই। কিন্তু তাঁর কোনোটি ‘অত্যন্ত গোপনীয়’ নয়। যা হোক, দলীয় প্রধানের হলুদ চিঠি পেয়ে প্রাপকদের ঘুম হারাম হয়ে গেছে বলে জানা গেছে। কারও কারও রক্তচাপ এতটাই বেড়ে গেছে যে নিজেদের শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঠিকমতো যেতে পারছেন না। হয়তো কাউকে যেতে হতে পারে চেকআপের জন্য ব্যাংকক অথবা সিঙ্গাপুরে।

ইত্তেফাক–এর প্রতিবেদন থেকে জানা গেল, ওই চিঠিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেসিডিয়াম সদস্যরা কী ভাবছেন, তা দলের চেয়ারম্যান জানতে চেয়েছেন। ওই হলুদপত্র পাওয়ার পর থেকে চিঠিটির কী জবাব দেবেন, তা নিয়ে নেতারা ‘দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন’। নাম প্রকাশ না করার শর্তে, প্রতিবেদককে হলুদ চিঠির প্রাপকদের কেউ কেউ বলেছেন:

‘সরকারের পক্ষে লিখবেন না বিপক্ষে লিখবেন, বিএনপির পক্ষে যায় না বিপক্ষে যায়—এমন কিছু লিখবেন কি না, আবার বাস্তব পরিস্থিতি সম্পর্কে সত্যিই নিজের মনের কথা লিখলে সেটির পরবর্তী সময়ে কোনো নেতিবাচক প্রভাব আসে কি না—এসব চিন্তায় সংশয়ে পড়েছেন। তাঁদের মন্তব্য হচ্ছে, প্রথমত, এরশাদ হঠাৎ কেন এই ধরনের প্রশ্নের লিখিত মতামত চাইলেন, সেই বিষয়ে তাঁরা অন্ধকারে; দ্বিতীয়ত, এরশাদের নিজস্ব মত সম্পর্কেও তাঁরা কিছু আঁচ করতে পারছেন না; তৃতীয়ত, লিখিত মতামত নথি হিসেবে থেকে যাবে; সেটি স্পর্শকাতর [ গোয়েন্দাদের ] কারও হাতে পড়ে কি না, যার জন্য পরবর্তী সময়ে রাজনৈতিক মাশুল দিতে হতে পারে।’

চে গুয়েভারার মতো বিপ্লবী বা কোনো গেরিলা নেতা তাঁর গভীর অরণ্যের আস্তানা থেকে সংগঠনের নেতা-কর্মীর কাছে গোপনে চিঠি চালাচালি করতে পারেন। কিংবা ফিদেল কাস্ত্রোর মতো যাঁরা নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরে যেতে পারেন না, তাঁরা দলীয় নেতাদের সঙ্গে চিঠিতে যোগাযোগ রাখতে পারেন। কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিতে গোপনে সহকর্মীদের মতামত লিখিতভাবে নেওয়ার নজির পৃথিবীর কোনো দেশে আছে কি না, জানা নেই। দলের প্রেসিডিয়ামের বৈঠকেই খোলামেলা আলোচনা হতে পারে। লিখিত মতামত নিয়ে কী করা হবে, সে সম্পর্কেও কেউ অবগত নন। প্রত্যেকে তাঁদের মনের কথা যদি তিন-চার পাতা করে লেখেন, তাহলে তো তা দিয়ে একুশের বইমেলায় একখানা বই প্রকাশ করা যায়। যেকোনো প্রকাশক আমাদের বই ফেলে রেখে সেই বই প্রকাশে আগ্রহী হবেন। কারণ, তাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি দলের এত নেতার পর্যবেক্ষণ পাওয়া যাবে। হলুদ চিঠির প্রাপকদের সমস্যা, তাঁদের উত্তর কী উদ্দেশ্যে নেতা ব্যবহার করেন, সে সম্পর্কে তাঁরা অন্ধকারে।

তবে চিঠির প্রাপকেরা যে কম বুদ্ধিমান, তা মনে করার কারণ নেই। প্রতিবেদন থেকে আমরা যা জানতে পারছি তা হলো; ‘চিঠির জবাব প্রস্তুত করছেন, এ রকম এক নেতা হাসতে হাসতে ইত্তেফাককে বলেন, আমি আমার প্যাডে জবাব দেব না, সাদা কাগজে জবাব দেব। নিজের নাম লেখা থাকলেও স্বাক্ষর করব না, যাতে পরবর্তী সময়ে কিছু হলে অস্বীকার করতে পারি—সেই সুযোগ রেখে দেব।’ আরেক নেতা বলেন, ‘আমি সরকারের পক্ষে-বিপক্ষে ভারসাম্য রেখে মতামত লিখেছি। আর সত্যিকারের মনের কথা স্যারের (এরশাদের) সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বলব, যেন পরে কোনো বিপদে না পড়ি।’

নেতারা ভালো এক কেচিকলে আটকে পড়েছেন। এবং তা থেকে বাঁচতে যাঁর যাঁর মতো রণকৌশল ঠিক করছেন। তাই ‘আরেক নেতার জমা দেওয়া মতামতের ফটোকপি নিজের কাছে রেখে দিয়েছেন।’ এক নেতা মনে করেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ, কোথায় এর শেষ কেউ জানে না। আগামী নির্বাচন কখন, কার অধীনে, কীভাবে হবে, তা এই মুহূর্তে বলা কঠিন।’ জাতীয় পার্টির আরেক নেতা মনে করেন, ‘ভবিষ্যতে কার সঙ্গে জোটে যাব, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।’

কিন্তু আমরা তো দেখছি, দলীয় চেয়ারম্যান অব্যাহতভাবে বলছেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে কারও সঙ্গে জোট বাঁধবে না। এককভাবে নির্বাচন করেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। সম্ভবত তারই প্রস্তুতিতে এই হলুদপত্র। তিনি বারবার বলছেন, সরকারের জনপ্রিয়তা বলে কিছুই নেই, মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এর অর্থ দাঁড়ায় এই, বিএনপির ভাগ্যে কী আছে না-আছে, তার ঠিক নেই। তার কর্মকাণ্ড নয়া পল্টনের বাড়িতেই সীমাবদ্ধ থাকবে, শেরেবাংলা নগরের প্রকাণ্ড ভবনের ধারেকাছে তারা যেতে পারবে না। আওয়ামী লীগ কিছু আসন নিয়ে স্পিকারের বাঁ দিকে বসবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন।

যেকোনো গুরুতর বিষয়ে শ্বেতপত্র প্রকাশের কথা আমরা শুনেছি। প্রেমিক-প্রেমিকার নীল প্রেমপত্র দেখেছি। এখন তার সঙ্গে বাংলাদেশে যোগ হলো রাজনীতিবিষয়ক হলুদ খামে অত্যন্ত গোপনীয় হলুদপত্র। আলোচ্য হলুদপত্রটি থেকে প্রতীয়মান হয়, বাংলাদেশের রাজনীতি এখন আর সাদা, সরল ও স্বচ্ছ নেই, তা হলুদ হয়ে গেছে। জন্ডিস হলে যেমন মানুষের চোখ ও শরীর হলুদ হয়ে যায়, বাংলাদেশের রাজনীতি আজ জন্ডিসে আক্রান্ত। আমাদের জন্মের পর জন্ম হয়েছে যে দুটি রাজনৈতিক দলের, সেই আওয়ামী লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টির রাজনীতি আমরা খুব কাছে থেকে দেখেছি গত ৬০ বছরে। সব দলের নেতাদের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু অবিশ্বাস, সন্দেহ ও ষড়যন্ত্রমূলক তৎপরতা ছিল না। রাজনীতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতো প্রকাশ্যে, দলীয় কার্যালয়ে।

রাজনীতির উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা, মানুষের অধিকার রক্ষা করা, জীবনযাত্রার মান বাড়ানো, রাষ্ট্রে কোনো জনস্বার্থবিরোধী কাজ হচ্ছে কি না তার দিকে নজর রাখা এবং জনগণকে একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখানো। এসব করতে গেলে নির্যাতন-নিপীড়ন সইতে হতে পারে। তবে তা আইন অনুসারে ও প্রকাশ্যে। অত্যন্ত গোপনে ফন্দি আঁটা, নেতাদের পরস্পরের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ, অথবা নির্বাচনের আগে কোনো নেতার শরীরে অসুখের লেশমাত্র না থাকলেও তাঁকে জোর করে নিয়ে হাসপাতালে ভর্তি করা, জাতীয় সম্পদ ধ্বংস বা হাতছাড়া হয়ে গেলেও প্রতিবাদ না করে চুপ থাকা—এসব ভালো রাজনীতির লক্ষণ নয়। তা যে নয় তারই সাক্ষ্য হলুদ খামের ভেতর অত্যন্ত গোপনীয় হলুদপত্র।

সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।