হাঁসফাঁসের নগর ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা অচল হয়ে গেছে, এখানে দৈনিক ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়—ঢাকা নিয়ে এসব খবরের সঙ্গে এবার যোগ হলো নতুন এক খবর, এশিয়ার শহরগুলোর মধ্যে ঢাকার মানুষেরাই সবচেয়ে বেশি কষ্টকর পরিস্থিতিতে থাকে। মানে ঢাকা এশিয়ার মোস্ট স্ট্রেসফুল সিটি। এই খবরে আশ্চর্য হওয়ার কিছু নেই।
যে শহরে বাড়ি থেকে বেরিয়ে অধিকাংশ মানুষই জানে না, কখন গন্তব্যে পৌঁছানো যাবে, সেই শহর তো কষ্টের শহর হবেই। এরপর জ্যাম ঠেলে ঘেমে-নেয়ে কর্মস্থলে যাওয়ার পরও নামের পাশে লেট মার্ক দেখলে কার মেজাজ ঠিক থাকে! ফলে এই শহরের মানুষ মানসিক শান্তির সূচকে অনেক পিছিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। এর সঙ্গে বায়ুদূষণ, লৈঙ্গিক সমতা, বেকারত্ব, ঋণের পরিমাণসহ নাগরিকদের আর্থিক অবস্থান—এসব সূচকের ভিত্তিতে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান জিপজেট এই জরিপটি করেছে।
কদিন আগেই বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানা গেল, ঢাকা শহরে যানবাহনের গড় গতি ৬ দশমিক ৮ কিলোমিটার। এ অবস্থায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে আড়াই ঘণ্টা। তার সঙ্গে আছে গরম ও ধুলা। বায়ুদূষণেও বিশ্বে দ্বিতীয় স্থান দখল করে আছে আমাদের রাজধানী শহর ঢাকা। ফলে এই শহরের মানুষের মানসিক স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে? আর শারীরিক স্বাস্থ্যের অবস্থা তো আরও করুণ। চিকিৎসা-বিষয়ক নানা গবেষণায় দেখা গেছে, উচ্চ শব্দ ও যানজটের মধ্যে বেশিক্ষণ থাকলে মানুষের রক্তচাপ বাড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায় ও উত্তেজনা বাড়ে। আমাদের শহরে এসব রোগের সব শর্তই বিদ্যমান। পরিণামে এখন অল্প বয়সী মানুষের মধ্যেও এসব রোগ দেখা যাচ্ছে।
এই শহরের দিগন্তরেখা ক্রমেই ধূসর হয়ে যাচ্ছে। ওপর থেকে দেখলে এই শহরে সবুজের দেখা পাওয়া ভার। শহরে খোলা জায়গা ও জলাভূমিও ক্রমেই হারিয়ে যাচ্ছে। সে কারণে ঢাকার গরম একপ্রকার অসহ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে শিশু-কিশোরদের খেলার জায়গাও হারিয়ে যাচ্ছে। তারা ঘরে বসে ল্যাপটপ ও ট্যাবের পর্দায় দিন কাটাচ্ছে। স্বাস্থ্যকর জাতি গঠনে যেটা মোটেও সহায়ক নয়।

একটি শহরের মূল বৈশিষ্ট্য হচ্ছে তার অভিন্ন পরিসর, যেখানে নাগরিকেরা একত্র হয়ে খোশগল্প ও ভাববিনিময় করতে পারবে। এটা না থাকলে নাগরিকদের মধ্যে সদ্ভাব গড়ে উঠবে কী করে? কর্মব্যস্ত দিনের পর মানুষের স্বস্তির নিশ্বাস ফেলার জন্যও এটি অপরিহার্য। অথচ ঢাকা নগরে এই বস্তুটির মারাত্মক অভাব। মধ্য ঢাকার রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, ধানমন্ডি লেক, গুলশান লেক ছাড়া অভিন্ন পরিসর নেই বললেই চলে (বিভিন্ন মহল্লায় ছোটখাটো মাঠ আছে, কিন্তু তা অভিন্ন পরিসর হয়ে ওঠেনি)। প্রায় দুই কোটি মানুষের ঢাকায় এটি যে খুবই নগণ্য, তা বলাই বাহুল্য। আর এই শহরের অধিকাংশ বাড়ি এমন অপরিকল্পিতভাবে নির্মিত, যেখান থেকে আকাশ ও সূর্য দেখা কঠিন। ঘরে আলো-বাতাসও খুব বেশি ঢোকে না। ফলে মানুষ বাধ্য হয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগাচ্ছে, পরিণামে গরম আরও অসহনীয় হয়ে উঠছে। অথচ আমাদের অঞ্চলে তাপমাত্রা সহনীয় রেখে গৃহনির্মাণের কৌশল বহুকাল আগেই ছিল। আমরা এখন সেসব ভুলে ইউরোপীয় কায়দায় শীতনিরোধী বাক্স বানাচ্ছি। একবারও ভেবে দেখছি না, এসব শীতের দেশের জন্য প্রযোজ্য। হাস্যকর! গৃহ ও স্থাপনা নির্মাণে সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া, জলবায়ু, সংস্কৃতি—এসব যে বিবেচনা করতে হয় সেই বোধ কি আমাদের স্থপতি ও নির্মাতাদের হারিয়ে গেছে।

তাপ প্রবাহের সময় রমনা পার্কে লেকের ধারে বসলে দেখবেন, শহরের বাকি অংশের চেয়ে সেখানকার তাপমাত্রা খানিকটা কম। সেখানে অত হাঁসফাঁসও লাগবে না। যেমন লাগবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ গাছ/সবুজ যত বেশি থাকবে, ততই তাপমাত্রা কমবে। রমনা পার্কে দীর্ঘক্ষণ বসে থাকার অভিজ্ঞতা যাঁদের আছে, তাঁরা জানেন, ওখান বসে থাকার পর মাথা কেমন হালকা লাগে। চাপও কম অনুভূত হয়। এমন পার্ক শহরের সব প্রান্তেই থাকা উচিত।

নগর নির্মাণে মানুষের স্বস্তির ব্যাপার মাথায় না রাখা হলে এই পরিণতিই হবে। মানুষ যদি সুস্থ-স্বাভাবিক না থাকে বা স্বস্তি না পায়, তাহলে সে কীভাবে কাজ করবে। আর তাহলে আমাদের উন্নয়ন ও গণতন্ত্রও রুগ্‌ণ হবে।

প্রতীক বর্ধন: সাংবাদিক।