বৃষ্টির শব্দে ঘুমটা ভাঙল আজ। বিছানা ছেড়ে এসে দাঁড়ালাম উত্তরের ঝোলা বারান্দাটায়। চারদিক ঝাপসা করে বৃষ্টি ঝরছে। এমন বৃষ্টি দেখলে আমার মনটা ছুটে যায় অনেক দূরে, সেই উত্তর আফ্রিকায়। বহু বছর হয়ে গেল এসেছি সেখান থেকে।
লিবিয়ার কথা বলছি। কি সুন্দর একটা দেশ, কী হয়ে গেল! বড় মায়া লাগে যখন মনে পড়ে সেই তিনটি বছরের দিনগুলোর কথা। কতই-না সব ঘটনা, কতই-না সব বিচিত্র মানুষের সমাহার। আর সেখানকার প্রকৃতি? বছরের প্রায় আট-নয় মাসই থাকে শীতের আমেজ। ডিসেম্বর-জানুয়ারি শুধু প্রচণ্ড শীত—তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। সেই সঙ্গে প্রবল বর্ষণ। প্রায় সপ্তাহ দুয়েক স্থবির হয়ে যায় সব ক্রিয়াকর্ম। ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। তারা ঘরবন্দী হয় আর একবার, সেই জুন-জুলাইয়ে, প্রচণ্ড বালুঝড়ে। তাপমাত্রা উঠে যায় প্রায় ৪৫-এর কাছে। দক্ষিণের সাহারা মরুভূমি থেকে উঠে আসে বালুঝড়। আকাশ ঘোলাটে হয়ে যায়। সূর্য দেখা যায় না। তপ্ত বাতাসে শরীর পুড়ে যাওয়ার উপক্রম হয়। ঘরে থাকাটাই তখন নিরাপদ।
ফেব্রুয়ারি থেকে জুন চমৎকার সময়। বসন্তকাল। আরবিতে বসন্তকে বলে ‘রবি’। মৃদুমন্দ বাতাস বইতে থাকে। সবচেয়ে মধুর যে দৃশ্য তা হলো, আঙুরগাছের পুনর্জাগরণ। শীতের সময় পত্রহীন হয়ে পড়া কালো কুচকুচে লতানো ডালগুলোতে কচি পাতার উদ্গম হয়, তারপর পাতাগুলোর ঝকঝকে সবুজ রং চারদিক উদ্ভাসিত করে। আর তার পরই থোকায় থোকায় বের হয় নানান রঙের, নানা আকৃতির আঙুর। দেশটির মানুষও খুব বিচিত্র মনের। শরীরের গঠন ভালো, শক্তিশালী কিন্তু কর্মবিমুখ। সহজে বন্ধুত্ব হবে না, কিন্তু একবার যদি কাউকে বন্ধু বলে মেনে নেয়, তাহলে জানটা তার জন্য কোরবান।
এমনি এক বিচিত্র চরিত্রের মানুষ ছিল ‘মবরুক’। আমার প্রকল্পেই রাজমিস্ত্রির কাজ করত। আমার অধীনে ছিল অনেক বাঙালি, মিসরি, তিউনিসিয়ান, তুর্কি, মরোক্কান, সুদানি, লেবাননি, ফিলিস্তিনি, পাকিস্তানি শ্রমিক ও টেকনিশিয়ান। একমাত্র লিবিয়ান ছিল মবরুক।
আমার দেখা সবচেয়ে দরিদ্র লিবিয়ান এই মবরুক। মবরুক শব্দের অর্থ অভিনন্দন। আমরা বলি মোবারক। যদিও রাজমিস্ত্রি, কাজ করত না কখনো (লিবিয়ানরা কাজ করত না কেউই, শুধু খবরদারি করত), কিন্তু আমার ন্যাওটা ছিল। আমি সাইটে যাব, মবরুক যাবেই আমার সঙ্গে। সাতটায় অফিস শুরু হতো। তাড়াহুড়োতে হয়তো নাশতা করা হয়নি। নয়টার দিকে মবরুকই বলত, ‘যাও, নাশতা করে এসো, আমি আছি।’ তারপর হয়তো আমি কোয়ার্টারে গিয়ে নাশতা করছি, দরজায় টোকা! মবরুক এসেছে বুঝতে পারি। ‘মিস্টার হায়াত, মুদির!’ অর্থাৎ সাবধান হায়াত সাহেব, ত্রিপোলি থেকে ডিরেক্টর এসে গেছে।
অনেকগুলো ছেলেমেয়ে নিয়ে সংসার চলে না তার। আমার দেখা একমাত্র লিবিয়ান, যার গাড়ি ছিল না। কেন সে গরিব তা অবশ্য বুঝিনি। কারণ, ওখানে সবারই সামাজিক নিরাপত্তা দিত গাদ্দাফি সরকার। তার পরও সে গরিব, বউ ছিল একটাই (এটাও অস্বাভাবিক), সুতরাং খেত-খামারে কাজ করার লোকের অভাব ছিল তার। আমার মনে হয় একই পোশাকে তাকে দেখেছি আমি তিন বছরই।
সে ছিল শ্রমিকদের চক্ষুশূল। কারণ তার খবরদারি, সবাইকে বকাঝকা করত হরদম। উল্টোপাল্টা কিছু হলেই সোজা আমার কাছে এসে অভিযোগ। একবার অফিস সময়ের পর ঢালাই চলছিল, আমি কোয়ার্টারে এসেছি ভাত খেতে। তখনই লেগে যায় ঝগড়া। তার থেকে হাতাহাতি। আমাদের এক উত্তেজিত বাঙালি ভাই মেরে বসে মবরুককে। সে সঙ্গে সঙ্গে ছুটে আসে আমার কোয়ার্টারে। আমি সব শুনে বললাম, ভাতটা শেষ করেই আসছি। কিন্তু অতটা ধৈর্য ধরার মানুষ মবরুক নয়। এটাও লিবীয় চরিত্র। সে সোজা চলে যায় পরিচালকের কাছে। তারপর আর কি! বাঙালি ছেলেটাকে পুলিশে দেওয়া হয়। তার আগে শাস্তিস্বরূপ আমাদের পরিচালক (একজন লিবীয় প্রকৌশলী) এক ঘুষি মেরে তার নাকটি রক্তাক্ত করে দেন। এর পর থেকে মবরুক সবার আরও বড় শত্রু হয়।
এই শত্রুতায় ইন্ধন জোগায় পোল্যান্ডের ‘কেতস্কি’। মবরুকের মতোই বয়স হবে, মানে প্রায় ৪৫ বা ৫০। ওয়ার্ক সুপারভাইজার। তার অবস্থান মবরুকের ওপরে হলেও মবরুক তার ওপরও কর্তৃত্ব করত। নির্দেশ দিত। গালাগালি করত। সবচেয়ে খারাপ যেটা, ওর নাম বিকৃত করে ডাকত ‘গ্যাত্তুস’ বলে। যার মানে হচ্ছে বিড়াল।
এই ঘটনার পর মবরুক যখন জানল কেতস্কিই শ্রমিকদের তার বিরুদ্ধে খেপিয়েছে, সে আরও চড়াও হলো কেতস্কির ওপর। দুজনার কথা বন্ধ। আড়ে আড়ে গালাগালি হয়, চোখাচোখি হয়। হয় না কোনো কথা। এর মধ্যেই একদিন মবরুক এসে আমায় জিজ্ঞাসা করে, ‘ইঞ্জিনিয়ার সাহেব, বলো তো “শালা” মানে কী। ব্যাটা গ্যাত্তুস আমাকে “শালা” বলছে।’ প্রশ্ন শুনে আমি প্রমাদ গুনলাম। বুঝলাম এ বাঙালি শ্রমিকদের কাজ। কোনো রকমে এটা-ওটা করে ওকে কিছু একটা বুঝিয়ে দিলাম, কিন্তু তার মুখ দেখে স্পষ্ট বুঝি সে খুশি হয়নি। সে ডিরেক্টরের কাছে অভিযোগ জানায়। কেতস্কির এক দিনের বেতন কাটা যায় শাস্তি হিসেবে।
এরপর পরিস্থিতি খুবই খারাপ হয়। সব থমথমে। কখন যে এই দুজনে মারপিট লেগে যায়, সেই শঙ্কায় আছি। একদিন শুনি কেতস্কি কাজে আসেনি। ভাবলাম এমনি আসেনি। তিন দিনের দিন যখন এল না, একটু চিন্তিত হলাম। আমার ঢালাই এলাকায় গিয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলাম, ওরা খুব একটা গুরুত্ব দিল না। কেউ একজন জানাল ওর জ্বর হয়েছে। মবরুককে খুঁজলাম। সেও নেই। কোথায় সে, তাও বলতে পারে না কেউ।
আমি তখন কেতস্কিকে দেখতে ছুটলাম তার ডরমিটরিতে।
গিয়ে যা দেখলাম, তাতে আমি শুধু বিস্মিতই হইনি, অবিভূত।
কেতস্কির প্রচণ্ড জ্বর। জ্ঞান নেই তার। বিছানায় শোয়ানো। আর পরম আদরে তার মাথা ধুইয়ে দিচ্ছে মবরুক। আর কী যেন বলছে বিড়বিড় করে।
আমাকে দেখেই একটু ক্ষুব্ধ স্বরে বলে উঠল, ‘একটা মানুষ কদিন ধরে এত অসুস্থ, কেউ দেখে না। এরা কি মানুষ? কুল্লু হাইওয়ান (পশু)!’
মবরুক আজ বেঁচে আছে কি না আমার জানা নেই। বেঁচে থাকলে নিশ্চয় বলত, পৃথিবীর অনেক রাষ্ট্রের প্রধানেরাই আজ ‘হাইওয়ান’ আর তাঁদের নেতা সবচেয়ে বড় হাইওয়ান হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
ঢাকা, ৭ আগস্ট ২০১৪
আবুল হায়াত: নাট্যব্যক্তিত্ব।