গত ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আকস্মিক বজ্রপাতে নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। হতাহত হয়েছে ১০ জনেরও বেশি মানুষ। ২০১২ সালের ১০ আগস্ট রাতে একটি মসজিদে তারাবির নামাজ আদায়কালে সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলায় বজ্রপাতে একসঙ্গে ১৩ জনের মৃত্যু হয়েছিল।
পৃথিবীতে প্রতি সেকেন্ডে ৪০ থেকে ৫০ বার বিদ্যুৎ চমকায়। এই হিসাবমতে, সারা বছরে প্রায় ১৪০ কোটি বার বিদ্যুৎ চমকায়। আবহাওয়াবিদদের মতে, প্রাকৃতিকভাবেই বায়ুমণ্ডলে বিদ্যুৎ সৃষ্টি হয়ে মেঘে জমা থাকে। এই বিদ্যুৎ মেঘে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ হিসেবে থাকে। মেঘে অবস্থিত বিদ্যুৎক্ষেত্র যখন যথেষ্ট শক্তিশালী হয় (প্রতি ইঞ্চিতে প্রায় ১০ হাজার ভোল্ট), তখন তার আশপাশের বাতাস ধনাত্মক ও ঋণাত্মক চার্জে বিভক্ত হয়ে মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে বিদ্যুৎ চলাচলের পথ বা শর্টসার্কিট তৈরি
করে এবং বজ্রপাত ঘটায়। উন্মুক্ত ও বিস্তৃত স্থানে বজ্রপাতে তড়িৎ চৌম্বকীয় আকর্ষণ সৃষ্টি হয় বলেই হাওরাঞ্চলে বজ্রপাত বেশি হয়। শহরের দালানকোঠায় বজ্রনিরোধক ব্যবস্থা আছে, কিন্তু গ্রামাঞ্চলে তা নেই। বৈশাখ মাসে কৃষকেরা হাওরে ফসল কাটেন, ফলে তাঁদের খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। হাওরাঞ্চলে এ সময় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়।
বজ্রপাতের স্থায়িত্ব হয় এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ। ঠিক এই সময়েই বজ্রপাতের প্রভাবে বাতাস সূর্যপৃষ্ঠের পাঁচ গুণ বেশি উত্তপ্ত হয়ে ওঠে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। ভূপৃষ্ঠের যে স্থানে বজ্রপাত হয়, তার ১৫ থেকে ২০ ফুটের মধ্যে কেউ থাকলে তার মৃত্যু অনিবার্য। এ ছাড়া বজ্রপাত সরাসরি টিনের ঘর বা দালানকোঠার ওপর পড়লেও মারাত্মক ক্ষতি হতে পারে। গাছের ওপর বজ্র পড়লে গাছ পুড়ে যায়। রাবার, প্লাস্টিক ও শুষ্ক ত্বক উচ্চ রোধকযুক্ত হওয়ায় এগুলো বিদ্যুৎপ্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এই কারণে ঘরবাড়ি বা গাড়িতে অবস্থানকারী ব্যক্তির চেয়ে খোলা আকাশের নিচে অবস্থানকারী ব্যক্তির বজ্রপাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। হাওরের প্রকৃতি ও প্রতিবেশবিষয়ক গবেষকেরা বলছেন, বজ্রপাতে প্রাণহানি কমাতে সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি হাওরে ও খোলা জায়গায় উঁচু গাছ, বিশেষ করে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে। এতে একদিকে যেমন বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, অন্যদিকে সবুজের সমারোহে ভরে উঠবে দেশ।
লেখক: সাংবাদিক, ধরমপাশা, সুনামগঞ্জ।