হাওরে মঙ্গার পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনের দিন কেমন কাটবে, সংসার চলবে কীভাবে—এই অনিশ্চয়তায় ফসলহারা গ্রামবাসী। ছবিটি গতকাল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ঘটঘটিয়া গ্রাম থেকে তোলা l প্রথম আলো
সামনের দিন কেমন কাটবে, সংসার চলবে কীভাবে—এই অনিশ্চয়তায় ফসলহারা গ্রামবাসী। ছবিটি গতকাল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ঘটঘটিয়া গ্রাম থেকে তোলা l প্রথম আলো

সুনামগঞ্জ শহর থেকে ১৭ কিলোমিটার দূরে বিশ্বম্ভরপুর উপজেলা সদর। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় ঘটঘটিয়া নামের এক পাহাড়ি নদী বেয়ে পাঁচ কিলোমিটার পেরিয়ে পৌঁছা গেল ঘটঘটিয়া গ্রামে। নদী থেকে গ্রামের কিনারে এসে উঠে দাঁড়াতেই লোকজন কাছে আসতে শুরু করল। প্রথমেই এগিয়ে এলেন লালসাদ নামের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। তিনি ভেবেছেন আমরা সরকারের লোক, নিজের নামটাই আগে বললেন, যেন আমি তা লিখে নিই। সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় বললেন, ‘সব ধান গেছে, আমরা শেষ।’ তাঁর পাঁচ ছেলে, এক মেয়ে। পাঁচ কেয়ার (বিঘা) জমিতে ধান চাষ করেছিলেন, ধান চাষই তাঁর প্রধান জীবিকা। কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ বৃষ্টি আর পাহাড়ি ঢলে সেই ধান নষ্ট হয়ে গেল। এখন সারা বছর তাঁর সংসার চলবে কীভাবে?

দেখতে দেখতে ভিড় জমে ওঠে। যে সময় গ্রামের মানুষের ব্যস্ত থাকার কথা ছিল ধান কাটা-মাড়াই করা, ধান বিক্রি করে ঘরদোর মেরামত করা এসব কাজে, সেই সুখের মওসুমে এবার এসেছে বর্ষার মতো ঢল। তাই গ্রামের প্রায় সব লোকই এখন বেকার। সে কারণেই ভরদুপুরে আমার চারপাশে ভিড় জমে যায়। সবাই নিজের দুঃখ-দুর্দশা-দুশ্চিন্তার কথা বলতে ব্যাকুল। একে অন্যকে থামিয়ে বলতে শুরু করলেন। তাঁদের অনুরোধ করে বললাম, ‘একজন একজন করে বলেন।’ একজন বললেন, এখনই তাঁর অভাব শুরু হয়েছে। তাঁর পেশা মাছ ধরা। কিন্তু কদিন ধরে মাছ ধরছেন না। প্রশাসন মাইকিং করে মাছ খেতে নিষেধ করে দিয়েছে। তাই লোকে মাছ খাচ্ছে না।

গালভরা সফেদ দাড়িওয়ালা ৬৫ বছরের আসক আলী বললেন, তাঁর একান্নবর্তী সংসারে ১৯ জন খানেওয়ালা। ৩৬ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন, সব গেছে। গরু ছিল ছয়টা, সম্প্রতি তিনটা বেচে দিয়েছেন। বাকি তিন গরুকে কী খাওয়াবেন, সেই দুশ্চিন্তা শুরু হয়েছে।

৫৬ বছর বয়সী মকবুল হোসেনেরও পরিবার বড়, ১২ জন সদস্য। তাঁর অবস্থাও আসক আলীর মতো। কপালে দুশ্চিন্তার ভাঁজ। বললেন, ‘আমার নামটা লেখেন। সরকারকে বলবেন, সামনে আমাদের বড়ই দুর্দিন। আমরা শেষ হয়ে যাব।’

৪৭ বছর বয়সী ফারুক মিয়া বললেন, তাঁর চার মেয়ে। প্রথম মেয়ের বিয়ে দিয়েছেন। এই বৈশাখে দ্বিতীয় মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। এখন বিয়ে দূরে থাক, খেয়েপরে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। পাশ থেকে আরেকজন বললেন, এই গ্রামে এ বছর পনেরো-ষোলোটা বিয়ে হওয়ার কথা ছিল। ফসল উঠলে গ্রামে বিয়ের ধুম পড়ে যেত। এখন আর একটা বিয়েও হবে না।

জিজ্ঞাসা করলাম, ‘আপনারা এখন কী করবেন?’ বয়স্ক ব্যক্তিরা বললেন, ‘কী আর করার আছে! আল্লাহ আল্লাহ করুম।’ বৃদ্ধ আসক আলী বললেন, ‘আল্লাহ ছাড়া তো ভরসা নাই।’ অপেক্ষাকৃত কম বয়সীরা বললেন, তাঁদের এখন উপায় হলো মাছ ধরে কোনোমতে আগামী ফসলের মওসুম পর্যন্ত টিকে থাকা। আগামী মওসুম মানে পুরো এক বছর। তার আগে টিকে থাকার জন্য অনেক কিছু করতে হবে। বর্ষা শুরু হলে হাওরে অনেক মাছ পাওয়া যাবে। কিন্তু সরকার যদি বড়লোকদের কাছে হাওর লিজ দিয়ে দেয়, তাহলে ‘আমরার মরণ’। তাঁরা চান, হাওর যেন লিজ দেওয়া না হয়। তাঁরা যেন মাছ ধরে খেয়েপরে বাঁচতে পারেন।

একজন বললেন, যাঁরা ধারকর্জ করে ধান চাষ করেছিলেন, সার-কীটনাশক ইত্যাদি কিনেছিলেন। কথা ছিল নতুন ধান বিক্রি করে তাঁরা ঋণ শোধ করবেন। কিন্তু নতুন ধান কোথায়? তাঁরা ঋণ শোধ করবেন কী দিয়ে?

জানতে চাইলাম, এ রকম ফসলহানি এর আগে কখনো হয়েছিল কি না। একজন বললেন, সংগ্রামের (মুক্তিযুদ্ধের) কয়েক বছর পরে একবার হয়েছিল। অন্যজন এর প্রতিবাদ করে বললেন, সংগ্রামের পর নয়, আগে। আরেকজন তার প্রতিবাদ করে বললেন সংগ্রামের পরে। এই নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে বৃদ্ধ লালসাদ বললেন, ঘটনাটা ঘটেছিল মুক্তিযুদ্ধের কয়েক বছর পরে। তারপর প্রায় চল্লিশ বছর পেরিয়ে গেছে, কিন্তু এমন বৈশাখ মাসে বিপর্যয় এর আগে আর কখনো আসেনি। বৃদ্ধ বললেন, আগে পাহাড়ি নদীগুলো ছিল খরস্রোতা। এখন সেগুলো ভরাট হয়ে গেছে। বিশ্বম্ভরপুরের সাংবাদিক স্বপন কুমার বর্মন বললেন, নদীগুলোর নাব্যতা কমে যাওয়া হাওর অঞ্চলের অসময়ে জলমগ্নতার একটা বড় কারণ।

গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলাম, ‘এবারের এই ফসলহানির জন্য আপনারা কাকে দায়ী করবেন?’ বৃদ্ধরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। অল্প বয়সীরা বললেন, বেড়িবাঁধের কাজে যারা গাফিলতি আর চুরি করেছে, দোষটা তাদের। তারা বেড়িবাঁধে ঠিকমতো মাটি দেয়নি। যেটুকু দিয়েছে, তা ঢলের পানি আটকাতে পারেনি। ঘাগটিয়া গ্রামের অদূরে একটা রাবার ড্যাম আছে, সেটাকে দায়ী করলেন অনেকে। ওই রাবার ড্যাম তৈরি হওয়ার পরে নাকি তাঁদের গ্রামের আশপাশে প্রায় প্রতিবছরই জলমগ্নতা সৃষ্টি হয়। হাওরাঞ্চলে জলব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ফসল রক্ষার জন্য বেড়িবাঁধ ও রাবার ড্যাম নির্মাণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রকৃতির সঙ্গে কিছু বিরোধ সৃষ্টি হয়েছে বলে মনে হয়। হাওরে পানি প্রবেশ করা এবং প্রয়োজনের সময় পানি বের করে দেওয়ার কাজগুলো সম্ভবত সঠিকভাবে করা হয় না।

‘আপনাদের ফসল তো ঘরে ওঠেনি, তার মানে আপনাদের হাতে বাড়তি টাকা এখনো আসেনি। এখন আপনারা কীভাবে চলছেন?’ আমার এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন, তাঁদের ঘরে অভাব শুরু হচ্ছে। যতই দিন যাবে, অভাব ততই প্রকট থেকে প্রকটতর হতে থাকবে। কার্তিক মাসে যখন নতুন করে ধান চাষের কাজ শুরু হবে, তখন ছোট কৃষকদের অবস্থা হবে সঙিন। তাঁদের হাতে টাকা থাকবে না; ধানের বীজ, সার, কীটনাশক ইত্যাদি কেনার পয়সা থাকবে না। ঋণ করতে হবে, কিন্তু যেহেতু ব্যাপক ফসলহানি ঘটেছে, তাই ঋণ দেওয়ার মানুষও পাওয়া যাবে না।

মশিউল আলম: সাংবাদিক ও সাহিতি্যক৷
[email protected]