হাওরের কান্না, পাহাড়ের ক্রন্দন: উপায় কী বলো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর তলিয়ে যায়। ব্যাপক ক্ষতি হয় ফসলের। সিলেট সদরের বাওরকান্দি হাওর এলাকা থেকে তোলা ছবি। ফাইল ছবি
এ বছর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর তলিয়ে যায়। ব্যাপক ক্ষতি হয় ফসলের। সিলেট সদরের বাওরকান্দি হাওর এলাকা থেকে তোলা ছবি। ফাইল ছবি

পরিচিত নম্বর না হলে ফোন ধরতে গড়িমসি হয়। ভুল মানুষ বা ভুল সংখ্যা এবং শঙ্কা এড়াতেই এসব গড়িমসি। তবে ঈদের দিন সব ফোন ধরাটাই দস্তুর। নামাজ থেকে ফিরে সেমাই মুখে তোলার চামচ হাতে নিতে নিতে একটা ফোন এল। অচেনা নম্বর। চাঁদরাতেও ওই নম্বর থেকে বার দুয়েক ফোন বেজেছিল।

আমি বলি, ‘ঈদ মোবারক।’ ওপার স্তব্ধ। কেবল খস খস আওয়াজ। বোঝা যায়, হাতবদল হচ্ছে ফোন। আবার বলি, ‘হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক।’

বার দুয়েক রিপিট করার পর ক্ষীণ কণ্ঠে আওয়াজ শুনি, ‘আংকেল? আংকেল? মায়ে তো আসে নাই।’

আমার বুকটা হু হু করে ওঠে। কে আসেনি? কার মা আসেনি?

মনে পড়ে, একাত্তরের ঈদ মাকে ছাড়া জীবনের প্রথম ঈদ। সে তো আমাদের সকলেরই মা-ছাড়া ঈদ ছিল। এরপরও হাউমাউ করে কেঁদেছিলাম অনেকক্ষণ। ঈদের সকালে আসমা (আসল নাম নয়) ফোন করেছিল বন্যাবিধ্বস্ত তাহিরপুরের এক প্রত্যন্ত হাওর গ্রাম থেকে। বৈশাখের শুরুতে তাদের গ্রামে গিয়েছিলাম, বসেছিলাম। আসমাদের স্কুলের শিক্ষকেরা ছিলেন, ছিলেন কতিপয় ছাত্রছাত্রী। স্কুলের বোর্ডে চক দিয়ে আমার বিদঘুটে নামের সবচেয়ে সহজ অংশটা লিখে দিয়েছিলাম। শিক্ষক আর স্থানীয় সরকারের দু-একজন প্রতিনিধির অনুরোধে আরও তথ্য আদান-প্রদানে লিখে দিয়েছিলাম ফোন নম্বরটাও। পরেরবার যাওয়ার আগে যেন ফোন দিয়ে যায় ইত্যাদি ইত্যাদি।

বড়দের সঙ্গে আলাপ-আলোচনার পর ছাত্রছাত্রী, অছাত্র-অছাত্রী, বালক-বালিকা, কিশোর-কিশোরীদের সঙ্গেও বসেছিলাম তাদের লেখাপড়া ও কাজ-কামের হাল হকিকত জানার জন্য। তখনই জানতে পারি, আসমার ভাই, মা আর বড় দুই বোন চলে গেছে কাজের সন্ধানে ঢাকা বা চাটগাঁয়। আসমা রয়ে গেছে পানিবন্দী গ্রামে। সে এবার পিএসসি দেবে। না দিলে সেও চলে যেত। আসমার কাছে তার মা রেখে গেছেন তার বয়োবৃদ্ধ নানি আর চার বছরের ছেলেকে। আসমা তাদের দেখাশোনা করে আর স্কুলে যায়। তাকিয়ে থাকে জলের দিকে—কবে ফিরবেন মা। মায়ের কোনো মোবাইল নেই, তবে আঁটির (গ্রামের) একটা দোকানের নম্বর নিয়ে গেছেন। সেখানে খবর করেন মাঝে মাঝে। আসমার মায়ের ঈদে বাড়িতে আসার কথা ছিল। গত সাত দিন কোনো খবরবার্তা নেই। তাই আসমা চাঁদরাতে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। ঈদের দিন আবার ফোন করেছে। আমি যদি তার মায়ের একটা খবর করতে পারি!

এই নিঠুর নগরটা তো তাহিরপুরের আঁটি নয়, এটা কেমন করে বোঝাব আসমাকে। হাজার হাজার গার্মেন্টসের কোনটায় কাজ পেয়েছেন তিনি, তাও আমার অজানা। তারপরও আসমার বড় বিশ্বাস—কেউ পারলে আমিই পারব। তার আর কেউ নেই। কাকে সে জিগাবে? মাকে তার খুব দরকার। শুধু কি ঈদের সেমাই আর পায়েসের জন্যই তার মাকে মনে পড়েছে? নাকি প্রায় কিশোরী হয়ে ওঠা আসমার মাকে দরকার আরও নানা কারণে। তাদের গ্রামের অনেকে ফিরেছেন। ফেরেননি তার মা আর ভাইয়েরা। এখন ওঁরা ফিরবে কি ফিরবেন না—এ সংবাদ জানতে আসমা উদ্‌গ্রীব। আমার কাছে কোনো উত্তর নেই। আমি কোনো আশ্বাস দিতে পারি না। ফোনের মালিক দোকানদারের কাছে কিছু মামুলি প্রশ্ন করে নিজেকে সামলাই। আসমাকে কে সামলাবে?

হাওরের মানুষের বড় আপনজন দিবালোকদার (ড. দিবালোক সিংহ) ফেসবুক স্থিতির কথা মনে হলো। তিনি ঈদের কথা লিখতে গিয়ে হাওয়ের প্রসঙ্গ এনেছেন। পাহাড়ের প্রসঙ্গও বাদ পড়েনি। তিনি ঠিকই বলেছেন, আমাদের রাজনৈতিক, সামাজিক আর অর্থনীতিতে এমন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, যা সব প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি দরিদ্র হাওরবাসীকে দুর্ভিক্ষ-ঝুঁকি থেকে রক্ষা করবে। তিনি লিখেছেন, হাওরে ঈদ নেই। চাল আর অর্থ বিতরণ নিয়ে চলছে সীমাহীন দুর্নীতি। মোটা চালের দর যেখানে কেজি প্রতি ৬০ টাকা। সরকারি গুদামেও চালের মজুত সর্বনিম্ন পর্যায়ে। জলবন্দী হাওরবাসীর জাল নিয়ে জলে নামার অধিকার নেই। ভাসন জলে মাছ ধরার অধিকার থেকে তারা বঞ্চিত।

অন্তত এ বছরটা যদি তাদের সে অধিকার ফিরিয়ে দেওয়া হয়, তাহলেও খেয়ে-পরে বাঁচতে পারে। বছর কয়েক আগে জলে ফসল ভেসে গেলে আজকের রাষ্ট্রপতি সেদিনের স্পিকার তাঁর নির্বাচনী এলাকায় ভাসন জলে মাছ ধরার অনুমতি আদায় করতে পেরেছিলেন। সে যাত্রায় আসমাদের মতো অনেক পরিবার না খেয়ে থাকার পরিস্থিতি এড়াতে পেরেছিল। এবার কেনো তা সম্ভব হচ্ছে না?

গওহার নঈম ওয়ারা: ব্র্যাকের জলবায়ু ও দুর্যোগ বিভাগের পরিচালক