হাওরের ক্রন্দন, আউশ ধানও নতুন সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হাওরের আগাম ঢল। ঢলে তলিয়ে গেছে এ বছরের বোরো ধান। হাওর এলাকাজুড়ে চলছে ক্রন্দন আর আহাজারি। আমি এখন এমন এক এলাকায়, যেখান থেকে হাওর আর বিলের দূরত্ব সামান্যই। খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি গত কিছুদিনের ঝড় আর শিলাবৃষ্টির ভয়াবহতা। সর্বত্র এখন ঝড়ের তাণ্ডব। এমন এক দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে হাওরের মানুষের এই ক্রন্দন থামাতে কিছু একটা করতে মনে হয় শুধু তাত্ত্বিক বিজ্ঞান দিয়ে হবে না; ফিরে তাকাতে হবে পেছনে, যেতে হবে আরও সমস্যার গভীরে, সমাধান খুঁজতে হবে শিকড়ের কাছে।

যখন হাওরগুলো ছিল সাগরের মতো বিশাল, ধান ছিল তার প্রাণ। এই দেশের উন্মেষের কালে মানুষ পোষ মানিয়েছিল একগুচ্ছ ধানের জাতকে, যারা বন্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠত। যেন দূর থেকে পানির পদধ্বনি শুনেই অতিদ্রুত তারা পেকে উঠত। অর্থাৎ বর্ষা যত এগিয়ে আসত, ততই তারা সোনালি হয়ে উঠত। এ কারণেই বুঝি তাদের বলা হতো অতিদ্রুত পেকে যাওয়া ধান বা আশু ধান। এই আশু শব্দ থেকেই এসেছে আউশ শব্দটি। জলাভূমির এই দেশে বহুকাল আগে মানুষ তাদের সৃষ্টি করেছিল সংকরায়ণ ঘটিয়ে। অনাহার আর দুর্ভিক্ষের এই দেশে খাদ্যনিরাপত্তার যুদ্ধে তারা ছিল যেন গেরিলা যোদ্ধা। সেই সব ধানের ভাত ছিল অতি পুষ্টিকর। স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপযোগী।

তারপর কেটে গেছে বহুকাল, বহুযুগ। বেড়েছে জনসংখ্যা, কমেছে হাওরের আয়তন। হাওরগুলো ধীরে ধীরে হয়ে যাচ্ছে ভরাট, মৃতপ্রায়। সিলেটের প্রচলিত একটি প্রবাদ ছিল, ‘হাওরের মাঝে হাকালুকি/ আর সব কুয়া’। আজ সেই হাকালুকি সংকুচিত কিংবা অসময়ে বন্যার হিংস্র জলে সয়লাব। তার আর নেই জলে-ধানে ভরা জৌলুশ। আজ হারিয়ে গেছে সমতলের আমন আর জলাভূমির আউশ ধান। আজকের আধুনিক ধানগুলো বন্যার সঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে পারে না। উচ্চ ফলনশীল (উফশী) ধানগুলো বন্যার সময় হয় ফসলশূন্য। এভাবে আমরা তৈরি করেছি এমন এক কৃষি, যেখানে জলাভূমিতে বেড়ে ওঠা এবং অতিদ্রুত বন্যার সঙ্গে পাল্লা দিয়ে পেকে যাওয়া ধানগুলো হয়ে গেছে বিলুপ্ত। শোনা যায়, তাদের কিছু দানাকে ফিলিপাইনের বানোসের হিমাগারে রাখা হয়েছে। তাহলেও এদিকে আমরা কানিহাটির মানুষেরা উদ্ধার করেছি আমাদের এলাকার আউশ ধানগুলোকে। তাদের নাম কাসালত, চেংড়ি, বাওরাস ও দুমাই। একেবারে শেষের, অর্থাৎ দুমাই ধানটি পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ধান, যার ফলন এবং পুষ্টিগুণ দুটিই ঈর্ষণীয়।

আমরা গবেষণা করে দেখেছি, বীজ থেকে বীজে যেতে আমনের লাগে ৭৫ দিন আর বোরোর লাগে ৯০ দিন। অর্থাৎ ডিসেম্বরের ১৫ তারিখে এই ধান বপন করলে মার্চের ১৫ তারিখের মধ্যেই; বন্যা আসার বহু আগেই এ জাতের ধান ঘরে তোলা সম্ভব। শীতকালে এই ধানের চারা শীতে কাবু হয়ে পড়ে না। কাজেই এ ধানকে কেন্দ্র করেই হাওরে শুরু হতে পারে পুনরুজ্জীবনের কাজ। দেশে এখনো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়নি, এমন কিছু ধান রয়েছে; যা দুমাইয়ের সঙ্গে মিশিয়ে হাওরে লাগিয়ে দিলে বন্যার আগে পাওয়া যাবে একটি ফসল আর বন্যা চলে আসার পরও জলজ সেই ধানগাছ থেকে পাওয়া যাবে আরেকটি ফসল। আমরা চাই হাওরগুলো হয়ে উঠুক এই দুই ধানের অভয় জলাভূমি।

ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের আমলে এ দেশে এসেছিল ইরি ধান। আমেরিকা ঠিক করেছিল যেহেতু ফিলিপাইন এশিয়ায় তাদের সবচেয়ে বড় মিত্রদেশ, ফিলিপাইনেই হবে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। ইরির বিজ্ঞানীরা আবিষ্কার করলেন নতুন এক জাতের ধানের কথা, যা লম্বায় হবে ছোট এবং ধান ধরার সময় ধানের ভারে যা মাটিতে শুয়ে পড়বে না। ফসলি মাঠে লাইন করে সে ধান লাগানো হবে। এ ধানের জন্য লাগে অনেক সার ও কীটনাশক। আউশের বিপরীতে এ ধানের চাল আর লাল নয়, ধবধবে সাদা। আউশের গুণের শেষ নেই। লাল ধান, খুবই স্বাদু। পুষ্টিও অনেক বেশি। গবেষণা বলছে, এই লাল ধান ডায়াবেটিস ঠেকায়। এর গুণেই আগেকার যুগের মানুষের ডায়াবেটিস ইত্যাদি রোগ কম হতো।

পরবর্তী সময়ে বিরি এমনি ধাঁচের অনেক উচ্চ ফলনশীল ধান আমাদের উপহার দিয়ে খাদ্যনিরাপত্তায় রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকায় বিবর্তিত স্থল ও জলাভূমির ধানগুলো উফশী ধানের আগমনে ক্রমাগত বিলুপ্ত হয়ে গেছে। যেহেতু তারা মাঠে নেই, কাজেই পরাগায়ন ও সংকরায়ণের মাধ্যমে যেভাবে হাজার বছর ধরে হাজার জাতের ধানের উদ্ভব হচ্ছিল, সেই প্রক্রিয়াও একেবারেই বন্ধ হয়ে গেছে। সেহেতু আমরা আজ তাদের পাচ্ছি না। সেই প্রায় বিলুপ্ত ধানকে আবার বাঁচিয়ে তোলার সময় এসেছে। বর্তমান কালের প্রতিকূল আবহাওয়া, ঘন ঘন বন্যা আবার ফিরিয়ে এনেছে আশু ধানের প্রয়োজনীয়তা। আমরা মাঠের চাষি, হাওর ও জলাভূমির কৃষকদের নিয়ে সৃষ্টি করতে চাই নতুন এই বিজ্ঞানযাত্রা। অতিদ্রুত বেড়ে ওঠা দুমাই ধানের সঙ্গে উফশী ও হাইব্রিড ধানের সংকরায়ণ ঘটিয়ে আমরা তৈরি করছি বন্যানিরোধী অসংখ্য আশু ধান। এ যাত্রায় আমরা কাজে লাগাতে চাই অত্যাধুনিক জিনম এডিটিং প্রযুক্তি (genome editing)। এবং অতিসত্বর বেড়ে ওঠা দুমাই ধানের আমরা ফ্রিকোয়েন্সি (apomixis) করতে চাই। আমরা জানতে চাই, কী প্রক্রিয়ায় একটা ধানের জাত এত দ্রুত বেড়ে উঠে ফসল দিতে পারে। এই দ্রুততর বেড়ে ওঠার ক্ষমতাকে উচ্চ ফলনশীল ধানে নিতে পারলে কৃষিতে সূচিত হবে নতুন এক বিপ্লব।

আমরা চাই পরিবেশ সহনশীল এ নতুন বিপ্লবের সূচনা হোক বাংলাদেশের গবেষণাগারগুলোতে, বাংলার হাওর ও জলাভূমিতে। ইরি ও বিরির অত্যন্ত সফল প্রাতিষ্ঠানিক গবেষণার পাশাপাশি আমরা শুরু করতে চাই জনগণের নতুন এক ধানবিজ্ঞান, যার লক্ষ্য থাকবে একদিকে হাজার জাতের ধানকে আবার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের ৮৭ হাজার গ্রামে অন্তত ১০ শতাংশ জমিতে এ ধানের অভয়ভূমি করার সংকল্প। অন্যদিকে রয়েছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের প্রযুক্তি, যেমন জিনম এডিটিং ও অ্যাপোমিক্সিসের মাধ্যমে ধানে নতুন এক বিপ্লবের সূচনা করা।

আমরা খাদ্যনিরাপত্তায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি। আধুনিক কৃষিবিজ্ঞানের কল্যাণে এখন আমাদের খাবার উদ্বৃত্ত। কিন্তু স্বাভাবিক জলাভূমি অথবা স্থলভূমির বন্যা সমস্যা নিরোধে আমরা এখনো অপারগ। কাজেই আধুনিক কৃষিবিজ্ঞানের পাশাপাশি আমাদের চিরন্তন ও প্রাচীন কৃষিপ্রযুক্তিকে কাজে লাগাতে হবে। এর একটি ধারা হতে পারে হাওরের বোরো ধানে আউশ প্রজাতির ব্যবহার।

কিন্তু শুধু ধানের পরিচর্যা করলেই চলবে না। হাওরগুলোর আরও সমস্যার দিকেও নজর দিতে হবে। হাওরের সমস্যা আরও ব্যাপক। হাওরের মানুষ আমাদের কাছে সুদূর ও প্রায় অদৃশ্য। এই জলাভূমির মানুষকে ও তাদের সমস্যাগুলোকে দেশ ও জাতির সামনে তুলে ধরার অঙ্গীকার আমাদের যত দ্রুত সম্ভব ব্যক্ত করতে হবে। এবং সেই অনুযায়ী কাজে লেগে যেতে হবে।

আবেদ চৌধুরী: জিন বিজ্ঞানী। তিনটি নতুন জিন আবিষ্কার করে অ্যাপোমিক্সিসের সূচনাকারী। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থায় একটি গবেষক দলের প্রধান।