হাওরের দুর্গত মানুষ ও মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগের সময়েই যদি এই হয় কাজের নমুনা, তাহলে স্বাভাবিক সময়ে তাঁদের কাজের অবস্থা কী?
দুর্যোগের সময়েই যদি এই হয় কাজের নমুনা, তাহলে স্বাভাবিক সময়ে তাঁদের কাজের অবস্থা কী?

প্রশ্নের মতো করে বললেও কথাটির ভেতর দিয়ে আসলে বিস্ময় মেশানো ক্ষোভই প্রকাশ করেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

গত ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা চলছিল। সেখানে জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মন্ত্রী-সচিবের প্রশ্নের মুখে জানালেন, তাঁরা বন্যাকবলিত হাওর অঞ্চলে যাননি। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাঁদের কোনো প্রস্তুতি বা পরিকল্পনাও নেই। মূলত মোবাইল ফোনে ফোনে কথা বলে তাঁরা বন্যা পরিস্থিতির খবরাখবর নিয়েছেন। তার ওপর ভিত্তি করেই পরিসংখ্যান তৈরি করে প্রতিবেদন দিয়েছেন। এসব জেনেই মন্ত্রীর ওই ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

প্রায় চার সপ্তাহ ধরে আকস্মিক বন্যা চলছে নেত্রকোনার হাওর অঞ্চলে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ওই মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল দুর্গত এলাকার পরিস্থিতি ও ত্রাণ বিতরণের জন্য সোমবার বিকেলে ঢাকা থেকে রওনা দেন। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও ছিলেন সঙ্গে। পরে যোগ দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান এবং স্থানীয় সাংসদেরা। সন্ধ্যায় জেলা শহরে পৌঁছেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ। জেলার সব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতারা উপস্থিত। ঘরভর্তি লোক। ভেতরে জায়গা না পেয়ে বাইরে বারান্দায় ভিড় করেছিলেন আরও অনেকে।

শুরুতেই জেলা প্রশাসক মুশফিকুর রহমান বন্যা পরিস্থিতি তুলে ধরলেন। জেলার ১০টি উপজেলার মধ্যে খালিয়াজুড়ি উপজেলার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এ ছাড়া কলমাকান্দা, মদন ও মোহনগঞ্জ—এই তিন উপজেলার ক্ষতি আংশিক। ক্ষয়ক্ষতির বিস্তর তথ্য উপস্থাপন করা হলো। এখন তথ্যপ্রযুক্তির যুগ। মাঠপর্যায়ে যে এর প্রয়োগও হচ্ছে, তার নজির থাকল পাওয়ার পয়েন্ট উপস্থাপনায়। সেখানে বন্যাকবলিত হাওর এলাকার ছবিসহ গ্রাফ করে তথ্য পরিসংখ্যান তুলে ধরা হলো। ১ লাখ ৮৪ হাজার ৩২০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছিল। তলিয়ে গেছে ৬৯ হাজার ৭১০ হেক্টর জমি। এতে ১ লাখ ৬৭ হাজার ১৮০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলায় মাছ উৎপাদিত হয় ৩৯ হাজার মেট্রিক টন, ক্ষতি হয়েছে ১ হাজার ১৮০ মেট্রিক টন। জেলে পরিবার ৩২ হাজার। তাদের মধ্যে ১৬ হাজার ৫২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত।

চমৎকার একটি প্রামাণ্য প্রদর্শনী উপস্থাপনার পরিতৃপ্তিরও আভাস দেখা গেল পদস্থ কর্তাদের চোখেমুখে। অবশ্য একটু গুমোট আবহাওয়ায় অস্বস্তি বোধ হচ্ছিল জনাকীর্ণ ঘরটিতে। কারণ, বিদ্যুৎ সরবরাহ ছিল না। সন্ধ্যায় অন্ধকারাচ্ছন্ন শহরে প্রবেশ করেই জানা গিয়েছিল দিনের প্রথম ভাগে এক ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে শহরের ভেতরে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে তা উপড়ে ফেলেছেন। তার ছিঁড়ে সারা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। চালু হতে রাত পেরিয়ে যাবে।

যা হোক, মন্ত্রী–সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা আসছেন, তাই সভাকক্ষে জেনারেটরে আপত্কালীন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। তাতেই চলছিল সভার কাজ। কিন্তু সবার উজ্জ্বল মুখ ক্রমেই মলিন হয়ে গেল, যখন সচিব শাহ কামাল কর্মকর্তাদের জনে জনে জিজ্ঞাসা শুরু করলেন তাঁদের পরিকল্পনা কী? কী ভেবেছেন দুর্যোগ কাটিয়ে ওঠার বিষয়ে? হাওর অঞ্চলে গেছেন কি না? দায়িত্ববান কর্মকর্তারা যেসব উত্তর দিলেন, আর তাতে যে চিত্র উঠে এল, তা যেমন ছিল অকল্পনীয়, তেমনি ভয়াবহ।

ত্রাণসচিব প্রথমেই কৃষি বিভাগের উপপরিচালকের কাছে জানতে চাইলেন, সামনে রোজা আসছে। দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে এলাকার শুকনো জায়গাগুলোতে স্বল্প মেয়াদে কোনো সবজি বা ফসল করা যায় কি না। অথবা কৃষকেরা ক্ষতি কাটিয়ে উঠতে পারেন এমন কোনো ভাবনা কি তাঁর আছে? কৃষি কর্মকর্তা প্রশ্নটি ঠিক বুঝতে পারলেন না। সচিব আবার তাঁকে বুঝিয়ে বললেন, সব এলাকা তো ডোবেনি। বাঁধের পাশে, বাড়ির আশপাশে হয়তো অনেক জায়গা জেগে আছে। সেখানে হয়তো শাকসবজি লাগানো যায়। যদি যায় তবে কী ধরনের সবজি, কীভাবে চাষ করতে হবে? এবার কর্মকর্তা বুঝলেন। বললেন, না, এ ধরনের কোনো ভাবনা তাঁর নেই।

সচিব এবার জেলা মৎস্য কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন, তিনি কী ভেবেছেন। মৎস্য কর্মকর্তা বললেন, ক্ষতি কাটিয়ে উঠতে তাঁর ৩০ টন পোনা মাছ লাগবে। পরক্ষণেই বললেন, লাগবে ৬০ টন। সচিব বললেন, এভাবে মনগড়া হিসাব দেবেন না। রোজার আগে বাজারে উঠতে পারে এমন বড় আকারের পোনার কথা ভাবুন। হাওর ছাড়াও অনেক জলাশয় আছে, যেখানে বন্যার পানি ঢোকেনি। সেসব জলাশয়ে পোনা ছাড়ার কথা ভাবুন। বন্যা এলাকা ঘুরে দেখেছেন? এবার কর্মকর্তা নিশ্চুপ।

সচিব জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বললেন, আপনার তো গুরুত্বপূর্ণ কাজ। কয়টি এলাকায় গেছেন? প্রকৌশলী বললেন, তিনি তিনটি উপজেলায় গেছেন। সচিব বললেন, নাম বলুন। তিনি শুধু খালিয়াজুরি উপজেলার নাম বলতে পারলেন। আর কোনো এলাকার নাম বলতে পারলেন না। সভাকক্ষে তখন থমথমে নীরবতা নেমে এসেছে। আমাদের পাশেই বসে ছিলেন এক উপজেলা চেয়ারম্যান। তিনি ফিসফিস করে বললেন, ‘অবস্থাটা একবার দেখেন। এই কর্মকর্তারা তাঁদের নিজেদের অফিসে সিংহের মতো তর্জন-গর্জন করেন। তাঁদের সঙ্গে কোনো কথা বলা যায় না। আর এখন সবাই ভেজা বিড়াল হয়ে মুখ নিচু করে আছেন।’

জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সচিব জানতে চাইলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি কেমন? তিনি জানালেন, একটি স্কুলের ওপর গাছ পড়ে আংশিক ক্ষতি হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। প্রশ্ন করা হলো, নিজে কোন কোন এলাকায় কতবার গেছেন। কোনো স্পষ্ট উত্তর এল না।

সচিব এবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, কোন এলাকায় গেছেন? তিনিও সরাসরি বললেন, দ্বিতীয়বার ঢলের পর মদন উপজেলার হাওরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পানির তোড় বেশি ছিল বলে যেতে পারেননি। ফিরে এসেছেন। কর্মকর্তার উত্তর শুনে ওই এলাকার সাংসদ রেবেকা মোমিন বললেন, ‘আমি মহিলা মানুষ হয়ে হাওর এলাকায় প্রতি সপ্তাহে একবার করে যাচ্ছি। আর আপনি পুরুষ মানুষ হয়ে একদিনও যেতে পারলেন না।’ সাংসদের মন্তব্যে হেসে ফেললেন অনেকে। মন্ত্রী ওই কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন, ‘সাঁতার জানেন তো? নাকি তা–ও জানেন না? সঙ্গে লুঙ্গি নিয়ে যাবেন। নৌকা ডুবলে লুঙ্গি পরে ঝাঁপ দেবেন। আমরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ হয়ে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরছি। আর আপনারা নিজের এলাকাতেই যেতে পারলেন না!’

সিভিল সার্জন জানালেন, প্রায় ছয় হাজার পানি শোধনের বড়ি বাফার জোনে আছে। সচিব বললেন, লাখ লাখ মানুষ দুর্গত। ছয় হাজার বড়ি কাকে দেবেন! আপনার কী ওষুধ আছে, কোথায় চিকিৎসক আছে, কোথায় নেই—কেন এত দিন এসব তালিকা করে চাহিদা দেননি? সমবায় কর্মকর্তা বললেন, তিনি সমবায় সমিতিগুলোর অবস্থা সম্পর্কে দ্রুত খোঁজ নিয়ে প্রতিবেদন দেবেন।

কর্মকর্তাদের এহেন বয়ানে মন্ত্রী ও সচিব তাঁদের ভর্ৎসনা করেন। একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘কে এই মোবাইল ফোন আবিষ্কার করল...সবাই অফিসে বসে ফোনে শুনে শুনে পরিসংখ্যান বানায়।’ তিনি কর্মকর্তাদের ঘরে বসে কাল্পনিক পরিসংখ্যান না দিয়ে এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াতে বলেন। পরামর্শ দিলেন নিজ নিজ দায়িত্ব পালন করে বেতনের টাকা হালাল করে নিতে। সচিব দুই দিনের মধ্যে কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের কর্মপরিকল্পনা বিস্তারিত আকারে জেলা প্রশাসকের কাছে জমা দিতে নির্দেশ দিলেন। সভা শেষ হলো।

ব্যক্তিগতভাবে এই সভার অভিজ্ঞতা আমার কাছে ছিল একেবারেই অভিনব। সভার পরে এলাকার বন্যার চেয়ে সভার বিবরণই সবার কাছে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। এলাকার এমন দুর্যোগময় পরিস্থিতিতে দায়িত্ববান সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে না গিয়ে, দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে, অফিসে বসে ফোনে ফোনে দায়িত্ব পালন করছেন—এটা একেবারেই অকল্পনীয় বলে মনে হয়েছে সবার। অথচ বাস্তবে তা-ই ঘটেছে। সবাই বলছেন, যদি সচিব জনে জনে এভাবে জিজ্ঞাসা না করতেন, তাহলে তো এই সত্য অপ্রকাশিতই থেকে যেত। কেউ কেউ বললেন, দুর্যোগের সময়েই যদি এই হয় কাজের নমুনা, তাহলে স্বাভাবিক সময়ে তাঁদের কাজের অবস্থা কী? কেউ বললেন, এই যে চিত্র এখানে দেখা গেল, সারা দেশের অবস্থাও কি তাই? তাহলে বড় বড় কর্তার কাজের জবাবদিহি বলে কি কিছু নেই? এমন অনেক বিস্ময়, ক্ষোভ, হতাশা প্রশ্নের আকারে ঘুরতে থাকল সভা থেকে বেরিয়ে আসা লোকজনের মুখে মুখে।

সর্বশেষ, গত শনিবার ২৯ এপ্রিল খোঁজ নিয়ে আমাদের নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী জানালেন, জেলা প্রশাসক মুশফিকুর রহমান জানিয়েছেন, জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাঁর কাছে তাঁদের পরিকল্পনার খসড়া পেশ করেছেন। আজ রোববার তাঁরা চূড়ান্ত পরিকল্পনা দেবেন। এবারও কি ঘরে বসে পরিকল্পনা করা হয়েছে, নাকি কর্মকর্তারা এলাকায় গেছেন জানতে চাইলে জেলা প্রশাসক বলেছেন, ‘না গিয়ে তো পরিকল্পনা দিতে পারবেন না।’

তবে খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কোনো কর্মকর্তা হাওর অঞ্চলে যাননি। এদিকে সরকারি ত্রাণ হিসেবে সাধারণ রিলিফের ৩৯০ মেট্রিক টন চাল, ৫০ হাজার ভিজিএফ কার্ডধারীর জন্য ৪ হাজার ৯০০ মেট্রিক টন চাল ও ৭ কোটি টাকা বরাদ্দ এসেছে। চাল বিতরণের জন্য ৪২ জন ডিলার নিয়োগ করা হয়েছে।

আশীষ-উর-রহমান: সাংবাদিক।