হাওরে ফসলডুবির সমাধান হাতেই আছে, তবে...

আগাম বন্যা বা ঢলের সামনে পড়ে কৃষক কোন মিনতি করেন?
প্রকৃতির কাছে মিনতি করেন আরও কয়েকটা দিন সময়, যাতে ধান বা পাট কাটার উপযুক্ত হয়।
আগাম বন্যার আগাম প্রতিরক্ষা তাঁরা পেতেন যদি আগাম ফসলের বীজ সরকার তাঁদের দিত।
গত বছরের জুলাই-আগস্টের বন্যার সময় ফরিদপুরে পদ্মার চরের কৃষকের আহাজারি শুনেছি, ‘আর কয়টা দিন যদি পাইতাম!’
সে সময় থেকেই আগাম ধানের বীজ নিয়ে একজন কাজ শুরু করে দেন। বিজ্ঞানী আবেদ চৌধুরী। তিনি অযৌন বীজ উৎপাদন (এফআইএস) সংক্রান্ত তিনটি নতুন জিন আবিষ্কার করে এপোমিক্সিসের সূচনা করেন। শিক্ষকতা ও গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট হেলথ, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ফ্রান্সের ইকোল নরমাল সুপিরিয়রের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থায় একটি গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া জন্মস্থান সিলেটের কুলাউড়ার নিজস্ব খামার ও গবেষণাগারে জিন গবেষণা চালু রেখেছন। এখানেই তাঁর নেতৃত্বে একদল গবেষক ৩০০ জাতের ধানের প্রকরণ উদ্ভাবন করেছেন এবং অনেক বিলুপ্ত জাতের ধানের বীজ ফিরিয়ে এনেছেন। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে বৈঠক করে শনিবার দুপুরে নিজের খামার এলাকা সিলেটের কানিহাটিতে ফিরছিলেন। তখন ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
আবেদ চোধুরী বলছিলেন, ‘বর্তমান বোরো ফসল পানির দেশের জন্য অনুপযোগী। এই ধান হয় ১৩০ থেকে ১৬০ দিনে। হাওরের প্লাবন হয় এপ্রিল মাসে। আমাদের এমন এক জাতের ধান লাগবে, যা ১ এপ্রিলের আগেই কেটে ফেলা যায়। সুপার আর্লি বন্যার মোকাবিলায় চাই সুপার আর্লি ধানের জাত। বন্যার সঙ্গে মানানসই তেমন জাতই হলো আউশ। আউশ কথাটা এসেছে আশু থেকে; ভাষার অপনিহিতি নিয়মে লোকমুখে আশু হয়ে গেছে আউশ। এটা সুপার আশু ধান। অথচ এই শস্যের ইতিহাস আমরা ভুলে গেছি। হাজার বছর ধরে এটার বিকাশ হয়েছে। এর বিভিন্ন জাতের চাষ হতো হাওর ও জলাভূমি এলাকায়। দুই মাসে ফুল আসত বলে দুমাই বা দুমাহি কিংবা ষাট্টাও বলে। কোনো এলাকায় বলে কাছালট, চেংরি ও বাওরস। যে ধান আউশে হয় ৭৫ দিনে, সেটা বোরোতে হবে নব্বই দিনে। নব্বই দিনের জাতের ধান আমরা মাঠেও পরীক্ষা করেছি। আগামী বছর এটা হাওরে লাগালে ঢল আসার আগেই ফসল কেটে ঘরে তোলা যাবে। অথচ এমন সব দারুণ জাতকে আমরা নির্বাসিত করেছি।’

আউশের গুণের শেষ নেই। লাল ধান, খুবই স্বাদু। পুষ্টিও অনেক বেশি। আবেদ চৌধুরীর গবেষণা বলছে, এই লাল ধান ডায়াবেটিস ঠেকায়। এর গুণেই আগেকার যুগের মানুষের ডায়াবেটিস ইত্যাদি রোগ কম হতো।
তাহলেও দেশি জাতের ধান নিয়ে একটা প্রশ্ন আসবেই। আচ্ছা, এসব জাত কি উচ্চফলনশীল হবে, চালের চাহিদা পূরণ হবে?
আবেদ চোধুরীর জবাবটা বাস্তববাদী। বলেন, ‘এখন তো পুরো ফসলই মার যায়। তখন অন্তত ফসল মার যাবে না। আমাদের কাছে যে বীজ আছে, তাতে হেক্টরে হবে তিন টন ধান। উচ্চফলনশীল জাতগুলো চার থেকে সাড়ে চার টন হলে কী লাভ, যদি পানি আসার আগেই না পাকে এবং পুরোটাই নষ্ট হয়? আমরা আউশের এই জাতের গুণ-মান-ফলন বাড়াতে কাজ করছি। উচ্চফলনশীল জাতের দিকে এটা আমাদের প্রথম ধাপ। দোমাহি জাতকে উচ্চফলনশীলের সঙ্গে ক্রস করলে উচ্চফলনশীল হবে। গত বছর কৃষিমন্ত্রীকে এই বীজ দেড় শ কেজি দিয়েছি। চলনবিলের এক কৃষক আমাকে বলেছেন তাঁর কাছেও বীজ আছে। হয়তো হাজারে একজন কৃষকের কাছে এটা আছে। এখন আধুনিকভাবে এসব বীজের পরিচর্যা করতে হবে।’
এখানেই শেষ নয়, আরও চমক তাঁর ঝুলিতে ছিল। জোরের সঙ্গে বলেন, ‘আমাদের সমাধান দুটি, স্বল্পমেয়াদি ধান এবং জলজ ধান, যা পানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে। জলাবদ্ধ অবস্থায়ও চাষ করা যাবে। জিজানিয়া (Zizania) নামের একটা জাত আছে, যা জলাভূমিতে হয়। সবার আগে আগাম ফসলের ধারাকে সুপ্রিতিষ্ঠিত করতে হবে। সব বিজ্ঞানকে এ কাজে নিয়োজিত করতে হবে। কৃষিমন্ত্রীও এটা হৃদয়ঙ্গম করেছেন। এই বীজ সারা হাওরে ছড়াতে উদ্যোগ নিতে হবে। দোমাহির চাল খুবই সুস্বাদু। শহরে উঁচু দরে বিক্রি হবে। এটাকে প্রতিষ্ঠা করলে হাওরের সমস্যার আট আনা সমাধান হবে। সবাইকে বলছি, হাওরের মানুষের প্রতি দায়িত্ববোধ থাকলে এই ধানের প্রচলন ঘটান, এই ধানের চাল কিনে খান।’
তবু তাঁর কণ্ঠে আক্ষেপ, ‘কিন্তু এই খাতে গবেষণায় অর্থ বরাদ্দ না করলে কেমন করে হবে? একজন ব্যবসায়ী যত দ্রুত ঋণ নিয়ে এলসি খুলতে পারেন। অথচ গবেষণার বরাদ্দের বেলায় হাজারো বাধা। জরুরি পরিস্থিতিতে জরুরিভাবে তহবিল দরকার। আমলাতন্ত্রের ধাপে ধাপে দেরি হয়, বহু বছরের জড়তা জমে আছে। আর সরকার শুধু কমিটি বানিয়ে যাচ্ছে। আমাদের ধনীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছেন। তাঁরাও কি পারেন না গবেষণায় চাঁদা-অনুদান দিতে? পাঁচ কোটি টাকায়ই এই গবেষণাটা সম্ভব। তবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ব্যাপারে খুবই যত্নশীল। তিনি তৎপর আছেন। অন্যদিকে সুখবর হলো, জেনম এডিটিংয়ের সুলভ প্রযুক্তি এসেছে। এটা জিএমও না, আর এর জন্য কোনো কোম্পানির দুয়ারেও ধরনা দিতে হবে না। জনস্বার্থে এর ব্যবহার হওয়া উচিত।’
ফসলডুবির ঘটনা প্রতিবছরই ঘটে। সমাধানের চিন্তায় শুধুই বাঁধের কথা আসে, কিন্তু বন্যার সঙ্গে লড়তে পারবে এমন জাতের কথা চিন্তায় আসে না কেন?
নিজে চাষ করেন বলে এই বিজ্ঞানীর কথায় অন্য ধরনের এক আত্মবিশ্বাস পাওয়া যায়, ‘উচ্চফলনশীল জাতের বৈশিষ্ট্য হলো, বেশি ফলনের জন্য ধান মাঠে অনেক দিন রাখতে হয়। এটা সেসব দেশে ভালো, যেখানে ফসল একটাই হয়, তাদের এর বেশি দরকার হয় না। যেমন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। কিন্তু বন্যাবিধৌত দেশে এটা অনুপযোগী। আমরা বন্যাকে বাঁধ দিয়ে আটকাতে চেয়েছি। বন্যার বিরুদ্ধে এভাবে দাঁড়ানোর পরিণতিই হলো ফসলহানি। হাজার বছর ধরে আগাম বা আশু ফসলের চর্চা ছিল। কিন্তু আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বুদ্ধিতে আমরা সব বদলে দিয়েছি। ইরি যা করে, বিরি তা-ই করে। ইরির প্রধান আগে হতেন আমেরিকান, এখন অস্ট্রেলিয়ান। আমার বন্ধু বলে জানি, তিনি কখনোই ধান নিয়ে কাজ করেননি। তাঁর জ্ঞান গম নিয়ে। ধানের আবাদ ও কৃষকের জ্ঞান বাংলাদেশ, ভিয়েতনাম ও লাওসে বেশি। তারপরও ইরির সদর দপ্তর করা হয়েছে ফিলিপাইনে। আমেরিকান ও অস্ট্রেলিয়া ইরিকে চালায় কারণ তারা টাকা দেয়। তারপরও আমি বলছি না যে সবটাই ভুল। তবে অন্তত ষোলো আনাই তাদের কথা না শুনে অন্তত আট আনা আমাদের প্রকৃতির উপযোগী ধানের চাষ চালু রাখা দরকার ছিল। আমেরিকায় একটা জাতের শস্য চাষ হয়, কারণ কোম্পানি তা-ই চায়। ফলে উৎপাদন বাড়াতে গিয়ে বিপর্যয় মোকাবিলায় ব্যর্থ হচ্ছি।’

আবেদ চৌধুরী জিনবিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত। সংস্কৃতি-ইতিহাস-দর্শন ও কবিতা নিয়েও তাঁর বিপুল আগ্রহ। এসব মনে রেখেই তাঁকে জিজ্ঞাসা করি, তাহলে কি আমাদের কৃষি-দর্শনেই গলদ রয়ে গিয়েছিল?
‘আউশ একটা দর্শন। আমরা তিন প্রজন্মের মানুষ হাজার প্রজন্মের কৃষিজ্ঞানকে অবহেলা করতে শিখেছি। হাজার জাতের ধানের বদলে আমরা মাত্র তিনটিকে চালু রেখেছি। কৃষিকে বৃহত্তর সমাজ ও জীবনপ্রক্রিয়া থেকে আলাদা করে ফেলা হয়েছে। দেশে কত আলোচনা হয়, কিন্তু কৃষি নিয়ে জরুরি আলোচনাগুলো হয় না। একজন কবি যদি বুদ্ধিজীবী, তবে কৃষিবিদ কেন বুদ্ধিজীবী নন? একমাত্র বাংলাদেশেই বিজ্ঞানকে বুদ্ধিভিত্তিক চর্চা ধরা হয় না। আমাদের আধুনিকতা কৃষিবিরোধী। আমাদের বেশির ভাগ গালি কৃষি-সম্পর্কিত। জল ও স্থলের সংগ্রামেই এই দেশ এই সমাজ গঠিত হয়েছে। কিন্তু এই ইতিহাস এই বিবরণ আমাদের উজ্জীবিত করে না। আমাদের বিজ্ঞানীদের অনেকের মনেই প্রকৃতিচিন্তা, ঐতিহ্যচিন্তা নেই। ইরি-বিরির কর্মকর্তাদের মনে কি ধান আছে, কৃষি আছে? আমি দেখেছি বিরক্তি নিয়ে অনেকে কাজ করেন। কত জাতের ধান আছে, তা কয়জন মনে রাখেন? দিনের পর দিন সম্মিলিতভাবে চিন্তা ও কাজ করলে অবশ্যই ফল আসে। কিন্তু তাঁরা ভাবেন কৃষি থেকে মুক্ত হলে বেশি মর্যাদা পাবেন। বেশির ভাগ গালি দেখুন কৃষি-সম্পর্কিত। ভূমির মানুষের সম্মান কম, জলাভূমি তথা হাওরের ভূমিজদের আরও অধম। কারণ তারা অর্ধেকটা মাটিতে অর্ধেকটা জলাভূমিতে জীবন কাটায়। মার খেতে খেতে হাওরের কৃষকের আত্মবিশ্বাসও কমে গেছে। খালি রাষ্ট্রকে দোষ দিলে হবে না, আমাদের নিজেদেরও বৈকল্য আছে।’
হাওরের বিপর্যয়ের কারণ হিসেবে প্রকৃতিকে দোষারোপ করা হচ্ছে। একদিকে পানির অভাব আরেকদিকে পানিই বিপদ বয়ে আনছে। জানতে চাই, প্রকৃতির দায় কতটা?
আবেদ চৌধুরীর চিন্তাটা বরং উল্টো। সরাসরি বলেন তিনি, ‘আমাদের উন্নয়নচিন্তায় প্রকৃতির নিজস্ব নিয়মগুলোকে অস্বীকার করা হয়েছে। নদী-পানি হয়েছে শহরের যাবতীয় আবর্জনা ফেলার জায়গা। প্রকৃতির জ্ঞান, বিবর্তনবাদী জীববিজ্ঞানের শক্তি ও যুক্তির ধারণা আমাদের শিক্ষার মধ্যে নেই। বন্যা ও লবণাক্ততা যে হারে বাড়ছে, তাতে আউশ ও জলাভূমির ধান এবং লবণ সহ্যকারী ধানের জাতের বিকাশ ঘটাতে হবে। এই জ্ঞান আমাদের কৃষকদের ছিল বলে প্রকৃতিকে তাঁরা দোষারোপ না করে অভিযোজনের নিয়ম শিখে নিয়েছিলেন। সেই ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে।’