হাওরের মানুষের দুঃখ আকস্মিক বন্যা: প্রয়োজন আগাম সতর্কতা

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটিছবি : জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর অঞ্চলের দুঃখ হলো পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা। এমন আকস্মিক বন্যায় ১০ থেকে ১৫ মিনিটেই ডুবে যায় তাঁদের ধান, বাদামসহ অন্যান্য ফসল। সুনামগঞ্জ, তাহিরপুর ও এর আশপাশের হাওর এলাকায় যে আকস্মিক বন্যা হয়, তা ঘটে আশ্চর্য দ্রুততায়। এতটাই আকস্মিক, যা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হতো। উন্নয়ন যোগাযোগ নিয়ে কাজ করতে গিয়ে আমার সব সময় মনে হয়েছে, যে কোনো এলাকার মানুষের সমস্যার আসল চিত্রটা বোঝা যায় তাদের কাছ থেকে শোনা তাদের জীবনের গল্পেই। সেসব গল্প আমাদের শহুরে চিন্তায় কেমন যেন একটা ধাক্কা দেয়। তবে এ কথা বলাই বাহুল্য, হাওরের কৃষক জানেন তাঁর শ্রমের ফসল পাকার আগেই বা গোলায় তোলার আগেই রাতারাতি তলিয়ে যেতে পারে বন্যার পানিতে। এমন দুর্যোগ মোকাবিলার সমাধান সূত্র পাওয়া যাবে তাঁর সঙ্গে আলাপেই। হয়তো এ ফসলে কৃষক বিনিয়োগ করেছেন তাঁর সবটুকু সঞ্চিত অর্থ, অথবা নিয়েছেন ঋণ। হাওরের আকস্মিক বন্যার জলের তোড়ে মুহূর্তেই ভেসে যায় প্রত্যাশার সব ধান, গবাদিপশু, হাঁস-মুরগি আর বসতভিটা। ভেসে যায় একটু ভালো থাকার স্বপ্ন।

হাওরবাসীর জলে ভাসা অথবা জলবন্দী জীবনের নানা টানাপোড়েন সম্পর্কে একধরনের পুঁথিগত ভাসা ভাসা ধারণা নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রেজিলিয়েন্স অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের সঙ্গে গিয়েছিলাম সুনামগঞ্জ, নেত্রকোনা অঞ্চলের হাওরের আকস্মিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে। তখনো জানা ছিল না, বাংলাদেশের হাওর এলাকার জলযোদ্ধা সাহসী মানুষগুলোর জীবন-জীবিকা আজও কতখানি প্রকৃতির খেয়ালের ওপর নির্ভরশীল।

এমনিতেই বাংলাদেশ জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। পরিবেশ আর প্রতিবেশের নানা রকম ক্ষতি তো আমরা করেই চলেছি। নির্বিচারে গাছ কাটা, নদীশাসন, পরিবেশদূষণ, বন উজাড় করে অপরিকল্পিতভাবে কৃষিজমি বা অন্যান্য স্থাপনা গড়ে তোলা সবই মানুষের প্রয়োজনের যত আয়োজন। এ কারণে প্রকৃতিও বিরূপ হয়ে উঠছে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, নদীভাঙনসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ক্রমে তীব্র আকার ধারণ করছে। আর তা ঘটছেও নিয়মিত মৌসুমি দিনপঞ্জির সব ধরনের হিসাবের বাইরে ষড়্ঋতুর এ বাংলাদেশে।

আর হাওর অঞ্চলের মানুষের জন্য আগাম সতর্কতা পৌঁছানোর একটি যথাযথ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ইকোর (ইউরোপিয়ান কমিউনিটি হিউম্যানটেরিয়ান অফিস) প্রত্যক্ষ সহায়তায়। আগাম সতর্কবার্তার মাধ্যমে হাওরের মানুষ নিজেদের ফসল, গবাদিপশু, হাঁস-মুরগি ইত্যাদি রক্ষা করার পূর্বপরিকল্পনা করতে পারবে এবং দুর্যোগ মোকাবিলার জন্য নিতে পারবে আগাম প্রস্তুতি।

অথচ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞরা মনে করেন, আগাম সতর্কতা আর পূর্বাভাস বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির সুযোগ করে দিতে পারে, যাতে করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ দুর্যোগ আঘাত হানার আগেই নিজেদের জানমাল রক্ষায় প্রস্তুতি নিতে পারে। এতে করে হয়তো বন্যা বা দুর্যোগ থামানো যাবে না, তবে প্রাণহানি আর আর্থিক ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

তাহিরপুরে টাঙ্গুয়া হাওরের জলযাত্রায় দূর থেকে দূরে চোখে পড়ে কিছু ডিঙি নৌকা। নৌকার মানুষগুলো একটা বিরাট বাঁশের লাঠি দিয়ে কি যেন তুলছেন! নৌকার মাঝিকে প্রশ্ন করি, কি তুলছে ওরা? মাছ নাকি? জলের তলায় মাছই থাকার কথা, স্বাভাবিক শহুরে চিন্তা বলে তাই উত্তরে অপ্রস্তুত মন ও মগজ বিরাট ধাক্কা খেল। মাঝি বলেন, ওরা নাকি ধান তুলছে! এই যে আমাদের নৌকা চলেছে এগুলো সবই নাকি ধানি জমি। বাঁধ ভেঙে হঠাৎ বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। এখন ওরা সেই ডুবে যাওয়া ধান তোলার চেষ্টা করছে। আমার ভেতরে দলা পাকিয়ে ওঠা ১০০ প্রশ্ন টেনে নিয়ে যায় হুকুমপুর গ্রামের আবু তাহের (৫০) ভাইয়ের কাছে। হাজার প্রশ্নের উত্তরে প্রথমেই তাহের ভাই একগাল হাসেন। সেই হাসি সৌজন্যের নাকি তীব্র হতাশা আর বেদনার, সে আলাপ তোলা থাক। তাহের ভাই জানালেন, এ জমি তাঁরই। ‘চিনলেন কী করে?’ ‘ও আমরা সবাই চিনে যাই’।

আবারও হাসেন আমার সহজ বোকাবোকা প্রশ্নে। তিনি জানালেন, ধান পাকার আগেই ডুবে গেছে বন্যার পানিতে। আর পাঁচ থেকে সাত দিন গেলে ধান পরিণত হতো। ডুবে যাওয়া এই ধান তুলে রোদে শুকালে রং কালচে হয়ে যায়, ধানের পুষ্টিগুণও কমে যাবে। তাই দাম দিয়ে এ ধান কেউ কিনবে না। যতটা উদ্ধার করতে পারেন, তাতে তাহেরের পরিবারের অন্নসংস্থানের উপায় হবে। তবে তাঁর বিনিয়োগের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় লাখ দুয়েক। বাঁধ দিয়ে বন্যার পানি হয়তো আটকানো সম্ভব, তবে হাওর এলাকায় বাঁধ নির্মাণের সীমাবদ্ধতাও জানা গেল তাঁদের আলাপেই। বাঁধকে টেকসই করতে লাগানো হয়েছিল করচগাছ। অথচ সেখানেও অদূরদর্শিতার ছাপ স্পষ্ট। বাঁধ থেকে নির্দিষ্ট দূরত্ব না রাখায় গাছের গোঁড়ায় বাসা করতে পেরেছে মেঠো ইঁদুর। আর ইঁদুর বাঁধের তলার মাটি কেটে ভিত্তি নরম করে ফেলায় বাঁধ ধসে যায় আকস্মিক বন্যায়।
তাহের ভাইয়ের মতো কৃষকেরা কীভাবে এ ক্ষতির মোকাবিলা করবেন, সেই অসহায় দুশ্চিন্তায় আমার নিজের ভ্রুকুটি এগিয়ে যায় একের পর এক জলমগ্ন গুচ্ছগ্রামে। দুই দশকের মধ্যে এ বছরই হাওরবাসী সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যা মোকাবিলা করছে।

জলবন্দী এমন বেশির ভাগ গ্রামে নেই কোনো চিকিৎসক, বিশুদ্ধ পানির সংস্থান
ছবি : জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা

জলবন্দী এমন বেশির ভাগ গ্রামে নেই কোনো চিকিৎসক, বিশুদ্ধ পানির সংস্থান, ফার্মেসি—এমনকি কোনো দোকান বা বাজার। উঠানবিহীন বসতবাড়িগুলো কেবল টিকে থাকার গল্প বলে যায়। স্কুলে যাওয়ার একমাত্র উপায় নৌকা। সেই নৌকার অভাবে নিয়মিত স্কুলে যাওয়া হয় না অনেক শিক্ষার্থীর। যে কোনো জরুরি অবস্থায় একমাত্র উপায় কয়েক ঘণ্টার নৌপথে কাছের ইউনিয়ন। বৃষ্টি একটু ধরে এলে দেখি ডুবে যাওয়া ধান শুকিয়ে চাল বানানোর প্রস্তুতি।

বালিজুড়ি গ্রামে অভিজ্ঞতার ঝুলি আরও ভারী হয়। হাওরের তীব্র বাতাসের সঙ্গে পূর্বপরিচয় ছিল না, মেঘের রং গাঢ় হয়ে আসতে দেখেও নেমেছিলাম হাওরের পাশের বাদামখেত আর ধানি জমি দেখতে। তীব্র বাতাসের সঙ্গে আকাশ ভেঙে বৃষ্টি নামল। তখনো বুঝিনি মুহূর্তেই বন্যার পানিতে ডুবে যাবে সব। ১৫ মিনিটেই বন্যার পানি ছুঁয়ে ফেলল আমাকে।

পায়ের পাতা থেকে কোমর। নিজেদের সামাল দিতে দিতে দেখলাম অদম্য জল-কাদা ভাঙা মানুষগুলো কীভাবে তাদের ডুবে যাওয়া ফসল রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে। তাদের কাছেই জানা গেল, আর তিন দিন পর বন্যাটা হলে ফসল কাটা হয়ে যেত, এমন লোকসান হতো না। বাড়ির দাওয়ায় বসিয়ে ডুবে যাওয়া নিজেদের ফসল বাঁচাতে বাঁচাতে কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার অনুরোধ করতে ভোলে না বাদামচাষির পরিবারের বয়োজ্যেষ্ঠ নানি। আফসোস করেন, এমন দুর্যোগ না হলে অতিথি সৎকার যথাযথ হতে পারত।

এমন আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতির আর্থিক হিসাবের বাইরে আরও জানা গেল যে তারা বন্যার আগাম সতর্কবার্তা পায়। তবে তা যথেষ্ট নিয়মিত আর নিয়মতান্ত্রিক নয়। এ ছাড়া বন্যার আগাম সতর্কবার্তা যেসব মাধ্যমে হাওরবাসীর কাছে পৌঁছে, সে বিষয়েও একধরনের অস্বচ্ছতা রয়েছে। অথচ আগাম সতর্কতা পেলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। এফএ ও বাংলাদেশের ইমার্জেন্সি অ্যান্ড রেজিলিয়েন্স ইউনিট প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় এই আগাম প্রস্তুতি আর সতর্কতার ওপরই জোর দিয়ে আসছে।

আরও পড়ুন

আর হাওর অঞ্চলের মানুষের জন্য আগাম সতর্কতা পৌঁছানোর একটি যথাযথ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ইকোর (ইউরোপিয়ান কমিউনিটি হিউম্যানটেরিয়ান অফিস) প্রত্যক্ষ সহায়তায়। আগাম সতর্কবার্তার মাধ্যমে হাওরের মানুষ নিজেদের ফসল, গবাদিপশু, হাঁস-মুরগি ইত্যাদি রক্ষা করার পূর্বপরিকল্পনা করতে পারবে এবং দুর্যোগ মোকাবিলার জন্য নিতে পারবে আগাম প্রস্তুতি।

হার না মানা এসব মানুষ বছর বছর তাদের শ্রমের ফসল তলিয়ে যেতে দেখে। সে দৃশ্য তাদের হতাশ বা ক্লান্ত করে না, তারা ঘুরে দাঁড়াতে জানে। এখানে মানুষের ভাগ্য পাঁচ মিনিটে তলিয়ে যায় হঠাৎ বন্যায়। আবার সেই তলিয়ে যাওয়া খেতেই দুর্যোগকে এড়িয়ে শিশুরা মেতে ওঠে উদ্যাম জলের খেলায়।

তানিয়া নূর যোগাযোগ বিশেষজ্ঞ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (রেজিলিয়েন্স অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স)
সুনামগঞ্জ, তাহিরপুর