হাজার কোটি টাকার মহোৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরে যানজট নিরসনের জন্য উড়ালসড়ক নির্মাণ করা হোক—কোনো মহল থেকেই কখনো এমন দাবি উঠেছিল বলে আমাদের জানা নেই। অবশ্য দাবি না উঠলে সরকার বা নগর উন্নয়ন কর্তৃপক্ষ জনকল্যাণে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো উদ্যোগ নেবে না, তা তো নয়। তারা তা নিতেই পারে। তাতে নগরবাসী উপকৃত হলে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি তাদের আস্থা বাড়ে, কৃতজ্ঞতার বোধ তৈরি হয়।
বহদ্দারহাট উড়ালসড়কের প্রস্তুতি ও নির্মাণকাজ যখন চলছিল, তখন অনেকেই আশান্বিত হয়েছিল। তবে কয়েকজন বিশেষজ্ঞ, বিশেষ করে নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও অর্থনীতিবিদদের সংগঠন ‘ফোরাম ফর প্ল্যান্ড চিটাগাং’ (এফপিসি) এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু সেই সব আপত্তি কানে না তুলে চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণ করে ‘দৃশ্যমান উন্নয়নের’ একটি দৃষ্টান্ত তুলে ধরেছে নগরবাসীর সামনে। কিন্তু আজ যখন উড়ালসড়কের ওপর দিয়ে হাতে গোনা কয়েকটি গাড়ি চলাচল করে, আর তার নিচেই বহদ্দারহাট সড়কে যানজটের চিরাচরিত চিত্রের একটুও পরিবর্তন দেখতে পাই না, তখন সেই আপ্তবাক্যটিকেই সত্য বলে মনে হয়—‘কাঙালের কথা বাসি হলে ফলে।’ সম্প্রতি বহদ্দারহাট উড়ালসড়ক সরেজমিন পরিদর্শনের সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, যিনি নিজেও একজন প্রকৌশলী, এ সেতু কার্যকর নয় বলে মন্তব্য করেন। কিন্তু তত দিনে যা হওয়ার তা তো হয়েই গেছে।
বহদ্দারহাট উড়ালসড়কটি আমাদের সামনে ব্যর্থতার নজির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীকালে কখনো উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলে পূর্বের ব্যর্থতার কারণ পর্যালোচনা করা হবে, এটাই ছিল সাধারণ ধারণা। কিন্তু ‘দৃশ্যমান উন্নয়নের’ ছবি তুলে ধরে নগরবাসীকে চমকে দেওয়ার মানসিকতার পরিবর্তন হয়নি। সাংহাই, ব্যাংকক, সিঙ্গাপুর এমনকি আমাদের নিকট প্রতিবেশী কলকাতা শহরেও যেখানে উড়ালসড়ক দিয়ে প্রায় উড়ে চলছে যানবাহন, একই ব্যবস্থা আমাদের শহরেই বা থাকবে না কেন—এই প্রশ্ন সম্ভবত স্বপ্নের জন্ম দিয়েছে নগর কর্তৃপক্ষের মনে। এই স্বপ্ন বাস্তবায়ন তাদের কাছে দুরূহ মনে হয়নি, কারণ তাদের মতে বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে সহযোগিতার হাত বাড়াতে অপারগতা জানায়নি কখনো।
ফলে বহদ্দারহাটের ব্যর্থতা নতুন আরও উড়ালসড়ক নির্মাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। উন্নয়নের মহোৎসব স্লোগান দিয়ে আরও কয়েকটি উড়ালসড়ক নির্মাণ হয়েছে চট্টগ্রামে। কিন্তু এসব উড়ালসড়কও যানজট বলি বা ট্রাফিক অব্যবস্থাপনাই বলি, তার কোনো সন্তোষজনক সমাধান করতে পারেনি।
যা হওয়ার তা হয়েছে। এখন নতুন করে প্রশ্ন উঠছে মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নিয়ে। বহদ্দারহাট উড়ালসড়কের অভিজ্ঞতার পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নির্দেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সেমিনার হলে নগরের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের কারিগরি দিক, যানবাহন জরিপের তথ্য-উপাত্ত ব্যাখ্যা-বিশ্লেষণ করে দেখা
যায়, যে পরিমাণ যানবাহন নগরে দৈনিক চলাচল করে, তার জন্য এই উড়ালসড়কের (মুরাদপুর-লালখান বাজার) প্রয়োজন নেই। এমনকি সিডিএ একটি সংস্থার (ডিজাইন ডেভেলপমেন্ট করপোরেশন) মাধ্যমে যে ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করিয়েছে, তা বিশ্লেষণ করলেও দেখা যাচ্ছে, এখানে উড়ালসড়কের প্রয়োজন পড়ে না। এ ছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যে ফিজিবিলিটি রিপোর্ট যাচাই করেছে, তা সঠিক নয় বলে মনে করছে এফপিসি।
প্রতি ঘণ্টায় অন্তত আট হাজার গাড়ি চলাচল করলে উড়ালসড়ক নির্মাণের কথা ভাবা যায়। কিন্তু এই এলাকায় বর্তমানে সর্বোচ্চ ১ হাজার ৭০০ গাড়ি চলাচল করে। তা ছাড়া, আজকাল সারা বিশ্বে গাড়ি চলাচলের সংখ্যার চেয়েও যাত্রী পরিবহনের সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানেই আসছে গণপরিবহন বৃদ্ধি ও যান ব্যবস্থাপনার প্রসঙ্গটি। এসব বিষয় মাথায় না রেখেই উড়ালসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।

>উন্নয়নের মহোৎসবের নামে আরও একটি অপরিকল্পিত উদ্যোগের জন্য আবার হাজার কোটি টাকা অপচয় হতে যাচ্ছে কি না, এখনই তা ভেবে দেখা দরকার

মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়কের কাজ শুরু হওয়ার পর মন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, নির্মাণাধীন এই সড়কের নকশায় ত্রুটি রয়েছে। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে আমি বিষয়টি বলেছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আমি এবং সিডিএ চেয়ারম্যান বসে নতুন করে ডিজাইন করব।’ (দৈনিক আজাদী, ১ নভেম্বর, ২০১৫)।
এ যেন ‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল’। টেন্ডার হয়েছে, নির্মাণকাজ শুরু হয়েছে, রাস্তার বিভিন্ন অংশে বেষ্টনী দিয়ে জনভোগান্তির ষোলোকলা পূর্ণ করে ‘উন্নয়নের মহোৎসব’ চলছে। এখন এসে নতুন করে নকশার কথা বলা হচ্ছে। মন্ত্রী নতুন নকশা তৈরির পাশাপাশি উড়ালসড়কটিকে বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন। এখানেই বিশেষজ্ঞদের আপত্তি। প্রথমত, উড়ালসড়ক করতে গিয়ে অন গ্রাউন্ডে প্রায় দুটি লেনের জায়গা ব্যবহার করা হচ্ছে, যা যানবাহন চলার অনুপযোগী হয়ে পড়বে। দ্বিতীয়ত উড়ালসড়ক ব্যবহার করে যানবাহন কীভাবে মুরাদপুর, ষোলোশহর ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা ও লালখান বাজার জংশন
দিয়ে ডান দিকে সার্কিট হাউস, স্টেডিয়াম, র্যাডিসন হোটেল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জাকির হোসেন সড়ক, অক্সিজেন মোড় বা মিমি সুপার মার্কেট ইত্যাদি জংশনে নামবে বা উঠবে?
এসব সমস্যার সমাধান যদি না থাকে, তাহলে নতুন নির্মাণকাজ আরও এগোনোর পর আবার ‘ত্রুটিপূর্ণ নকশা’র দায়সারা কথা বলে বিরাট অর্থনৈতিক ও অন্যান্য ক্ষতিপূরণ সম্ভব হবে না। নগর বিশেষজ্ঞরা বলছেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রীর সংখ্যা নগরের মোট জনসংখ্যার শূন্য দশমিক ২ শতাংশ থেকে শূন্য দশমিক ৪ শতাংশ। বাকি ৯৯ দশমিক ৯৬ শতাংশ জনগণের স্বার্থ উপেক্ষা করার অর্থ টেকসই উন্নয়নের পরিপন্থী কাজ করা।
অবশ্য বিমানবন্দরে খুব স্বল্পসংখ্যক যাত্রী যাতায়াত করলেও বিদেশি বিনিয়োগকারীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ পথে যাতায়াত করেন বলেই ধারণা করি। সে ক্ষেত্রে সল্টগোলা থেকে ইপিজেড গেট পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ঘটালে এই পথ সুগম ও সময়সাশ্রয়ী হতে পারে। এটা যে সম্ভব, নিকট অতীতে তার প্রমাণ আমরা পেয়েছি। বর্তমান পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল দায়িত্ব গ্রহণের পর ফুটপাত দখলমুক্ত করে, রাস্তার দুই পাশের গাড়ি পার্কিং বন্ধ করে ট্রাফিক ব্যবস্থাপনার সাময়িক উন্নয়ন ঘটিয়েছিলেন। তখন মাত্র ২৫-৩০ মিনিটে এই পথ অতিক্রম করে বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে যাতায়াত সম্ভব হয়েছে। কিন্তু সেই সুষ্ঠু ব্যবস্থাপনা অব্যাহত থাকল না কেন, এটাই এখন বড় প্রশ্ন।
এফপিসি এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছে, তিন-সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে এখনই ২১ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণের আদৌ প্রয়োজন আছে কি না। নাকি আরও কম খরচে নগরের প্রতিটি সড়কে পথচারীদের জন্য পর্যাপ্ত পথ, কার্যকর গণপরিবহন চালু, প্রয়োজনীয় সড়ক, শাহ আমানত সেতু থেকে বারেক বিল্ডিং পর্যন্ত ইনার রিং রোড, কর্ণফুলী নদীর ওপর আরও দুটি চার লেনের সেতু, মাস্টারপ্ল্যানে বর্ণিত আউটার রিং রোড, চট্টগ্রাম থেকে হাটহাজারী ও নাজিরহাট পর্যন্ত রেললাইন সংস্কার করে কমিউটার সার্ভিস চালু প্রভৃতি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা যুক্তিসংগত হবে?
ক্ষোভ প্রকাশ করে এফপিসি বলেছে, ‘আমাদের বক্তব্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় না। যাঁদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জনমত পৌঁছানোর কথা, তাঁরা রহস্যজনক কারণে ওই দায়িত্ব পালন করছেন না।’
‘রহস্যজনক’ কারণটি আমরাও জানি না, তবে সিডিএর কর্তাব্যক্তিদের ‘সবজান্তা’ মনোভাব ও একগুঁয়েমির কারণেই কাজটি এগিয়ে চলেছে।
বহদ্দারহাট উড়ালসড়কের ব্যর্থতা ও অপচয়ের দৃষ্টান্ত চোখের সামনেই আছে। উদ্বোধনের অপেক্ষায় থাকা কদমতলী উড়ালসড়কটিও পরিকল্পনার ত্রুটির কারণে একই পরিণতি বরণ করতে যাচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এসব অভিজ্ঞতার পর উন্নয়নের মহোৎসবের নামে আরও একটি অপরিকল্পিত উদ্যোগের জন্য আবার হাজার কোটি টাকা অপচয় হতে যাচ্ছে কি না, এখনই তা ভেবে দেখা দরকার।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]