৯ ডিসেম্বর, রোববার, ১৮ দলীয় জোটের ডাকা রাজপথ অবরোধ কর্মসূচির দিন সকালে খুন হয়েছেন পুরান ঢাকার যুবক বিশ্বজিৎ দাস। তিনি কোনো মিছিলে বা পিকেটিংয়ে ছিলেন না। ২৪ বছর বয়সী নিরীহ দরজি দোকানদার বিশ্বজিৎ সেদিন দোকান খুলতে গিয়েছিলেন কোনো এক খদ্দেরের কাপড় বুঝিয়ে দেওয়ার জন্য। তাঁকে ধাওয়া করে, যেভাবে চাপাতি চালিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেদিন সন্ধ্যায় টেলিভিশনে সেসব দৃশ্য না দেখলে জানাই হতো না আমাদের তরুণ প্রজন্মকে কী ভয়ংকর খেলায় নামানো হয়েছে। বিশ্বজিৎ প্রাণভয়ে দৌড়াচ্ছিলেন, শোনা যায়নি তিনি কী বলেছিলেন, শুধু ভীতি আর আতঙ্কই ছিল তাঁর অবয়বজুড়ে। আর ছিল বাঁচার আকুতি। তারপর আমরা তাঁকে রক্তাক্ত দেহে শুয়ে থাকতে দেখেছি, জেনেছি তিনি মৃত। সেদিন সব টেলিভিশন চ্যানেলে এবং পরদিন প্রকাশিত সব পত্রিকায় আমরা দেখেছি খুনিদের চিহ্নিত ছবি। কিন্তু পুলিশের কাছে এসব হত্যাকারী এখনো অজ্ঞাতপরিচয়। বিশ্বজিৎ মরে গেছেন, সব সাক্ষ্য-প্রমাণ মজুত কেবল তাঁর মৃত্যুর, কিন্তু তাঁকে কেউ মারেনি। পুলিশ কর্মকর্তাকে দেখলাম ম্লানমুখে জানাতে যে কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্ত শেষে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেবেন। হায় তদন্ত! রামুর ঘটনার তদন্ত, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত, পোশাক কারখানায় ১১১ শ্রমিকের পুড়ে কয়লা হয়ে যাওয়া জীবনের তদন্ত, যোগ হলো বিশ্বজিৎ খুনের তদন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিশ্বজিতের হত্যাকাণ্ডকে বললেন ‘বিচ্ছিন্ন ঘটনা’। ১৯৯৯ সালে দিল্লিতে ভারতের হরিয়ানা প্রদেশে সে সময়ের মুখ্যমন্ত্রীর ছেলে প্রকাশ্যে হত্যা করেছিলেন জেসিকা নামের এক নারীকে। দীর্ঘ ছয় বছর ধরে বিচারকাজ শেষে খুনিরা সবাই বেকসুর খালাস পেলে সংবাদপত্রের কমবেশি শিরোনাম ছিল: No One Killed Jessica। বিশ্বজিৎকেও কেউ মারেনি। তাই তাঁর হত্যাকাণ্ডের বিচার চাওয়ার কোনো মানেই হয় না। দুই.সরকারি হিসাবমতে, তাজরীন ফ্যাশনসে ১১১ জন পোশাকশ্রমিক পুড়ে কয়লা হয়েছেন, যাঁদের ৫৯ জনকে শনাক্ত করাও সম্ভব হয়নি বলে আঞ্জুমান মুফিদুলকে দিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাজরীন ফ্যাশনসের মালিককে জবাবদিহির আওতায় আনা হয়েছে মর্মে কোনো খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা আগুনে পুড়ে মরেছেন, সে বিষয়ে কেউ দ্বিমত করেননি। কারখানার কলাপসিবল গেট তালা দেওয়া ছিল, কোম্পানি কমপ্লায়েন্সের কোনো তোয়াক্কা করা হয়নি, সে বিষয়ে অকাট্য প্রমাণ পাওয়া গেছে এবং শ্রমিকেরা ছাই হয়েছেন। এই হত্যাকাণ্ডটি এতই প্রকট ছিল যে সরকারি শোক পালন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী সাক্ষ্য-প্রমাণ পাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে ছয় লাখ টাকা করে চেক তুলে দিয়েছেন, যার একটি টাকাও মালিকের নয়। এত ঘটনা ঘটে গেছে, তবু বলতেই হয়, কেউ এসব শ্রমিককে হত্যা করেনি। কাউকে বিচারের আওতায় আনা হয়নি, বরং প্রধানমন্ত্রী ঘটনার পরপর এবং পরিবারের সদস্যদের হাতে ‘ক্ষতিপূরণ’ তুলে দেওয়ার অনুষ্ঠানেও মালিকদের নয়, বরং শ্রমিকদের এসব ঘটনায় ব্যবহার করা হচ্ছে মর্মে সতর্ক থাকার কথা বললেন। এই একটি জায়গায় সরকার আর প্রধান বিরোধী দলের অভূতপূর্ব ঐক্য। তারা কেউ হত্যাকারীর দিকে আঙুল তোলেনি। যেহেতু কেউ এসব শ্রমিককে হত্যা করেনি, তাই তাঁদের হত্যাকাণ্ডের বিচার আর কেউ দাবিও করছেন না।তিন.আমার বন্ধু তৌহীদ রেজা নূর। বিশ্ববিদ্যালয়ে তৌহীদের সঙ্গে পরিচয়ের শুরুতেই জেনেছিলাম সে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে। সে জন্য বরাবরই তাঁর প্রতি সম্ভ্রম ছিল মমতার পাশাপাশি, আছে। অকুতোভয় সাংবাদিক সিরাজুদ্দীনসহ এই দেশের শ্রেষ্ঠ সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, দার্শনিক, চলচ্চিত্রকার—যাঁদের মেধায়-মননে-সৃজনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই দেশ একটু একটু করে একটি জাতি রাষ্ট্র গঠনের প্রেরণা পেয়েছে, সেসব উজ্জ্বল মানুষকে বাসা থেকে ধরে নিয়ে খুন করা হয়েছে, সে বিষয়ে কারও কোনো দ্বিমত নেই। দ্বিমত নেই বলেই গোটা জাতি প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে। কোন আলবদর, আলশামস বাহিনী এই শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে খুন করেছে, সে বিষয়েও ইতিহাসে দেদারসে প্রমাণ রয়েছে। যখন যে দল সরকার গঠন করেছে, তারা শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে গিয়ে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে এসেছে। তাঁদের হত্যার বিষয়ে তাই কোনো সন্দেহ নেই। কিন্তু অযুত প্রমাণ সত্ত্বেও গোল বেধে যায় কে তাঁদের হত্যাকারী সেই, বিষয়টি চিহ্নিত করার সময়ে, তাঁদের বিচারের আওতায় নিয়ে আসার সময়ে। শহীদ পরিবারগুলোর স্বজনদের শত সাক্ষ্য, স্মৃতিচারণা, গণমাধ্যমের নথি কিছুই তখন কিছু না। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আমার শ্রদ্ধেয় শিক্ষক, যাঁর কাছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাঠ নিয়েছি ক্লাসে এবং এখনো সুযোগ পেলেই নিই, অধ্যাপক সাখাওয়াত আলী খান কিছুদিন আগেও বিষণ্ন গলায় বলেছেন, ‘আমার শ্রেষ্ঠ শিক্ষক মুনীর চৌধুরী, আমার চোখের ডাক্তার আলীম চৌধুরী বা দেবতা কী জানি না, কিন্তু যাঁকে দেখে বুঝতাম দেবত্ব বোধ হয় এমনই গুণাবলি সেই জিসি দেবকে যাঁরা খুন করেছেন...তাঁর গলা ধরে আসে। শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরী, সেলিনা পারভীন, জ্যোতির্ময় গুহঠাকুরতা, আবদুল আলীম চৌধুরী, জহির রায়হান, জিসি দেব, সিরাজুদ্দীন হোসেন—এমন সব বুদ্ধিজীবী মরেছেন বটে, সে জন্য সবাই বুদ্ধিজীবী কবরস্থানে যাব এ বছরও। যাঁরা বুদ্ধিজীবী হত্যায় প্রত্যক্ষ মদদ দিয়েছিলেন, ধরে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ এবং বিভিন্ন নথিপত্রে প্রমাণ রয়েছে, তাঁদের সুরক্ষার জন্য যে হইচই, যে বাগাড়ম্বর চলছে, সেটি প্রমাণ করে, শহীদদের হত্যার বিচারের চেয়ে তাঁদের খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের মানবাধিকার রক্ষাই আজ বেশি জরুরি।চার.ইতিহাস বলে, ৩০ লাখ শহীদ আর দুই লাখ নারীর দৈহিক-মানসিক নির্যাতনের ওপর এই দেশের স্বাধীনতা। এসব হত্যা আর নির্যাতনের সাক্ষ্য জাদুঘরে, নথিপত্রে, জনপদে, পরিবারে আর ব্যক্তিক-সামষ্টিক স্মৃতিতে। স্বাধীনতার ৪১ বছর উদ্যাপন করছি আমরা। প্রতিবছর সিভিল-সামরিক-তত্ত্বাবধায়ক, আওয়ামী-বিএনপি-জাতীয় পার্টি-নির্বিশেষে সব সরকার এসব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে যায়, রাষ্ট্রীয় ছুটির দিন পালন করা হয়, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার দেওয়া হয়। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, কোন সরকার ক্ষমতায় সেই সাপেক্ষে, হানাদার বাহিনী বা পাকিস্তানি বাহিনী ও তার এ দেশীয় দোসরদের ঘৃণ্য কার্যকলাপের প্রতি নিন্দা জ্ঞাপন করেন। নিন্দা জ্ঞাপন করেন বিরোধীদলীয় নেতা। দেশটি এসব শহীদের এবং যুদ্ধাভিজ্ঞতার ভেতর থেকে যাওয়া প্রত্যেক নারী-পুরুষের কারণেই স্বাধীন হয়েছে এবং সে কারণেই নেতারা জাতির উদ্দেশে ভাষণ প্রদান করতে সক্ষম হন। কিন্তু ইতিহাসের এই গণহত্যার বিচার প্রশ্নেও জাতি স্পষ্টভাবে বিভক্ত হয়ে যায়। এত যে মানুষকে মেরে ফেলা হয়েছে, সে বিষয়ে সংশয় না থাকলেও স্বঘোষিত যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে বিচার করার সময়েই বোঝা যায়, আরে কেউ তো খুনি ছিল না একাত্তরে। যদি কেউ খুনিই ছিল, তবে কেন গর্জে ওঠেনি দেশ তাদের বিচারের দাবিতে?আক্ষরিক অর্থেই আমাদের গ্রামের বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়ার পর আমাদের দুই দিন বয়সী শিশু ভাইকে নিয়ে আমার মা ২০০ মাইল হেঁটে ভারতের শরণার্থী শিবিরে পৌঁছেছিলেন। আক্ষরিক অর্থে না খেতে পেয়ে, মাস দুয়েকের কম বয়সী আমাদের সেই ভাই মারা গেলে আমাদের মা-বাবা তাকে ইছামতীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। কারণ, তার মৃতদেহ সৎকার করার মতো আর্থিক সংগতি তাঁদের ছিল না। আমি সাক্ষ্য দিচ্ছি, আমাদের সেই ভাইকে কেউ হত্যা করেনি। ৩০ লাখ মানুষ মরেছে বটে ১৯৭১ সালে, কিন্তু কেউ তাঁদের হত্যা করেনি।কাঁদে হাতি কাঁদে, মাহুত জানে না।সবুজ কলিজা কাঁদে, মাহুত জানে না।ড. কাবেরী গায়েন: শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।