হানাহানির দায় নির্বাচন কমিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে নির্বিঘ্নে জাল ভোট দেওয়া চলছে
ইউপি নির্বাচনে নির্বিঘ্নে জাল ভোট দেওয়া চলছে

ভেবেছিলাম, দেশের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এবং হচ্ছে, তাই অন্য কোনো বিষয় নিয়ে লিখব। মাত্র কয়েক দিন আগেই ২০১৫ সালের শেষের দিকে প্যারিস হামলার জের ধরে ইউরোপের আরেকটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শহর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যে আত্মঘাতী সন্ত্রাসী হামলা হয়েছে, তার ওপরে লিখব। কিন্তু মত পরিবর্তন করলাম। প্রথম ধাপে ৭১২টি মাত্র সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর (মার্চ ২২, ২০১৬) এবং এ নির্বাচন নিয়ে উত্থাপিত কিছু বিষয় সম্পর্কে পর্যালোচনা না করলেই নয়। সে কারণেই মূলত এই লেখার অবতারণা। প্রথম ধাপের এই নির্বাচন মূলত ছয় ধাপের নির্বাচনের প্রথম পর্ব।
প্রথম ধাপে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে ৭১২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলো। এই প্রথম ধাপের নির্বাচনে যে সহিংসতার মাত্র দেখা গিয়েছে, তা নজিরবিহীন। মোট ২৪ জনের প্রাণহানি হয়েছে, যার মধ্যে নির্বাচনের দিনই ১১ জনের মৃত্যু হয়। পরে কক্সবাজারে আরও দুজনের। শুধু পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন পাঁচজন। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের মতো। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত দুই সহস্রাধিক ব্যক্তি আহত হয়েছেন, যার মধ্যে বেশ কিছু পুলিশ সদস্য এবং নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারাও রয়েছেন। প্রথম ধাপে এত হানাহানি, এত রক্তক্ষয় বোধ করি বাংলাদেশের কোনো নির্বাচনে হয়নি।
মঠবাড়িয়ার ওই ইউনিয়নে যেভাবে ও যে কারণে এতজন মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, তার প্রেক্ষাপটই জানান দেয় যে এই নির্বাচন কতখানি সুষ্ঠু হয়েছে। মঠবাড়িয়া বাংলাদেশের দক্ষিণের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল হলেও অনেক পুরোনো ঐতিহ্যবাহী জনপদ। অতীতে কোনো নির্বাচনে এ অঞ্চলে এমন ঘটনা ঘটেনি। ঘটনার প্রেক্ষাপট যা-ই থাকুক, এতগুলো প্রাণহানির ঘটনা এড়ানো যেতে কি না অথবা প্রয়োজনের বেশি অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছিল কি না, তা অবশ্যই তদন্ত করে দেখা প্রয়োজন।
শুধু মঠবাড়িয়াতেই নয়, অন্যান্য জায়গায়ও নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে এত হানাহানিকে কোনোভাবেই স্বাভাবিক বা বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। প্রাক্–নির্বাচনী, নির্বাচনের দিন ও নির্বাচন–উত্তর এসব ঘটনার দায়দায়িত্ব কার ওপর বর্তাবে, তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে। অবশ্য ভোট গ্রহণের মাত্র এক দিন আগে প্রধান নির্বাচন কমিশনার সংবাদ বিজ্ঞপ্তিতে যেসব উক্তি করেছেন, তাতে তিনি হানাহানি আর বিশৃঙ্খলার দায়দায়িত্ব তাঁরই নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের একপ্রকারের নির্ণয় করে অনুযোগ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের আনুষ্ঠানিক বক্তব্য কমিশনের বক্তব্য বলেই বিবেচিত। সে ক্ষেত্রে কমিশন এই অনুযোগ কার কাছে করল? সংবিধান অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্বও যেমন কমিশনের ওপরই ন্যস্ত করেছে, তেমনি অগাধ ক্ষমতাও দেওয়া হয়েছে। কাজেই কমিশনের অসহায়ত্ব প্রকাশ সে দায়িত্ব মোচন করে না। এ হানাহানির দায় অবশ্যই নির্বাচন কমিশনের।
প্রাক্–নির্বাচনের সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ছিল, যে শঙ্কা আরও গভীর হয়েছিল বিভিন্ন পদে প্রায় দেড় শ প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর। অবশেষে এসব শঙ্কা যে বাস্তবে পরিণত হয়েছে, তাতে এখন আর সন্দেহ নেই।
প্রশ্ন উঠেছে, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন কেমন হয়েছে? এর উত্তর দিতে হলে মানদণ্ড নির্ণয় করে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এই নির্বাচনের পূর্ববর্তী ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সঙ্গে তুলনা করলে যে চিত্র ফুটে ওঠে, তাতেই স্পষ্ট হয়, এই ধাপের নির্বাচন কেমন হয়েছিল। ২০১১ সালে ১১ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং প্রথম ধাপে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে নির্বাচন হয়েছিল। ওই ধাপের নির্বাচনগুলো ছিল অনেক বিচ্ছিন্ন অঞ্চলে। পর্যায়ক্রমে সারা দেশে যে নির্বাচন হয়েছিল, তাতে ছোটখাটো ঘটনা ছাড়া এ ধরনের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। যে তথ্য ছিল, তাতে মাত্র চারজন ব্যক্তির প্রাণহানি হয়েছিল নিজেদের মধ্যে কোন্দলে। নির্বাচন–উত্তর পরাজিত ও বিজয়ী গ্রুপের মধ্যে কয়েক জায়গায় সংঘর্ষে এ কয়েকজনের প্রাণহানি হয়েছিল; যদিও কোনো মৃত্যুই কাম্য নয়। কাজেই ২০১১ সালের নির্বাচনকে মানদণ্ড হিসেবে ধরলে এই প্রথম ধাপের নির্বাচনের অব্যবস্থাপনা এবং নির্বাচনী পরিবেশের একটি তুলনামূলক চিত্র পাওয়া যায়।
নির্বাচন কেমন হয়েছে বা নির্বাচনের শুদ্ধতার পরিমাপ করতে হলে বেশ কয়েকটি বিষয় মানদণ্ড হিসেবে কাজ করে থাকে। এসব মানদণ্ডই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর মধ্যে মোটাদাগে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো হলো, নির্বাচনে সব দল বা প্রার্থীর অংশগ্রহণের সুযোগ, অবাধ প্রচারণার পরিবেশ, পক্ষপাতহীন প্রশাসন, আইনশৃঙ্খলার ব্যবস্থাপনা, বিশুদ্ধ ভোটার তালিকা, নির্বাচনী ব্যবস্থাপনা, ভোট গণনা এবং সর্বোপরি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এগুলো শুধু নতুন গণতান্ত্রিক দেশের জন্য প্রযোজ্য, তেমন নয়। এমনকি পুরোনো গণতান্ত্রিক দেশের নির্বাচনেরও সুষ্ঠুতার মানদণ্ড।
সদ্য সমাপ্ত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন কেমন হয়েছে, তা ওপরে উল্লিখিত মানদণ্ডের আলোকে বিশ্লেষণ করলেই প্রতীয়মান হবে যে এই নির্বাচনের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন থেকে যাবে।
এবারই প্রথম তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে মাত্র চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তে আইনের পরিবর্তন আনা হয়েছে। যদিও আগে পৌরসভাতেও অনুরূপভাবে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনও বহুলাংশে অশুদ্ধতার অভিযোগ ছিল। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আরও শঙ্কার সৃষ্টি হয়েছিল।
দলের মনোনয়ন নিয়ে অসন্তোষের কারণে তথাকথিত বিদ্রোহী প্রার্থীর জন্ম হওয়ার পর থেকেই অনেক জায়গায় নির্বাচনী পরিবেশ জটিল হয়ে ওঠে। তৃণমূলে দলের ভেতরেই বিভেদ এবং সেখান থেকেই জন্ম নেয় সহিংসতার। অন্যদিকে, ব্যাপক অভিযোগ ওঠে যে সরকারবিরোধী দলগুলোর প্রার্থীদের মনোনয়ন পর্যায়েই বাধা দেওয়া হয়। শুধু বিরোধী প্রার্থীদেরই নয়, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও একই পরিবেশ তৈরি হয়। এসব কারণেই হয়তো এতসংখ্যক পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। একটি জেলাতেই ৩৪ জনের মতো চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সন্দেহ রয়েছে, এ ক্ষেত্রে নির্বাচনে সর্বজনীন অংশগ্রহণের পরিবেশ ছিল না। বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে থাকলেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ক্ষিপ্রতা দেখা যায়নি। অবশ্য পরবর্তী সময়ে কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিতে দেখা গেলেও তা ছিল অপর্যাপ্ত। প্রথম থেকেই এ প্রবণতা রোধের পদক্ষেপ নিলে হয়তো তা কমানো যেত।
আগেই যেমন বলেছি, নির্বাচনী ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। এ দায়িত্ব পালনে সরকারসহ অন্যান্য রাজনৈতিক দল সহযোগী। পরিবর্তিত পরিস্থিতিতে এমন জটিল নির্বাচন যে আরও জটিল হয়ে উঠবে, তা অনুধাবন করে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেসব বিষয়ে প্রয়োজন ছিল সব সহযোগীর সঙ্গে আলোচনা করে পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা চাওয়া এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনা। তেমনটা নির্বাচন কমিশন করতে পারেনি।
এবারের পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের অন্যতম জটিলতা হলো ধাপে ধাপে দলীয় নির্বাচনে ফলাফল ঘোষণার বিষয়টি। এ ধরনের এত বড় নির্বাচন ধাপে ধাপেই করতে হয়, তবে ফলাফল ঘোষণায় ব্যতিক্রম হয়। ফলাফল ঘোষণা করা হয় সব ধাপ শেষ হওয়ার পর একই দিনে। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোয় যেখানে এ ধরনের নির্বাচন হয়, যেসব দেশে এ রকম পদ্ধতিতেই ফলাফল ঘোষণা করা হয়। এমন হলে হয়তো মঠবাড়িয়ার মতো ঘটনা এড়ানো যেত।
যা-ই হোক, প্রথম ধাপের নির্বাচন কেমন হয়েছে, তা নিয়ে অবশ্যই ব্যাপক পর্যালোচনা হতে পারে। হতে পারে গবেষণার বিষয়। তবে এ কথা অনস্বীকার্য, এ নির্বাচন যে কত সহিংস হয়েছে, তার প্রমাণ ২৪ জন ব্যক্তির প্রাণহানি। সামনে আরও পাঁচ ধাপ রয়েছে। আশা করা যায়, ব্যবস্থাপনার যেসব ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে দৃশ্যমান ব্যবস্থা গৃহীত হবে। এ ক্ষেত্রে সরকার, সরকারি দল ও অন্যান্য দলের সহযোগিতার ক্ষেত্র নির্বাচন কমিশনকেই তৈরি করতে হবে। অন্যথায় নির্বাচনী ব্যবস্থাপনার ধস ঠেকানো সম্ভব নয়। নির্বাচনী ব্যবস্থাপনায় এ ধরনের ধস গণতন্ত্র ও রাজনৈতিক অঙ্গনের জন্য সুখকর হবে না।
প্রথম ধাপের এ নির্বাচন কেমন হয়েছে, কতখানি বিশুদ্ধ হয়েছে, তা তাত্ত্বিক আলোচনা বা পর্যালোচনা দিয়ে সঠিক মূল্যায়ন করা কঠিন। তবে এ নির্বাচন সংশ্লিষ্ট জনগণ ও সাধারণ ভোটারদের কাছে কতখানি বিশুদ্ধ মনে হয়েছে এবং নির্বাচনী ব্যবস্থাপনার ওপরে তাঁদের কতখানি আস্থা রয়েছে, সেটাই বিশুদ্ধতা নির্ণয়ের বড় মাপকাঠি।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]