হাফিজুরের জন্য শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি কি শুনতে পাচ্ছ হাফিজ? জানি, তুমি শুনবে না। মৃত্যুর চেয়ে নিঃশব্দ আর কী হয়? তুমি এখন অন্য জগতে। যে জগতের সঙ্গে জীবিতদের যোগাযোগ নেই। পত্রিকাগুলো লিখেছে, তুমি ফরিদপুরের গরিব অটোরিকশাচালকের মেধাবী সন্তান। তোমার বাবা গরিব হলেও তুমি ছিলে ধনী, মেধায় ধনী। জীবনের শত অপূর্ণ আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে তুমি প্রতিযোগিতা করে ভর্তি হয়েছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। তোমার বাবার অটোরিকশার প্রতিটি চাকায় ছিল আশার গতি। তোমার চোখেও ভেসে উঠত বাবার স্টিয়ারিংয়ে রাখা পরিশ্রমী হাত আর ঘামে ভেজা মুখ।
তুমিও হয়তো ভেবেছিল একদিন বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় বাবার স্টিয়ারিংয়ে রাখা হাত চেপে বলবে, বাবা, অনেক হয়েছে, আর নয়, এখন আমি চাকরি পেয়েছি। তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ভেঙে গেছে তোমার বাবার স্বপ্ন। তোমার ভাঙা স্বপ্নের প্রহরী হয়ে বেঁচে আছে তোমার সতীর্থ আর শিক্ষকেরা। তোমার বাবার দুঃখের অটোরিকশার চাকা ঘুরবে আরও বহুদিন।
চোখের জল মুছে সতর্ক হয়ে অটো চালাবেন তিনি যাত্রীর নিরাপত্তার কথা ভেবে। জলভরা চোখে পৃথিবীকে দেখা আর ভাঙা কাচের ভেতর দিয়ে পৃথিবীকে দেখা একই জিনিস, প্রিয় ছাত্র। সারা পৃথিবীকেই তখন ভাঙা ভাঙা মনে হয়। এই ভাঙা পৃথিবীতে আরও অনেক দিন বেঁচে থাকবেন তোমার মা-বাবা। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসটি বহন করে তোমার বাবা হয়তো অনেক ক্লান্ত। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ।
প্রিয় ছাত্র, তোমার কাছে ক্ষমাপ্রার্থী। শীতের রাতে এসএম হলের বারান্দায় শুয়ে নিউমোনিয়ায় মরে যাওয়ার কথা ছিল না তোমার। তুমি যখন বারান্দায় শুয়ে শীতে কষ্ট পাচ্ছিলে, তখন তোমার মশারির ফাঁক গলে দূরের নক্ষত্র তোমাকে দেখছিল বিষণ্নভাবে। প্রতিটি নক্ষত্রই নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে কত উষ্ণ তোমার ধারণা আছে কি না, জানি না। তারা তাদের উষ্ণতা নিয়ে বিষণ্নতায় ভুগছিল, তোমার শীতের কষ্ট দেখে। এত দূর থেকে তোমাকে উষ্ণ করার ক্ষমতা তাদের ছিল না।

>এটা মৃত্যু নয়, অন্যভাবে বাঁচার জন্য চলে যাওয়া। আমাদের বিবেকহীন বেঁচে থাকাকে করুণা করে চলে যাওয়া। হাফিজ, তোমার মৃত্যু আমাদের সবাইকে অপরাধী করে দিয়েছে

এই কটা দিন সূর্য নিশ্চয়ই তোমার খুব প্রিয় ছিল। সকালের সূর্য তোমাকে প্রশান্তি দিয়েছে। ভোরের প্রথম রোদ কী অদ্ভুত মমতায় তোমাকে স্পর্শ করেছে। তুমি সূর্যকে কী বলেছিলে আলোর প্রথম প্রহরে? তোমার সকালের আড়মোড়া ভাঙা ঘুমের পরতে পরতে রোদ মেখে গেছে পরম মমতায়। কিন্তু যে শীতলতা হৃদ্যন্ত্র আর শ্বাসযন্ত্রে ঢুকে যায়, তা মৃত্যুকে আহ্বান করে।
মধ্যরাতে যখন সহপাঠীরা ঘুমায়, তখনো হাড়কাঁপানো শীতের রাতে তোমাদের প্রশিক্ষণ চলছিল। তুমি কি বলে গেছ যে সামান্য শোয়ার জায়গা নিয়ে যে কাণ্ড ঘটে, তা সম্ভবত কারাগারেও ঘটে না। অনেক ছাত্র শোয়ার জায়গা না পেয়ে সারা রাত হাঁটাহাঁটি, হইচই কিংবা মল চত্বরে ক্রিকেট খেলে।
প্রিয় ছাত্র, কারাগারে কোনো বন্দী নিউমোনিয়ায় মারা গেছে শুনিনি। ২৫ বছর আগে আমি যখন প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তখনো আমরা গাদাগাদি করে শুয়েছি। কিন্তু এক রুমে ৩৬ জন কিংবা বারান্দায় রাত্রি যাপন করতে হয়নি। গত ২৫ বছরের গণতান্ত্রিক শাসন আজ তোমাদের কক্ষ থেকে বারান্দায় এনে ফেলেছে, তারপর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
তোমার মৃত্যুর পরও বিশ্ববিদ্যালয়ে কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। রাজনীতির আষ্টেপৃষ্ঠে বাঁধা এই পরিস্থিতি থেকে কবে আমরা এক মানবিক জীবনের দিকে ফিরে যাব? ইংরেজিতে যাকে বলে ‘ইনডিফারেন্ট’ বা পরিস্থিতির প্রতি বিকারহীনতা বা প্রতিক্রিয়াহীনতা, আমরা কি সেই মানসিক অবস্থার মধ্যে পতিত হয়েছি? আমরা কি জীবন যাপন করছি, নাকি ভয়াবহ ট্রমা বা নাম্বনেসে আক্রান্ত। স্নায়ু অবশ করা এক জীবনই আমরা যাপন করছি? মাঝেমধ্যে মনে হয়, বিশ্ববিদ্যালয় আজ আর বড় মানুষ তৈরি করে না, বরং বড় মানুষকে ছোট করে ফেলে। আমরা কি দিন দিন ছোট হয়ে যাচ্ছি?
প্রিয় ছাত্র, দেশ নাকি এগোচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার ছাপ দেখছি না। এ কোন দেশ? বড় অচেনা ঠেকে। মাতৃভূমি কি প্রতিদিন আবিষ্কারের জিনিস, নাকি প্রতি মুহূর্তে হৃদয়ের মাঝে বেজে ওঠার জিনিস? হলে গাদাগাদি করে ঘুমানোর স্মৃতি তো ৪৫ বছর আগের বিলুপ্ত স্মৃতির অংশ হয়ে ওঠার কথা ছিল।
আমার একজন ছাত্র শীতের রাতে বারান্দায় শুয়ে মারা গেছে। এটা কি সত্য, নাকি আমার আতঙ্কিত প্রহরের কোনো দুঃস্বপ্ন? ঘুম ভাঙলেই দেখব এসব মিথ্যা, পুরোটাই দুঃস্বপ্ন। জীবন অনেক নির্মম, সত্য আর বাস্তবতা অনেক নিষ্ঠুর। স্বপ্নকে বাস্তব করা যায়, কিন্তু বাস্তবকে স্বপ্ন বলে এড়ানো যায় না। কিন্তু কোনো কোনো বাস্তব দুঃস্বপ্ন হয়ে অনেক অনেক দিন তাড়া করবে। মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রটির মৃত্যু দুঃস্বপ্ন হয়ে তাড়া করবে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি বিবেকবান শিক্ষক–শিক্ষার্থীকে।
এটা মৃত্যু নয়, অন্যভাবে বাঁচার জন্য চলে যাওয়া। আমাদের বিবেকহীন বেঁচে থাকাকে করুণা করে চলে যাওয়া। হাফিজ, তোমার মৃত্যু আমাদের সবাইকে অপরাধী করে দিয়েছে।
(ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্র, মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী, অকালপ্রয়াত হাফিজুর মোল্লার স্মৃতিতে রচিত।)
জহিরুল হক মজুমদার: সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।