
এ এক প্রেমকাহিনিই। শামীম ভালোবেসেছিলেন হাবিবাকে। হাবিবা ভালোবেসেছেন শামীমকে। দইয়ের জন্য বিখ্যাত বরিশালের গৌরনদীর দুই পড়শি শামীম আর হাবিবা। এলাকার নাম তরকিবন্দর। ছয় বছর ধরে তাঁদের প্রেম। যখন প্রথম তাঁদের হৃদয়বদল ঘটে, তখনো তাঁরা ছোট। তখনো তো তাঁরা ছাত্র। তখন হাবিবার বয়স কুড়ি।
কাজেই তাঁরা অপেক্ষা করেন কখন তাঁদের লেখাপড়া শেষ হবে। কখন তাঁরা দাঁড়াবেন নিজের পায়ে।
দীর্ঘ সাড়ে পাঁচ বছর পরে শামীম চাকরি পান ঢাকার একটা ওষুধ কোম্পানিতে। আর হাবিবাও অনার্স পাস করেন।
হাবিবা চলে যান ঢাকায়। বরিশাল থেকে। তাঁরা বিয়ে করেন।
কিন্তু প্রেমের কাহিনিতে চড়াই-উতরাই থাকে।
তাঁদের বিয়েতে আসে বাধা। দুই পরিবার এই বিয়ে প্রথমে মেনে নিতে চান না।
কিন্তু মা-বাবার দোয়া তো লাগবেই।
মা-বাবার মান ভাঙাতে হবে।
এই ঈদের ছুটিতে সেই কাজটাই করতে হবে।
শামীম চললেন তাঁর বাড়িতে।
মা-বাবা নিজেরই মা-বাবা। ছেলের ওপর কত দিন আর থাকতে পারেন অভিমান করে।
তাঁরা রাগ-ক্ষোভ ভুলে যান। ছেলেকে বলেন, যাও, বউ নিয়ে এসো। বাড়িতে অনুষ্ঠান করো। আত্মীয়স্বজনকে দাওয়াত করে খাওয়াই।
এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে! শামীম মোবাইল ফোনে সুখবরটা জানান হাবিবাকে।
এখন হাবিবাকে নিয়ে আসতে হবে তরকিবন্দরে। তাঁদের বাড়িতে।
শামীম বলেন, আমি ঢাকায় আসি। কেনাকাটা করি। তারপর তোমাকে নিয়ে বাড়ি আসব।
হাবিবা বলেন, না না, কেনাকাটা করার কিছু নেই। আমি মাওয়া ঘাটে আসি। লঞ্চে উঠে পড়ি।
শামীম বলেন, তাহলে আমিও মাওয়া ঘাটে আসি। তারপর দুজনে একসঙ্গে বাড়ি ফিরব। তুমি একা একা বাড়ি আসবে কী করে? লোকেই বা কী বলবে? আর তোমাকে কত দিন দেখি না। আসি।
তা-ই সই। হাবিবা ঢাকা থেকে রওনা দিলেন মাওয়ার দিকে।
শামীমও রওনা দিলেন গৌরনদী থেকে। ঢাকার উদ্দেশে। পথে তিনি উঠে পড়লেন লঞ্চে।
কোন লঞ্চ? মোবাইল ফোনে হাবিবা জিজ্ঞেস করেন।
পিনাক-৬। শামীম জবাব দেন।
শোনো। লঞ্চে যদি দেখো বেশি ভিড়, তাহলে এইটাতে উঠো না। পরের লঞ্চে ওঠো।
হাবিবা ঘাটে অপেক্ষা করছেন। ওই তো একটা লঞ্চ আসছে। ওটাই কি পিনাক-৬। তিনি ফোন করেন। এই, তোমার লঞ্চ কি ঘাটের কাছে এসে গেছে?
হ্যাঁ।
আমি তোমার লঞ্চ মনে হয় দেখতে পাচ্ছি।
তারপর...
আহা। ওই দৃশ্য দেখে কার প্রাণে সইবে?
আপনারা কি কেউ দেখেছেন টেলিভিশনে কিংবা ইন্টারনেটে লঞ্চটির ডুবে যাওয়া। মাত্র কয়েক সেকেন্ডে একদিকে কাত হয়ে ডুবে গেল লঞ্চটি। একটা আস্ত লঞ্চ ছিল। লঞ্চটাতে কত মানুষ। মুহূর্তে ডুবে চিহ্নহীন ঢেউয়ের নিচে হারিয়ে গেল সব। এতগুলো মানুষের জীবন। তাদের স্বপ্ন-সাধ, তাদের সম্পর্ক। একেকটা মানুষ তো সংখ্যা নয়। তারা একেকটা মানুষের জীবন। প্রতিটা মানুষের জন্মের সময় কত আনন্দ। সে যখন প্রথম কথা শিখল, প্রথম হাঁটা শিখল, প্রথম স্কুলে গেল।
শামীমের মতো যখন সে প্রেমে পড়ল। যখন সে বিয়ে করল। যখন সে তার নববধূ হাবিবাকে বাড়ি নিয়ে যাবে, অনুষ্ঠান করবে বলে বেরিয়ে পড়ল।
সেই দৃশ্য কী করে সইবেন হাবিবা? তিনি বারবার অজ্ঞান হয়ে যান।
তার অপেক্ষা আর ফুরোয় না।
শামীম আর আসেন না।
ঢাকা ট্রিবিউন-এ (আগস্ট ৬, ২০১৪) এই কাহিনি পড়ি, কিছু সংলাপ কল্পনা করি, কিছু দৃশ্য আর চোখের জল মুছি। টেলিভিশনে লঞ্চটির ডুবে যাওয়ার মোবাইল ফোনে তোলা ভিডিও দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে থাকি! হা খোদা। এ কী দেখলাম! এত মানুষ নিয়ে একটা লঞ্চ এভাবে ডুবে যাবে?
আর সেই সেলফির কাহিনিটা যতবার ভাবি, ততবার গভীর বেদনায় সমস্ত সত্তা স্থবির হয়ে যায়।
সেলফি হচ্ছে মোবাইল ক্যামেরায় তোলা নিজের ছবি।
শিকদার মেডিকেলের ছাত্রী নুসরাত জাহান হীরা। তাঁর ছোট বোন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রথম
বর্ষে ভর্তি হওয়া ফাতেমা জাহান স্বর্ণা। স্বর্ণা জিপিএ–৫ পেয়েছিল। শিবচরের শেখ ফজিলাতুন্নেসা স্কুলের এই ছাত্রীটি সে কি প্রথম আলোর জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিল? আর তাদের খালাতো বোন চীনে পড়তে যাওয়া, চীন থেকে দেশে আসা জান্নাতুন নাইম লাকি। তিনজনের একটা সেলফি তাঁরা তুলেছিলেন। হাস্যোজ্জ্বল তিনটা সম্ভাবনার আলোভরা ঝকঝকে মুখ। এঁরা তিনজনই ছিলেন পিনাক-৬-এ। হীরার মৃতদেহ পাওয়া গেছে। বাকি দুজনকে পাওয়া যায়নি। তাঁদের মা-বাবার মনে এখন কী সাইক্লোন বইছে?
২.
প্রতিবছর একাধিক লঞ্চ দুর্ঘটনা ঘটে। গত মে মাসেই ঘটেছে দুটো বড় নৌ–দুর্ঘটনা। তার ওপরও কলাম লিখেছি। লিখেছি, বিবেকের ওপর থেকে কালো পর্দা সরান।
এই কলামে আমি লিখেছিলাম, লঞ্চ দুর্ঘটনা প্রতিবছর ঘটে। এটা কোনো অ্যাকসিডেন্ট নয়। এটা একেবারেই নিয়মিত ব্যাপার। কাজেই এটা হত্যাকাণ্ড। এবং যে পরিমাণে মানুষ আমরা প্রতিবছর মারি নৌপথে, তা গণহত্যার পর্যায়ে পড়ে। দৈনিক ইত্তেফাক-এ লিখেছে, চার দশকে ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে নৌ–দুর্ঘটনায়।
কেন আমাদের কোনো বিকার নেই? কেন আমরা মনে করি, লঞ্চ জিনিসটা তৈরি হয়েছে ডোবার জন্যই?
অপমৃত্যুগুলোও নিতান্ত দুর্ঘটনা নয়, হঠাৎ করে ঘটেনি, এটাও একধরনের পরিকল্পিত হত্যাকাণ্ডই। এবং নারী-শিশুসহ এতজন মারা গেছেন যে এটাও গণহত্যাই।
এবং এ জন্য আমি দায়ী। আপনি দায়ী। সবচেয়ে বেশি দায়ী কর্তৃপক্ষ। মাত্র ২৬ জুলাইয়ের খবরে দেখলাম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলছেন, বিএনপি সরকারের চেয়ে এই সরকারের আমলে নৌ–দুর্ঘটনা কম ঘটেছে। তার পরের খবর, ডুবে যাওয়া পিনাক-৬-এ তাঁর তিন ভাগনিও ছিলেন।
কোরিয়ায় ফেরি ডুবে শিশুমৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। যে স্কুলের বাচ্চারা মারা গেছে, তার দায়িত্বে থাকা সহকারী হেডমাস্টার আত্মহত্যা করেছেন। এসবই তাঁরা করেন বিবেকের দংশনে। ওই সহকারী হেডমাস্টার তো ফেরি চালাচ্ছিলেন না। প্রধানমন্ত্রীও চালাচ্ছিলেন না। তবু তাঁরা দায়িত্ব স্বীকার করেন, তাঁদের বিবেকের দংশন অনুভব করেন। কারণ, তাঁদের বিবেক আছে। আমাদের বিবেক নেই।। আমাদের বিবেক নেই। আমাদের বিবেক নেই।
থাকলে আমরা লাশপ্রতি ছাগল বরাদ্দ করতাম না, যেমনটা করেছিলেন বিএনপির আমলের এক মন্ত্রী। আমরা মে মাসের লঞ্চ দুর্ঘটনার পরে বলতে পারতাম না, এই সরকারের আমলে লঞ্চ দুর্ঘটনা আগের সরকারের আমলের চেয়ে কম হচ্ছে। সেই উক্তির রেশ হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগেই এত বড় দুর্ঘটনা।
আমাদের নৌ–চলাচলের অনেক সমস্যা। যাত্রী ও মাল ধারণক্ষমতার চেয়ে বেশি তোলা হয়। কতখানি তোলা যাবে, সহজে বোঝার জন্য লঞ্চের গায়ে চিহ্ন দেওয়া আছে, এখনো নাকি দেখা যাচ্ছে, সেই দাগ ডুবে যাওয়ার পরেও মাল ও যাত্রী তোলা হচ্ছে। আমরা নিয়ম মানি না। আমাদের পরিদর্শকেরা কাজ করেন না। আমাদের লঞ্চে লাইফজ্যাকেট আর বয়া নেই। আমরা ত্রুটিপূর্ণ লঞ্চ চালাই। এসবই ব্যবস্থাপনার ত্রুটি। আমাদের নাবিকেরা প্রশিক্ষিত নন। তাঁরা আইনকানুন মানতে চান না।
কিন্তু একটা কথা আমি বছরের পর বছর ধরে বলে আসছি। তা হলো, এটা তো ইঞ্জিনিয়ারিং ফেইলরও। প্রকৌশলগত ব্যর্থতা। একটা নৌযান ঠিকভাবে নকশা করা হলে আর সেই নকশা অনুযায়ী নির্মিত হলে এবং সব কটা নিয়মকানুন ঠিকমতো মেনে চালানো হলে তা ঢেউয়ে বা ঝড়ে ডুবে যাবে না। কারণ, ঢেউ আর বাতাসের গতিবেগ হিসাব করেই নৌযানের নকশা করা হবে। ফ্যাক্টর অব সেফটি বলে ইঞ্জিনিয়ারিংয়ে একটা কথা আছে। ফ্যাক্টর অব সেফটি তিন থাকলে তিন গুণ বেশি যাত্রী ধারণ করলেও নৌযানের ডোবার কথা না।
নকশায় রাজউকের অনুমোদন ছাড়া ঢাকায় কেউ বাড়ি বানাতে পারেন না। তাহলে নৌ–চলাচল কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেন যে কেউ লঞ্চ-জাহাজ বানাতে পারবেন? বুয়েটে নেভাল আর্কিটেকচার (নৌকৌশল) নামে একটা বিভাগ আছে। যাদের কাজই নৌযানের নকশা প্রণয়ন শেখানো। সরকার যদি আজকেই সিদ্ধান্ত নেয়, বিশেষজ্ঞ ছাড়া কেউ নৌযানের নকশা করতে পারবেন না, অনুমোদিত নকশা ও অনুমোদিত প্রস্তুতকারক ছাড়া কেউ নৌযান বানাতে পারবেন না এবং বানানোর পরে বিশেষজ্ঞরা পরীক্ষা করে অনুমোদন দেওয়ার পরেই কেবল তা যাত্রী পরিবহন করতে পারবে—এই নিয়ম যদি বাস্তবায়ন করা হয়, আগামী এক বছরের মধ্যে বড় বড় লঞ্চ দুর্ঘটনা শূন্যের কোঠায় আনা সম্ভব।
আমি বিবেকের দংশনে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, এটা চাইছি না, কেউ আত্মহত্যা করুন, সেটা কোনো দিনও চাইব না। কিন্তু কর্তৃপক্ষÿ নৌযানগুলোকে বৈজ্ঞানিকভাবে নির্মাণের স্থায়ী ব্যবস্থা কায়েম করবে, এটা চাই। এবং চাই তার ঘোষণা এখনই আসুক। তা বাস্তবায়ন আগামী ছয় মাস এক বছরের মধ্যে ঘটানো হোক। আর নিয়মকানুন, সাবধানতা, পরিদর্শন, চালকের দক্ষতা এসব প্রাথমিক শর্তগুলো তো মানতেই হবে।
তবে সবকিছুই সম্ভব, যদি জবাবদিহি থাকে। যদি অপরাধীর শাস্তি হয়। যদি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কিছুই হবে না। কাগজে লিখেছে, তদন্ত কমিটিগুলোর বেশির ভাগের রিপোর্ট আলোর মুখ দেখে না। কাগজে লিখেছে, আজ পর্যন্ত কোনো বিচারের রায় হয়নি। কারও শাস্তি হয়নি।
বাংলাদেশে নৌপথে, সড়কপথে গণহত্যা চলছে চলবে চলছে চলবে...
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।