হামাসের সঙ্গে কথা বলার সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক বাকুনি
তারেক বাকুনি

সোমবার রাতে হামাসের রাজনৈতিক ব্যুরোপ্রধান খালেদ মিশাল এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংগঠনের বহু প্রতীক্ষিত ‘ডকুমেন্টস অব জেনারেল প্রিন্সিপলস অ্যান্ড পলিসিস’ ঘোষণা করেন। হামাসের নেতারা বলেছেন, এর মাধ্যমে তাঁদের আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সনদ থেকে বিচ্যুতি ঘটেনি। এই নথিটি বহুদিন আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল।

হামাসের এই সনদ এক রাজনৈতিক বিতর্কমূলক নথি। তাদের দাবি, ঐতিহাসিক ফিলিস্তিন ভূমিতে ইসলামিক রাষ্ট্র নির্মাণ করতে হবে। ১৯৮৮ সালে হামাসের জন্ম হওয়ার পর অনেক নেতাই এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তবে বৃহত্তর স্বার্থে আদর্শিক শুদ্ধতা এবং আন্দোলনের মধ্যে ঐক্য রক্ষার দাবিতে ইতিপূর্বে ওই সনদ রক্ষার যে ডাক দেওয়া হয়েছে, তা ব্যর্থ হয়েছে।

হামাসের প্রতিষ্ঠাকালীন সনদের তুলনায় এই নতুন সনদটি আপেক্ষিকভাবে অধিক ব্যঞ্জনাময় এবং রাজনৈতিকভাবে চৌকস। এটি সংস্কারের সব দাবি আমলে নিতে পারেনি। কিন্তু একটি আন্দোলন হিসেবে হামাসের বিকাশের সঠিক ইতিহাস এতে পাওয়া যায়। অন্য কথায়, প্রতিষ্ঠার ৩০ বছর পর গাজার শাসক দল হিসেবে তাদের ইতিহাস এতে পাওয়া যায়।

রাজনৈতিক ফ্রন্টে এই নথি নতুন বিস্ময়ের জন্ম দেয়। হামাস দ্ব্যর্থহীনভাবে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির প্রতি সমর্থন জানায়, যার রাজধানী হবে জেরুজালেম। এতে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়নি। অথবা ফিলিস্তিনি শরণার্থীদের ফেরত আসার অধিকারেও ছাড় দেওয়া হয়নি। মধ্যবর্তী রাষ্ট্র মেনে নেওয়া বা তার পরবর্তীকালে ফিলিস্তিনের স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকারকে ‘জাতীয় ঐকমত্যের সূত্র’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার মধ্যকার আপসের প্রকৃতির ওপর জোর দেওয়ার জন্য এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে এটা ফাতাহর সঙ্গে সমঝোতার প্ল্যাটফর্মও তৈরি করে।

এই নথিতে তীব্র ইহুদিবিদ্বেষী ভাষা ব্যবহার করে স্বাধীনতার দাবি জায়েজ করার চেষ্টা করা হয়নি, যেটা আগের নথিতে করা হয়েছিল। বরং এতে ইহুদিবিদ্বেষী আদর্শের কথা বলা হয়েছে। বলা হয়েছে, ইহুদিবাদ এক ‘বর্ণবাদী, আগ্রাসী ও ঔপনিবেশিক’ প্রকল্প, আজকের উত্তর-ঔপনিবেশিক যুগে যার অস্তিত্ব থাকা উচিত নয়। এই নথিতে খোলাখুলিভাবে ইহুদি ও ইহুদিবাদের মধ্যে পার্থক্য করা হয়েছে, অন্যদিকে রাজনৈতিক ইহুদিবাদের সঙ্গেও এর পার্থক্য দেখানো হয়েছে।

হামাসের লড়াই এই রাজনৈতিক ইহুদিবাদের বিরুদ্ধেই। এতে জোর দিয়ে বলা হয়েছে, ইহুদিবিদ্বেষের সঙ্গে ইহুদি জনগণের লড়াই এবং আরব বা মুসলমানদের সম্পর্ক নেই। বরং ইউরোপের অতীতের সঙ্গে এর সম্পর্ক আছে। হামাস মনে করে, এই ‘ইহুদিবাদী প্রকল্প’ সামাল দিতে দখলদারির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা ঐশ্বরিক অধিকার। আন্তর্জাতিক আইনে এটি বৈধ বটে।

যাঁরা দাবি করেন হামাস এক অযৌক্তিক, গোঁড়া ও রক্তপিপাসু গোষ্ঠী, যাদের লক্ষ্য সব ইহুদিকে কতল করা, তাদের জন্য এই নথিটি পাল্টা জবাব। আবার যাঁরা বলেন এটা হামাসের পল্টি খাওয়ার শামিল, তাঁরাও মূলত উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন। এটাকে ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দেখা উচিত, যার মাধ্যমে হামাস যে বাস্তবানুগ, সেটা মানুষকে জানানো হলো; তাও আবার সংগঠনের আদর্শিক ভিত্তি অক্ষুণ্ন রেখে।

এটা একধরনের কূটনৈতিক অস্ত্র, যার মাধ্যমে পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় হামাসের সঙ্গে আলোচনা করতে পারবে।

উদ্বেগ থাকলেও বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রচেষ্টা নস্যাৎ করা ঠিক হবে না। হামাস সশস্ত্র সংগ্রাম জায়েজ করতে আন্তর্জাতিক আইনের দোহাই দেয়, তা সত্ত্বেও তারা বেসামরিক নাগরিকদের বাছবিচারহীনভাবে আক্রমণ করে সেটা লঙ্ঘন করে। হামাসের কার্যক্রমকে যেমন পরিপ্রেক্ষিতে বুঝতে হবে, তেমনি তার এই বেসামরিক মানুষ হত্যার সমালোচনা করতে হবে।

ইসরায়েল বহু বছর ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সুনির্দিষ্টভাবে দখলদারি ও যুদ্ধের মাধ্যমে বেসামরিক মানুষ হত্যা
করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তার মানে এই নয়, আমি দুই পক্ষকে এক করে দেখছি বা কে বেশি অপরাধ করছে, তার বিচার করছি। বরং আমি এটা বলার চেষ্টা করছি যে দুই পক্ষই যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তখন এক পক্ষকে কূটনীতি থেকে বাদ দিয়ে আরেক পক্ষকে সুযোগ দেওয়া যায় না।

হামাস যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায় না, সে প্রসঙ্গেও একই কথা বলা যায়। হামাসের এই রাজনৈতিক নথি দুই রাষ্ট্র সমাধানের কাছাকাছি। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ইশতেহার তেমনটা নয়।

লিকুদের ইশতেহারে ১৯৬৭ সালের সীমান্তের কথা নেই। হামাস যেমন ইহুদিবাদের স্বীকৃতি দিতে চায় না, লিকুদ তেমনি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে চায় না।

কিছু ভুল-ত্রুটি সত্ত্বেও হামাসের নতুন এই নথিতে রাজনৈতিক দাবি আছে। ফিলিস্তিনিদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এটিই মূল বিষয়। জাতিসংঘের অনেক প্রস্তাবেই এই ব্যাপারগুলো আছে, যার মধ্যে আছে প্রত্যাবর্তনের অধিকার।

ইসরায়েল ঐতিহাসিকভাবে এই রাজনৈতিক দাবি এড়িয়ে চলার চেষ্টা করেছে। বরং তারা এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছে। ফলে গাজায় কখনোই কাজের কাজ কিছু হয়নি। হামাসের এই নতুন নথিটিকে সুযোগ হিসেবে দেখতে হবে। অর্থাৎ দুই পক্ষের মাঝে গ্রহণযোগ্যতা আছে—এমন একজন মধ্যস্থতাকারীর সঙ্গে বসে আলোচনার সুযোগ সৃষ্টি করেছে এই নথি।

অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।

তারেক বাকুনি: মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ।