হার মানবে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদের বিরুদ্ধে গণমানুষের প্রতিরোধকে কাজে লাগাতে হবে
জঙ্গিবাদের বিরুদ্ধে গণমানুষের প্রতিরোধকে কাজে লাগাতে হবে

২৬ জুলাই মঙ্গলবার সকালেই জানা গিয়েছিল, কল্যাণপুরে যৌথ বাহিনীর ‘অভিযান’ শেষ হয়েছে। এতে নয় জঙ্গি নিহত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ মারা যাননি; দু-একজন সামান্য আহত হয়েছেন। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই জঙ্গিদের বিরুদ্ধে একটি ‘সফল’ অভিযান চালানোয় সবার খুশি হওয়ারই কথা। গুলশানের হলি আর্টিজান বেকারিতে অভিযান চালাতে গিয়ে দুজন পুলিশ কর্মকর্তাকে জীবন দিতে হয়েছিল। কল্যাণপুরের অভিযানকালে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তাঁর নাম রাকিবুল হাসান ওরফে রিগ্যান; বাড়ি বগুড়ায়। স্থানীয় শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করার পর গত বছর কোচিং সেন্টারে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সেই ফিরে না আসা হাসানই পুলিশের হাতে ধরা পড়লেন ভয়ংকর জঙ্গি হিসেবে।

গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে যাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত বা আহত হয়েছেন; দেখা যাচ্ছে, তাঁরা সবাই নিখোঁজ বা ‘ঘরপালানো’ তরুণ। কিসের মোহে তাঁরা ঘর পালিয়েছেন বা পালাতে কারা প্ররোচিত করেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি। এই তরুণদের অধিকাংশের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এই বয়সটায় নতুন কিছু করার ঝোঁক থাকে। সেই নতুন কিছু ভালোও হতে পারে, আবার মন্দও হতে পারে। এই বয়সে যদি কারও মগজধোলাই করা যায়, তাঁকে জঙ্গিবাদের মতো বিপজ্জনক পথে নিয়ে যাওয়া সহজ হয়। বাংলাদেশে জঙ্গিদের মদদদাতা ‘বড় ভাইয়েরা’ সেই কাজটিই করছেন। এই বড় ভাইদের পেছনে আরও বড় ভাইয়েরা আছেন। সারা বিশ্বেই এখন ‘বড় ভাইদের’ দৌরাত্ম্য চলছে। আর তার শিকার হচ্ছে বাংলাদেশের মতো গরিব দেশের তরুণেরা। তবে এও সত্য যে মধ্যপ্রাচ্য, পাকিস্তান বা আফগানিস্তানে জঙ্গিরা যেভাবে প্রকাশ্যে প্রশিক্ষণ নিতে পারছে, ক্ষেত্রবিশেষে মুক্ত এলাকা ঘোষণা করে নিজস্ব শাসন চাপিয়ে দিচ্ছে, বাংলাদেশে সেটি কখনোই সম্ভব নয়। এ কারণেই আমরা দেখি দুর্গম পাহাড়ে বা প্রত্যন্ত কোনো চরে গিয়ে জঙ্গিরা প্রশিক্ষণ দিয়ে থাকে।

কল্যাণপুরে পুলিশের সফল অভিযানের খবর একদিকে আমাদের স্বস্তি দেয়, অন্যদিকে উদ্বিগ্ন করে। স্বস্তি দেয় এ কারণে যে অভিযানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। আর উদ্বেগের কারণ হলো, যদি রাজধানীর একটি ঘনবসতিপূর্ণ এলাকায় জঙ্গিরা এভাবে আস্তানা গাড়তে পারে, তাহলে দেশের কোনো স্থানই নিরাপদ বলা যায় না। পুলিশ বলেছে, জুন মাসে জঙ্গিরা বাসাটি ভাড়া নিয়েছে। কিন্তু তার আগে এই ১১ জঙ্গি (পলাতক ও আহতসহ) কোথায় ছিল? জঙ্গি আস্তানায় যেসব আগ্নেয়াস্ত্র, তলোয়ার, চাকু, ছুরি ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে, সেসবই বা তারা কীভাবে জোগাড় করল? কল্যাণপুরে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে আলাপ করে জানা গেল, জঙ্গিদের আস্তানা সম্পর্কে তাঁরাও জানতেন না। তাহলে কি সামাজিক বিচ্ছিন্নতার সুযোগ নিয়েই জঙ্গিরা ভদ্রজন-আবাসে ঢুকে পড়েছে?


২.
জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধটি তৈরি করছে কারা? সরকার বা বিরোধী দল নয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠন। বিশেষ করে গুলশান ট্র্যাজেডির পর সাধারণ মানুষ; বিশেষ করে নারী ও তরুণদের মধ্যে একধরনের সচেতনতা সৃষ্টি হয়েছে। দেশের প্রায় সব দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এমনকি যেসব বাবা-মায়ের সন্তান জঙ্গি হয়েছে, তাঁরাও সন্তানস্নেহে অন্ধ না হয়ে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। ২ জুলাই ভোরে যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি এবং ঈদের দিন শোলাকিয়ায় এক জঙ্গি নিহত হওয়ার পর তাদের লাশ গ্রহণ করতে কাউকে পাওয়া যায়নি। এখনো লাশগুলো হাসপাতালের মর্গে পড়ে আছে। একই ঘটনা ঘটেছে ২৬ জুলাই কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গির বেলায়ও। বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশিত ও প্রচারিত হওয়ার পর নিহত নয় জঙ্গির মধ্যে আটজনের পরিচয় পাওয়া যায়। কিন্তু এবারও স্বজনেরা কেউ লাশ নেওয়ার কথা বলেননি। বরং কোনো কোনো বাবা-মা বলেছেন, তাঁরা জঙ্গি সন্তানের লাশ নেবেন না। এলাকায় লাশ দাফন হোক, এটাও তাঁরা চান না। জঙ্গিদের প্রতি, জঙ্গিবাদের প্রতি কতটা ঘৃণা থাকলে বাবা-মা এ রকম সাহসী উচ্চারণ করতে পারেন। সন্তান হারিয়েও তাঁরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত দেখতে চান। আমরা এই বাবা-মাকে সালাম জানাই।

এসব ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের সমাজ ও পরিবার যতই খারাপ হোক না কেন, জঙ্গিবাদকে সমর্থন করতে প্রস্তুত নয়। সহকর্মী মশিউল আলম একটি লেখায় প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের জঙ্গিরা কত দূর যেতে পারে? আমরা মনে করি, তারা খুব বেশি দূর যেতে পারবে না। ইরাক, সিরিয়া কিংবা আফগানিস্তানে যারা জঙ্গি হয়েছে, তারা সমাজ ও পরিবারের সমর্থন পেয়েছে। বাংলাদেশে সেই সম্ভাবনা নেই। সেসব দেশে কাজটিকে ধর্ম রক্ষার পাশাপাশি ‘দেশ রক্ষার’ অংশ হিসেবে দেখা হয়। বাংলাদেশ এখনো কোনো শক্তির ড্রোন কিংবা কামানের নিশানায় নেই। বাংলাদেশে জঙ্গিরাও পরিবার বা সমাজ থেকে কোনো রকম সহায়তা পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় কেউ এক ফোঁটা অশ্রু ফেলেননি।
২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। যেখানে শত শত গুলি হলো, সেখানে বাড়িটি পুরোপুরি অক্ষত রইল কীভাবে? ময়নাতদন্তকারী চিকিৎসকেরা বলেছেন, অধিকাংশের গুলি শরীরে পেছন থেকে লেগেছে। যদি অভিযান পরিচালনাকালে দুই পক্ষের মুখোমুখি গোলাগুলি হয়ে থাকে, তাহলে গুলি সামনেই লাগার কথা। কিন্তু এসব প্রশ্ন ছাপিয়ে যে নির্মম সত্যটি আমাদের সামনে এসেছে সেটি হলো কল্যাণপুরের অভিযানে যারা নিহত হয়েছেন, তাঁরা সবাই জঙ্গি এবং জঙ্গি হওয়ার পরিণতিই তাঁরা ভোগ করেছেন। গুলশানের হত্যাকাণ্ডের মাধ্যমে জঙ্গিরা গোটা দেশের মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল। কল্যাণপুরের ঘটনা জঙ্গিদের মনে দারুণ ভয় পাইয়ে দিয়েছে বলে অনেকে মনে করেন।


৩.
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গুলশান ও কল্যাণপুরের ঘটনা একই গোষ্ঠীর কাজ। কল্যাণপুরে নিহত জঙ্গি রায়হান গুলশানে হামলাকারীদের প্রশিক্ষণ দিতেন। কল্যাণপুরের ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর আসামি রাকিবুল হাসান ওরফে রিগ্যান। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীসহ নয়জনকে পলাতক আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের ধারণা, তামিম চৌধুরী গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুল হাসান ওরফে রিগ্যান বলেছেন, এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা অনেকে তাঁদের কল্যাণপুরের ফ্ল্যাটে আসতেন। তাঁদের ধর্মীয় ও জিহাদি কথাবার্তায় উদ্বুদ্ধ করতেন এবং প্রয়োজনীয় টাকাপয়সা দিয়ে যেতেন।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, গুলশানে নিহত জঙ্গিদের সঙ্গে কল্যাণপুরে নিহত জঙ্গিদের কারও কারও যোগাযোগ ছিল। গুলশানে নিহত জঙ্গি নিবরাস কল্যাণপুরে নিহত শেহজাদ রউফ ওরফে অর্কের বন্ধু। কল্যাণপুরে নিহত জঙ্গি রায়হান কবির এর আগে পুলিশের খাতায় তারেক নামে পরিচিত ছিলেন। তাঁকে অনেক দিন ধরে পুলিশ খুঁজছিল। তাঁর বাড়ি রংপুরে। সাত জঙ্গিকে গাইবান্ধার সাদুল্যাপুরের একটি চরে দুজন প্রশিক্ষণ দেন। এই দুই প্রশিক্ষকের একজন রায়হান ওরফে তারেক। তিনি জেএমবির ঢাকা অঞ্চলের কমান্ডারের দায়িত্ব পালন করতেন। কল্যাণপুরের বাসা থেকে পলাতক আরেক জঙ্গির নাম ইকবাল। কিন্তু এসব তৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত ও জোরদার কোনো পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়নি। গুলশানে জঙ্গি হামলার পরই তারা কিছুটা নড়েচড়ে বসেছে।

গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরের ঘটনায় যেসব জঙ্গি মারা গেছে, তারা সবাই তরুণ। কেউ উচ্চশিক্ষিত, কেউ স্বল্পশিক্ষিত। কেউ বিত্তবান ঘরের ছেলে, কেউ নিম্নবিত্ত পরিবারের। কিন্তু তাদের মধ্যে অদ্ভুত মিল হলো, সবাই ঘরপালানো। কেউ এক-দুই বছর আগে থেকে, আবার কেউ কয়েক মাস হলো নিখোঁজ ছিলেন। আর এই নিখোঁজ তরুণেরা যেকোনোভাবে হোক ‘বড় ভাইদের’ পাল্লায় পড়ে জঙ্গি হয়েছেন। তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ত্র চালানো ও বোমা বানানো শেখানো হয়। পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়। বলা হয়, ‘তারা সহজেই বেহেশতে যাবে।’

সরকারের জঙ্গিবিরোধী অভিযান সফল করতে হলে যে ‘বড় ভাইয়েরা’ অল্প বয়সী তরুণদের অনিবার্য মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তাঁদের খুঁজে বের করতে হবে। কিন্তু ‘বড় ভাইদের’ ধরার নামে ‘জজ মিয়া’ নাটক সাজানো যাবে না। বাংলাদেশে জঙ্গিদের শিকড় গাড়ার কোনো সুযোগ নেই। এখানকার সাধারণ মানুষ কেউই জঙ্গিদের ও জঙ্গিবাদী দর্শনকে সমর্থন করে না। এমনকি আমরা যাঁদের কট্টর বা ধর্মান্ধ বলি, তাঁরাও মানুষ হত্যায় বিশ্বাস করেন না।

যখন আমাদের রাজনৈতিক নেতারা কাকে নিয়ে বা কাকে বাদ দিয়ে জঙ্গিবিরোধী কমিটি করা যায়, তা নিয়ে বাহাসে লিপ্ত; তখন জনগণের মধ্যে এই অপশক্তি রুখতে একধরনের জাতীয় ঐকমত্য হয়েছে। ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে ২০ জন নিরীহ ও নিরপরাধ মানুষ নিহত হওয়ার পর জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সর্বস্তরের মানুষই ঘৃণা ও ধিক্কার জানিয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। তারা হয়তো রাজনৈতিক দলের মিছিলে আসেনি, কিন্তু জঙ্গিবিরোধী মনোভাবটা জাগরূক রেখেছে। যে দেশে বাবা-মা, আত্মীয়স্বজন নিহত জঙ্গির লাশ গ্রহণ করতে অনীহা প্রকাশ করেন, সেই দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার কারণ নেই; যদি না আমাদের অসুস্থ রাজনীতি সেটাইকে টিকিয়ে রাখতে চায়।
জঙ্গিবাদের ও জঙ্গিদের বিরুদ্ধে এই যে গণমানুষের প্রতিরোধ, তাকে কাজে লাগাতে হবে। মানুষের মধ্যে শুভবোধ ও চেতনার জাগরণ ঘটাতে হবে। কোনো অবস্থায়ই জঙ্গিদের কাছে হার মানবে না বাংলাদেশ।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]