হারভে থেকে শিক্ষা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসেফ ই স্টিগলিৎস
জোসেফ ই স্টিগলিৎস

হারিকেন হারভেতে যুক্তরাষ্ট্রের বহু মানুষের জীবন লন্ডভন্ড হয়ে গেছে এবং সম্পদহানি ঘটেছে। হিসাব অনুসারে ১৫ হাজার থেকে ১৮ হাজার কোটি ডলারের সম্পদ ধ্বংস হয়েছে। কিন্তু এই ঝড়ের পর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গভীর প্রশ্নের উদয় হয়েছে।

ব্যাপারটা পরিহাসের; কারণ, এই ঝড় এমন জায়গায় আঘাত হানল, যেখানে জলবায়ু পরিবর্তন অস্বীকারকারী মানুষের বসবাস। যে রাজ্যের অর্থনীতি জীবাশ্ম জ্বালানিনির্ভর, যে জ্বালানি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। যদিও পরিবেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বেড়ে যাওয়ার জন্য প্রত্যক্ষ কোনো কারণ নেই। কিন্তু বিজ্ঞানীরা অনেক দিন ধরে এই ভবিষ্যদ্বাণী করে আসছেন যে গ্রিনহাউস গ্যাস বাড়লে শুধু তাপমাত্রাই বাড়বে না, বরং আবহাওয়ার খামখেয়ালিও অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে এই হারিকেন হারভের মতো চরম ব্যাপার ঘটতে থাকবে। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বেশ কয়েক বছর আগে বলেছিল, ‘আমাদের হাতে এমন প্রমাণ আছে যে মানুষের কর্মকাণ্ডের জন্য কিছু চরম পরিবর্তন ঘটেছে, যার মধ্যে পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া অন্যতম।’ জ্যোতির্বস্তুবিদ্যা বিশারদ অ্যাডাম ফ্রাঙ্ক সংক্ষেপে এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘তাপমাত্রা বৃদ্ধি মানে বায়ুতে অতিরিক্ত আর্দ্রতা জড়ো হওয়া, যার মানে হলো বৃষ্টিপাত বেড়ে যাওয়া।’

এটা ঠিক, হিউস্টন ও টেক্সাসের পক্ষে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বেড়ে যাওয়া নিয়ে তেমন কিছু করা সম্ভব নয়, যদিও তারা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে শক্তিশালী পদক্ষেপ নিতে পারত। টেক্সাসে যেহেতু এ ধরনের ঝড় প্রায়ই আঘাত হানে, সেহেতু স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ আরেকটু ভালো প্রস্তুতি নিতে পারত। হারিকেনের পর সংস্কারকাজের জন্য সবাই সরকারের দ্বারস্থ হয়, ঠিক যেমন ২০০৮ সালের আর্থিক সংকটের পর ঘটেছিল। আবারও এটা খুব পরিহাসের ব্যাপার যে এটা এমন এক জায়গায় ঘটছে, যেখানে সরকারি ও যৌথ কার্যক্রমের হরহামেশা সমালোচনা করা হয়। আবার এটাও কম পরিহাসের ব্যাপার নয় যে বড় ব্যাংকগুলো নব্য উদারনীতিবাদের প্রচারণা চালায় এবং নিয়মকানুন শিথিলের জন্য উচ্চকণ্ঠ, সেই তারাই প্রয়োজনের সময় সরকারের দ্বারস্থ হয়।

এই পর্ব থেকে নিশ্চিতভাবে কিছু শেখার আছে। সেটা হলো, সমাজের যে সুরক্ষা প্রয়োজন, বাজারের পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়। বাজার যখন ব্যর্থ হয়, তখন যৌথ উদ্যোগের প্রয়োজন হয়।

আর্থিক সংকটের মতো এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসেও সামষ্টিক কার্যক্রমের প্রয়োজন আছে। এর অর্থ হলো, ভবনসহ সব অবকাঠামো এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে সেগুলো এ ধরনের চরম আবহাওয়ায় টিকে থাকতে পারে। আর যেখানে চরম ক্ষতির আশঙ্কা আছে, সেখানে এসব নির্মাণ করা যাবে না। এর আরও একটি অর্থ আছে সেটা হলো, পরিবেশব্যবস্থাকে সুরক্ষা দিতে হবে, বিশেষ করে জলাভূমিকে। কারণ, জলাভূমি ঝড়ের রাশ টেনে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ে বিপজ্জনক রাসায়নিক নির্গত হওয়ার ঝুঁকি কমাতে হবে, হিউস্টনে যেটা ঘটেছে। অর্থাৎ, যথাযথ উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা থাকতে হবে, যার মধ্যে মানুষকে স্থানান্তরের পরিকল্পনাও থাকতে হবে।

এসব কিছু পেতে হলে কার্যকর সরকারি বিনিয়োগ ও শক্তিশালী নিয়মকানুন প্রয়োজন, তা সে টেক্সাস বা অন্য কোথাও যে রাজনৈতিক সংস্কৃতিই চালু থাক না কেন। পর্যাপ্ত বিধিব্যবস্থা না থাকলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষে যথাযথ পূর্বসতর্কতা নেওয়া সম্ভব নয়। কারণ, তারা জানে এ ধরনের চরম পরিস্থিতির সিংহভাগ খরচ অন্যরা মেটাবে।

পরিবেশসহ নানা বিষয়ে পর্যাপ্ত সরকারি পরিকল্পনা ও বিধিব্যবস্থা না থাকলে বন্যা পরিস্থিতি আরও মারাত্মক হবে। বিপর্যয় পরিকল্পনা ও পর্যাপ্ত অর্থায়ন না থাকলে যেকোনো শহরই হিউস্টনের মতো উভয়সংকটে পড়তে পারে। সে ক্ষেত্রে তারা যদি মানুষকে সরিয়ে নেয়, তাহলে যে বিশৃঙ্খলা হবে, তাতে বহু মানুষ মারা যাবে। তার সঙ্গে লাগবে যানজট, এতে মানুষের নড়াচড়ায় ব্যাঘাত ঘটবে।

ডেনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টি যে চরম সরকারবিরোধী আদর্শ (সরকারের ভূমিকা হ্রাস—অনুবাদক) গ্রহণ করেছে, তার জন্য যুক্তরাষ্ট্রসহ পৃথিবীকে উচ্চমূল্য দিতে হবে। পৃথিবী তো এর মূল্য চোকাচ্ছেই; কারণ এখনো যুক্তরাষ্ট্রের মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ পৃথিবীতে সবচেয়ে বেশিদের তালিকায়। কিন্তু তাকে আবার উচ্চমূল্য দিতে হচ্ছে। অন্যান্য দেশ যেমন হাইতি ও ইকুয়েডর ভালোভাবে বিপর্যয় সামলানো শিখে গেছে। ২০০৫ সালে নিউ অরলিন্সে হারিকেন ক্যাটরিনার আঘাত, ২০১২ সালে স্যান্ডতে নিউইয়র্কের বেশির ভাগ রুদ্ধ হয়ে যাওয়া এবং এবারের হারভের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আরও ভালো করা উচিত। এ ধরনের ঘটনা বিশ্লেষণ করার মতো সম্পদ ও দক্ষতা তার আছে। এসব ঘটনায় জীবন ও সম্পদের হানি কমাতে প্রয়োজনীয় বিনিয়োগ করার সক্ষমতা তার আছে।

যুক্তরাষ্ট্রের যা নেই তা হলো দেশটির ডানপন্থীদের সমন্বিত দৃষ্টিভঙ্গি। এরা বিশেষ স্বার্থে কাজ করে এবং নিজেদের চরমপন্থী নীতি থেকে উপকৃত হয়। এরা যেন মুখের দুই দিক দিয়েই কথা বলে। সংকটের আগে তারা বিধিবিধানের রাশ টেনে ধরে এবং সরকারি বিনিয়োগ ও পরিকল্পনা প্রতিরোধ করে। ক্ষতি পোষাতে তারা শত শত কোটি ডলার পেয়ে থাকে। এমনকি যেসব ক্ষতি সহজেই কাটানো যায়, সেসব ক্ষতির জন্যও।

আমরা শুধু আশা করতে পারি, যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো হারিকেন হারভের কাছ থেকে শিক্ষা নিতে আরও প্রাকৃতিক বিপর্যয়ের অপেক্ষা করবে না।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।

জোসেফ স্টিগলিৎস: নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।