হারানো অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় তো নয়ই, এমনকি রাজনৈতিক মানচিত্রের বিবেচনায় আজকের বাংলাদেশ বলে পরিচিত ভূখণ্ডে ইসলামপন্থী রাজনীতি কোনো নতুন বিষয় নয়। বর্তমান পরিবেশে হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জমা’আতের রাজনীতিকে সেই কারণেই একটি সাময়িক ও অকস্মাৎ তৈরি হওয়া সংগঠন বলে বিবেচনা করা এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা সমীচীন নয়। এ দেশে ইসলামপন্থী রাজনীতির কার্যত সূচনা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে, বিদেশি শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রামের মধ্যে। সেই সময়কার আন্দোলনসমূহকে ‘ইসলামপন্থী’ বলে তখন বর্ণনা করা না হলেও, মর্মবস্তুর বিবেচনায় আজকে আমরা সহজেই সেভাবে বিবেচনা করতে পারি। এই আন্দোলনগুলো হলো ঊনবিংশ শতাব্দীর গোড়ায় হাজি শরীয়তউল্লাহর নেতৃত্বে সংগঠিত ফারায়েজি আন্দোলন এবং তিতুমীরের নেতৃত্বে তারিক-ই-মুহাম্মাদিয়ার প্রভাবে ‘বাঁশের কেল্লা’ বলে পরিচিত আন্দোলন। এই দুই আন্দোলনের সূচনা হয়েছিল ইসলামি চিন্তার পুনরুজ্জীবন এবং মুসলিম সমাজের সামাজিক সংস্কারের জন্য, কিন্তু উভয়ই বোধগম্য কারণে রাজনৈতিক রূপ লাভ করেছিল। বিংশ শতাব্দীতে এসে ভারতে ‘জাতীয়তাবাদী’ আন্দোলন যখন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্বে চলে যায় এবং আন্দোলন যখন সাংবিধানিক প্রক্রিয়ায় ভারতের স্বাধীনতা অর্জনের পথে অগ্রসর হয়, তত দিনে গ্রামের দরিদ্র মানুষের বিভিন্ন ধরনের সংগ্রামের ধারা হয় বিলুপ্ত বা সুপ্ত হয়ে গেছে। ইসলামপন্থী রাজনীতির এই ধারাটি ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানি শাসনামলে (১৯৪৭-১৯৭১) আর বেগ লাভ করতে পারেনি, তার কারণ বহুবিধ। এর মধ্যে রয়েছে পাকিস্তান রাষ্ট্রের আদর্শ হিসেবে ইসলামকে গ্রহণ, পাকিস্তানি শাসকদের শোষণ, আর্থ-সামাজিক পরিবর্তন ও জামায়াতে ইসলামীর আবির্ভাব। ইসলামপন্থী রাজনীতির আদর্শিক নেতা হিসেবে আবুল আলা মওদুদীর আবির্ভাব এবং ১৯৪১ সালে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামি রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব দুইয়েরই পরিবর্তন ঘটে। এত দিন পর্যন্ত ভারতে মুসলিম সমাজের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বে প্রথাসিদ্ধ ইসলামি শিক্ষায়, অর্থাৎ মাদ্রাসা শিক্ষায়, বিশেষত দেওবন্দি ধারায় শিক্ষিত আলেম সমাজের যে ভূমিকা ছিল তা ব্যাপকভাবে হ্রাস পায়। তার পরিবর্তে নেতৃত্বে আসীন হতে থাকে আলিয়া মাদ্রাসার ধারায় শিক্ষিত, ক্ষেত্রবিশেষে এমনকি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয়, এমন ব্যক্তিরা। স্মরণ করা যেতে পারে, জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী শৈশবের পর আর প্রচলিত অর্থে মাদ্রাসায় পড়ালেখা করেননি। সর্বোপরি অতীতে নেতৃত্বে আসীন হতেন তাঁরা, যাঁরা ইতিমধ্যেই আলেম বলে পরিচিত, এখন তার আবশ্যকতা আর থাকল না। পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতিতে আলেম সমাজ ভূমিকা রাখতে চেষ্টা করতে সমর্থ হলেও এবং ক্ষেত্রবিশেষে ভূমিকা রাখতে পারলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের আলেমরা রাজনীতির মুখ্য ভূমিকা থেকে অপসৃত হন। ইসলামপন্থী রাজনীতিতে ক্রমবর্ধমান জামায়াতে ইসলামীর প্রভাব বোঝা যায় যে পাকিস্তান প্রতিষ্ঠার স্বল্প সময়ের মধ্যেই এই অঞ্চলের সবচেয়ে পুরোনো ইসলামপন্থী দল জামায়াতে উলেমায়ে ইসলাম তার আবেদন হারিয়ে ফেলে। ফলে পাকিস্তানি আমলে বাংলাদেশের রাজনীতিতে দেওবন্দি, যা সাধারণ ভাষায় কওমি মাদ্রাসা বলে পরিচিত ধারায় শিক্ষিত আলেমরা কার্যত প্রভাবহীন ও শক্তিহীন হয়ে পড়লেন। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে গ্রামসমাজে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তাঁদের ভূমিকা থাকল আগের মতোই। পঞ্চাশের ও ষাটের দশকে সাধারণ শিক্ষার প্রসার, মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, নগরায়ণ, সর্বোপরি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাব বিস্তারের ফলে আলেমসমাজ ক্রমেই সমাজের মূলধারা বলে পরিচিত অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। তাদের প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক সংগঠন থাকল না। জামায়াতে ইসলামীই হয়ে উঠল ইসলামপন্থী রাজনীতির ‘প্রতিনিধি’। ষাটের দশকে আইয়ুববিরোধী আন্দোলনের জোটে আওয়ামী লীগ, ন্যাপের পাশাপাশি জামায়াতের উপস্থিতিই তার প্রমাণ। এগুলো থেকে বোঝা যায় যে ষাটের দশকের মধ্যেই ইসলামি আন্দোলনে একটা বড় ধরনের বিভাজন তৈরি হয়ে যায়। একদিকে দেওবন্দি শিক্ষায় শিক্ষিত ধারা, যাঁরা ইসলামি সংগঠন এবং সামাজিক প্রতিষ্ঠানে প্রভাবশালী, যারা ইসলামি সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেন; অন্যদিকে জামায়াতে ইসলামী, রাজনীতিতে প্রতিষ্ঠিত, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠাই যার লক্ষ্য।বাংলাদেশের স্বাধীনতার পরে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কার্যক্রম চালাতে না পারলেও দেওবন্দি ধারার প্রতিনিধিরা সামাজিকভাবে সক্রিয় থাকেন, তাঁদের রাজনৈতিক আকাঙ্ক্ষার অবসান হয়েছিল এমন কোনো লক্ষণ যেমন আমরা দেখি না। ১৯৭৮ সালের পর ইসলামপন্থী রাজনীতির পুনরুত্থান ঘটলে আমরা কেবল যে জামায়াতেরই উত্থান দেখতে পাই তা নয়, আমরা দেখতে পাই, প্রথাসিদ্ধ ইসলামি শিক্ষায় শিক্ষিত আলেম ও শায়েখরাও রাজনীতিতে প্রবেশের উদ্যোগ নিচ্ছেন। জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনঃপ্রবেশ করতে নেজাম-ই-ইসলামীর সঙ্গী হতে হয়েছিল, কিন্তু সে ঐক্য বেশি দিন স্থায়ী হয়নি, তার কারণ জামায়াতের উচ্চাভিলাষ তো বটেই, রাজনৈতিক পার্থক্যও। ১৯৮১ সালে মওলানা মোহাম্মদ উল্লাহর (হাফেজ্জি হুজুর) প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে উপলব্ধি করা যায় জামায়াতে ইসলামীর বাইরে ইসলামি রাজনৈতিক শক্তি রয়েছে, যার ভিত্তি মাদ্রাসাগুলো ও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেমরা এবং তাঁদের রাজনৈতিক আকাঙ্ক্ষাও রয়েছে। ১৯৭৮ সালের পর থেকে গত কয়েক দশকে দেশের আর্থ-সামাজিক পরিবর্তনের কারণে এই শক্তির সামাজিক প্রভাব যেমন চ্যালেঞ্জের মুখোমুখি, তেমনি কওমি মাদ্রাসার প্রসারে তাদের ভিত্তিও জোরালো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনও ইসলামপন্থীদের জন্য অনুকূল হয়েছে; যেমন আগ্রাসী মার্কিন পররাষ্ট্রনীতি, সোভিয়েত ইউনিয়নের পতন। শক্তি বৃদ্ধির পাশাপাশি ইসলামপন্থীদের মধ্যে বিভাজনেরও সৃষ্টি হয়; অসংখ্য ছোট ছোট দল ও গোষ্ঠীর উদ্ভব ঘটে এই সময়ে, নেতৃত্বের প্রশ্নে বিবাদ-বিসংবাদ দেখা যায়। ব্যক্তিত্বের লড়াই এবং বিভিন্ন ধরনের প্রবণতাও লক্ষণীয় হয়ে ওঠে। অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করে, অনেকের উপস্থিতি কাগজে-কলমের চেয়ে বেশি নয়। নির্বাচনে অংশগ্রহণের হিসাবে ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোতে কমপক্ষে ৩৫টি দল অংশ নিয়েছে, যাদের নামে বা ইশতেহারে ইসলামি শাসন, ইসলামি রাষ্ট্র বা ইসলামি সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ব্যবস্থা চালু হওয়ার পর নির্বাচন কমিশনে যে দলগুলো নিবন্ধিত হয়েছে, তার মধ্যে ১০টি দলকে এই তালিকাভুক্ত করা যেতে পারে।গত কয়েক দশকের অভিজ্ঞতায় বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যে বিভক্ত করা যায়। বলা যায় হেফাজতে ইসলাম নামের সংগঠনটি দেশের কওমি মাদ্রাসাভিত্তিক আদর্শবাদী ও রক্ষণশীলদের ঐক্যকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা ২০১১ সালে হলেও সংগঠনটি এককভাবে ২০১৩ সালের মার্চের আগে কোনো রকম গুরুত্ব লাভ করেনি। গত ৯ মার্চ হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনের মধ্য দিয়ে এই ধারার দলগুলোর ঐক্য তৈরির পরই হেফাজতে ইসলামের প্রভাব সৃষ্টি হয়। এই ধরনের রাজনৈতিক শক্তিগুলো অতীতেও বিভিন্ন সময়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই ১৯৯০ সালে মাওলানা আজিজুল হক ও মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল। সময়ের ব্যবধানে সেই ঐক্যেরই কেবল অবসান হয়নি, ঐক্যজোট নামেই অনেক দলের উদ্ভব হয়েছে। তাদের এই অনৈক্যের ফলে ২০০৮ ও ২০১১ সালে নারী উন্নয়ন নীতি এবং ২০১০ সালে শিক্ষানীতির বিরুদ্ধে এই ধারার প্রচলিত দলগুলো আলাদা আলাদাভাবে এবং ছোট ছোট জোটের আকারে সংগঠিত হয়েও কোনো রকম কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি। এ বছরের ফেব্রুয়ারিতে ‘দেশ ও ইমান রক্ষা পরিষদ’ বলে যে জোটের উদ্ভব ঘটেছিল, তাদের অনেক শরিকই এখন হেফাজতের সঙ্গে যুক্ত হয়েছে। এই দলগুলো নিকট অতীতেই ‘ইসলামি ও সমমনা ১২ দল’ বলে মোর্চা তৈরি করেছিল, যা পরে আটদলীয় জোটে পরিণত হয়। এই দলগুলোর মধ্যে অনেক দলের সঙ্গে যেমন জামায়াতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তেমনি অন্ততপক্ষে দুটি দল খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্কের অতীত প্রমাণ রয়েছে। চারটি দল এখনো বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক। কিন্তু আদর্শিকভাবে এবং অতীত ইতিহাসের বিবেচনায় দেখা যায় যে এই মোর্চার দলগুলো সাধারণত জামায়াতে ইসলামীর বিরোধী। অন্যদিকে, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সমর্থনের ভিত্তি হলো পীর ও মাজারকেন্দ্রিক। পীর ও মাজারকেন্দ্রিক ব্যক্তিদের বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রথম গুরুত্বপূর্ণ চেষ্টা আমরা প্রত্যক্ষ করি জাকের পার্টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আটরশির পীর মাওলানা শাহ সুফি হাশমতউল্লাহ জেনারেল এরশাদের শাসনামলে সরকারি আনুকূল্যে যে পরিচিতি লাভ করেন এবং মুরিদদের মধ্যে যে জনপ্রিয়তা প্রত্যক্ষ করেন, তার রাজনৈতিক রূপ দেওয়ার আশায় দলটির প্রতিষ্ঠা হয় ১৯৮৯ সালে। ১৯৯১ সালের নির্বাচনে দলটির রাজনৈতিক বিপর্যয় সত্ত্বেও এই ধারার প্রতিনিধিস্থানীয়দের রাজনৈতিক আকাঙ্ক্ষা হ্রাস পায়নি। সেই ধারাবাহিকতায়ই বাংলাদেশ তরিকত ফেডারেশনের উদ্ভব হয় ২০০৫ সালে, বিএনপির সাবেক নেতা নজিবুল বশর মাইজভান্ডারির নেতৃত্বে। ২০০৫ সালে বিভিন্ন মাজারে বোমা বিস্ফোরণের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মাইজভান্ডারি বিএনপি ত্যাগ করে তরিকত প্রতিষ্ঠা করেন ২০০৫ সালে। এতেই বোঝা যায় যে জামায়াতে ইসলামীর প্রশ্নে এই ধরনের দলগুলোর অবস্থান কী। তা ছাড়া বর্তমানে আদালতে বিচারাধীন জামায়াতে ইসলামীর নিবন্ধকরণের বিরুদ্ধে দায়ের করা ২০০৯ সালের রিটটির আবেদনকারীদের অন্যতম হচ্ছেন মাইজভান্ডারি, জাকের পার্টির সাধারণ সম্পাদক মুন্সি আবদুল লতিফ ও সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হক। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদর্শিক অবস্থান সত্ত্বেও হেফাজতে ইসলামের দাবিনামায় জামায়াতের বিরুদ্ধে বক্তব্যের অনুপস্থিতি, যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে নীরবতা, গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ভাষায় আক্রমণ এবং এই সংগঠনের উদ্ভবের পটভূমি থেকে তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তাদের কার্যক্রম, ক্রমাগতভাবে জামায়াতে ইসলামীর দাবিগুলোকে সামনে নিয়ে আসা এবং তাদের উত্থানের পর জামায়াতের কার্যক্রমে নীরবতাও এই অভিযোগের সত্যতারই ইঙ্গিত দেয়। তার কারণ প্রধানত চারটি; প্রথমত, হেফাজত নেতারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেকোনো ব্যবস্থাকেই দেখছেন ইসলামপন্থী রাজনীতির ওপর আক্রমণ বলে। তাতে করে তাঁদের আশঙ্কা যে ভবিষ্যতে তাঁরাও একই ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হবেন। দ্বিতীয়ত, তাঁরা সেক্যুলার রাজনীতির ধারণার বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে এসেছেন, তাঁরা মনে করেন দেশের রাজনৈতিক সংকটের মুখে এই সংগ্রামকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারবেন। তৃতীয়ত, গত দুই দশকে জামায়াতে ইসলামী রাজনীতিতে যে অবস্থান তৈরি করেছে এবং রাজনৈতিক সুবিধা লাভ করেছে, সে অভিজ্ঞতা থেকে হেফাজতের নেতারা আশা করেন তাঁরাও ভবিষ্যতে এই অবস্থানে যেতে পারবেন; জামায়াতের বর্তমান দুর্বল অবস্থান এবং ভবিষ্যতে দলটি নিষিদ্ধ হলে তাঁরা ইসলামপন্থী রাজনীতির প্রতিনিধি হয়ে উঠতে চান। চতুর্থত, বাংলাদেশে তাঁরা চান ইসলামপন্থী রাজনীতিতে মধ্যবিত্ত, শহরনির্ভর, সাধারণ শিক্ষায় শিক্ষিতদের যে আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে, তার বদলে প্রচলিত ইসলামি শিক্ষায় শিক্ষিত গ্রামনির্ভর ব্যক্তিদের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে। বিংশ শতাব্দীতে যা তাঁরা হারিয়েছেন, তাকে তাঁরা ফিরে পেতে চান একবিংশ শতাব্দীতে। হেফাজতে ইসলামের এই প্রচেষ্টা স্পষ্টতই আহলে সুন্নাত ওয়াল জমা’আতের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তারা মোকাবিলা করে আসছে বিংশ শতাব্দীর গোড়া থেকেই। সেই পার্থক্যের কারণে দক্ষিণ এশিয়ায় মুসলিমদের মধ্যে দুটি আলাদা ধারা বা মাসলাক তৈরি হয়েছে, সে প্রসঙ্গ আগামীকাল। আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।