হারিরি কার, ইরানের না সৌদি আরবের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদ হারিরি। ছবি: রয়টার্স
সাদ হারিরি। ছবি: রয়টার্স

লেবাননের প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের আহ্বান পাওয়ার এক বছর পর সাদ হারিরি পদত্যাগ করলেন। এমনকি তিনি লেবাননে ফিরে ঘোষণা দেওয়ারও তোয়াক্কা করলেন না। সৌদি আরব থেকে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। তাঁর ব্যাখ্যা হচ্ছে লেবাননের পরিস্থিতি অনেকটা তাঁর পিতা সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের আগের মতো। তিনি আরও বলেছেন, ‘ইরান আরব পৃথিবী ধ্বংস করে দিতে চাইছে, আর হিজবুল্লাহর অস্ত্রগুলোও সব সিরীয় ও লেবাননীয়দের দিকে তাক করা।’ কিন্তু প্রশ্ন হচ্ছে মূলত মৃত্যুর ভয়েই কি তিনি পদত্যাগ করলেন?
সৌদি গণমাধ্যমে কিছু বিস্তারিত খবর বেরিয়েছে, যেখানে ইঙ্গিত পাওয়া যায় যে তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, নিরাপত্তার জন্য হারিরির গাড়িবহর পর্যবেক্ষণে যে স্তম্ভ নির্মাণ করা হয়েছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। দৃশ্যত হত্যার চেষ্টা করা হলে কেউ যেন সাহায্য চাইতে না পারে, সেই লক্ষ্যে এগুলো বন্ধ করা হয়েছে। কিন্তু এটাই যদি প্রকৃত কারণ হয়, তাহলে গত সোমবার প্রথম সৌদি আরব সফরের সময় তিনি কেন এ কথা বললেন না? বলা দরকার, খুব অল্প সময়ের মধ্যে তিনি দ্বিতীয়বার সৌদি সফরে গেছেন।
অর্থাৎ, ওই দুই সফরে তিনি যা শুনেছেন, সেটাই তাঁর পদত্যাগের মূল কারণ। বিশেষ করে সৌদি আরবের উপসাগরবিষয়ক মন্ত্রী তামির আল-সাবহান লেবাননে হিজবুল্লাহ ও ইরানের প্রভাব হ্রাসে ব্যর্থতার জন্য দেশটির তীব্র সমালোচনা করেছেন, যেটা তাঁর এই সিদ্ধান্তের আরেকটি কারণ। সৌদি বাদশাহ সালমান ও সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ ইরানের আঞ্চলিক প্রভাবের বিরুদ্ধে আপসহীন লড়াই শুরু করেছেন। সে কারণে হারিরির মন্ত্রিসভায় হিজবুল্লাহ সদস্যের উপস্থিতি তাঁদের পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। হারিরি এক বছর আগে ক্ষমতায় আসার পর সৌদি আরব এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে।
হারিরির জাতীয় ঐকমত্যের ঘোষণা লেবাননের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে। কিন্তু সেটার জন্য তাঁকে হিজবুল্লাহকে ছাড় দিতে হয়েছে, কার্যত যেটা ইরানকে ছাড় দেওয়ার শামিল। হারিরি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাননি (যদিও তিনি তাদের অস্ত্র অবৈধ ঘোষণা করেন)। এমনকি তিনি সিরিয়ার সীমান্তে আইএসকে বিতাড়িত করতে লেবাননীয় সেনাবাহিনীকে হিজবুল্লাহকে সহযোগিতা করার সুযোগ দিয়েছেন। এর আগে তিনি হিজবুল্লাহ নেতা মিশেল অউনের প্রেসিডেন্ট পদে মনোনয়ন সমর্থন করেন। আর এই অউন হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
হিজবুল্লাহর প্রতি হারিরির এই ‘নমনীয়তা’ তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ সমর্থককে ক্ষিপ্ত করেছে, যাঁরা তাঁকে হিজবুল্লাহর মধুর ফাঁদে পা দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু হারিরি ভেবেছিলেন, তিনি হিজবুল্লাহকে নিজ উদ্দেশ্যে কাজে লাগাতে পারবেন।
হিজবুল্লাহ হারিরিকে সরকার পরিচালনায় সহায়তা করেছে। আগেরবারের পথে না হেঁটে তারা এবার সরকারের উদ্যোগ প্রতিহত করার চেষ্টা করেনি। আর সাধারণভাবে তারা যে সরকারের অংশ, সেই সরকারকে তারা অস্বস্তিতে ফেলতে চায়নি। কিন্তু যতই সময় গড়াতে থাকে, ততই ব্যাপারটা শুধু লেবাননীয়দের কাছে নয়, সৌদিদের কাছেও পরিষ্কার হতে শুরু করে যে তাদের শিষ্য হারিরি ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি ‘সৌদি আরব নাকি ইরানের’ লোক; যাঁর আবার সৌদি ও ফ্রান্স উভয় দেশের পাসপোর্টই আছে।
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ্ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েত গত শুক্রবার লেবানন সফরের সময় যখন বললেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লেবাননে জয় এসেছে প্রতিরোধের মধ্য দিয়ে’, তিনি হিজবুল্লাহর কথাই বুঝিয়েছেন। তিনি আরও বলেন, ইরান লেবাননকে সুরক্ষা দিয়ে যাবে এবং আগের পরিস্থিতি তৈরি হতে দেবে না। অউন, হারিরি ও সংসদের স্পিকার নাবিহ্ বেরির সঙ্গে বেলায়েতের বৈঠক এবং একই দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরানে অবস্থান—এসব কিছু সৌদি আরবের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। লেবাননে হস্তক্ষেপের ব্যাপারে ইরান শুধু প্রকাশ্যে কথা বলেনি বা রাশিয়াকে সৌদি আরবের কাছ
থেকে সরানোর চেষ্টা করেনি, হারিরি ইরানি প্রতিনিধিকে আতিথ্য দিয়েছেন, যাতে মনে হয় তাঁরা পরস্পরের মিত্র।
হারিরির ত্বরিতগতিতে দ্বিতীয় সৌদি সফরের দুটি ব্যাখ্যা থাকতে পারে। হতে পারে তিনি বেলায়েতের কাছ থেকে এই বার্তা পেয়েছিলেন যে তিনি যেন বাদশাহ সালমানের কাছে মাথা নত করেন, আবার এটাও হতে পারে যে গত সোমবার সৌদি কর্মকর্তাদের স্থূল ইঙ্গিত ‘বুঝতে না পারায়’ বাদশাহ্ তাঁকে তিরস্কার করতে ডেকেছিলেন। প্রথম ব্যাপারটা ঘটার কথা নয়। হারিরির পদত্যাগে বোঝা যায়, সৌদি আরব তাঁকে চরমপত্র দিয়েছিল। তাঁকে শুধু হিজবুল্লাহর সঙ্গে আপস করলেই চলবে না, লেবাননে হিজবুল্লাহ ও ইরানকে বিপদে ফেলার জন্যও তাঁকে পদত্যাগ করতে হয়েছে।
লেবাননের পরিস্থিতি এখন খারাপই হবে, কারণ নতুন প্রধানমন্ত্রী বাছাই না করা পর্যন্ত সরকার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। অনুমতি পেলে বিকল্প খুঁজে না পাওয়া পর্যন্ত হারিরি দায়িত্ব পালন করে যেতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে তিনি হিজবুল্লাহর সঙ্গে চুক্তি মেনে চলতে বাধ্য থাকবেন না। শনিবার পদত্যাগের সময় হিজবুল্লাহর সমালোচনায় তিনি এ কথা বলেছেন।
তাত্ত্বিকভাবে অউন আরেকজন মন্ত্রী ও সাংসদকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। কিন্তু অভিজ্ঞতায় দেখা যায়, লেবাননে সরকার গঠনের ব্যাপারটা হাতির অন্তঃসত্ত্বা হওয়ার মতো। খুব ভালো কথা বললে, সেটা করতে অনেক সময় লেগে যাবে। খুব খারাপ হলে হারিরি ও হিজবুল্লাহর সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হতে পারে। এর সঙ্গে সশস্ত্র জঙ্গিদের মারপিট ও সিরীয় শরণার্থীদের ওপর হামলা হতে পারে, যারা ইতিমধ্যে নিরস্ত্র হামলার মুখে পড়েছে, কারণ তাদের লেবানন ছাড়ার দাবি উঠেছে।
হারিরির পদত্যাগে কী হুমকি সৃষ্টি হতে পারে হিজবুল্লাহ ও ইরান তা ভালোভাবেই বোঝে। অন্যদিকে ইরান বলেছে, ‘সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে হারিরি পদত্যাগ করেছেন।’ এতে বোঝা যায়, তারা লেবাননের নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারে ভীত। তারপরও লেবাননে বিপর্যয় নেমে আসবে এখনই এ রকম ভাবা ঠিক হবে না। আর হিজবুল্লাহ্ দেশটির রাজনৈতিক নিয়ন্ত্রণ হাতে নিতে ইসরায়েলের ওপর হামলা করতে পারে—এমন আশঙ্কাও কম।
হারেৎজ ডট কম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
সি বারে’ল: হারেৎজের মধ্যপ্রাচ্য বিশ্লেষক।