হারিয়ে গেল বিদ্রোহীর সূতিকাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ঘরে বসে কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতাটি লিখেছিলেন নজরুল, ভক্তরা সে ঘরটির সন্ধান পেয়েছিলেন ১৯৯৯ সালে; অর্থাৎ কবির জন্মের ঠিক ১০০ বছর পরে। কিন্তু সেই ইতিহাস আর রক্ষা করা গেল না। এক যুগ পার করার আগেই হারিয়ে গেল ইতিহাসের পাতা থেকে।সন্ধান পাওয়ার পর কবির ভক্তরা সেই ঐতিহাসিক বিদ্রোহী কবিতার সূতিকাগারটিকে সাজিয়েছিলেন। রাখা হয়েছিল চেয়ার, টেবিল আর কবির একটি ছবিও। সেই ঐতিহাসিক বাড়ির কাছেই লাগানো হয়েছিল একটি স্মৃতিফলক। তারপর বেশ কয়েক বছর ধরে এই বাড়ির সামনেই কবির ভক্তরা পালন করেছিলেন কবির জন্মদিন। আজ সব ইতিহাস হয়ে গেছে। আছে ঐতিহাসিক দ্বিতল বাড়িটি। কিন্তু নেই কবির সেই ঘরটি। বাড়ির মালিক বদল হয়েছে। সেই নতুন মালিকই এখন সংস্কার করছেন তাঁর আবাসগৃহ। কলকাতার কেন্দ্রস্থলে রয়েছে তালতলা লেন। ধর্মতলা আর শিয়ালদহের মাঝামাঝিতে এর অবস্থান। এস এন ব্যানার্জি রোডের একটি লেন এটি। এই লেনেরই ৩/৪ সি বাড়িটিতে একদিন থেকেছেন বিদ্রোহী কবি নজরুল। আর এখানে বসেই তিনি লিখেছিলেন তাঁর কালজয়ী কবিতা বিদ্রোহী। ১৯৯৯ সালে কবির জন্মশতবর্ষের প্রাক্কালে ইতিহাসবিদেরা খুঁজে বের করেন এই ঐতিহাসিক বাড়িটিকে। এই বাড়িতেই ১৯২১-২২ সালে কিছু দিনের জন্য ভাড়ায় থাকতেন প্রখ্যাত কমিউনিস্ট নেতা মোজাফ্ফর আহমদ আর বিদ্রোহী কবি নজরুল একসঙ্গে। এই ভাড়াবাড়িতে অবস্থানকালে নজরুল লিখেছিলেন বিদ্রোহী কবিতা। সেই দ্বিতল বাড়িটি আজও আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কিন্তু নেই কবির সেই বিদ্রোহী লেখার সূতিকাগার। ১৯৯৯ সালে যখন এই বাড়িটিকে ঘিরে অনুষ্ঠান চলছিল তখন এই বাড়ির মালিক ছিলেন গোবিন্দ লাল দে। বাড়ির নাম ছিল ‘রাজেন্দ্র কুটির’। এখন এই বাড়ির নতুন মালিক হয়েছেন সীমা সাহা। বাড়ির মালিকানা হস্তান্তরের পর এখন বাড়ির নতুন মালিক সংস্কার করছেন বাড়িটির। সংস্কারের মাধ্যমে মুছে দেওয়া হয়েছে কবির সেই ঐতিহাসিক কক্ষটিকে। এই বাড়ির সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন, তিনি বাড়ির সংস্কার করছেন। তবে নতুন মালিকের ঠিকানা বা ফোন নম্বর তিনি জানেন না। এই এলাকার সাবেক বিধায়ক, প্রখ্যাত সংগীতশিল্পী ও তালতলা নজরুল জন্মশতবার্ষিকী কমিটির সাধারণ সম্পাদক অজিত পান্ডে প্রথম আলোকে জানান, ১৯৯৯ সালে তিনি এই এলাকার বিধায়ক ছিলেন। ১৯৯৬ সালে বিধানসভা নির্বাচনে প্রচারকাজ চালাতে গিয়ে তিনি সন্ধান পান এই বাড়িটির। এলাকার প্রবীণ ব্যক্তিরা তাঁকে জানান, এই তালতলার বাড়িতে বসেই নজরুল লিখেছিলেন বিদ্রোহী কবিতা। এর পরেই অজিত পান্ডে এই বাড়িটি সংরক্ষণ করে এখানে নজরুলকে নিয়ে একটি সংগ্রহশালা বানানোর উদ্যোগ নেন। কিন্তু তাতে পুরোপুরি সায় দেননি ওই বাড়ির মালিক। তবে তাঁরা বারান্দার যে কক্ষে নজরুল অবস্থান করেছিলেন এবং বিদ্রোহী কবিতা লিখেছিলেন, সেই কক্ষটি তিনি ছেড়ে দেন। এর পরই এখানে টেবিল, চেয়ার ও নজরুলের ছবি বসিয়ে তৈরি করা হয় নজরুল স্মৃতিকক্ষ। ১৯৯৯ সালের ২৪ এপ্রিল এই বাড়ির সামনে একটি ফলকও উন্মোচন করা হয়। আর এসব করার উদ্যোগ নেয় তালতলা নজরুল জন্মশতবর্ষ উদ্যাপন কমিটি। ওই ফলকে লেখা হয়, ‘চির যৌবনের প্রতীক কবি নজরুল ইসলাম তাঁর জঙ্গম জীবনের কিছুকাল (১৯২১-২২) অতিবাহিত করেন এই প্রাঙ্গণের ভেতর ৩/৪ সি, তালতলা লেনে। এখানেই রচিত হয় তাঁর বাঁধনহারা কবিমনের প্রথম উদ্দাম উচ্ছ্বাস ‘বিদ্রোহী’ কবিতা। তালতলা নজরুল জন্মশতবর্ষ উদ্যাপন কমিটি ২৪ এপ্রিল, ১৯৯৯। ফলক উন্মোচন করেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক হীরেন মুখোপাধ্যায়। একই সময় তালতলা লেনের প্রবেশমুখে আরও একটি ফলক উন্মোচন করেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। এরপর এখানে জন্মশতবর্ষের অনুষ্ঠানে আলোচনা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিম, কলকাতার মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায়, নজরুল গবেষক কল্পতরু সেনগুপ্ত, ড. নজরুল ইসলাম, কাজী নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী, নাতনি অনিন্দিতা কাজী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত আর আবৃত্তিতে অংশ নেন বাংলাদেশের শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন নীলুফার ইয়াসমীন, ডালিয়া নওশীন, শাহাদাৎ হোসেন প্রমুখ। অজিত পান্ডে আরও জানান, ‘আমরা চেষ্টা করেছি এই বাড়িটি রক্ষা করার, কিন্তু ব্যর্থ হলাম। আমরা বারবার চেয়েছি এই বাড়িটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করে এখানে সংরক্ষণ করা হোক নজরুলের স্মৃতি। কিন্তু পারলাম না। এই আফসোসই আজ আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে। এলাকার মানুষ এখনো চান নজরুলের স্মৃতিবাহী এই বাড়িটিকে হেরিটেজ বাড়ি হিসেবে ঘোষণা করে রক্ষা করা হোক নজরুলের স্মৃতিকে। প্রতিষ্ঠা করা হোক এখানে নজরুল স্মৃতিভবন। তালতলা লেনের নাম পরিবর্তন করে রাখা হোক নজরুল স্মৃতি লেন।